গণতন্ত্রের শক্তি কেবল ভোটের সংখ্যায় নয়, বরং ভোটের পেছনের স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থায় নিহিত। নির্বাচনী প্রচারণায় অর্থ হলো দ্বি-মুখী তরবারি। একদিকে এটি রাজনৈতিক অংশগ্রহণের জ্বালানি, অন্যদিকে এটি যদি অস্বচ্ছ হয়, তবে গণতন্ত্রকে দুর্বল করে দেয়। আজ বিশ্বব্যাপী নির্বাচনী অর্থায়ন একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এসেছে।
গণতন্ত্রের মূল্য বাড়ছে, স্বচ্ছতা বাড়ছে না: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (২০২৫) জানায়, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা এখন বিশ্বের ৬৮% দেশে ‘আংশিক বা দুর্বল’ পর্যায়ে আছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা মোট খরচ করেছেন প্রায় ১৪ বিলিয়ন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। এই বিপুল অর্থায়ন মূলত কর্পোরেট ও সুপার-প্যাক দাতাদের মাধ্যমে এসেছে, যেখানে জনসাধারণের অংশগ্রহণ তুলনামূলকভাবে সীমিত।
যুক্তরাজ্যে তুলনামূলকভাবে খরচ অনেক কম: যুক্তরাজ্যে নির্বাচন ব্যয় কঠোরভাবে সীমাবদ্ধ এবং তুলনামূলকভাবে অত্যন্ত কম। সেখানে পরিস্থিতি বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত। ইলেক্টোরাল কমিশন, ২০২৪ অনুযায়ী, প্রতিটি প্রার্থীর নির্বাচনী ব্যয়ের একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকে এবং তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়। সর্বশেষ নির্বাচনে একজন সাধারণ সংসদ সদস্য গড়ে মাত্র ৫,১৭২ পাউন্ড ব্যয় করেছেন। নির্বাচন শেষে সব ব্যয় প্রকাশ করাও বাধ্যতামূলক।
ফলে যুক্তরাজ্য আজ একটি সফল ‘লো-কস্ট, হাই-ট্রান্সপারেন্সি’ নির্বাচন ব্যবস্থার উদাহরণ, যেখানে খরচ সীমাবদ্ধ, জবাবদিহি স্পষ্ট, এবং অন্যান্য দেশের তুলনায় ব্যয় উল্লেখযোগ্যভাবে কম।
জাম্বিয়া ও কেনিয়ার রাজনীতিতে টাকার প্রভাব: সাম্প্রতিক নির্বাচনে দেখা গেছে, প্রার্থী যারা ২০% এর বেশি ভোট পেয়েছেন, তাঁদের গড় ব্যয় প্রায় ৫০,০০০ মার্কিন ডলার, যা দেশের বার্ষিক মাথাপিছু আয়ের তুলনায় বিপুল (ডাবলুইডি, ২০২৪)। এতে স্পষ্ট হয়, রাজনীতিতে টাকার প্রভাব উন্নয়নশীল দেশগুলোতে এখনো প্রধান চালিকাশক্তি।
ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, কিন্তু ব্যয়ের দৌড়ে অগ্রগামী: ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গণতান্ত্রিক প্রক্রিয়া বলা হয়। সেন্টার ফর মিডিয়া স্টাডিস ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ব্যয় হয়েছিল প্রায় ৬০,০০০ কোটি রুপি, যা যুক্তরাষ্ট্রের পরই সর্বোচ্চ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা আরও বেড়ে ১.২ লক্ষ কোটি রুপি ছুঁয়েছে বলে অনুমান (সিএমএস ইলেকশন ওয়াচ ২০২৫)। ভারতের ‘ইলেকশন এক্সপেনন্ডিচার মনিটরিং সিস্টেম-ইইএমএস’ এখন ডিজিটালভাবে প্রার্থীদের খরচ ট্র্যাক করছে, যা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হতে পারে।
পাকিস্তানে আর্থিক স্বচ্ছতার অভাব, দাতা অজ্ঞাত: ইলেকশন কমিশন অফ পাকিস্তান - ইসিপি অনুযায়ী, একজন জাতীয় সংসদ প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা পিকেআর ৪০ লাখ (প্রায় ১৪,০০০ মার্কিন ডলার)। তবে ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ লেজিসলেটিভ ডেভেলপমেন্ট এন্ড ট্রান্সপারেন্সি ২০২৪’- এর রিপোর্টে বলা হয়েছে, বাস্তবে গড় ব্যয় ৩-৫ গুণ বেশি। পাকিস্তানের নির্বাচন কমিশন ও নাগরিক সমাজ এখন ‘ডিজিটাল ডিসক্লোজার অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম’ চালুর প্রস্তাব দিচ্ছে, যা ভবিষ্যতে স্বচ্ছতা বাড়াতে পারে। উন্নয়নশীল দেশে প্রার্থী‐প্রচার খরচ সাধারণত কয়েক হাজার থেকে কয়েক লাখ ডলারের মধ্যে হতে পারে, যেখানে উন্নত দেশগুলোতে প্রচারণার খরচ নিয়ন্ত্রিত।
বাংলাদেশ প্রেক্ষাপটে আইনি সীমা আছে, বাস্তবে ব্যয় বহুগুণ: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীপ্রতি নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে আনুমানিক ২৫ লক্ষ টাকা। কিন্তু বাস্তবে ব্যয় তার ৩-৫ গুণ পর্যন্ত পৌঁছে যায়। (কস্ট অফ পলিটিক্স বাংলাদেশ রিপোর্ট ২০২৪) অনুযায়ী, একজন প্রার্থীর গড় ব্যয় প্রায় ১৬.২৭ লক্ষ টাকা এবং শহুরে প্রতিযোগিতামূলক আসনে এটি ৩০-৫০ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে।
অঘোষিত ব্যয়ই নির্বাচনী অর্থায়নের সবচেয়ে বড় সংকট। বিজ্ঞাপন, প্রচারণা, পরিবহন ও মিডিয়ায় ব্যয়িত বিপুল অর্থের অনেকটাই অদৃশ্য থেকে যায়। এসব গোপন দাতা ও করপোরেট প্রভাব গণতন্ত্রের স্বচ্ছতা নষ্ট করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই বলছে, অনিয়ন্ত্রিত অর্থপ্রবাহ শেষ পর্যন্ত নীতি, ন্যায় ও জনআস্থাকে দুর্বল করে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, ‘অর্থ এখন রাজনৈতিক শক্তির ভাষা হয়ে গেছে।’ অর্থবিত্তবান প্রার্থীরাই সহজে মনোনয়ন পান, আর যোগ্য কিন্তু সীমিত অর্থসম্পন্ন প্রার্থীরা প্রান্তিক হয়ে পড়েন। পাবলিক ফান্ডিং মডেলে জার্মানি এবং সুইডেনে সরকার প্রার্থীদের আংশিক অর্থায়ন করে। এতে কর্পোরেট দাতাদের প্রভাব কমে ও সমান প্রতিযোগিতা নিশ্চিত হয়। ট্রান্সপারেন্সি ডিসক্লোজার মডেলে (ইউকে, কানাডা) প্রত্যেক প্রার্থী ও দলকে নির্বাচনের পর তাদের ব্যয়ের পূর্ণ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হয়। ব্যয় গোপন করলে জরিমানা ও প্রার্থিতা বাতিলের বিধান আছে। ডিজিটাল মনিটরিং সিস্টেমে ইস্টোনিয়া, সাউথ কোরিয়ায় নির্বাচনী খরচ রিয়েল-টাইমে ডিজিটাল ড্যাশবোর্ডে প্রকাশিত হয়। এতে জনগণ, সাংবাদিক ও নির্বাচন কমিশন একসঙ্গে তথ্য পর্যবেক্ষণ করতে পারেন।
ডোনেশন লিমিট এন্ড কর্পোরেট ব্যান (ফ্রান্স, চিলি): কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরাসরি রাজনৈতিক অনুদান দিতে পারে না। ব্যক্তিগত দানেও নির্দিষ্ট সীমা আছে। ফলে রাজনীতির ওপর বড় পুঁজির একচেটিয়া প্রভাব রোধ হয়।
বাংলাদেশে রাজনৈতিক অর্থায়নের সংস্কার এখন সময়ের দাবি। অস্বচ্ছ ব্যয় কেবল দুর্নীতি বাড়ায় না, বরং ‘পলিসি ক্যাপচার’ সৃষ্টি করে, যেখানে অর্থদাতারা পরবর্তীতে নীতিনির্ধারণে প্রভাব খাটায়। সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকগুলো হলো, অনলাইন ও অনুসন্ধানযোগ্য প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। সব প্রার্থী ও দলের দান-খরচের তথ্য ডিজিটালি প্রকাশ করতে হবে। টিআই জানিয়েছে, অনেক দেশে তথ্য থাকলেও অনুসন্ধানযোগ্য নয়। দাতা-পরিচয় প্রকাশ করতে হবে এবং অনামী দান নিষিদ্ধ করতে হবে।
আন্তর্জাতিক ইডিইএ বলছে, অনেক দেশে সীমা না থাকায় প্রভাবশালী অর্থনীতি রাজনীতিকে গ্রাস করছে। ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। নগদ অর্থের অপব্যবহার ঠেকাতে সব লেনদেন ব্যাংকিং ব্যবস্থায় আনতে হবে। স্বতন্ত্র তদারকি সংস্থা দরকার, যার নির্বাচনী ব্যয় যাচাই ও শাস্তির ক্ষমতা থাকবে। তথ্য শুধু প্রকাশ নয়, বিশ্লেষণ ও যাচাইযোগ্য করাও জরুরি। আন্তর্জাতিক মানদ- প্রয়োগ, যেমন ‘জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন’ অনুযায়ী রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা উচিত। দক্ষিণ আফ্রিকা ও কোস্টারিকার অভিজ্ঞতা দেখায়, অনলাইন প্রকাশ, প্রযুক্তি ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা সম্ভব। দক্ষিণ আফ্রিকাতে অনুদান পোর্টাল আছে, আর কোস্টারিকার ২০০৬ সাল থেকে প্রায় এক লাখ রাজনীতিবিদ অনুদানের তথ্য উন্মুক্ত করেছে। এসব দেশ প্রমাণ করেছে, তদারকি ও প্রযুক্তি মিললে স্বচ্ছতা বাস্তবায়ন করা সম্ভব।
টিআই- এর ‘স্ট্যান্ডার্ডস ফর ইন্টিগ্রিটি ইন পলিটিক্যাল ফাইন্যান্স’ অনুসারে, বাংলাদেশে আধুনিক নির্বাচনী অর্থায়নের জন্য ব্যাংকিং মাধ্যমে তহবিল, অনলাইনে দান-খরচ প্রকাশ ও বিদেশি দান নিয়ন্ত্রণের মতো ৫০ টিরও বেশি পদক্ষেপ সুপারিশ করা হয়েছে। টাকার নয়, বিশ্বাসের রাজনীতি গড়াই এখন লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে গণতন্ত্র হবে আরও ন্যায্য ও টেকসই। অর্থ গণতন্ত্রকে সহায়তা করবে, শাসন করবে না। নীতির প্রতিযোগিতাই হবে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি।
লেখক: ব্যাংকার ও গবেষক। mmakhirgg@gmail.com
