এ বিজয় গণতন্ত্রের। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশের জনগণকে জানাই অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে আপনারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিজয়ী করেছে বিএনপিকে। আলহামদুলিল্লাহ, এ বিজয় বাংলাদেশের। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে এমন কথামালা দিয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারগর্ভ বক্তব্য উপস্থাপন করেন। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠার যে প্রত্যাশা জনগণ ব্যক্ত করেছে, তা নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি জামায়াতে ইসলামীসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিহিংসা নয়, এখন প্রয়োজন পারস্পরিক সহনশীলতা।\r\nতারেক রহমান তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার যে সুদৃঢ় বার্তা দিয়েছেন, তা সময়ের দাবি। গণতন্ত্রে সরকার ও বিরোধী দল পরস্পরের প্রতিপক্ষ হলেও উভয়ে রাষ্ট্রের অংশীদার। মতভিন্নতা থাকবে, তা যেন বিরোধের পর্যায়ে না যায়। রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বানই পরিণত রাজনীতির প্রকাশ, যা তিনি বলেছেন। আমরা বিভিন্ন সময়ে দেখেছি, রাজনৈতিক বক্তব্যে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাঠামো কথাটি যত সহজে উচ্চারিত হয়, তা পুনর্গঠন ও মূল্যায়ন ততটাই কঠিন। রাষ্ট্র মেরামত মানে শুধু প্রশাসনিক রদবদল নয়; প্রয়োজন সময়োপযোগী প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থার সংকট দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা। তবে বিজয়ের উচ্ছ্বাসের মধ্যেও কিছু কঠিন বাস্তবতা রয়েছে। ভঙ্গুর অর্থনীতি, দুর্বল সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলার নাজুকতাÑ এই বাস্তবতার মধ্য দিয়েই বিএনপির নতুন যাত্রা শুরু। \r\nসংবাদ সম্মেলনে তারেক রহমান ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি সম্মান জানিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাদের। আমরা বিশ্বাস করি, শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হলে জাতি ধর্ম-বর্ণ-গোত্র ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি মানবিক হতে হবে। প্রতিটি ন্যায় ভিত্তিক পদক্ষেপ দেশকে নিয়ে যাবে সমৃদ্ধির পথে। নবাগত সরকারি দলের নেতৃবৃন্দকে ভুলে গেলে চলবে না যে দেশ গড়ার পালা এই স্লোগান কেবল দলীয় কর্মীদের জন্য নয়, সমগ্র জাতির জন্য। জাতীয় ঐক্যই শক্তি, বিভাজনে দুর্বলতাÑ এই উপলব্ধিকে বাস্তবে রূপ দিতে হলে বিরোধী দল ও ভিন্ন মতের প্রতি সম্মান দেখাতে হবে।
