দুই বছরের একটানা গণহত্যার পর অবশেষে গত ১০ অক্টোবর ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স¤পাদিত হয়। ফলে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং গাজায় ইসরাইলি হামলা বন্ধ হয়। কিন্তু এর পরও ইসরাইল একাধিকবার গাজায় হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে। সবাই আশা করে, যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং গাজার পুনর্গঠন শুরু হবে। যুদ্ধ বন্ধ হলেও গাজায় হামাসের শাসন মানতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল রাজি নয়। তারা ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তারা চায়, ভিন দেশের মানুষের নেতৃত্বে একটি অন্তর্বর্তী প্রশাসন গাজাকে শাসন করবে। এই প্রশাসন পুরোপরিই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অনুগত হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের এই পরিকল্পনা কিছুতেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যৌক্তিক কারণ নাই।
বিষয়টি অবাস্তব, অপ্রয়োজনীয়, বেআইনী এবং অগণতান্ত্রিক। গাজাকে কারা শাসন করবে সেটা যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের চিন্তার বিষয় নয়। গাজার মানুষেরাই গাজা শাসন করবে এবং এটাই স্বাভাবিক। গাজা শাসন, গাজাবাসীর অধিকার।ডোনাল্ড ট্রা¤প ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই গাজা নিয়ে নতুন পরিকল্পনা পেশ করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী গাজার মানুষ অন্য দেশে চলে যাবে এবং গাজাকে অত্যাধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। ইসরাইল এ পরিকল্পনা সমর্থন এবং হামাসসহ মুসলিম দেশসমূহ প্রত্যাখ্যান করে। গাজার মানুষেরা অকাতরে মারা গেছে কিন্তু গাজা ছেড়ে কোথাও চলে যায়নি। গাজা থেকে গাজাবাসীকে উৎখাত করে অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের চরম লংঘন। এটি ছিল গাজাবাসীকে সমূলে নির্মূলেরই পরিকল্পনা। গাজায় বসবাসরত মানুষ গাজাতেই জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে। গাজা তাদের জন্মভূমি এবং মাতৃভমি। পৃথিবীর ১৯৩টি দেশের ৮০০ কোটি মানুষের মতো গাজার মানুষ তাদের নিজ ভূমি গাজাতেই বসবাস করবে এবং এটিই স্বাভাবিক। গাজায় বসবাস গাজাবাসীর জন্মগত এবং জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের অন্তর্ভুক্ত। গাজাবাসীকে গাজা থেকে উৎখাত করে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গাজা শাসনের নতুন পরিকল্পনা পেশ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের উচিত অগণতান্ত্রিক, মানবতাবিরোধী এবং অপ্রয়োজনীয় এই পরিকল্পনা বাদ দিয়ে গাজাকে পুনর্গঠন এবং গাজাবাসীর সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করা।
ইসরাইলের দীর্ঘ আগ্রাসন এবং অবরোধের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরাইলে রকেট হামলা চালায়। এতে বেশ কিছু ইসরাইলি মারা যায় এবং কিছু সংখ্যককে বন্দি করা হয়। তারপর থেকেই ইসরাইল গাজায় নির্বিচারে হামলা চালায়, যাতে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায় এবং দেড় লক্ষাধিক আহত হয়। ইসরাইলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং পরবর্তী প্রধান ইয়াহিয়া সিনাওয়ারসহ অনেক শীর্ষ নেতা মারা যান। ইসরাইলি হামলায় গাজার বাড়িঘর, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ গির্জা এবং হাসপাতাল মাটিতে মিশে গেছে। পুরো গাজাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার বেশির ভাগ মানুষই এখন উদ্বাস্তু এবং ত্রাণের খাবার খেয়ে তাবুতে বসবাস করছে। গাজাবাসীর স্বাভাবিক জীবন বলতে কিছুই নাই।
ত্রাণের জন্য অপেক্ষারত ক্ষুধার্ত মানুষদের ওপর, এমনকি রোজা এবং ঈদের দিনেও ইসরাইল হামলা চালিয়ে অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার আছে চার হাজার বছরের ইতিহাস। গাজা ৩৫০ বছর প্রাচীন মিশরের অধীন ছিল। খৃষ্টপূর্ব ৭৩০ সালে গাজা আসিরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আলেকজান্ডার দি গ্রেট খৃষ্টপূর্ব ৩৩২ সালে গাজা দখল করে। আমর ইবনুল আস ৬৩৭ খৃষ্টাব্দে গাজা বিজয় করেন এবং তার শাসনামলে অধিকাংশ গাজাবাসী ইসলাম গ্রহণ করে। ১১০০ খৃষ্টাব্দে ফাতেমীয়দের শাসন থেকে ফ্রান্সের খৃষ্টান ক্রুসেডাররা গাজার নিয়ন্ত্রণ নেয়। সালাউদ্দিন আইয়ুবী ১১৮৭ সালে তাদের বিতাড়িত করে গাজা জয় করেন। ১৬ শতাব্দী হতে গাজা অটোমান সাম্রাজ্যের অধীন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে বৃটিশরা গাজা দখল করে।
১৯১৭ সালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফার ইহুদিদের জন্য আবাসভূমি প্রতিষ্ঠার কথা বলেন। ১৯৪৭ সালে বৃটেন ফিলিস্তিন প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করে এবং ৩১ আগষ্ট ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ কমিটি ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্তির সুপারিশ করে। ২৯ নভেম্বর প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হয়। এতে ফিলিস্তিন ভূখন্ডের ৫৫ শতাংশ ইহুদি রাষ্ট্র এবং ৪৫ শতাংশ আরবদের জন্য বরাদ্দ করা হয়। তখন ফিলিস্তিনে ১২ লাখ ৬৯ হাজার আরব এবং ৬ লাখ৭৮ হাজার ইহুদি ছিল। ১৯৪৮ সালে ১৫মে ফিলিস্তিনের ওপর বৃটিশ ম্যান্ডেট অবসানের দিন ছিল এবং আগের দিন ইসরাইল স্বাধীনতা ঘোষণা করে। বেন গুরিয়ান ইসরাইল রাষ্ট্রের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী হন। সোভিয়েত প্রেসিডেন্ট স্তালিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রম্যান তৎক্ষণাৎ ইসরাইলকে স্বীকৃতি দেন।
এভাবেই ইসরাইল রাষ্টের জন্ম। বিভক্তির পরপরই আরব-ইসরাইল যুদ্ধ হয়। ১৯৪৮ সালের জুলাইয়ে ১০ দিনের যুদ্ধে ইসরাইলের কাছে আরবরা পরাজিত হয়। অক্টোবরে ইসরাইল উত্তর লেবাননের সীমান্ত ও গোলান মালভূমিতে এবং দক্ষিণ আকাবা উপসাগর ও সিনাই উপত্যকায় হামলা চালায়। ১৯৬৭ সালের ৫ জুন ইসরাইল আরব রাষ্ট্রসমূহের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং এক সপ্তাহের যুদ্ধে ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর, জেরুজালেম, মিসরের সিনাই এবং সিরিয়ার গোলান উপত্যকা দখল করে নেয়। এভাবে গাজা ইসরাইলের অধীনস্ত হয়।ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে লড়াই করছে। ইয়াসির আরাফাতের নেতৃত্বে পিএলও দীর্ঘদিন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে।
কিন্তু ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ইসরাইলের সাথে পিএলও চুক্তি করে, যা অসলো শান্তি চুক্তি নামে পরিচিত। ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন এবং পিএলও প্রধান ইয়াসির আরাফাত এতে স্বাক্ষর করেন। চুক্তিটির মাধ্যমে পিএলও ইসরাইলকে স্বীকৃতি দেয়, যা হামাস প্রত্যাখান করে। হামাসের উত্থানে ফিলিস্তিনের রাজনীতি পাল্টে যায়। একদিকে ফাতাহ, অপরদিকে হামাস। ফাতাহর পক্ষে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। হামাস ইসরাইলের ঘোর বিরোধী। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ফাতাহ সশ্রস্ত্র সংগ্রামকে পরিত্যাগ করেছে আর হামাস সশ্রস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করতে চায়। ইসরাইলের অস্তিত্ব ফাতাহ স্বীকার করে, হামাস করে না। ২০০৬ সালের ২৫ জানুয়ারির নির্বাচনে হামাস ১৩২টি আসনের ৭৬টিতে বিজয়ী হয়ে সরকার গঠন করে।
ফিলিস্তিনের নেতৃত্ব হামাসের হাতে যাওয়ায় ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা হামাসকে বয়কট এবং ফিলিস্তিনে সাহায্য বন্ধ করে দেয়। ২০০৬ সালের ২১ ডিসেম্বর হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধে মার্কিন কংগ্রেসে প্যালেস্টাইনিয়ান এন্টি-টেররিজম অ্যাক্ট ২০০৬ নামের বিল পাস হয়। ২০০৭ সালের ১৪ জুন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস সরকারকে বরখাস্ত এবং হামাস ঐদিন গাজা দখল করে। তখন থেকেই গাজায় হামাসের এবং পশ্চিম তীরে ফাতাহর শাসন চলছে। ইসরাইল সেদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। ইসলামের ভিত্তিতে ফিলিস্তিন গড়তে ১৯৮৭ সালে শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ রানতিসি এবং খালেদ মেশালেরা হামাস প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠা থেকেই হামাস মোকাবেলা করেছে ইসরাইলের অব্যাহত দমন নির্যাতন, যাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সমর্থন করেছে। কিন্তু সকল প্রকার দমন নিপীড়ন মোকাবেলা করে হামাস সামনের দিকে অগ্রসর হয়েছে। হামাসের ওপর যত নির্যাতন এসেছে, তারা তত জনপ্রিয়তা অর্জন করেছে। হামাসের অর্ধশতকেরও বেশি নেতাকে প্রায় ২৫ বছর আগে ইসরাইল বহিষ্কার করে, যারা দীর্ঘদিন নোম্যান্স ল্যান্ডে তাবু বানিয়ে বসবাস করেছিল। কিন্তু আপোস করেনি। ইসরাইল বিভিন্ন সময়ে শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ রানতিসি, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনাওয়ার, মুহাম্মদ দেইফসহ বহু শীর্ষ নেতাকে হত্যা করেছে। কিন্তু হামাস নির্মূল হয়নি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য হামাস আপোসহীনভাবে লড়ছে। সাম্প্রতিককালে গাজাকে মৃত্যুপুরী বানিয়ে এবং গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করেও হামাসকে নির্মূল করা যায়নি। হামাসই এখন ইসরাইলের প্রধান প্রতিপক্ষ এবং হামাসের সাথেই ইসরাইলকে যুদ্ধবিরতির চুক্তি করতে হয়েছে। এত কিছুর পরেও হামাসকে নির্মূল করতে ব্যর্থ হওয়ায়, হামাসকে ক্ষমতার বাইরে রাখতেই গাজা শাসনের প্রসংগটি নিয়ে আসা হয়েছে।
৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের গাজায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস, যাদের ৯৮ শতাংশই মুসলমান। ছোট একটি ভূখন্ডের সামান্য কিছু মানুষকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মাথা ব্যাথার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পর্যবেক্ষদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গাজার শাসন থেকে হামাসকে সরিয়ে বিদ্যমান লড়াইকে চিরতরে নির্মূল করতে চায়। ইসরাইল এর মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে চিরতরে দমন করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ আশা পূরণ হবে না। ফিলিস্তিনিরা কখনো ইসরাইলের দাসত্ব এবং পরাধীনতা মানবে না। যুক্তরাষ্টের মানুষেরাই যেমন যুক্তরাষ্ট্রকে শাসন করে, ইসরাইলের মানুষেরাই যেমন ইসরাইলকে শাসন করে, পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা যেমন তাদের নিজ নিজ দেশ নিজেরাই শাসন করে, ঠিক তেমনি গাজার মানুষেরাই গাজাকে শাসন করবে।
লেখক : প্রকৌশলী এবং রাষ্ট্র চিন্তক ।
omar_ctg123@yahoo.com
