কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৬২% এবং কৃষিতে সরাসরি নিয়োজিত জনশক্তি ৩০.৮৭ মিলিয়ন (১৫ বছর ও তদূর্ধ্ব)। অন্যদিকে, জৈব পদার্থ মাটির প্রাণ; এটি পানি ধারণক্ষমতা, বায়ু চলাচল ও উর্বরতা বাড়ায় এবং উপকারী অণুজীবের খাদ্য ও আবাসস্থল হিসেবে কাজ করে। আদর্শ মাটিতে জৈব পদার্থ কমপক্ষে ৫% প্রয়োজন হলেও বাংলাদেশের অধিকাংশ জমিতে থাকে মাত্র ১ থেকে ২ শতাংশ। এ ঘাটতির কারণ তীব্র গরম-আর্দ্র আবহাওয়া, অতিরিক্ত চাষাবাদ এবং ফসলের অবশিষ্টাংশ ও গোবর জ্বালানি হিসেবে ব্যবহার।

গবেষণায় জানা গেছে, মাটিতে উদ্ভিদ বা ফসলের জন্য ১৭টি অপরিহার্য পুষ্টি উপাদান থাকা প্রয়োজন।

মাটিতে যখন এসব উপাদানের ঘাটতি দেখা দেয় তখনই প্রয়োজন হয় রাসায়নিক সারের। বাংলাদেশে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি বেশি ব্যবহৃত হয়। ২০২৫-২৬ অর্থবছরে এ চার ধরনের সারের প্রয়োজন ছিল প্রায় ৫৯ লক্ষ মেট্রিক টন; এর মধ্যে ইউরিয়া ২৭.০ লক্ষ মে.টন, টিএসপি ৭.৫০ লক্ষ মে.টন, ডিএপি ১৪.৯৫ লক্ষ মে.টন ও এমওপি ৯.৫০ লক্ষ মে.টন।

দেশে ইউরিয়া উৎপাদন সক্ষমতা প্রায় ২৭ লক্ষ মে.টন হলেও গ্যাস সংকটে উৎপাদন হয় ৯ হতে ১১ লক্ষ মে.টন। ফলে ১৫-১৭ লক্ষ মে.টন ইউরিয়া আমদানি করতে হয় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও চীন থেকে। টিএসপির চাহিদা ৭ লক্ষ মে.টন, উৎপাদন সক্ষমতা ১ লক্ষ মে.টন; অবশিষ্ট মরক্কো, তিউনিসিয়া, চীন, মিশর ও সৌদি আরব থেকে আমদানি হয়। ডিএপি সারের চাহিদা প্রায় ১৫-১৬ লক্ষ মে.টন; সৌদি আরব, চীন বা মরক্কো থেকে আমদানি করতে হয়। এমওপির চাহিদা প্রায় ৯-১০ লক্ষ মে.টন, কানাডা ও রাশিয়া থেকে আমদানি করতে হয়। ২০২৫-২৬ অর্থবছরে কেজিপ্রতি গড় আমদানি মূল্য ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপির প্রায় ৭০, ৮৫, ১০৫ ও ৫৫ টাকা। ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য যথাক্রমে ২৫, ২৫, ১৯ ও ১৮ টাকা; ডিলারদের লাভ কেজিতে ২ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে সরকার প্রায় ১৪.২৫ লক্ষ মে.টন ইউরিয়া, ৭.৫০ লক্ষ মে.টন টিএসপি, ১৪.৮৫ লক্ষ মে.টন ডিএপি এবং ৯.৫০ লক্ষ মে.টন এমওপি আমদানি করে। ২০২৫-২৬ অর্থবছরে ভর্তুকি প্রায় ২৭ হাজার কোটি টাকা। এ ব্যয় কমানো জরুরি।

কৃষকদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে, ‘অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে অধিক ফলন পাওয়া যায়’ । বাস্তবে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারে গাছের কোষগুলো দ্রুত বৃদ্ধির ফলে রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ বেড়ে যায়, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাটিতে বসবাসকারী উপকারী ব্যাক্টেরিয়া, ছত্রাক, শৈবালসহ অণুজীবসমূহের স্বাভাবিক বৃদ্ধি ও বংশ বিস্তার বাধাগ্রস্ত হয় তথা জীব-বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। ফসলের গুণগত মান, স্বাদ বা গন্ধ বিনষ্ট হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং সার আমদানি ও বিতরণ সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি লাভের জন্য নিম্নে উল্লেখিত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে।

১. সয়েল টেস্টিং: মাটির খাদ্য উপাদান নির্ণয়ে দ্রুত, স্বল্পমূল্যের ও নির্ভুল সয়েল টেস্ট পদ্ধতি/Soil testing kit চালু করতে হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে বিশেষ কার্যক্রম নেওয়া যেতে পারে।

২. জৈব সারের প্রয়োগ: গোবর ও সবুজ সার (ধৈঞ্চা, শন পাট, অন্যান্য শিমজাতীয় গাছ যেমন: মুগ কলাই, মাস কলাই, বরবটি ইত্যাদি ফুল আসার আগেই কেটে মাটির সাথে মিশিয়ে পচিয়ে তৈরি করা), কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার), ট্রাইকোডার্মা (উপকারী ছত্রাক) ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে।

৩. বায়োফার্টিলাইজার (Biofertilizer): বায়োফার্টিলাইজার ব্যবহার বাড়াতে হবে। এটি জীবন্ত অণুজীবসমৃদ্ধ এবং মাটির উর্বরতা ও পুষ্টি সরবরাহে সহায়ক। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-র এ বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকায় তা কাজে লাগিয়ে বিশেষ প্রকল্প নেওয়া যেতে পারে।

৪. বায়োচার (Biochar): বায়োচার প্রযুক্তি ব্যবহার করতে হবে। কম অক্সিজেনে জৈব পদার্থ পুড়িয়ে তৈরি এ উপাদান মাটির পানি ধারণক্ষমতা ও উর্বরতা বাড়ায়, এসিডিটি ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করে এবং ভারী ধাতু নিষ্ক্রিয় করতে সহায়তা করে।

৫. ন্যানো ফার্টিলাইজার (Nano Fertilizer): ন্যানো ফার্টিলাইজার বিবেচনা করা যেতে পারে। এর কণাগুলো সূক্ষ্ম (১ থেকে ১০০ ন্যানোমিটার) হওয়ায় উদ্ভিদের পুষ্টি গ্রহণ ও কার্যকারিতা বাড়তে পারে এবং অপচয় কমে। তবে অতিরিক্ত ব্যবহারে উদ্ভিদ, মাটির অণুজীব ও পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকায় দেশি-বিদেশি গবেষণার ভিত্তিতে পাইলটিং প্রয়োজন।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া প্রায় ২৬ লক্ষ মে.টন, টিএসপি ৭.৫০ লক্ষ মে.টন, ডিএপি ১৪.৮৫ লক্ষ মে.টন এবং এমওপি ৯.৫০ লক্ষ মে.টন সহ সর্বমোট প্রায় ৫৮.০ লক্ষ মে.টন সার সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে মজুত প্রায় ১৪ লক্ষ মে.টন, আরও ১০ লক্ষ মে.টন দেশে পৌঁছাবে এবং বেসরকারি পর্যায়ে প্রায় ৯.৫ লক্ষ মে.টন আমদানির অনুমতি রয়েছে। তাই সার সংকটের সম্ভাবনা নেই; প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে খাদ্য উৎপাদন ঘাটতির পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও মানবসৃষ্ট কারণ ক্ষয়ক্ষতি বাড়িয়েছিল।

১. ডিলার পর্যবেক্ষণ: ডিলার সার উত্তোলনের পর উপজেলা কৃষি কর্মকর্তাকে “আগমনী বার্তা বা অ্যারাইভ্যাল রিপোর্ট” দেবেন; এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শনের পরই বিক্রির অনুমতি নিশ্চিত করবেন।

২. স্বচ্ছতা নিশ্চিতকরণ: নির্ধারিত মূল্য প্রদর্শন, ক্যাশমেমো প্রদান এবং কৃষকের তথ্যসহ বিক্রয় রেজিস্টার হালনাগাদ রাখা নিশ্চিত করা।

৩. মনিটরিং কাঠামো: মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য ইউনিয়নভিত্তিক ‘উপজেলা সার মনিটরিং কর্মকর্তা’ এবং উপজেলাভিত্তিক ‘জেলা সার মনিটরিং কর্মকর্তা’ মনোনীত করা যেতে পারে।

৪. উচ্চপর্যায়ের স্কোয়াড: কৃষি মন্ত্রণালয় কর্তৃক জেলা বা বিভাগভিত্তিক উচ্চপর্যায়ের ‘মনিটরিং টিম’ গঠন করা।

৫. পরিবহন ব্যবস্থার উন্নয়ন: আমদানিকৃত সার দ্রুত গুদামে পৌঁছাতে নৌ ও সড়কের পাশাপাশি রেলপথ ব্যবহার করা যেতে পারে।

৬. আঞ্চলিক অগ্রাধিকার:

মজুত পর্যাপ্ত থাকলেও ডিলার পর্যায়ে সার উত্তোলন ও বিতরণের বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে আনতে হবে, জৈব সার ও পরিবেশবান্ধব প্রযুক্তি জনপ্রিয় করতে হবে এবং জৈব ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণকারী কৃষকদের ‘কৃষি প্রণোদনা সেবা বা কৃষক কার্ড’ সেবায় অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এ জন্য সমন্বিত ও তথ্যভিত্তিক সার ব্যবস্থাপনা কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি।

লেখক: কৃষিবিদ, গবেষক, বীজ ও সার ব্যবস্থাপনায় অভিজ্ঞ; সাধারণ সম্পাদক, বিএডিসি কৃষিবিদ অ্যাসোসিয়েশন এবং কোঅর্ডিনেটর, জিয়াউর রহমান ফাউন্ডেশন।