মহান আল্লাহ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনে বলেন, ‘রমজান সেই মাস, যাতে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়াত ও সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণকারী পথের সুস্পষ্ট বর্ণনা সংবলিত কোরআন নাজিল করা হয়েছে’ (সুরা বাকারাহ, ১৮৫)।
এ আয়াত থেকে বোঝা যায়, রমজান মাসের যে শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য, তার কারণ এ মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন নাজিলের মাধ্যমেই মহান আল্লাহ রমজান মাসকে মহিমান্বিত করেছেন। এ জন্যই রমজানকে বলা হয় কোরআনের মাস। এ মাসে সিয়াম সাধনার পাশাপাশি যে কাজটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, তা হচ্ছে কোরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং রাতের বেলায় দীর্ঘ সময় নিয়ে সালাতে কোরআন তেলাওয়াত করা।
হাদিসে এসেছে, রমজান মাসের প্রতি রাতে ফেরেশতা জিবরাইল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং কোরআন অধ্যয়ন করতেন। রাসুল (সা.) জিবরাইলকে পুরো কোরআন শোনাতেন। জীবনের শেষ রমজানে তিনি জিবরাইলকে দুবার কোরআন শুনিয়েছিলেন। তা ছাড়া তিনি রমজানের রাতগুলো কাটাতেন সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শেষের ১০ দিন কখনও রাতের এক-তৃতীয়াংশ, কখনও অর্ধরাত্রি, আবার কখনও পুরো রাত তিনি এভাবে কাটাতেন।
সুতরাং রাসুলের (সা.) আমল হিসেবে রমজানে অন্তত একবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা সুন্নাহসম্মত ইবাদত। সালাফগণও রমজান মাস এলে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন বাড়িয়ে দিতেন। কোরআন তেলাওয়াতের সওয়াব লাভের পূর্বশর্ত হচ্ছে এর বিশুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াত বিশুদ্ধ না হলে সওয়াব লাভ তো হয়-ই না; কোরআন তেলাওয়াতকারীকে অভিশাপ দিয়ে থাকে। এ জন্যই সম্ভবত রাসুল (সা.) বলেছেন, কোরআনের অনেক কারি আছে, সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়।’ এর কারণ তেলাওয়াত বিশুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। ফলে সালাতও কবুল হয় না। এ জন্য সবার আগে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা লাভ করতে হবে। আমরা যারা বিশুদ্ধ তেলাওয়াত জানি না, তারা রমজান মাসব্যাপী কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারি।
মহান আল্লাহ বলেন, ‘যাদেরকে আমরা কেতাব দিয়েছি, তারা এর যথাযথ হক আদায় করে একে তেলাওয়াত করে। এরাই এর প্রকৃত বিশ্বাসী’ (বাকারাহ, ১২১)। বিশুদ্ধ তেলাওয়াত শেখার পাশাপাশি কোরআনের অর্থসহ পড়ার চেষ্টা করতে হবে। কারণ কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। আমরা যদি কোরআনের অর্থ না বুঝি, তাহলে এর হেদায়াতও লাভ করতে পারব না এবং এর ওপর আমল করতে পারব না। তাই একজন মুমিন হিসেবে সবার উচিত কোরআন বোঝার চেষ্টা করা।
আমরা জানি, ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাতের প্রতি রাকাতেই কোরআন তেলাওয়াত করতে হয়। তাই সালাতে পড়ার জন্য কিছু সুরা মুখস্থ করা আবশ্যক। আবার কিছু সুরার বিশেষ ফজিলত রয়েছে। যেমন– সুরা মুল্ক, সুরা আলিফ-লাম-মিম সাজদাহ, সুরা বাকারাহর শেষ দুই আয়াত, সুরা কাহফের প্রথম ১০ আয়াত, আয়াতুল কুরসি। হাদিসে এসব সুরা আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। সুরা মুল্কের ব্যাপারে বলা হয়েছে, এ সুরা তার পাঠকের পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বাকারার শেষ দুই আয়াত সম্পর্কে বলা হয়েছে, রাতে যে এ আয়াত দুটি তেলাওয়াত করবে, তার জন্য এটাই যথেষ্ট হবে। সুরা কাহফের প্রথম ১০ আয়াত যে মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আর আয়াতুল কুরসি সম্পর্কে রাসুল (সা.) বলেন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর কেউ এ আয়াত তেলাওয়াত করলে সে ওই দিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।
এসব ফজিলত লাভের জন্য আমাদের উচিত এসব সুরা/আয়াত বিশুদ্ধভাবে মুখস্থ করা। এই রমজান মাস আমরা এ কাজে অতিবাহিত করতে পারি। পরিকল্পনা নিয়ে চেষ্টা করলে ওপরের সুরা ও আয়াতগুলো মুখস্থ করা আমাদের জন্য অসম্ভব নয়। তাই আসুন, আমরা রমজানব্যাপী কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, মুখস্থকরণ, কোরআন অধ্যয়ন ও আমলের মাধ্যমে অতিবাহিত করি। সিয়াম সাধনার পাশাপাশি রমজান হোক কোরআনময়।
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
