বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সাফল্যের মূল চালিকাশক্তি কেবল শ্রম বা কাঁচামাল নয়, বরং এটি জ্ঞান এবং উদ্ভাবনের শক্তি, যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) দ্বারা সুরক্ষিত। বাংলাদেশ এলডিসি (LDC) থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বহুগুণে বাড়বে। এই পর্যায়ে উচ্চতর মুনাফা অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে প্রচলিত শ্রমনির্ভর উৎপাদন পদ্ধতির বাইরে এসে জ্ঞান, উদ্ভাবন এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP)-নির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হওয়া জরুরি।

বর্তমানে দেশের জিডিপির মাত্র ০.০৩% গবেষণা ও উন্নয়ন (R&D)-এ ব্যয় হয়, যা আঞ্চলিক দেশগুলোর তুলনায় অত্যন্ত কম। এর ফলে উদ্ভাবনী সক্ষমতা সীমিত থাকে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে ওঠে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মোট R&D ব্যয়ের ৭২.৬৩% এসেছে দেশীয় উৎস থেকে, প্রধানত বেসরকারি খাত থেকে আসে যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।

উৎপাদন খাতে উচ্চতর মুনাফা নিশ্চিত করতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক ও কপিরাইটের মাধ্যমে উদ্ভাবনকে আইনি সুরক্ষা দেওয়া হলে বিশ্ব বাজারে সুবিধা পাওয়া যায়, যা পণ্যের মূল্য সংযোজন ও লাভজনকতা বহুগুণে বাড়িয়ে দেয়। বর্তমানে বৈশ্বিক IPR সূচকে বাংলাদেশের অবস্থান দুর্বল (র‍্যাঙ্ক ১১৪/১২৬), যা বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনের বিস্তারে একটি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশকে ধীরে ধীরে নিম্ন-দক্ষতা শিল্প—বিশেষ করে পোশাক খাত—থেকে সরে গিয়ে ফার্মাসিউটিক্যালস, ICT, হেলথটেক, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য উচ্চ-প্রযুক্তি খাতের দিকে মনোযোগ বাড়াতে হবে। এসব খাতেই পেটেন্টের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব। ইতোমধ্যে দেশের ফার্মাসিউটিক্যালস শিল্প তুলনামূলক ভালো R&D বিনিয়োগ করছে, যা উৎসাহব্যঞ্জক।

তাই ইন্টেলেকচুয়াল প্রপার্টির সুরক্ষার মাধ্যমেই উন্নয়নশীল বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার নিহিত।