লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নাগরিক দীপালী আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ প্রাণহানি আমাদের রাষ্ট্র ও সমাজের এক গভীর সংকটকে আবারও সামনে এনেছে। ফরিদপুরের এই নারী শ্রমজীবী, যিনি জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর তালিকায় নাম লিখিয়েছেন। এরইমধ্যদিয়ে পুরো পরিবারের শোকের মাতম নেমে এসেছে। সেই সাথে দেশের কর্মসংস্থানের যে করুণ দশা সেটিও ফুটে উঠেছে, যার কারণে দীপালীর মতো বহু নারীকে দীর্ঘ লড়াই করে লেবাননের মতো দেশে পাড়ি জমাতে হয়েছে।

দেশের অর্থনীতির বড় অংশ এখনও মধ্যপ্রাচ্যের বাঙালি শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। তাদের বেশিরভাগই বিদেশে গৃহকর্মী, নির্মাণশ্রমিক বা নিম্নআয়ের কাজ করেন। কিন্তু তারা যতটা শ্রম ও ঘাম দিয়ে দেশে রেমট্যান্স বা টাকা পাঠান, সে তুলনায় আমরা তাদের স্বীকৃতি কিংবা সম্মান দিতে ব্যর্থ হই। এই মানসিকতা শুধু সামাজিক নয়; এটি প্রাতিষ্ঠানিক রূপও পেয়েছে।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে এবং অসংখ্য পরিবারের জীবনমান উন্নত করে। প্রতি ঘরে ঘরে যেসব সন্তান শহরে এসে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়, তাদের এই অর্জনের পেছনেও মূল নায়ক এই শ্রমজীবী মানুষেরা। অথচ আমরা তাদের এই ত্যাগ পরিবারে বা রাষ্ট্রের নীতিনির্ধারণে বা জনপরিসরে সেই অনুপাতে দেখা যায় না। দীপালী আক্তারের মৃত্যু সেই বৈপরীত্যের নির্মম স্মারক।

এই ঘটনাটি আরও একটি প্রশ্ন উত্থাপন করে—বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কতটা কার্যকর? কিংবা এত অজস্র তরুণ-তরুণীকে কেন বিদেশে পাড়ি দিতে হবে, দেশে কী তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না? কিংবা যুদ্ধবিধ্বস্ত বা সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কি যথাযথ সতর্কতা, সহায়তা ও উদ্ধার পরিকল্পনা রয়েছে? অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিপদের সময় এসব শ্রমিক নিজেদের ভাগ্যের উপর নির্ভর করেই বেঁচে থাকার চেষ্টা করেন।

এখানে রাষ্ট্রের দায়িত্ব দ্বিমুখী। প্রথমত, বিদেশে কর্মরত নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সক্রিয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করে দীপালী কিংবা অন্যান্য তরুণের পরিবারের জীবিকা নিশ্চিত করা। কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে না পারলে শিক্ষিত তরুণদের দেশে আটকে রাখা সম্ভব নয়, একইভাবে তরুণদের মধ্যে হতাশাও বাড়বে। তবে সর্বস্তরের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি না হলে বিদেশ অভিমুখিতা বাড়বে।

সমাজের মানসিকতাও পরিবর্তন জরুরি। আমরা প্রায়ই ‘সফলতা’কে নির্দিষ্ট কিছু পেশার মধ্যে সীমাবদ্ধ করে দেখি— চাকরি, ব্যবসা বা উচ্চপদস্থ অবস্থান। কিন্তু বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পরিবারকে টিকিয়ে রাখা একজন শ্রমিকও সমানভাবে সম্মান পাওয়ার দাবিদার। এই স্বীকৃতি না থাকলে, আমরা একটি বৈষম্যমূলক সমাজকেই টিকিয়ে রাখি। একটা পরিবারের সদস্যদের খাওয়া-পরা, শিক্ষা, বিনোদনে একজন প্রবাসী শ্রমজীবী মানুষের অবদানকে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া শিখতে হবে।

দীপালী আক্তারের মৃত্যু তাই কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; এটি আমাদের রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার প্রতীক। তার জীবনের মূল্যায়ন করতে হলে, আমাদেরকে এই কাঠামোগত সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। প্রবাসী শ্রমিকদের আমরা যদি কেবল অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে দেখি, তবে তাদের প্রতি এই অবহেলা ও অবমূল্যায়ন কখনও কমবে না।

এখন সময় এসেছে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের। শ্রমের মর্যাদা, প্রবাসীদের নিরাপত্তা এবং মানবিক সম্মান— এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন করে ভাবতে হবে। দীপালী আক্তারের মৃত্যু যেন আরেকটি ভুলে যাওয়া সংবাদ না হয়ে ওঠে; বরং এটি হোক আমাদের বিবেক জাগ্রত করার এক কঠিন আহ্বান।

ইফতেখারুল ইসলাম: সহ-সম্পাদক, সমকাল