বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভরতার সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। আর এই অগ্রযাত্রায় সবচেয়ে আলোচিত দুটি ধারণা হলো ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি। প্রযুক্তির বিকাশ মানুষের জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা, বিনোদন থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ- সবক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি সেই সম্ভাবনার সবচেয়ে প্রাণবন্ত উদাহরণ। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে সম্পূর্ণ কৃত্রিম এক ভার্চুয়াল জগতে নিয়ে যায়, যেখানে তিনি বাস্তবতার বাইরে গিয়ে এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি বাস্তব দুনিয়ার সঙ্গে যুক্ত করে ডিজিটাল তথ্য বা থ্রি-ডি অবজেক্ট, যার ফলে বাস্তব পরিবেশটিই আরও সমৃদ্ধ, কার্যকর ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে।

প্রযুক্তির এই দুই মাধ্যম মানুষের উপলব্ধি, শেখার ধরন, কাজ করার কৌশল এবং বিনোদনের ধরনকে পাল্টে দিচ্ছে। এটি এমন এক প্রযুক্তি, যা ব্যবহারকারীকে সম্পূর্ণভাবে একটি কল্পিত বা ডিজিটালি তৈরি ত্রিমাত্রিক পরিবেশে নিমগ্ন করে। সাধারণত ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, সেন্সর, কন্ট্রোলার এবং মোশন-ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ব্যবহারকারী এই পরিবেশে প্রবেশ করে। বৈজ্ঞানিক গবেষণা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আর্কিটেকচার, গেমিং, প্রশিক্ষণ ও রিহ্যাবিলিটেশনে ভার্চুয়াল রিয়েলিটি র ব্যাপক ব্যবহার দেখা যায়। মেডিক্যাল শিক্ষার্থী ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশনের মাধ্যমে জটিল অপারেশনের অনুশীলন করতে পারে, যা বাস্তবে অনুশীলনের ঝুঁকি ছাড়াই দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করে।

পাইলটদের জন্য ফ্লাইট সিমুলেটর, সৈন্যদের জন্য যুদ্ধক্ষেত্রের ভার্চুয়াল প্রশিক্ষণ, অথবা ধ্বংসপ্রাপ্ত স্থান পুনর্গঠনের থ্রি-ডি মডেল বিশ্লেষণ- এসব ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি অত্যন্ত কার্যকর। বিনোদন শিল্পে ভার্চুয়াল রিয়েলিটি নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে, যেখানে গেমাররা নিজেদের চরিত্রে প্রবেশ করে বাস্তবের মতোই গেমের দুনিয়া অনুভব করতে পারে। সব মিলিয়ে ভার্চুয়াল রিয়েলিটি এমন এক ডিজিটাল বাস্তবতায় আত্মপ্রকাশ করেছে যেখানে মানুষের শেখার ক্ষমতা ও অভিজ্ঞতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।\r\nতবে অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির মতো সম্পূর্ণ ভার্চুয়াল পরিবেশ তৈরি করে না, বরং এটি বাস্তব জগতের ওপর ডিজিটাল উপাদান বা তথ্য সংযোজন করে।

এর মাধ্যমে ব্যবহারকারী বাস্তব জগৎকে বজায় রেখেই তাতে গণনাতাত্ত্বিক গ্রাফিক্স, লিখিত তথ্য, অ্যানিমেশন বা থ্রি-ডি অবজেক্ট দেখতে পান। স্মার্টফোন, ট্যাবলেট বা অগমেন্টেড রিয়েলিটি চশমার সাহায্যে এই প্রযুক্তি উপভোগ করা হয়। শিক্ষা ক্ষেত্রে অগমেন্টেড রিয়েলিটি শিক্ষার্থীকে বইয়ের ভেতরের চিত্রকে ত্রিমাত্রিক করে তুলে ধরে বাস্তব অভিজ্ঞতার মতো শিখতে সহায়তা করে। চিকিৎসায় অগমেন্টেড রিয়েলিটি সার্জনদের অপারেশনের সময় রোগীর শরীরের অভ্যন্তরীণ অংশের ডিজিটাল ইমেজ বাস্তবের ওপর দেখিয়ে অধিক নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করে। ফলে শিল্প-কারখানায় যন্ত্রাংশ মেরামত, মান নিয়ন্ত্রণ বা জটিল প্রক্রিয়া বোঝাতে অগমেন্টেড রিয়েলিটি বর্তমান সময়ে এক অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে।

এভাবে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি মানবজীবনকে ব্যাপকভাবে পরিবর্তিত করছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে সম্পূর্ণ নতুন জগতে নিয়ে গিয়ে অভিজ্ঞতার এক অনন্য মাত্রা যোগ করে। আর অগমেন্টেড রিয়েলিটি বাস্তব পরিবেশকে আরও সমৃদ্ধ ও তথ্যপূর্ণ করে তুলেছে। যদিও প্রযুক্তিগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, তবুও গবেষকরা ক্রমাগত এগুলোকে আরও উন্নত, নিরাপদ ও সহজলভ্য করে তুলছেন। \r\nবিশেষজ্ঞদের মতে, এই দুই প্রযুক্তির সমন্বয়ে এমন সব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যা এক দশক আগেও ছিল কল্পনার বাইরে। ফলে বাস্তব আর ভার্চুয়ালের সীমারেখা আজ প্রায় মুছে যেতে বসেছে। ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটার গতি, কম লেটেন্সি এবং উচ্চ ব্যান্ডউইথ।

আগের ফোর-জি নেটওয়ার্কে এই সুবিধাগুলো না থাকায় ভার্চুয়াল রিয়েলিটি/অগমেন্টেড রিয়েলিটি অনেক ক্ষেত্রে ছিল সীমাবদ্ধ। কিন্তু ফাইভ-জি নেটওয়ার্ক এই সীমাবদ্ধতাকে ভেঙে দিয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতার ক্ষেত্রে যখন হেডসেট ও সার্ভারের মধ্যে কোনো বিলম্ব থাকে না, তখন ব্যবহারকারীর সামনে সম্পূর্ণ মসৃণ এবং বাস্তবসম্মত পরিবেশ তৈরি হয়। অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসের ক্ষেত্রে ফাইভ-জি রিয়েল-টাইম ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে বস্তু শনাক্তকরণ ও ডিজিটাল তথ্য প্রদর্শন আরও দ্রুত করতে পারে। ফাইভ-জি না থাকলে ভার্চুয়াল রিয়েলিটির মোশন সিকনেস, ব্লারিং, ল্যাগ এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যেত। কিন্তু ফাইভ-জি সেই সমস্যা দূর করে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটিকে করেছে অধিক ব্যবহারযোগ্য।

এর সঙ্গে স্মার্ট ইন্টারঅ্যাকশন ও বাস্তবতার বুদ্ধিদীপ্ত রূপে আবির্ভূত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুর্দান্ত পারফরমেন্স। ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি যখন এআই দ্বারা চালিত হয়, তখন সেগুলো শুধু বাস্তবতা দেখায় না, বরং ব্যবহারকারীর আচরণ ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং এআই এর সমন্বয়ে ডেটা বিশ্লেষণ, প্যাটার্ন রিকগনিশন, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবেশকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিবর্তন করার ক্ষমতা রাখে। \r\nভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটিকে এআই এবং ফাইভ-জির সম্মিলিত কতগুলো বাস্তব ভিত্তিক বিপ্লব হল- ১. শিক্ষা ও প্রশিক্ষণে বিপ্লব- ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে এমন সব বাস্তব অভিজ্ঞতা দেওয়া যায়, যা বইয়ে পড়ানো সম্ভব নয়।

যেমন- চিকিৎসা শিক্ষার্থীরা সার্জারির প্র্যাকটিস করতে পারে, ইঞ্জিনিয়াররা জটিল যন্ত্র পরিচালনা শিখতে পারে, ছাত্রছাত্রীরা ঐতিহাসিক স্থানে ভার্চুয়াল ভ্রমণ করতে পারে ইত্যাদি। ২. স্বাস্থ্যসেবায় রিয়েল-টাইম অপারেশন সাপোর্ট- এআই চশমার মাধ্যমে চিকিৎসকরা অপারেশনের সময় রিয়েল-টাইম নির্দেশনা পেতে পারেন। এআই রোগীর অবস্থা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য দেখায় এবং ফাইভ-জি সেই ডেটা মুহূর্তেই পৌঁছে দেয়। এর ফলে দূরবর্তী সার্জারিও সম্ভব হচ্ছে। ৩. শিল্প ও নির্মাণে নির্ভুলতা- অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে শ্রমিকরা যন্ত্রাংশ মেরামত করতে পারে। এআই প্রতিটি ধাপ শিখিয়ে দেয় এবং ফাইভ-জি সেই তথ্যের প্রবাহে কোনো বাধা সৃষ্টি হতে দেয় না। নির্মাণ কাজে ডিজাইনের ভুল মুহূর্তেই ধরা সম্ভব হয়। ৪.

গেমিং ও বিনোদনে নতুন অভিজ্ঞতা- ৫জির আল্ট্রা-লো লেটেন্সির কারণে ভার্চুয়াল রিয়েলিটি গেম এখন আরও বাস্তবসম্মত। এআই গেম চরিত্রগুলোকে আরও বুদ্ধিমান করে তোলে। ৫. যোগাযোগে নতুন মাত্রা- ফাইভ-জি ও এআই এর কারণে ভার্চুয়াল রিয়েলিটি মিটিং এখন অফিস মিটিংকে বাস্তবতার কাছাকাছি নিয়ে গেছে। মানুষ আলাদা দেশে থাকলেও একই জায়গায় উপস্থিত থাকার অনুভূতি পাচ্ছে।\r\nভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি মানুষের জীবনকে সহজ করে তুললেও এগুলোর রয়েছে অনেক সীমাবদ্ধতা। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে মোশন সিকনেস বা মাথা ঘোরা দেখা দিতে পারে, যা দীর্ঘ ব্যবহারে বিরক্তিকর বিপদের কারণ হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এখনো তুলনামূলক দামি, যা অনেক ব্যবহারকারীর নাগালের বাইরে।

অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি ব্যবহারে ডেটা গোপনীয়তা, নিরাপত্তা এবং ব্যবহারকারীর মনোযোগ ভঙ্গের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রাস্তায় চলাচল বা বিপজ্জনক পরিবেশে অগমেন্টেড রিয়েলিটি ব্যবহারে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তবে প্রযুক্তিবিদরা এসব সমস্যা দূর করতে প্রতিনিয়ত উন্নয়ন সাধন করে চলেছেন। ভবিষ্যতে ফাইভ-জি ও এআইয়ের সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি আরও গতিশীল, বাস্তবসম্মত ও সহজলভ্য হবে। মেটাভার্স ধারণার বিকাশে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে মানুষ ঘরে বসেই ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল মার্কেট, এমনকি ভার্চুয়াল ট্যুর উপভোগ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, বিনোদন সব ক্ষেত্রেই এই প্রযুক্তিগুলো এক নতুন মানবসভ্যতার ভিত্তি গড়ে তুলবে। সর্বোপরি বলা যায়, ফাইভ-জি এবং এআই এই দুই প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটিকে শুধু উন্নত করেনি, বরং মানুষের জীবনযাপন, কাজের পদ্ধতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন সবকিছুকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলছে। ফাইভ-জি দিয়েছে দ্রুতগতি ও রিয়েল-টাইম ক্ষমতা, আর এআই দিয়েছে বুদ্ধিমত্তা ও ইন্টারঅ্যাকটিভ ক্ষমতা। ফলে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। যা ভবিষ্যতের পৃথিবীকে আরও ইনফরমেটিভ, ইন্টিগ্রেটেড, কর্মমুখী ও মানবকেন্দ্রিক করে তুলবে।\r\nলেখক : অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়