পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন।
একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে এখন থেকে আর আইনি কোনো বাধা নেই। উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছিল। ত্রয়োদশ সংশোধনীর একমাত্র উদ্দেশ্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করা, যা মাত্র ৯০ দিনের জন্য দায়িত্বে থাকবে। সেই সঙ্গে নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তারও সমাধান হবে।
পরবর্তীতে এই ব্যবস্থা নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হলে ২০১১ সালের ১০ মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। তবে এরপর বিভিন্ন মেয়াদে দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলোও নানাভাবে হয়েছে বিতর্কিত। রায় ঘোষণার পর আইনজীবী ও অন্যান্য মহলের লোকজন সন্তোষ প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে। এখন থেকে মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। দিনের ভোট রাতে হবে না। সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। দেশের মানুষ এখন স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মাধ্যমে নির্বাচনি ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপিল বিভাগের রায়ের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। আদালতের সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইনজীবীরা। অর্থাৎ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় জনমনে স্বস্তির পাশাপাশি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের পর তা স্বকীয়তা, সাহস নিয়ে ফিরবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। দেশের নতুন প্রেক্ষাপটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
