রাজধানী ঢাকা ধীরে ধীরে যেন মশার শহরে রূপ নিচ্ছে। দিন-রাত নির্বিশেষে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল- কোথাও যেন স্বস্তি নেই। সন্ধ্যা নামলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জানালা খুলে রাখা তো দূরের কথা, দরজা খুললেই মশার ঝাঁক ঘরে ঢুকে পড়ে। ফলে নাগরিক জীবনে এক ধরনের অস্বস্তিকর স্থবিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, খাল-ডোবা ভরাট এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাই মশার বিস্তারের প্রধান কারণ। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনের পাশে জমে থাকা পানি, অব্যবহৃত টায়ার, ফুলের টব, ছাদে জমে থাকা বৃষ্টির পানি- সবই মশার প্রজননের আদর্শ ক্ষেত্র।
সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে থাকে দিনের পর দিন, যা এডিস ও কিউলেক্স মশার বংশবিস্তারে সহায়ক পরিবেশ তৈরি করে।\r\nজনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মশার এই প্রকোপ শুধু বিরক্তির কারণ নয়। এটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রাজধানীতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবারেই এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর অভিজ্ঞতা রয়েছে। ফলে মশার উপস্থিতি মানেই আতঙ্ক- এই মনস্তাত্ত্বিক চাপও কম নয়। নগর কর্তৃপক্ষ নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে অভিযোগ বাসিন্দাদের। অনেক এলাকায় দীর্ঘদিন ফগিং দেখা যায় না, আবার কোথাও একদিন স্প্রে করার পর সপ্তাহের পর সপ্তাহ কোনো তৎপরতা নেই।
কেবল ফগিং করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। কারণ এটি প্রাপ্তবয়স্ক মশা ধ্বংসে সাময়িকভাবে কার্যকর হলেও ডিম ও লার্ভা ধ্বংস করতে পারে না। ফলে কিছুদিন পরই মশার সংখ্যা আবার বেড়ে যায়। এ ছাড়া মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু কীটনাশকের প্রতি মশার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তাই একই ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে কাক্সিক্ষত ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে কার্যকর ওষুধ নির্বাচন এবং নিয়মিত মনিটরিং জরুরি।\r\nরাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাও মশা বিস্তারের অন্যতম কারণ। যেখানে-সেখানে ময়লা ফেলে রাখা, ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব মশার প্রজননে সহায়ক পরিবেশ তৈরি করে।
অনেক এলাকায় ড্রেন ঢাকনা ছাড়া পড়ে আছে বা ভাঙা, ফলে বৃষ্টির পানি জমে থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মশার আধিক্য বাড়ায়। তবে শুধু কর্তৃপক্ষকে দায়ী করলে চলবে না- নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। বাসা-বাড়ির ছাদে, বারান্দায় কিংবা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টবের পানি বদলানো, অব্যবহৃত পাত্র উল্টে রাখা- এ ধরনের ছোট ছোট পদক্ষেপ বড় প্রভাব ফেলতে পারে। মশারি ব্যবহার, মশা নিরোধক ক্রিম বা কয়েল ব্যবহারের মতো ব্যক্তিগত সুরক্ষাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নগর কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। নিয়মিত লার্ভা সার্ভে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং কমিউনিটি অংশগ্রহণভিত্তিক সচেতনতা কর্মসূচি চালু করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে সচেতনতামূলক প্রচার বাড়ালে মানুষ নিজেরাই সচেতন হবে।\r\nবিশ্বের বিভিন্ন দেশে সমন্বিত ভেক্টর ম্যানেজমেন্ট (Integrated Vector Management) পদ্ধতি অনুসরণ করে মশা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়া গেছে। আমাদের রাজধানীতেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও গবেষণাভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শুধু মৌসুমি উদ্যোগ নয়, সারা বছর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করতে হবে।\r\nসব মিলিয়ে, রাজধানী ঢাকা এখন এক গভীর চ্যালেঞ্জের মুখে। মশার শহরে রূপ নেওয়ার এই প্রবণতা রোধ করতে হলে অবিলম্বে কার্যকর ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। নচেৎ নাগরিক জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করতে পারে। একটি বাসযোগ্য, সুস্থ ও পরিচ্ছন্ন রাজধানী গড়ে তুলতে হলে মশা নিয়ন্ত্রণকে এখনই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।\r\nলেখক : শিক্ষার্থী, ঢাকা কলেজ
