আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। আপিল বিভাগের চূড়ান্ত রায় অনুসারে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে শুরু করে দেশের পরবর্তী সব জাতীয় সংসদ নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে। এ রায় গোটা জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভবিষ্যতে আর কেউ কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবেন না। আশা করা যায়, এই রায় সেই পথ রুদ্ধ করবে আগামী দিনে। এই রায় বাংলাদেশপন্থি, গণতন্ত্রকামী, শান্তিপ্রিয় সব মতাদর্শের মানুষের বিজয় এনে দিয়েছে।
এই উপসম্পাদকীয়তে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা, কোন রাজনৈতিক সংকটের শিখর থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্ম বিকাশ ও বিস্তার, সাংবিধানিক রূপ ও তার অপব্যবহারজনিত সংকট আলোচিত হওয়ার পাশাপাশি উচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে বাতিল হওয়ার পটভূমি আলোকপাত করা হয়েছে। যে আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক আন্দোলন হলো, তারা কেন এটি নিষিদ্ধ করল? \r\n২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্রজনতার গণবিপ্লবোত্তর নতুন বাংলাদেশে নতুন রূপে তত্তাবধায়ক সরকার ব্যবস্থার পুনরাবির্ভাবের বাস্তবতা বিশ্লেষণ করার প্রয়াস পাব আমরা। তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তার ঐতিহাসিক প্রেক্ষাপট অনুসন্ধানে আমরা অবগত আছি।
১৯৭১-এ দেশ স্বাধীনের পর বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ১৯৭৫ পর্যন্ত চরম চ্যালেঞ্জের মুখে ছিল। ১৯৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহতের পর, সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত সামরিক শাসনের দিকে চলে যায়। প্রথমে ক্ষমতায় আসেন খন্দকার মোশতাক আহমদ, পরে একাধিক সেনা কর্মকর্তা। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সৈনিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান কার্যত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান খন্দকার মোশতাককে অপসারণ করে হাইকোর্টের বিচারপতি এএসএম সায়েমকে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন।
মাত্র দেড় বছরের মাথায়-২১ এপ্রিল ১৯৭৭ সালে তিনি পদত্যাগ করেন। রাষ্ট্রপতি সায়েমের পদত্যাগের দিনই মেজর জিয়া ঐ পদে দায়িত্ব নেন এবং ১৯৭৮ সালের ৩ জুন জনগণের প্রত্যক্ষ ভোটে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের (১৯৭২-৭৫) শাসনামলে, এমনকি ছাত্রসংসদ নির্বাচনেও ব্যালট ডাকাতির ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর ১৯৭৩-এ ঢাকায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনেও বড় ধরনের সহিংসতা ও ব্যালট ছিনতাইের ঘটনা ঘটেছিল, যা জাতীয় নির্বাচনে চরম অনিয়মের একটি স্থানীয় অনুষঙ্গ হিসেবে প্রাসঙ্গিক। এর পরে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যেখানেই ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সেখানেই কমবেশি সহিংসতা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ধরনের স্থানীয় ঘটনাগুলো ১৯৭৩ সালের জাতীয় নির্বাচন সম্পর্কে সম্যক ধারণা দেয়। কারণ একই আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবেশে স্থানীয় ও জাতীয় নির্বাচনে অনিয়ম অভিন্ন মাত্রায় ও সমচারিত্রিক বৈশিষ্ট্যে ঘটেছে। \r\nস্বাধীন বাংলাদেশে ৭ মার্চ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল স্বাধীন রাষ্ট্রের প্রথম সাংবিধানিক পদক্ষেপ। মোট ৩০০ আসনে আওয়ামী লীগ ২৯৩ আসনে বিজয়ী হয়। এ নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট আদায় হয়। গোটা দেশে নির্বাচনের সময় ও পরে নানা অনিয়মের অভিযোগ ওঠে- ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশে বাধা: বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্রগুলোতে প্রবেশের ক্ষেত্রে নানা বাধা, হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটে।
সে সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যালট ডাকাতি র অভিযোগ ওঠে। ভোট গণনার আগেই ব্যালটবাক্স বাতিল/গায়েব বা ঝুঁকির সম্মুখীন হয়েছিল বলে অভিযোগ ওঠে তৎকালীন জাতীয়-আন্তর্জাতিক দৈনিকগুলোতে। নির্বাচন পরিচালনার প্রশাসনিক দুর্বলতা, অসামঞ্জস্য নিরাপত্তা ব্যবস্থা এবং আওয়ামী লীগের প্রভাবশালীদের রাজনৈতিক সহিংসতা বিদ্যমান ছিলো। তৎকালীন কুমিল্লা-১০ (দাউদকান্দি) আসনে ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন বেশকিছু কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই, বাক্স দখল, জোরপূর্বক নৌকা মার্কায় সিল মারেন। অভিযোগ রয়েছে, সে সময় রক্ষীবাহীনীও এই অপকর্মে সম্পৃক্ত ছিলো। আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মুশতাক আহমদকে জেতানোর জন্যই ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলের ঘটনায় নেতৃত্ব দেয় দলটি।
নির্বাচনে তাঁকে জয়ী ঘোষণা করা হয়।\r\nএই অভিযোগটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বহুল কলঙ্কিত ঘটনা। যদিও সরকারি নথিতে ব্যালট ডাকাতি শব্দটির কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে নির্বাচনী সহিংসতার ধরন ১৯৭৩ থেকে ধারাবাহিকভাবে প্রমাণিত- প্রাক-ভোট ধাপ থেকে শুরু করে ভোটের দিন ও পরবর্তী সহিংসতার ধরন অদ্যাবধি একই রকম। তৎকালীন শেখ মুজিব সরকারের ভাষ্যে ১৯৭৩ সালের অনিয়মকে অল্পমাত্রার বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনেই একদলীয় প্রভাব, ব্যালট ছিনতাই এবং নির্বাচনী অনিয়মের ঐতিহাসিক যাত্রার সূত্রপাত। একে বাংলাদেশে নির্বাচনী ব্যালট ডাকাতির প্রথম বড় অভিযোগ হিসেবে ধরা হয়।
যার কমবেশি প্রভাব ২০২৪-এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চলমান ছিল।\r\nস্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার কেন্দ্রীকরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নতুন দেশের আঁতুড় ঘরেই। ১৯৭৫-এর পরে সামরিক শাসন নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দেয়। ১৯৮৬, ১৯৮৮-এর নির্বাচন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ হয়নি। তারপর ১৯৯১-৯৬ সময়কার নির্বাচন সংকট জনগণকে ক্রমশ হতাশ করে তোলে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা হারানোর তিনটি কারণ ছিল। এক. প্রশাসনিক যন্ত্রের ওপর শাসকদলের নিয়ন্ত্রণ। দুই. ভোট কেন্দ্র দখল, জাল ভোট, সরকারি সুবিধার অপব্যবহার। তিন. বিরোধী দলগুলোর নির্বাচনে আস্থাহীনতা।\r\nতাই দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই জনগণ ও বিরোধী দলের কাছে কখনই গ্রহণযোগ্য ছিল না।
স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এক অনন্য ও বহুল আলোচিত অধ্যায়। রাজনৈতিক বুর্জোয়া পরিবারতন্ত্রের ডামাডোলে গণতান্ত্রিক স্রোতধারা যখন বারবার বাধাগ্রস্ত হয়, ঠিক তখনই জন্ম নেয় ফ্যাসিবাদের অঙ্কুরিত বীজ। তৃণমূল থেকে জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতকরণ, দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাসের কঠিন বাস্তবতায় ১৯৮৩ সালের ২০ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি উত্থাপন করেন জেনারেল এরশাদ সরকারের কাছে। তার আগে এই ধারণা উদ্ভাবন করে দলের মজলিশে শুরায় আলোচনা করেন জামায়াতের তৎকালীন নাগরিকত্বহীন আমির অধ্যাপক গোলাম আযম।
মূলত তিনিই কেয়ারটেকার সরকারের রূপকার। পরবর্তীতে এই দাবিই পরিণত হয় গণদাবিতে। তত্ববধায়ক ব্যবস্থা বাংলাদেশে চালু হওয়ার পূর্বে বিশ্বের অন্য কোনো দেশে এমন ব্যবস্থা ছিল না। রাজনৈতিক এ ব্যবস্থা একসময়ে বাংলাদেশের গণতন্ত্রের ব্র্যান্ড আইডেন্টিটি তে পরিণত হয়েছিল। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উচ্চ আদালতে রিট করেন। তিনি জানান, আমার সঙ্গে এ মামলার যারা রিটকারী তারাও ১৯৯৫-৯৬ সালে বলেছিলেন যে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়।
কিন্তু শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে ফ্যাসিস্ট হয়েছে, তখন তারা এর গুরুত্ব উপলব্ধি করেছেন।\r\nবাংলাদেশে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের যাত্রাপথের ইতিহাস অস্থিরতায় পূর্ণ ও বর্ণিল। স্বাধীনতার পর গত ৫৪ বছরে অনেক বেদনা-বিধুর ঘটনার মুখোমুখি হয়েছে এ দেশের মানুষ। ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, একই বছর ৩ নভেম্বর জেলখানায় চার নেতার হত্যাকাণ্ড, ৭ নভেম্বর সিপাহি জনতার গণবিপ্লব, খন্দকার মোশতাকের ক্ষমতা গ্রহন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন ও তাঁর শাসনকাল এবং ১৯৮১ সালে ৩১ মে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মম হত্যাকাণ্ড উত্তর রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে জেনারেল এরশাদের রাষ্ট্র ক্ষমতা দখল ও ৯ বছরের শাসনকাল।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনে এরশাদের পতন ঘটে। সব রাজনৈতিক দলের সর্বসম্মতিক্রমে আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে প্রধান উপদেস্টা বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন তুলনামূলকভাবে অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে বিশ্ব দরবারে বিবেচিত ছিল। এটি ছিল এরশাদ-পতনের পর প্রথম জাতীয় নির্বাচন। এর মাধ্যমে দেশে সামরিক শাসনের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন পুনরায় ফিরে আসে। মোট ৩০০ আসনে বিএনপি ১৪০, আওয়ামী লীগ ৮৮, জাতীয় পার্টি ৩৫, জামায়াতে ইসলামী ১৮ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী দল, স্বতন্ত্র প্রার্থী মিলে ১৯টি আসন পায়।
জামায়াতের নিঃস্বার্থ সমর্থন নিয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এ নির্বাচনে প্রাপ্ত ভোটের হার ছিল ৫৫ দশমিক ৪৫ শতাংশ। ভোটার উপস্থিতি পূর্বের সামরিক শাসন-পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মাঝারি মাত্রার ছিল। এ নির্বাচনের মাধ্যম দেশে সংসদীয় গণতন্ত্র পুনর্বহাল হয় এবং একই বছর গণভোটে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন করে। \r\n১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর জনগণের ভোটাধিকার সুরক্ষা পায় বলে আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কাদা ছোড়াছোড়ি ও অবিশ্বাস এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থাহীনতার ফলে একটি নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার ব্যবস্থার চাহিদা তীব্র হয়ে ওঠে।
সেই চাপের ফলেই জন্ম নেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা বাংলাদেশের নির্বাচন পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে।\r\n৯০-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসানের পর গণতান্ত্রিক প্রক্রিয়া বেশ স্বাভাবিকভাবেই চলছিল, হঠাৎ বিধি বাম। ২০ মার্চ ১৯৯৪ সালে অনুষ্ঠিত মাগুরা-২ (শালিখা-শ্রীপুর) উপনির্বাচনে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি ইউটার্ন নেয়, যা রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করে এ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই করে জাল ভোট প্রদান করা হয়, বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া, অনেক কেন্দ্রে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করা হয়। এছাড়া সহিংসতা ও ভীতি প্রদর্শন তো ছিল স্বাভাবিক।
উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আসাদুজ্জামানকে পরাজিত করে বিএনপির মোজাম্মেল হোসেন জয়ী হন। কিন্তু ফল বিরোধী দলসহ নাগরিক সমাজ তা প্রত্যাখ্যান করে। বিরোধীরা দাবি করে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে নেয়। এটি ছিল এক ব্যাপক বিতর্কিত নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যে কারচুপি- সহিংসতার অভিযোগ ওঠে, তা পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন আরো জোরদার করে। ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টিসহ সব বিরোধী দল একজোট হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে। তারা একযোগে জাতীয় সংসদ বর্জন, লাগাতার হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন করে। যার ফলে দেশব্যাপী সহিংসতা।
১৯৯৫-এর শেষ থেকে ১৯৯৬ সালের শুরু পর্যন্ত প্রায় অর্ধ বছর দেশ অচল হয়ে পড়ে। বিরোধী দলগুলো তিনটি দাবি তোলে- এক. জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। দুই. নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। তিন. দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংবিধান রক্ষার কথা বলে বিএনপি ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করে, যা বিরোধী দলের বর্জনের মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়। বিরোধী দলগুলোর তীব্র প্রতিবাদ দেশে ব্যাপক সহিংসতায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়। এ নির্বাচনের মাধ্যমেই জন্ম নেয় ষষ্ঠ জাতীয় সংসদ, যা টিকে থাকা মাত্র ১২ দিন। কিন্তু সে সংসদই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২১ মার্চ সংশোধনী বিল পেশ, ২৬ মার্চ ১৩তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক জন্ম হয় এবং ৩০ মার্চ সংসদ বিলুপ্ত হয়। দীর্ঘ আন্দোলনের ফলে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয় এবং পরবর্তীতে এটি সংবিধানে সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। ১৩তম সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সংবিধানের অনুচ্ছেদ ৫৮বি-৫৮ এর মধ্যে স্থাপন করে। প্রধান উপদেষ্টা যিনি, প্রধানমন্ত্রীর সম মর্যাদা প্রাপ্ত হবেন এবং তার নেতৃত্বে ১০ জন উপদেষ্টা হবেন, যারা সবার কাছে নিরপেক্ষ, অরাজনৈতিক এবং সমাজে গ্রহণযোগ্য। তারা পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করবেন।
প্রশাসনকে নিরপেক্ষ রেখে তাদের নেতৃত্বে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।\r\n১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচন ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়। ১৯৯৬ সালে বিচারপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ম জাতীয় সসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট বিপুল বিজয়ে ক্ষমতায় আসে। এ নির্বাচনকে দেশীয়- আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের অন্যতম সফল নির্বাচন হিসেবে মূল্যায়ন করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এ কাঠামো দ্রুতই জনগণের আস্থা অর্জনে সফল হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না, যা বিগত দিনের ঘটনা প্রবাহ দ্বারা প্রমাণিত। একমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থাই জনগণের আস্থা অর্জন করেছে। \r\n২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এক সংক্ষিপ্ত আদেশে বলেছিল, জাতীয় সংসদ চাইলে আরও দুটি নির্বাচন (দশম ও এগারতম) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। ওই সংক্ষিপ্ত আদেশের ১৬ মাস পরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়, তখন এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন। তিনি যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন তাতে পরবর্তী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার বিষয়টি ছিল না।
এমনকি সরকারের মেয়াদ শেষ হলেও সংসদ বহাল থাকার কথাও যুক্ত হয় পূর্ণাঙ্গ রায়ে। সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের এই বিশাল অসংগতি নিয়ে তখনই জোরালো বিতর্ক উঠেছিল। আওয়ামী লীগ সরকার দেশের উচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এর পর দেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে, যার কোনটিই গ্রহণযোগ্য ছিল না। ২০১৮ সালে ব্যাপক অভিযোগ ওঠে, আগের রাতে ভোট সংস্কৃতি চালু হয়। ২০২৪-এ একতরফা নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে আগামী দিনে বাংলাদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর কোনো বিকল্প নেই। আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর টেকসই রূপ দেওয়া গেলে আগামী দিনে- এক.
ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন হবে। দুই. ভোটের প্রতি জনআস্থা বৃদ্ধি পাবে। তিন. প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকবে। চার. নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধি পাবে। পাঁচ. নির্বাচনী সহিংসতা কমে আসবে। ছয়. বহুদলীয় প্রতিযোগিতা সুনিশ্চিত হবে।\r\nবাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার এক অনন্য ঘটনা। এটি জন্ম নিয়েছিল রাজনৈতিক অবিশ্বাস থেকে; জনগণের আস্থা অর্জন করেছিল নিরপেক্ষ নির্বাচন দিয়ে; বিতর্কে পতিত হয়েছিল ক্ষমতার অপব্যবহারের জন্য; এবং বাতিল হয়েছিল রাজনৈতিক ও নগ্ন ফ্যাসিবাদী সিদ্ধান্তে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ তাই এখনো চলমান একটি সংগ্রাম, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ধারণাটি আজও রাজনৈতিক সংস্কারের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আগামী দিনেও তা থাকবে আশা করা যায়। আপিল বিভাগের যুগান্তকারী এ রায়ের মাধ্যমে দেশের জনগণের বহু প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।\r\nলেখক : সাংবাদিক
