ইংরেজি ভাষা আজ শুধু একটি বিষয় নয়; বিশ্বপরিমণ্ডলে প্রবেশের ভিসা। বিশ্ববিদ্যালয়ের দরজা খুলতে, আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কিংবা প্রযুক্তিনির্ভর সমাজে সফলভাবে অভিযোজিত হতে এই ভাষা অপরিহার্য। অথচ বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী এখানেই সবচেয়ে দুর্বল।

বাংলাদেশে ইংরেজি ভাষায় ব্যাপক দুর্বলতার পেছনে শিক্ষার্থীদের অমনোযোগ বা শিক্ষকদের অদক্ষতাই একমাত্র কারণ নয়। এর মূলে রয়েছে কয়েকটি ঐতিহাসিক ও নীতিগত ভুল সিদ্ধান্ত, যা পুরো একটি প্রজন্মকে ইংরেজি শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বিশেষ করে এরশাদের শাসনকালে ডিগ্রি (পাস) কোর্স থেকে ইংরেজিকে বাধ্যতামূলক বিষয়ের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলেছে।

এরশাদ ক্ষমতায় আসার আগে ডিগ্রি (পাস) কোর্সে ১০০ নম্বরের ইংরেজি এবং ১০০ নম্বরের বাংলা– উভয়ই বাধ্যতামূলক বিষয় ছিল। শিক্ষার্থীরা চাইলে অতিরিক্ত ৩০০ নম্বরের ইংরেজি ঐচ্ছিক হিসেবে নিতে পারতেন। এ ব্যবস্থায় ইংরেজি শিক্ষার একটি ন্যূনতম মান নিশ্চিত ছিল। কিন্তু ক্ষমতা দখল করার পর এরশাদ ছাত্রসমাজের কাছে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে ডিগ্রি পর্যায় থেকে ১০০ নম্বরের বাধ্যতামূলক ইংরেজি পুরোপুরি তুলে দেন। এর ফলে আশি ও নব্বই দশকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ইংরেজি ছাড়াই ডিগ্রি পাস করেন, যাদের অনেকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। তখন ভালো স্কুলগুলো প্রথমে ‘ডিগ্রি পরীক্ষায় ৩০০ নম্বরের ইংরেজি থাকতে হবে’ শর্ত রাখত। কিন্তু উপযুক্ত প্রার্থী না পেয়ে নিয়ম শিথিল করে ইংরেজি ছাড়া ডিগ্রিধারীদের নিয়োগ শুরু হয়।

এ শিক্ষকরা পরে প্রতিষ্ঠানপ্রধানকে ‘ম্যানেজ’ করে ইংরেজি ক্লাসের দায়িত্ব পেতে থাকেন। উদ্দেশ্য প্রাইভেট টিউশনের মাধ্যমে বাড়তি উপার্জন। এভাবে গড়ে ওঠে একটি দুষ্টচক্র। অদক্ষ শিক্ষক তৈরি করেন দুর্বল শিক্ষার্থী, আর দুর্বল শিক্ষার্থী আবার অদক্ষ শিক্ষক হয়ে ফিরে আসে। দীর্ঘদিন ধরে এই চক্র চলায় একের পর এক প্রজন্ম ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়েছে। এই নীতিগত ব্যর্থতার ফল বহুমাত্রিক। সাম্প্রতিক ইএফ ইংলিশ প্রফিসিয়েন্সি ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশ ১২৩টি দেশের মধ্যে ৬২তম স্থানে রয়েছে (স্কোর ৫০৬, মডারেট প্রফিসিয়েন্সি), যেখানে প্রতিবেশী নেপাল ৫৮তম এবং ভিয়েতনাম ৬৪তম। একটি ভুল সিদ্ধান্ত কীভাবে পুরো প্রজন্মকে পিছিয়ে দিতে পারে, এটি তার জ্বলন্ত উদাহরণ। বর্তমানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ চালু হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অতীতের ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে।

সংকট নিরসনে পাঠ্যসূচিতে কমিউনিকেটিভ ইংরেজি চালু করা হয়েছে। ভাষা শিক্ষার মূলনীতি অনুসারে শ্রবণ (লিসেনিং), বলা (স্পিকিং), পঠন (রিডিং) ও লিখন (রাইটিং)– এই চার দক্ষতার সমান গুরুত্ব থাকার কথা। বাস্তবে শুধু পঠন ও লিখনের ওপর জোর দেওয়া হচ্ছে। শ্রবণ ও বলার জন্য কোনো কার্যকর মূল্যায়ন নেই। এটা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বিকাশে বড় বাধা।

সংকট কাটানো শুধু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নৈতিক দায়ও। শ্রেণিকক্ষকে জীবন্ত না করা, শিক্ষকদের দক্ষ না করা এবং মূল্যায়নকে বাস্তবমুখী না করা হলে আগামী প্রজন্মও ভাষাগত অক্ষমতার বোঝা বয়ে বেড়াবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আজই সুপরিকল্পিত সংস্কার শুরু করা যায়, তবে এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর। ইংরেজিতে দক্ষ প্রজন্ম গড়ে তোলা মানে শুধু ভাষা শেখানো নয়; এটি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন করে স্থাপন করার সমান। একুশ শতকে ইংরেজিতে দক্ষতা কেবল ব্যক্তিগত উন্নতির নয়, বরং জাতীয় অগ্রগতিরও পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি পর্যায়ে অন্তত এক বছরের বাধ্যতামূলক ‘কোর ইংলিশ’ ফাউন্ডেশন কোর্স পুনঃপ্রবর্তন জরুরি। শিক্ষানীতিতে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিশ্চিত করা আশু কর্তব্য।

মো. মাহবুবুর রহমান: সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর mmrrajbari71@gmail.com