জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা নিয়ে বেশ কয়েক মাস ধরে নানা ধরনের প্রেডিকশন চলছিল। সফরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। পত্রপত্রিকায় এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ বলেছেন, চীন দিয়ে, কেউ বলেছেন, ভারত দিয়ে হতে পারে। তবে বৃহৎ প্রতিবেশী ভারত দিয়ে যে সফর হবে না, তা অনেকটাই নিশ্চিত ছিল। কারণ, গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারত হাসিনার পতনকে মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিরূপ সিদ্ধান্ত ও আচরণ শুরু করে। বাণিজ্য বন্ধসহ সীমান্ত হত্যা বৃদ্ধি করে। এতে দেশের মানুষের মধ্যে বিরাজমান ভারতবিরোধী মনোভাব আরও চাঙা হয়ে উঠে।

নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পেছনে জনগণের এই ভারতবিরোধী মনোভাব বিপুল ভূমিকা রাখে। এর কারণ হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভারতের আগ্রাসনবিরোধী নীতি। তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন। তাদের এই নীতি বিএনপি ধারণ করে এবং এর ধারাবাহিকতা বজায় রাখবে, এই বিশ্বাসেই মানুষ দলটিকে বিপুল ভোটে বিজয়ী করে। সঙ্গতকারণেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারত দিয়ে হবে না, এটা অনুমেয় ছিল। তবে ভূরাজনৈতিক পরিবর্তন ও প্রেক্ষাপটে বিএনপি সরকারকে এমন একটি কূটনৈতিক প্রক্রিয়া অবলম্বন করতে হয়েছে, যাতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে’। কৌশলী এই কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতকে বাদ দিয়ে মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শুরু হয় মালয়েশিয়া ভায়া চীনে। এতে ভারত বা অন্য কোনো পরাশক্তির বলার কিছু ছিল না। ভারত ভেতরে ভেতরে জ্বলেপুড়ে মরলেও কূটনৈতিক চালের কাছে পরাস্ত হয়ে ভালোমন্দ কিছুই বলতে পারেনি। বিএনপি সরকার ভারতকে এটাই বুঝিয়ে দিয়েছে, যে প্রতিবেশী নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তার চেয়ে যে দেশের সাথে আমার স্বার্থ বেশি, সে দেশই সবার আগে অগ্রাধিকার পাবে। সরকারের এই ম্যাচিউরড কূটনীতি সর্বত্রই প্রশংসিত হয়েছে।

দুই. প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর থেকে বাংলাদেশ কী অর্জন করল? এ প্রশ্নের জবাব খোঁজার আগে মালয়েশিয়া ও চীনে তার রিসেপশন কেমন হলো, তা বলা দরকার। কারণ, কারো বাড়িতে গেলে, সে বাড়ির কর্তার আচরণ ও সমাদর থেকে বোঝা যায়, তিনি তাকে কীভাবে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীকে চীন কীভাবে গ্রহণ করেছে তা পর্যবেক্ষণ করলে বোঝা যায়, চীন তাকে রাজসিক অভ্যর্থনা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। পত্রপত্রিকা ও টেলিভিশনগুলোও অত্যন্ত গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে। রেড কার্পেট অভ্যর্থনা থেকে শুরু করে গার্ড অফ অনার দেয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিনং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকসহ চীনের বড় বড় বিনিয়োগকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠক হয়েছে। এছাড়া তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, যা দাভোস নামে পরিচিত, তার বার্ষিক সভায় ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ সেশনে বক্তব্য দিয়েছেন। সংক্ষেপে বলতে গেলে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা দিয়েছে। চীন সফরের আগে মালয়েশিয়ায় দুই দিনের সফরটিও স্মরণীয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার আন্তরিক কথাবার্তার মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে যেভাবে পোস্ট করেছেন, তা মুগ্ধ হওয়ার মতো।

বলা হয়ে থাকে, ‘এ পিকচার ইজ ওর্থ এ থাউজেন্ড ওয়ার্ডস’ অর্থাৎ হাজার কথায় যা বোঝানো যায় না, একটি ছবি তা এক পলকেই বুঝিয়ে দেয়। আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের ছবি দেখে তা বোঝা গেছে। প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে তার গ্রহণযোগ্যতা যে প্রশ্নাতীত ছিল এবং তিনি ভালোভাবে আপ্যায়িত হয়েছেন, তা বলা যায়। অন্যদিকে, স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালে ৮ থেকে ১০ জুলাই তিনদিনের সফরে চীন গিয়েছিলেন। সেই সফর ‘অত্যন্ত বাজে’ ছিল বলে কূটনৈতিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছিলেন। চীনের কাছ থেকে তিনি তেমন কোনো সমাদর পাননি। ফলে তিনি নাকি অনেকটা রাগ করেই সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন ও মালয়েশিয়া অত্যন্ত আন্তরিকতার সাথে বরণ করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে মূল্যায়ণ করতে গিয়ে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ট্রিপ বাই অ্যানি হেড অফ দ্য স্ট্যাট ইন রিসেন্ট টাইমস’। আমরা দেখেছি, এর আগে শেখ হাসিনা চীন গিয়েছিলেন। সে সফরটা ছিল অত্যন্ত বাজে। সেই সফরে যেটা আমাদের দরকার ছিল, চায়না সেটা ফুলফিল করে নাই। কারণ, চায়নার নিজের কৌশলগত স্বার্থের সাথে তা মিলে নাই। এখন আমরা যেটা দেখেছি যে, চীন ভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি নিয়েছে। এটা শুধু বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক নয়, বরং বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। কাজেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনেক সফল।

তিন. এবার আসা যাক চীন সফর থেকে বাংলাদেশ কী পেল? এ প্রশ্নের জবাবে বলা যায়, চীনের সাথে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হলেও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। বলা বাহুল্য, এমওইউ কোনো চুক্তি নয়। এমন এমওইউ শত শত স্বাক্ষরিত হলেও কোনো লাভ নেই। এগুলো বাস্তাবায়নে কোনো কমিটমেন্ট থাকে না। এমওইউর মাধ্যমে সমঝোতা হওয়া, আর চুক্তির মাধ্যমে তার কাজ শুরু ও বাস্তবায়ন করা এক কথা নয়। চীনের সাথে এমন কোনো চুক্তি হয়নি। বিনিয়োগ ও আর্থিক সহযোগিতার বড় কোনো সংখ্যার ঘোষণা পাওয়া যায়নি। অথচ এই মুহুর্তে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর দশা কাটাতে এ ধরনের সহযোগিতা খুব দরকার ছিল। তবে বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দিয়েছেন। তবে অস্বীকার করার উপায় নেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীনের সাথে বন্ধুত্বকে দৃঢ় করার একটি মাইলফলক স্থাপিত হয়েছে। ‘মর্নিং সোজ দ্য ডে’ বলে যে কথাটি রয়েছে, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সেই সকালের শুরু হয়েছে। একটা ‘গুড ইম্প্রেশন’ সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে, চীন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘনিষ্ট মিত্র হলেও ২০০১-২০০৬ মেয়াদে তার শাসনামলে ২০০৪ সালে ঢাকায় তাইওয়ানের বাণিজ্য কার্যালয় (তাইপে ইকোনোমিক অ্যান্ড কালচারাল অফিস) খোলার অনুমোদন দেয়ার বিষয়টি চীন ভালোভাবে নেয়নি।

এই অফিস চালু করাকে চীন তাদের সার্বভৌমত্বের জন্য স্পর্শকাতর হিসেবে বিবেচনা করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। ফলে বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটে এবং বিগত দেড় যুগে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি কোনো সুযোগ পায়নি। বিএনপি এখন ক্ষমতায় আসায় সেই সুযোগ পেয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে চীনের সেই অসন্তোষ প্রশমিত হয়েছে বলে ধরে নেয়া যায়। এর মূলে রয়েছে, প্রধানমন্ত্রীর ‘এক চীন নীতির প্রতি নিঃশর্ত সমর্থন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের অনড় সমর্থন রয়েছে। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশ যেকোনো ধরনের তাইওয়ানিজ স্বাধীনতার বিরোধিতা করে।

একই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের কার্যকারিতাকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং মানবজাতির যৌথ ভাগ্যের অংশীদারিত্বের ধারণাকে বিশ্বশান্তির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক পরিমন্ডলে চীনের সাথে আমরা একযোগে কাজ করব। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে বিএনপির যে অসন্তোষের সম্পর্ক ছিল, তা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তা দূরীভূত হয়েছে এবং নতুনভাবে সুসম্পর্কের সূচনা হয়েছে। এখন সরকারকে এই সুসম্পর্ক ধরে রেখে চীনের কাছ থেকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ স্বার্থ অর্জন করতে হবে।

দুই দেশের যৌথ ঘোষণাপত্রেও বলা হয়েছে, দুই দেশ তাদের ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও এগিয়ে নিয়ে ‘নতুন যুগের চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যত গড়ে তুলবে, যাতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়। তবে এই সফরে সবচেয়ে বড় যে অর্জন তা হচ্ছে, ভারতের গালে চপেটাঘাত করা। কারণ, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে সম্পর্কের চরম অবনতির মধ্যে বিএনপির সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের বেশ তৎপরতা ছিল। তার অন্যতম নজির হচ্ছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সাথে সাথে তারেক রহমানকে সান্ত্বনা দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ত্বরিৎ দিল্লি থেকে ঢাকায় ছুটে এসেছিলেন। এমনকি ভারতের সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়। সঙ্গতকারণেই ভারত আশা করেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান আগে ভারত সফর করবেন। তার সে আশায় গুড়ে বালি দিয়ে তিনি প্রথম সফর শুরু করেন মালয়েশিয়া ও চীন দিয়ে। এটা নিশ্চিতভাবে ভারতকে পাত্তা না দেয়া। এর মধ্য দিয়ে ভারতকে এই বার্তাই দেয়া হয়েছে, বাংলাদেশে তার দাদাগিরির দিন শেষ। সেটা ভারত ভালই বুঝতে পেরেছে। বুঝতে পেরেই যেদিন তারেক রহমান শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসেছেন, সেদিনই বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলন করে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ২৮ জুন থেকে চালু করার ঘোষণা দেন। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কূটনীতির বিজয় হয়েছে।

চার. গত ২৭ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ¯িপকার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। সফরে দেশের নিরাপত্তা প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধীদল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাতীয় সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এই সফরের মাধ্যমে যদি কোন অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। তিনি বলেন, আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি ¯ে¬াগান ব্যবহার করি, সেটি হচ্ছে, বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। এই নীতিতেই আমরা সরকার পরিচালনা করছি। বলার অপেক্ষা রাখে না, যেখানে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সর্বসম্মতিতে ধন্যবাদ দেয়া হয়, সেই সফর যে সফল হয়েছে, তা সন্দেহাতীতভাবে বলা যায়।

darpan.journalist@gmail.com