মস্তিষ্ক, মেরুরজ্জু (স্পাইনাল কর্ড) এবং অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গাঠনিক মৌলিক উপাদান স্নায়ুকোষ বা নিউরন যেগুলো জালের ন্যায় বিস্তৃত হয়ে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশে বৈদ্যুতিক ও রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বার্তাবাহক হিসেবে কাজ করে। \r\nপ্রায় ১০০ বিলিয়ন নিউরন বিভিন্ন কোষকলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে শরীরকে সচল করে রেখেছে। নিউরন এর সাহায্যে মানুষ তার পারিপার্শ্বিকতা থেকে চোখ, কান, জিহ্বা, নাক বা ত্বকের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে প্রেরণ করে।

মস্তিষ্ক বিভিন্ন সংকেতকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে বিভিন্ন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং প্রাপ্ত সংকেতসমূহের সমন্বয় সাধনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের ধরন নির্ধারণ করে সে সংক্রান্ত নির্দেশ সংকেতের আকারে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। কোনো কোনো সংকেতের তথ্য ও প্রতিক্রিয়া মস্তিষ্কের মধ্যেই থেকে যায় আবার কোনোটির বিপরীতে শরীরের বিভিন্ন অঙ্গের স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে শরীরের স্বাভাবিক ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কর্মকাণ্ডগুলো সম্পাদন করে যেমন; শ্বাস-প্র্রশ্বাস, হৃদ-স্পন্দন, হাঁটা-চলা, কথাবলা, খাওয়া-দাওয়া ইত্যাদি। চিন্তা-চেতনা, অনুভূতি, নতুন কিছু শেখা, স্মরণশক্তি, ঘুম, ইত্যাদি জটিল কর্মকাণ্ডও এভাবেই পরিচালিত হয়।

উৎপত্তি স্থল, কোন অঙ্গে পরিবাহিত হচ্ছে এবং কি ধরনের নিউরো ট্রান্সমিটার নিঃসৃত হচ্ছে এগুলোর ভিত্তিতে নিউরনগুলোকে প্রধানত ঃ তিনটি ধরনে বিভক্ত করা হয়।\r\nসংবেদনশীল (সেন্সরি) নিউরন : এই নিউরনগুলোর সাহায্যে স্নায়ুতন্ত্র তথ্য সংগ্রহ করে সংকেতরূপে মস্তিষ্কে প্রেরণ করে। ভৌত ও রাসায়নিক উভয় ধরনের প্রতিক্রিয়া সেন্সরি নিউরনগুলোকে সক্রিয় করে তুলতে পারে। শব্দ, তাপ, আলো, ইত্যাদি ভৌত প্রতিক্রিয়া আর স্বাদ, গন্ধ ইত্যাদি রাসায়নিক প্রতিক্রিয়া।

\r\nমোটর নিউরন : প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া গ্রহণের জন্য মস্তিষ্ক মেরুরুজ্জুর সাহায্যে তথ্যগুলো মোটর নিউরন -এর নিকট বৈদ্যুতিক সংকেত হিসেবে প্রেরণ করে এবং প্রতিক্রিয়া সংক্রান্ত সংকেত সমস্ত শরীরের অস্থি, মাংসপেশি এবং গ্রন্থি পর্যন্ত পৌঁছে দিয়ে সেগুলোকে বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশে সক্ষম করে তোলে। \r\nইন্টার নিউরন : ইন্টারনিউরন হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে সাধারণ নিউরন যেগুলো সংবেদনশীল এবং মোটর নিউরনের সঙ্গে সংযুক্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া তৈরিতে সাহায্য করে। তথ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন প্রতিক্রিয়াসমূহের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে জটিল আচরণসমূহ বিশ্লেষণেও এই নিউরনগুলো সহায়তা করে। \r\nবিভিন্ন ধরনের নিউরনের আকার-আকৃতি এবং বৈদ্যুতিক ধর্ম বিভিন্ন হয়ে থাকে।

একটি নিউরনের গঠানাকৃতি অনেকটা বৃক্ষের মতো। নিউরনের প্রধান তিনটি অংশ; ডেনড্রাইটস্, দেহ কোষ (সমা) এবং এক্সনকে গাছের শাখা-প্রশাখা, কাণ্ড এবং মূল বা শেকড়ের সঙ্গে তুলনা করা যায়। \r\nনিউরনের শক্তি সরবরাহের উৎস সমা যেখানে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ যার মাধ্যমে নিউরন আমিষসহ প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের অণু বিশ্লেষিত করে নিজস্ব গঠন ধরে রাখাসহ অন্যান্য সব ধরনের বিপাকীয় কার্যক্রম পরিচালনা করে। তথ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় নিউরো ট্রান্সমিটারগুলোও এই অংশে বিশ্লেষিত হয়। \r\nডেনড্রাইটস তথ্য সংগ্রাহক রূপে কাজ করে।

এগুলো স্পাইনস্ নামক গাছের পাতাসদৃশ কিছু কাঠামোর সাহায্যে বিভিন্ন দিকে শাখা-প্রশাখা বিস্তার করে অন্যান্য কোষকলা থেকে সুচারুরূপে তথ্য সংগ্রহ করে সমা র নিকট প্রেরণ করে যেখানে সংগৃহীত সংকেতগুলোর সমন্বয় সাধনের পর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। \r\nবৃক্ষমূলের সদৃশ নিউরনের বাইরের দিকের আবরণ এক্সন তথ্য প্রেরকের কাজটি করে থাকে। লম্বা লেজের ন্যায় এক্সনগুলো কোষকলা থেকে সংকেত সংগ্রহ করে পার্শ¦বর্তী নিউরনের ডেনড্রাইটস্রে দিকে প্রেরণ করে।

প্রায় ৩ ফুট দীর্ঘ নিউরনগুলোর ভেতরে সংকেতগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে পরিবাহিত হয়।\r\nডেনড্রাইটস থেকে সমা অংশে আগত সংকেতসমূহের তীব্রতার মাত্রা যদি প্রান্তিক সীমার (থ্রেশোল্ড) ওপরে থাকে তখন সমা অ্যাকশন পটেনশিয়াল (স্পাাইক) নামক একটি দ্রুতগামী, ক্ষণস্থায়ী বার্তা বৈদ্যুতিক সংকেত রূপে প্রেরণ করে যা এক্সনকে অতিক্রম করে প্রেরক ও প্রাপক নিউরনের সংযোগস্থল সিন্যাপসিস -এ এসে পৌঁছে। সিন্যাপসিস -এর প্রধান কাজ হলো নিউরন থেকে নিউরনে বৈদ্যুতিক বা রাসায়নিক সংকেত প্রেরণ করা। বৈদ্যুতিক সংকেতটি সিন্যাপসিস অতিক্রম করার সময় পূর্ববর্তী নিউরনটিকে নিউরো ট্রান্সমিটার উৎপন্ন করতে উদ্বুদ্ধ করে তোলে।

নিউরো ট্রান্সমিটার হচ্ছে কতকগুলো ক্ষুদ্র অণু যার মাধ্যমে বৈদ্যুতিক সংকেতগুলো রাসায়নিক সংকেতে রূপান্তরিত হয়ে সংযোগস্থলটি অতিক্রম করে পার্শ¦স্থ নিউরনে প্রবেশ করে প্রাপক নিউরনটিকেও উত্তেজিত করে তুলে এটিকে নিজস্ব বৈদ্যুতিক সংকেতে পাঠাতে উদ্বুদ্ধ করে তোলে। এক বা একাধিক নিউরো ট্রান্সমিটার অবমুক্ত হতে পারে যা প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাপক নিউরন কর্র্তৃক গৃহীত হয়। প্রায় ১০০ ধরনের নিউরো ট্রান্সমিটার হয়ে থাকে।

বিভিন্ন ধরনের নিউরন বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার ব্যবহার করে এবং প্রাপকের ওপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে।\r\nএভাবে সংকেত আদান-প্রদানের জন্য বহুসংখ্যক নিউরন একত্রিত হয়ে স্নায়বিক পথ ও স্নায়বিক সার্কিট তৈরির মাধ্যমে একটি স্নায়বিক নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে স্নায়ুু থেকে তথ্যসমূহ সংগ্রহ, সঞ্চালন ও একত্রিত করে, প্রয়োজনীয় প্রক্রিয়ায় রূপান্তর করে পুনরায় অন্যান্য সার্কিটে প্রেরণ করে এবং জ্ঞানীয় এবং শারীরিক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন করতে সাহায্য করে। আধুনিক নেটওয়ার্ক -এর সঙ্গে তুলনা করলে নিউরাল এই সার্কিটের নিউরনগুলো হচ্ছে নোড আর সিন্যাপসিস গুলো এদের মধ্যস্থ সংযোগ রক্ষাকারক। এক্ষেত্রে নিউরনের ভেতরটা বাইরের তুলনায়-৭০ মিলিভোল্ট বেশি নেগেটিভ অবস্থায় থাকে।

তবে এই মানটি স্থির থাকে না এবং অনবরত ওঠা-নামা করে যা নির্ভর করে অন্য প্রেরক কোষকলা থেকে প্রাপ্ত ইনপুট এর ওপর। \r\nসব ধরনের উত্তেজক থেকে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় না। কোনো কোনো ইনপুট ঝিল্লির পটেনশিয়ালের পরিমাণকে বেশি পজিটিভ আর কোনো কোনোটি কম নেগেটিভ করে তোলে। যখন সবগুলো উত্তেজক ও দমনকারী ইনপুট সংকেতের যোগফল-৫০ মিলিভোল্টে পৌঁছে তখন একটি অ্যাকশন পটেনশিয়ালের নির্গমন ঘটে। তাই -৫০ মিলিভোল্টকে প্রান্তিক (থ্রেশোল্ড) অ্যাকশন পটেনশিয়াল বলা হয়। এভাবে উত্তেজক সংকেতের বৈদ্যুতিক মাত্রা এতটা শক্তিশালী হওয়া প্রয়োজন যাতে করে এটি স্নায়ুকোষটির নেগেটিভ মাত্রা হ্রাস করে থ্রেশোল্ড পটেনশিয়ালে পৌঁছে দিতে পারে।

স্নায়ুকোষগুলো অ্যাকশন পটেনশিয়ালের কম্পাঙ্ক দেখে তথ্যের গুরুত্ব বিচার করে; কম্পাঙ্ক যত বেশি হয় তত বেশি অ্যাকশন পটেনশিয়াল উৎপন্ন হয়। \r\nবংশগত জেনেটিক প্রোগ্রাম এবং বিস্তৃত পরিবেশগত বিভিন্ন উপাত্ত ও অভিজ্ঞতার পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের কোষকলার বৈশিষ্ট্যসমূহ, জন্ম, মৃত্যু এবং সেই সঙ্গে এক্সন, ডেনড্রাইটস্ এবং সিন্যাপসিসের কার্যপ্রক্রিয়া প্রভাবিত হয়ে থাকে। এসব কারণে বিভিন্ন মানুষের নিউরাল সার্কিটের কার্য পদ্ধতি ও ক্ষমতার মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। সব মানুষ একইভাবে চিন্তা করে না বা কোনো ঘটনাকে একইভাবে ব্যাখ্যা করে না এবং একই কারণ বা ঘটনার বিপরীতে বিভিন্ন মানুষের অনুভূতির প্রকাশও বিভিন্ন হয়ে থাকে যদিও প্রাথমিকভাবে সুস্থ মানুষের ক্ষেত্রে এই সার্কিটের মৌলিক গঠন একই রকম। নিউরাল এই সার্কিটের গঠন এবং কর্ম-প্রকৃতি প্রাথমিক অবস্থার মতো সবসময় একই রকম না থেকে পরিবর্তিত হতে পারে যদিও শিশু বয়সেই গঠন প্রক্রিয়া অধিক সক্রিয় থাকে। মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হওয়ার প্রক্রিয়াকে নিউরোজেনেসিস বলা হয়। যে কোনো বয়সে এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই প্রক্রিয়া সক্রিয় থাকতে পারে যা অনেকাংশে নির্ভর করে জীবন যাপনের ধরন, শরীরচর্চা, খাদ্যাভ্যাস, পরিবেশ ইত্যাদির ওপর। বোধশক্তি ও স্মৃতিশক্তি ধরে রাখার জন্য বয়স্কদের ক্ষেত্রে এই প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করাটা তাই খুবই গুরুত্বপূর্ণ। \r\nলেখক : মেডিক্যাল ফিজিসিস্ট ও অধ্যাপক, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাভার, ঢাকা