সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার খবরে একদিকে যেমন প্রশাসনিক মহলে স্বস্তির আভাস মিলেছে, অন্যদিকে সাধারণ নাগরিকের হৃদয়ে বাজছে শঙ্কার দামামা, ঘনীভূত হচ্ছে কালো মেঘ। কারণ, অতীত অভিজ্ঞতা বলে প্রতিবারই সরকারি বেতন-ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়ে যায়, যার কোন যৌক্তিকতা থাকে না। অথচ বেসরকারি খাত বা সাধারণ জনগণের আয় সেই অনুপাতে বাড়ে না। ফলে মুষ্টিমেয় এক শ্রেণির মানুষের আর্থিক সুবিধা অন্য শ্রেণির ভোগান্তির প্রধান কারনে পরিণত হয়, যা স্থিতিশীল সমাজ বিনির্মাণে কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণায় সরকারি চাকরিজীবীদের বেতন ৯০-৯৭ শতাংশ পর্যন্ত বাড়ছে।

আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই পে-স্কেল নিঃসন্দেহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক বড় স্বস্তির খবর। প্রায় ২২ লাখ পরিবার এই সিদ্ধান্তে উপকৃত হবে। প্রশ্ন হলো, এই সুবিধা কি সামগ্রিক অর্থনীতিতে সুফল বয়ে আনবে? নাকি আরও একটি চাপের বোঝা হয়ে সাধারণ মানুষের ঘাড়ে পড়বে?\r\nআমরা জানি, উন্নত দেশে সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রে বেতন কাঠামো নির্ধারণ হয় উৎপাদনশীলতা ও বাজেট ভারসাম্যের ওপর ভিত্তি করে। বাংলাদেশে তা হয় রাজনৈতিক বিবেচনায় কিংবা চাপের মুখে। ফলে রাজস্ব আয় ও ব্যয়ের ব্যবধান আরও বেড়ে যায় এবং সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হয় কিংবা নাগরিকদের ওপর নতুন কর আরোপ করতে হয়। এই বাড়তি চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়েই চেপে বসে।

জনজীবনে নিত্যপণ্যসহ বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের আয় বেতনভিত্তিক নয় এবং যারা বেতন বৃদ্ধির কোনো সুফল পান না। \r\nসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আপত্তি নেই কারও। কেননা তাদেরও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। প্রশ্ন হলো, রাষ্ট্র কি এই সিদ্ধান্তের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় প্রস্তুত? যদি বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, যদি কর আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা না বাড়ে, তবে নতুন পে-স্কেল জনগণের জন্য কল্যাণকর নয়, বরং দুর্ভোগের নতুন দুয়ার খুলে দেবে। সরকারের উচিত হবে বেতন বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতেও ন্যায্য মজুরি নিশ্চিতে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া। বাজার ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা এবং বাজেট ঘাটতি পূরণে জনগণের ঘাড়ে অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বিকল্প পথে আয়ের সন্ধান করা। অন্যথায় নতুন পে-স্কেল হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিবাচক এবং বেসরকারি গণমানুষের জন্য নেতিবাচক, যা দুর্দশার প্রতীকে পরিণত হতে পারে। এমনটি হলে রাষ্ট্রের ন্যায্যতার ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে, যা কারোরই কাম্য নয়।