দেশ এখন নির্বাচনের ট্রেনে এবং ট্রেনটা ইতোমধ্যেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। শেষ পর্যায়ে রয়েছে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বী এবং রাজনৈতিক দলগুলোর বিপুল প্রচারাভিযান। ভারতীয় তাঁবেদার স্বৈরাচার খেদানোর পর জাতীয়তাবাদী দল বিএনপিই এখন দেশের সবচেয়ে বড় দল। বিপুল তাদের দেশব্যাপী সাংগঠনিক বিস্তার-বিস্তৃতি। দলের চেয়ারপার্সন সফল দেশনেত্রীর জীবন অবসানের পর সঙ্গত কারণেই দলের নতুন চেয়ারম্যান তারেক রহমান এখন জাতীয়তাবাদী এস্টাবলিশমেন্টের পুরোধা।

সবচেয়ে বড় কথা, প্রবাসে নির্বাসিত ১৭ বছরের প্রবাসী জীবন থেকে মুক্ত হয়ে তিনি এখন দেশে এবং তাকে ঘিরে দেশে-বিদেশে বিপুল প্রত্যাশা, জল্পনা-কল্পনা। ধারণা করাটাই সঙ্গত যে, নির্বাচিত দলের প্রধান হিসেবে তিনিই হবেন সংসদ নেতা তথা এখনই তিনি ভাবী প্রধানমন্ত্রী। ভোটে অপ্রত্যাশিত কোনো ফলাফল না ঘটলে এটাই জনসাধারণের অভিন্ন ধারণা (চঁনষরপ চবৎপবঢ়ঃরড়হ)। সেজন্য তার প্রাপ্তির চেয়ে প্রত্যাশা অনেকটাই বেশি। বিএনপির যারা ভক্ত এবং অনুরাগী তাদের কাছে তো বটেই, দেশের সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক-মজুর, দিনে আনা দিনে খাওয়া খাটুন্তে মানুষ, পেশাজীবী, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, ক্রিড়াবিদ- সর্ব শ্রেণির উৎসুক্য এবং মনোযোগের কেন্দ্র এখন জিয়া-খালেদার বহুল আলোচিত পুত্র তারেক রহমান।

তার এবং তার দলের যারা বিরোধী এবং প্রতিদ্বন্দ্বী তাদেরও অনুরূপ উৎসুক্য এবং মনোযোগের কেন্দ্রবিন্দু প্রায় ষাট-বছর বয়সী এই সম্পন্ন এবং সুপরিপক্ব রাজনীতিবিদ। মার্জিত আচরণ, মৃদুভাষী, আভিজাত্য-ম-িত এই রাজনৈতিক পরিবারে বেড়েওঠা তারেক রহমানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হলো- তিনি আপসহীন পিতা-মাতার উত্তরাধিকারী। গণতন্ত্রের সঙ্গে পারিবারিক বংশ পরম্পরা সব সময় এক সঙ্গে না গেলেও তারেক রহমান ব্যতিক্রম। কেননা, স্বৈরাচার-পূর্ববর্তী ১/১১ এর ভিনদেশীয় দালালদের হাতে অবর্ণনীয় দৈহিক নির্যাতন এবং দেশান্তরের যন্ত্রণা সয়ে তিনি রাজনৈতিক জীবনের উত্থান পর্বকে মহিমান্বিত করার সুযোগ পেরেছেন। ব্রিটিশ সমাজের শিষ্টাচার এবং মূল্যবোধ তাকে দিয়েছে ব্যক্তিত্ব গঠনের বৈশ্বিক উচ্চতা।

প্রবাসে বসেই তিনি কার্যত বৃহত্তম একটি দল পরিচালনা করেছেন। যতটা সুযোগ চে গুয়েভারা বা আয়াতুল্লাহ খোমেইনিও পাননি। তিনি সুযোগ পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগান্তকারী প্রচার কৌশল কাজে লাগানোর। তবে সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য বা ভূমিকা কি তার বা তার দলের জন্য যোগের চেয়ে বিয়াগের গণিতকেই প্রধান করে তুলছে? স্বৈরাচারের বয়ানে ছিল বিএনপি-জামায়াত সমার্থবোধক বা একই ব্যাকেটে বন্দি দুটা অবিভাজ্য রাজনৈতিক সত্তা। কার্যত এটাই ছিল ‘বিএনপি’র আজন্ম বৈশিষ্ট্য। কেননা বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই ইসলামী মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুগল মিশেল। সেই ‘বিএনপি’র দেখা গেল ভিন্ন পথের পথিক হয়ে উঠতে। যেখানে ভারতীয় আধিপত্যবাদের অভিন্ন লক্ষ্যবস্তু ছিল বিএনপি এবং জামায়াত, এমন কী হয়ে গেল যে সাফল্যের প্রায় ওঠা চূড়ায় আরোহণের প্রাক্কালে ‘বিএনপি এই আশঙ্কা ব্যক্ত করল যে, দেশে মৌলবাদের উত্থান নিয়ে তারা শঙ্কিত এবং চিন্তাগ্রস্ত। আর ‘রাজার যা না বলে পারিষদ বলে তার শতগুণ।’ তারেক রহমান যখন দেশে মৌলবাদের উত্থান নিয়ে তার সংসার ও উদ্বেগ প্রকাশেই সীমাবদ্ধ থাকলেন, তার দলের ভারত ঘেঁষা এবং বাকশাল - সমঝোতায় বিশ্বাসী অন্য অন্তত আর ৫/৬ জাতীয় পর্যায়ের নেতা রীতিমতো ‘ক্রুসেড’ শুরু করে দিলেন।

এই সুযোগে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা বাকশালী অনুরাগী নেতা-নেত্রীরা রীতিমতো ইসলামী ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে দিলেন, যে সব কথা আমরা কখনো সিপিবি-জাসদ-ওয়ার্কার্স পার্টির মুখেও শুনিনি। ‘নৌকা’ প্রতীকের ভোটারদের মন জয়ের জন্য তথা বাম-নাস্তিক অপশক্তির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা যে সাধারণ ‘ধানের শীষ’ প্রতীকের অনুরাগী মানুষদের চিত্ত থেকে উঠে যেতে শুরু করেছেন এবং যার অনিবার্য প্রচার নির্বাচনের ওপর পড়তে যাচ্ছে, সে সম্পর্ক এহেন ঝুঁকিপূর্ণ উদাসীনতা প্রদর্শনের আত্মঘাতী পথ বেছে নিলেন, নাকি আধিপত্যবাদের দ্বিতীয় বিশ্বস্ত পক্ষের ভূমিকায় নামলেন, সেটাই ‘বিএনপি’ বিষয়ক এই ক্রমঃ বিকাশমান বিভ্রান্তির মূল বিষয়। লেখক : সিনিয়র সাংবাদিক