মবের শব্দ ইতোমধ্যে শোনা যাচ্ছিল যখন সাংবাদিক জাইমা ইসলাম ডেইলি স্টারের জন্য তাঁর স্টোরি শেষ করলেন। তিনি দ্রুত বেরিয়ে পড়লেন। আশা করছিলেন, ভিড় এড়িয়ে সেখানে যেতে পারবেন, যেখানে ইতোমধ্যে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রথম আলোর অফিস পুড়িয়ে দিয়েছে। কিন্তু যখন তিনি সে অফিসে পৌঁছালেন, তার আগেই মব সেখানে ছিল।
মববাজরা ক্ষুব্ধ হয়েছিল শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে, যিনি ছিলেন গণতন্ত্রপন্থি আন্দোলনের একজন নেতা। সে আন্দোলন গত বছরের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল। কর্তৃপক্ষের মতে, হাদির হত্যাকারীরা ছিল হাসিনা-সমর্থক, যারা ভারতে পালিয়ে গেছে। ১৮ ডিসেম্বর রাতে যখন হাদির মৃত্যুর কথা ঘোষণা করা হয়, তখনই জনতা দ্রুত শাহবাগে জড়ো হয়। পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত যে কারও ওপর হামলা চালাতে প্রস্তুত ছিল তারা। প্রথম আলো ও ডেইলি স্টার ছিল তাদের নিশানায়। যদিও এ দুটি পত্রিকা শেখ হাসিনার আমলেই ভাঙচুর, নিপীড়ন ও আইনি পদক্ষেপের মুখোমুখি হয়। সেই রাতে দুটি সংবাদপত্রের অফিস ও একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। সংগত কারণেই এ ঘটনা সাংবাদিক ও নাগরিক সমাজের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। কারণ শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হওয়ার পরই নতুন ধরনের রাজনীতির প্রত্যাশা করা হচ্ছিল। যদিও এ বছর নভেম্বর পর্যন্ত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মব সহিংসতায় ১৮৪ জন প্রাণ হারায়। গত বৃহস্পতিবার এক হিন্দু পোশাক শ্রমিককে গুজব ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। অথচ ২০২৩ সালে এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৫১। ১৮ ডিসেম্বর সহিংসতা ছড়িয়ে পড়ার সময় ৩৫ বছর বয়সী সাংবাদিক জাইমা ইসলাম এবং তাঁর ২৮ জন সহকর্মী ছাদে উঠে যান। আশা করেছিলেন, সহিংসতা শেষ না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করবেন। তিনি বলেন, আমরা সবাই জানতাম এই জনতা শুধু অফিস ভাঙচুরেই থামবে না, তারা এটিকে আগুন ধরিয়ে দেবে।
এক পর্যায়ে তারা ধোঁয়া দেখতে পান এবং তা এতটাই ঘন হয়ে গিয়েছিল, তিনি হাতে থাকা ফোনও দেখতে পাচ্ছিলেন না। পরে ফেসবুকে জাইমা ইসলাম পোস্ট করেন, ‘আমি আর শ্বাস নিতে পারছি না। খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।’ এই সহিংসতা ছিল একটি উদাহরণ যে, কীভাবে অন্তর্বর্তী সরকার বিশৃঙ্খল পরিবেশে শাসন করছে এবং এটি উদ্বেগ তৈরি করেছে যে, ফেব্রুয়ারিতে প্রত্যাশিত নির্বাচনের আগে উত্তেজনা সামলাতে তারা কতটা সক্ষম হবে।
ডেইলি স্টারের ওপর হামলার আগে অনেক সতর্কবার্তা দেওয়া হয়। প্রথম আলো ইতোমধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং উভয় সংবাদপত্রের সাংবাদিকরা সরকারের দায়িত্বশীলদের কাছে ফোন করছেন। যখন দমকলকর্মীরা মই দিয়ে কিছু কর্মীকে নামানোর চেষ্টা করছিলেন, তখন তাদের ওপর হামলা করা হয় এবং ভোর প্রায় ৪টা পর্যন্ত সেনাবাহিনী এসে তাদের বের করে নিয়ে যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব তাঁর ফেসবুকে লিখেছেন, সঠিক লোকজনকে একের পর এক কল দিয়েছেন; কিন্তু সঠিক সময়ে তাদের সহায়তা পৌঁছায়নি। পরে তিনি লিখেছেন, তিনি লজ্জায় মাটির স্তূপে চাপা দিতেন।
ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জিয়া চৌধুরী বলেন, এখন সব সাংবাদিক এবং নাগরিক সমাজের কর্মীরা নিজেদের নাজুক মনে করছেন। এ ঘটনায় এক ধরনের ভয় কাজ করছে। যখন আমি মাঠে থাকি, কোনো সমালোচনামূলক প্রশ্ন করি, তখন ক্ষুব্ধ জনতার তাড়া খাওয়ার আশঙ্কা কাজ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক আশা ছিল। কিন্তু সেই আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেছে। জাইমা ইসলাম বলেন, তিনি চাননি যে নিরাপত্তা বাহিনী জনতার ওপর গুলি চালাক। কিন্তু সাংবাদিকদের রক্ষা করার জন্য আরও কিছু করা উচিত ছিল। তিনি আরও উদ্বিগ্ন যে, বাংলাদেশ ২০২৪ সালের প্রতিবাদের পর থেকে প্রতিশোধের এক চক্রে বন্দি হয়ে আছে। যে প্রতিবাদে হাসিনার বাহিনীর হাতে চৌদ্দশ মানুষ নিহত হয়েছিল। তবে তিনি বিশ্বাস করেন, সহিংসতার সেই চক্র থেকে বেরিয়ে আসার সুযোগ আছে সংবাদপত্রের ওপর হামলাকে সতর্কবার্তা হিসেবে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে।
কামিল আহমেদ: গার্ডিয়ানের সাংবাদিক; ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
