নিকোলো মিকিয়াভেলি তাঁর কালজয়ী গ্রন্থ দ্য প্রিন্স (১৫৩২)-এ শাসকের সাফল্যের পেছনে দুটি নিয়ামক শক্তির কথা বলেছেন: ‘ভারচ্যু’ (ব্যক্তিগত কৌশলগত দক্ষতা, প্রজ্ঞা ও সংকল্প) এবং ‘ফরচুনা’ (ভাগ্য ও ঐতিহাসিক পরিস্থিতির আনুকূল্য)। মওলানা ভাসানীর হুকুমতে রব্বানিয়ার সাম্যবাদী দর্শন এবং শহীদ জিয়াউর রহমানের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশি জাতীয়তাবাদ ও উৎপাদনমুখী রাজনীতির সংমিশ্রণ ঘটিয়ে তারেক রহমান কি পারবেন মিকিয়াভেলির সেই ভারচ্যুর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরচুনার চাকা ঘুরিয়ে দিতে? আজ ১৭.৬ কোটি মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক ভাগ্য এই প্রশ্নের উত্তর খোঁজার ওপর নির্ভর করছে।
তারেক রহমান রাষ্ট্রনায়ক হিসেবে কতটা দক্ষ হবেন, তা আগাম বলা অসম্ভব, কারণ রাষ্ট্র পরিচালনার সরাসরি প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা তাঁর নেই। তবে তাঁর সামনে অপেক্ষমাণ চ্যালেঞ্জটি কেবল অভিজ্ঞতার ঘাটতি নয়; বরং এটি এক নজিরবিহীন কাঠামোগত ভঙ্গুরতা। পিতা জিয়াউর রহমান বা মাতা বেগম খালেদা জিয়া অভ্যুত্থান-উত্তর সংকটকাল ও গণতান্ত্রিক রূপান্তরের টালমাটাল পর্বে দায়িত্ব নিলেও, তাঁদের এমন এক সপ্তভুজ অলিগার্কির মোকাবিলা করতে হয়নি, যা গত দেড় দশকে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে গেড়ে বসেছে। এই চ্যালেঞ্জের গভীরতা বুঝতে হলে আমাদের তাকাতে হবে জনমিতি ও মনস্তত্ত্বের দিকে। নব্বইয়ের দশকে বা জিয়ার আমলে তরুণদের হতাশা আজকের মতো জনমিতিক বিপর্যয়ের পর্যায়ে ছিল না। এর চেয়েও ভয়াবহ হলো, বিগত দেড় দশকের অলিগার্কিক পক্ষাঘাত ‘সময়-তথ্য-জ্ঞান’ দখলের মাধ্যমে নাগরিকদের যৌক্তিক চিন্তার স্বাধীনতা হরণ করেছে। একটি পুরো সমাজকে সময়, তথ্য ও স্নায়ু-রাজনৈতিক অর্থনীতির শিকারে পরিণত করে মানব পুঁজির অপচয় ক্রমবর্ধমান করে ঠেলে দেওয়া হয়েছে অসহায়ত্ব ও স্থিতিশীল উন্নয়গত নৈরাশ্যে। ফলে আজকের সংকট কেবল সমাজ, রাজনীতি, সংস্কৃতি বা অর্থনীতির নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক।
তারেক রহমান যে বাস্তবতায় দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারেন, সেটি কোনো সাধারণ রাষ্ট্র নয়; বরং এটি একটি কার্যত ধসে পড়া রাষ্ট্র। অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসনিক চেইন অব কমান্ড অনুপস্থিত এবং সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়ে রাষ্ট্র একটি নো-গভর্নমেন্ট জোনের মতো আচরণ করছে। এখানে প্রাতিষ্ঠানিক সংস্কারের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মানুষের মনস্তাত্ত্বিক ও স্নায়বিক মুক্তি। দীর্ঘ সতের বছরের নির্বাসন ও অপপ্রচারের পাহাড় ডিঙিয়ে তারেক রহমান আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সমীকরণের এক পাশে অলিগার্কির সুদৃঢ় সপ্তভূজ লৌহ কাঠামো, অন্য পাশে ভঙ্গুর অর্থনীতি ও অদক্ষতা-বৈষম্যে দিশাহারা বিপুল যুবসমাজ।
এই ত্রিমুখী সংকটের আবর্তে দাঁড়িয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথটি কোনো সাধারণ রাজনৈতিক অভিযাত্রা নয়; বরং এটি একটি ‘অসম্ভব জটিল কাঠামো’ সমাধানের কঠিনতম চ্যালেঞ্জ। এই নিবন্ধে আমি সেই বহুমাত্রিক জটিলতাকেই রাজনৈতিক অর্থনীতির তাত্ত্বিক ও প্রায়োগিক লেন্স দিয়ে ব্যবচ্ছেদ করব। জেন-জি ও তারেক রহমানের সামাজিক চুক্তির বয়ান: ১/১১-এর রিমান্ডের অমানবিক নির্যাতন ও দীর্ঘ নির্বাসিত জীবন, অবর্ণনীয় দমন-পীড়নে জর্জরিত নেতাকর্মীদের দলীয় ভিত্তি অটুট রাখা এবং পারিবারিক একাধিক ট্র্যাজেডি অতিক্রম করার মধ্য দিয়ে ‘তারেক রহমানের কষ্টসাধ্য নেতৃত্ব পরিশোধন’ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
মনোবিজ্ঞানী রিচার্ড টেডেশি ও লরেন্স ক্যালহৌন তাঁদের ১৯৯৬ সালের ‘পোস্ট-ট্রমাটিক গ্রোথ’ তত্ত্বে যেমনটি দেখিয়েছেন, চরম বিপর্যয় মানুষের মনস্তাত্ত্বিক কাঠামো ভেঙে পুনর্গঠিত করে। তারেক রহমানের ক্ষেত্রেও এই কষ্টসাধ্য রূপান্তর তাঁর আবেগপ্রবণ তারুণ্যকে ক্যালকুলেটিভ ও সংযত রাষ্ট্রনায়কোচিত ব্যক্তিত্বে বদলে দিয়েছে। তাঁর বর্তমানের কৌশলগত প্ল্যান এবং আবেগের ওপর কঠোর নিয়ন্ত্রণ মূলত সেই ট্রমাকে রাজনৈতিক পুঁজিতে রূপান্তরেরই ধ্রুপদী সাক্ষ্য। এই রূপান্তরের বুদ্ধিবৃত্তিক ছাপ পাওয়া যায় তাঁর সাম্প্রতিক স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণটিতে, যা জঁ-জ্যাক রুশোর (১৭৬২) ‘সামাজিক চুক্তি’ তত্ত্বের আলোকে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের এক অভিনব সংজ্ঞায়ন। জনমিতিক লভ্যাংশের শেষ প্রান্তে দাঁড়ানো বিশাল জেন-জি প্রজন্মের কাছে প্রথাগত পরিবারতন্ত্র ও লেজুড়বৃত্তি অগ্রহণযোগ্য হওয়ায় তারেক রহমানের অবস্থান একটি দুধারো তলোয়ারের মতো হলেও তিনি সাইমন সিনেকের (২০০৯) ‘গোল্ডেন সার্কেল তত্ত্ব’ (কেন, কীভাবে, কী)-অনুযায়ী কেবল কী ও কীভাবে করবেন তা না বলে ‘কেন’ রাজনীতি করছেন তা স্পষ্ট করার মাধ্যমে নিজেকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ভিশনারি হিসেবে উপস্থাপন করেছেন।
স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণে তিনি এই প্রজন্মের আকাক্সক্ষার সঙ্গে মিলিয়ে ছয়টি সুনির্দিষ্ট স্তম্ভ উপস্থাপন করেছেন, যা প্রচলিত রাজনীতির ব্যাকরণকে আমূল চ্যালেঞ্জ করে। প্রথমত, তিনি ১৯৭১-এর স্বাধীনতা এবং ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪-এর গণঅভ্যুত্থানকে বিচ্ছিন্ন না করে এক অবিচ্ছিন্ন মুক্তির ধারাবাহিকতা হিসেবে দেখিয়ে নিজেকে জেন-জির বিপ্লবের অংশীদার করেছেন। দ্বিতীয়ত, প্রতিহিংসার জিরো-সাম গেম ভেঙে নিরাময়মূলক ন্যায়বিচারের ডাক দিয়েছেন যা জাতীয় ঐক্যের ম্যানিফেস্টো। তৃতীয়ত, পাহাড়ি-সমতল নারী-পুরুষ এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদের মাধ্যমে সর্বজনীন নাগরিক সত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। চতুর্থত, জেন-জি প্রজন্ম যখন কেবল স্বপ্নে বিশ্বাসী নয় বরং রোডম্যাপ চায়, তখন তিনি আবেগের বদলে ‘উই হ্যাভ এ প্ল্যান’ বলে রাষ্ট্র মেরামতের একটি দিকনির্দেশক ভিশনের ইঙ্গিত দিয়েছেন। পঞ্চমত, তিনি নৈতিকতা ও তারুণ্যের জোটের ওপর জোর দিয়েছেন, যা আগামীর জ্ঞানভিত্তিক অর্থনীতির পূর্বশর্ত। ষষ্ঠত, আধিপত্যবাদ বিরোধিতার পাশাপাশি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে নাগরিকদের জ্ঞানগত স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তিনি মূলত ক্ষমতার পালাবদল নয় বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব করেছেন।
অলিগার্কি, হাইড্রা দানব ও সংকটাক্রান্ত সরকার: গত দেড় দশকে বাংলাদেশে অলিগার্কির সপ্তভুজ লৌহ কাঠামো গড়ে তোলা হয়েছে, যা রাষ্ট্রকে কার্যত একটি নিষ্কাশনমূলক যন্ত্রে পরিণত করেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যারন এসেমগলু ও জেমস রবিনসন তাঁদের ‘হোয়াই নেশনস ফেইল’ (২০১২) গ্রন্থে দেখিয়েছেন যে, এ ধরনের নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান একটি শক্তিশালী দুষ্টচক্রের মাধ্যমে টিকে থাকে। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই চক্রটি ভাঙা। ২০২৪-এর গণঅভ্যুত্থান সরকার পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের গভীরে প্রোথিত এই লৌহ কাঠামোটি অক্ষত রয়ে গেছে। গ্রিক মিথলজিতে হাইড্রা দানবের একটি মাথা কাটলে যেমন দুটি নতুন মাথা গজিয়ে উঠত, তেমনি বাংলাদেশে ‘রেন্ট-সিকিং’ ও দুর্নীতির শিকড় বারবার নতুন রূপে ফিরে এসেছে। এই অবস্থায় তারেক রহমানকে সেই হারকিউলিসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, যিনি কেবল উপরিভাগের সংস্কার নয়, বরং শিকড়সুদ্ধ উৎপাটনের সাহস রাখেন। এই রূঢ় বাস্তবতায় কেউ যদি তারেক রহমানের কাছ থেকে তাৎক্ষণিক ম্যাজিক প্রত্যাশা করে, তবে সেটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং আবেগেরই নামান্তর। এখানে শুধু ব্যক্তিনির্ভর কোনো মিরাকল নয়, প্রয়োজন কঠোর কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদি জাতীয় সংহতি।
যুক্তি ও বাস্তবতার নিরিখে এটি স্পষ্ট যে, ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, তা হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ‘সংকটাক্রান্ত সরকার’। এই সরকারকে একই সঙ্গে সামলাতে হবে ধসে পড়া অর্থনীতি, মব সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি মোকাবিলা করতে হবে জামায়াত ও আওয়ামী লীগের বহুমুখী রাজনৈতিক অন্তর্ঘাত, নিজ দলের অদক্ষতা এবং অলিগার্কদের দৌরাত্ম্যের মতো বহুমাত্রিক ঝড়। তবে এর চেয়েও বড় চ্যালেঞ্জ হলো গত দেড় দশকে সৃষ্ট ‘সময়, তথ্য ও জ্ঞানগত পক্ষাঘাত’ থেকে সমাজকে মুক্ত করা। ভেজাল খাদ্যনির্ভর দুর্বল স্বাস্থ্য ও দক্ষতাহীন শিক্ষাব্যবস্থার বলি হয়ে কর্মহীন ও কর্মবিমুখ যুবসমাজ আজ সোশ্যাল মিডিয়া ও সস্তা বিনোদনে আসক্ত হয়ে পড়েছে। ভুয়া খবর আর ষড়যন্ত্রতত্ত্বে অন্ধ বিশ্বাসের ফলে সমাজে তৈরি হয়েছে শিখিত অসহায়ত্ব এবং টানেল ইফেক্টের সহনশীলতার বাঁধ ভেঙ্গে দেড় হাজার ছাত্রজনতার বলীদানের পরও টানেলের শেষ প্রান্তের আলো-আঁধারির দোলাচল জনগণের মনে স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য সৃষ্টি হয়েছে। উপরন্তু, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সবাই আজ ব্যক্তিস্বার্থ আর অন্ধ আনুগত্য বা ‘কাল্ট-সংস্কৃতি’তে বন্দি। অথচ, সামগ্রিক স্বার্থই ব্যক্তিস্বার্থকে সর্বোচ্চ করে; কারণ, সামষ্ঠিক কল্যাণ নিশ্চিত হলে স্থিতিশীলতা আসে এবং ব্যক্তিগত অর্জন সর্বোচ্চ হয়। রাষ্ট্র মেরামতের পাশাপাশি এই গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক অবক্ষয় রোধ করাই হবে আগামীর সরকারের জন্য সবচেয়ে কঠিন অগ্নিপরীক্ষা।
প্রাতিষ্ঠানিক শূন্যতা, বিএনপি ও পথ-নির্ভরতা তত্ত্ব: নোবেলজয়ী প্রাতিষ্ঠানিক অর্থনীতিবিদ ডগলাস নর্থ (১৯৯০) তাঁর ‘পাথ ডিপেন্ডেন্স’ তত্ত্বে দেখিয়েছেন, অতীতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ভবিষ্যতের পথকে এমনভাবে বেঁধে ফেলে যে, সংকটের সময় শুধুই সেই প্রতিষ্ঠান টিকে কাজ করতে পারে, যার দীর্ঘমেয়াদি সাংগঠনিক গভীরতা ও দৃঢ় কমান্ড স্ট্রাকচার আগে থেকেই গড়ে উঠেছে। এই দৃষ্টিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাও পড়া যায়।
বিগত দেড় দশকের ফ্যাসিস্ট শাসন ও নিপীড়নের ভেতরেও তারেক রহমান বিদেশে বসে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নৈতিক মানদ-ে উন্নত মহাসচিবকে সঙ্গে নিয়ে, বিএনপিকে শুধু টিকিয়ে রাখেননি; তাঁর নেতৃত্বে অমানুষিক দমন-নির্যাতনের মাঝেও কোনো দলভাঙন না হওয়াটা আজ একটি অসাধারণ প্রাতিষ্ঠানিক সাফল্য ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পুঁজি হিসেবে গণ্য। যখন রাষ্ট্রের প্রতিটি প্রধান স্তম্ভ স্বাধীনতা হারিয়ে নিষ্কাশনমূলক যন্ত্রে পরিণত হয়েছে তখন একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএনপির এই টিকে থাকা ও প্রাতিষ্ঠানিক সততা নর্থের ভাষায় একটি লক-ইন এফেক্ট তৈরি করেছে। কারণ পাথ ডিপেন্ডেন্সের সূত্রমতে বিকল্প প্রতিষ্ঠান নির্মাণের উচ্চ খরচ ও সময়ের অভাবে রাষ্ট্র বিপর্যয়ের মুহূর্তে পুরনো ও গভীর শিকড়যুক্ত প্রতিষ্ঠানই কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্রদানের ক্ষমতা রাখে যা অন্য কোনো ভুঁইফোড় সংগঠনের নেই। তবে প্রতিষ্ঠানের টিকে থাকা কেবল সাংগঠনিক শক্তির বিষয় নয় বরং এর সাথে যুক্ত থাকে বিশ্বাস-ব্যবস্থা বা বিলিফ সিস্টেম এবং ভবিষ্যতের বৈধ আখ্যান। তারেক রহমান প্রবাস জীবনে কেবল দলের সংহতিই রক্ষা করেননি বরং তিস্তা পানিবণ্টন, এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ, শিক্ষা ও কৃষি সংস্কারের মতো জটিল নীতিমালার সুচিন্তিত ও বিকল্প রূপরেখা উপস্থাপনের মাধ্যমে বিএনপিকে কেবল প্রতিরোধী শক্তি নয় বরং আগামীর শাসনের জন্য নৈতিক ও প্রযুক্তিগত বৈধতা প্রদান করেছেন। ফলে বর্তমানের প্রাতিষ্ঠানিক শূন্যতায় তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তন কেবল ক্ষমতার পালাবদল নয় বরং এটি একটি কাঠামোগত ও অর্থনৈতিক অপরিহার্যতা কারণ রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া মানসম্মত অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব এবং এই মুহূর্তে সেই স্থিতিশীলতা নিশ্চিত করার সক্ষমতা কেবল তাঁর নেতৃত্বাধীন কাঠামোর হাতেই নিহিত।
ভাসানী-জিয়া মডেল: বাংলাদেশের রাজনৈতিক ক্যানভাসে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপাতদৃষ্টিতে দুটি ভিন্ন মেরুর নক্ষত্র মনে হলেও রাষ্ট্রবিজ্ঞানের গভীর বিশ্লেষণে তাঁদের দর্শনে বিস্ময়কর কৌশলগত সাযুজ্য বিদ্যমান। ভাসানী ছিলেন নি¤œবর্গের কণ্ঠস্বরস্বরূপ বিবেক ও বারুদ আর জিয়া ছিলেন সেই বারুদকে শক্তিতে রূপান্তরকারী স্থপতি। মওলানা ভাসানীর রাজনীতির মূল ভিত্তি হুকুমতে রাব্বানি বা ঐশ্বরিক ন্যায়বিচার এবং সাম্রাজ্যবাদবিরোধী জাতীয়তাবাদ, যা কেবল ঈশ্বরহীন সমাজতন্ত্রের বিরোধিতা ছিল না বরং রুবুবিয়াত বা সকলের প্রতিপালন ও অন্ন-বস্ত্রের অধিকার নিশ্চিত করা।
১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা লং মার্চ কেবল একটি রাজনৈতিক প্রতিবাদ ছিল না বরং এটি ছিল ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক গণপ্রতিরোধ যা শিখিয়েছে রাষ্ট্র কোনো পরাশক্তির ক্লায়েন্ট স্টেট হবে না। অন্যদিকে শহীদ জিয়াউর রহমান ভাসানীর এই লড়াকু চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, যা সমাজবিজ্ঞানী টি এইচ মার্শালের ১৯৫০ সালের বিখ্যাত সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস তত্ত্বে বর্ণিত নাগরিক অধিকারের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জিয়া ধর্ম-বর্ণ-পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে বাংলাদেশি জাতীয়তাবাদের ছাতার নিচে এনে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করেছিলেন।
ফ্রান্সিস ফুকুয়ামা তাঁর ২০০৪ সালের স্টেট বিল্ডিং গ্রন্থে যেমন দক্ষ আমলাতন্ত্র ও শক্তিশালী প্রতিষ্ঠান নির্মাণের কথা বলেছেন জিয়া ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য সিভিল সার্ভিস, সামরিক বাহিনী ও প্রতিষ্ঠানগুলোতে মেরিটোক্রেসি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন এবং রাজনীতিকে মেধা ও ত্যাগের কঠিন পরীক্ষায় ফেলার ঘোষণা দিয়েছিলেন। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের ১৯২২ সালের ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থে বর্ণিত ক্যারিশম্যাটিক অথরিটির অনন্য উদাহরণ ছিলেন জিয়া, যার প্রমাণ মেলে তাঁর ভাঙা সুটকেস ও ব্যক্তিগত সততার মিথের মধ্যে যা তাঁকে দুর্নীতির ঊর্ধ্বে এক নৈতিক উচ্চতায় আসীন করেছিল। তাঁর ১৯ দফা কর্মসূচি এবং খাল খনন বিপ্লব ছিল অংশগ্রহণমূলক অর্থনীতির ধ্রুপদী মডেল যা গ্রামীণ অর্থনীতির চাকা সচল করেছিল। তারেক রহমানের সামনে এখন এই দুই মহান নেতার দর্শনের হাইব্রিড সিন্থেসিস বা সংমিশ্রণ দাঁড় করানোর ঐতিহাসিক সুযোগ ও দায় উভয়ই উপস্থিত যার সারকথা হলো হৃদয়ে ভাসানী ও মস্তিস্কে জিয়া। রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তাঁর ১৯৬৮ সালের পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিজ গ্রন্থে বলেছিলেন দ্রুত পরিবর্তনশীল ও অস্থিতিশীল সমাজে স্থিতিশীলতা আনতে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান অপরিহার্য। আজকের এই সপ্তভুজ লৌহ কাঠামো ভাঙতে তারেক রহমানকে ভাসানীর মতো আপসহীন হয়ে সিন্ডিকেট ও অলিগার্কির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এবং একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও প্রশাসনকে টেনে তুলতে তাঁকে হতে হবে জিয়ার মতো ঠান্ডা মাথার প্রকৌশলী ও প্রতিষ্ঠান নির্মাতা। মূলত ভাসানী-জিয়ার দেশপ্রেমিক জাতীয়তাবাদ ও উৎপাদনমুখী বহুত্ববাদের সঠিক সংমিশ্রণেই কেবল বাংলাদেশের বর্তমান স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য কাটানো সম্ভব।
অর্থনৈতিক থেরাপি ও ভূ-রাজনীতির ভারসাম্য: অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমানকে জেফ্রি স্যাক্সের নব্বইয়ের দশকের ‘শক থেরাপি’ এবং জোসেফ স্টিগলিৎসের ২০০২-পরবর্তী ‘গ্র্যাজুয়ালিজম’ বা ধীরগতির রূপান্তর ভাবনার দ্বান্দ্বিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে একজন চিফ সার্জনের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। খেলাপি ঋণ ও সিন্ডিকেট দমনে যেখানে কঠোর শক থেরাপি অপরিহার্য, সেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাঁকে ম্যাক্স ওয়েবারের ১৯১৯ সালের ‘রাজনীতি হলো শক্ত বোর্ডে ধীরগতিতে ছিদ্র করার কাজ’; এই আপ্তবাক্যের ধৈর্য ধারণ করতে হবে।
এমতাবস্থায় প্রচলিত সংস্কারের বাইরে গিয়ে তাঁকে অর্থনীতির গতিপথ মেগা প্রকল্প থেকে শ্রমঘন এসএমই ও কৃষির দিকে ঘুরিয়ে তরুণদের উৎপাদনশীল সম্পদে রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি এবং ইবনে খালদুনের ১৩৭৭ সালের মুকাদ্দিমা-র ‘আসাবিয়্যা’ (সামাজিক সংহতি) ও ড্যারন অ্যাসেমগলুর ২০১২ সালের হোয়াই নেশনস ফেইল-এর ‘অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান’ তত্ত্বের মিশেলে রাষ্ট্র ও অলিগার্কিক লৌহ কাঠামোর মধ্যে কার্যকর দেয়াল তুলতে হবে। একই সঙ্গে হেনরি কিসিঞ্জারের ১৯৯৪ সালের ডিপ্লোমেসি গ্রন্থে বর্ণিত ‘স্থায়ী স্বার্থ’-কেন্দ্রিক রিয়েলপলিটিক ও চাণক্যের খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের অর্থশাস্ত্র-এর ‘ম-ল তত্ত্ব’ প্রয়োগ করে ভারত-চীন-আমেরিকার ত্রিমুখী জাঁতাকল থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদ জিয়ার আদলে আঞ্চলিক সহযোগিতার নতুন ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হবে তাঁর জন্য এক অগ্নিপরীক্ষা। সর্বোপরি, মওলানা ভাসানীর লড়াকু সত্তা ও জিয়াউর রহমানের উৎপাদনমুখী জিনের উত্তরাধিকার হিসেবে সকল সরকারি সেবার তথ্য উন্মুক্ত করা, মেধার পূর্ণ মূল্যায়ন এবং জাতিকে শিখিত অসহায়ত্ব ও জ্ঞানগত পক্ষাঘাত থেকে মুক্ত করার মাধ্যমেই কেবল এই স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য ঘোচানো সম্ভব।
লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। hhafij@yahoo.com
