বহু অনিশ্চয়তা, শর্ত, বিতর্ক ও রাজনৈতিক সংশয়ের ভেতর দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল স্পষ্ট– বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। এই বিজয় কেবল একটি দলীয় সাফল্য নয়; এটি রাষ্ট্র পরিচালনা বিষয়ে দলটির ওপর জনগণের এক বিস্তৃত প্রত্যাশার ভার অর্পণ।
প্রথমত, নির্বাচন হয়ে যাওয়া মানেই গণতন্ত্রের পূর্ণতা নয়। বরং এখান থেকেই শুরু দায়বদ্ধতার অধ্যায়। জনগণ যে রায় দিয়েছে, তা প্রতিহিংসার জন্য নয়; পুনর্গঠন ও সংস্কারের জন্য। দীর্ঘ রাজনৈতিক অনাস্থা, প্রশাসনিক দলীয়করণ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার যে ইতিহাস তৈরি হয়েছে, তার অবসান ঘটানো এখন নতুন সরকারের প্রধান দায়িত্ব।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চার মূলনীতি– জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কেবল সংবিধানের অলংকার নয়; রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সরকারকে সাংবিধানিক পরিবর্তনের সক্ষমতা দেয়, কিন্তু সেই ক্ষমতার ব্যবহার কতটা অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল হবে, সেটিই নির্ধারণ করবে এই অধ্যায়ের চরিত্র।
দ্বিতীয়ত, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যেমন শক্তি, তেমনি তা পরীক্ষা। বিশ শতকের ব্রিটিশ ইতিহাসবিদ লর্ড অ্যাক্টনের সেই কথাটি আজও প্রাসঙ্গিক– পাওয়ার টেন্ডস টু করাপ্ট; অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। অর্থাৎ ক্ষমতা তার ধারককে দুর্নীতির দিকে ঝুঁকতে প্রলুব্ধ করে, আর নিরঙ্কুশ ক্ষমতা সেই ঝুঁকিকে অপ্রতিরোধ্য করে তোলে। দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয়। দুর্বিনীত পথে রাষ্ট্র পরিচালনাও দুর্নীতি।
এ নিরিখে বলা যায়, বিরোধী মতকে অপ্রাসঙ্গিক করে তোলা সহজ। কিন্তু গণতন্ত্র টিকে থাকে সমালোচনার জায়গা অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে। যদি নতুন সরকার সংলাপ, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে পারে, তবে এই নির্বাচন সত্যিই নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়ে উঠবে। প্রশাসনে পেশাদারিত্ব ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি– এসব ক্ষেত্রে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে বিপুল জনসমর্থনও দ্রুত হতাশায় পরিণত হতে পারে।
অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক ঋণের ভার– এসব বাস্তবতা এখন আর বিরোধী রাজনীতির ভাষণ নয়; শাসকের দৈনন্দিন চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্পে উৎপাদনশীল বিনিয়োগ এবং প্রশাসনে ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংস্কারমূলক আইন প্রণয়ন সহজ। কিন্তু তার সুফল জনগণের জীবনে কত দ্রুত পৌঁছায়, সেটিই হবে আসল মূল্যায়ন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে– বিরোধী অবস্থানে যে দল গণতন্ত্রের দাবি তোলে, ক্ষমতায় এসে সে-ই বিপরীত পথে হাঁটে। এই চক্র ভাঙাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব। সরকারের সমালোচনা যেন রাষ্ট্র-বিরোধিতা হিসেবে বিবেচিত না হয়। এই সংস্কৃতি প্রতিষ্ঠা করতে না পারলে নতুন সরকারের জন্য তা হবে ঐতিহাসিক এক ব্যর্থতা। এর পরিণামে জনপরিসরে যে হতাশার জন্ম হবে, তা হতে পারে নজিরবিহীন।
মোদ্দাকথা, দুই-তৃতীয়াংশ আসনে বিজয় নতুন সরকারের হাতে যে শক্তি দিয়েছে, তা একই সঙ্গে সুযোগ ও দায়। যদি এই সুযোগ আত্মসমালোচনা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে ব্যবহৃত হয়, তবে এটি সত্যিই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে থাকবে। আর যদি কেবল শাসক বদলেই সীমাবদ্ধ থাকে, তবে ইতিহাস আবারও প্রমাণ করবে– শাসক বদল মানেই মুক্তি নয়।
তাপস দাস: যুব সংগঠক
