বিদায় হেমন্তকালের, আর শীত দশপ্রহরণ মেলতে শুরু করেছে। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘুম থেকে উঠলেই দেখা যায় প্রকৃতি কুয়াশাচ্ছন্ন, আর সবুজ ঘাসে জমে আছে বিন্দু বিন্দু শিশির। অনেক সময় প্রকৃতি সাজে অপরূপ সৌন্দর্যে, পর্যটকদের আনাগোনাও বেড়ে যায়। শীতকাল শুরুর এই সময়টা উপভোগ্য হলেও দেখা দিতে পারে বাড়তি কিছু স্বাস্থ্য সমস্যা। শুষ্ক আবহাওয়ার সঙ্গে কম তাপমাত্রার সংযোজন আর ধুলাবালির উপদ্রব, সব মিলিয়েই সৃষ্টি করে কিছু স্বাস্থ্যগত সমস্যা। তাই এই সময়টাতে প্রয়োজন কিছুটা বাড়তি সতর্কতা।\r\nশীতে প্রধানত বাড়ে শ্বাসতন্ত্রের রোগ। যদিও এসব রোগের প্রধান কারণ ভাইরাস, তথাপি বাইরের তাপমাত্রার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যেসব এনজাইম আছে, তা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রায় কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। শীতে বাতাসের তাপমাত্রা কমার সঙ্গে আর্দ্রতাও কমে যায়, যা আমাদের শ্বাসনালির স্বাভাবিক কর্মপ্রক্রিয়াকে বিঘ্নিত করে ভাইরাসের আক্রমণকে সহজ করে তুলে। এমনকি শুষ্ক আবহাওয়া বাতাসে ভাইরাস ছড়ানোতেও সহায়তা করে। এছাড়া ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। ঠান্ডা, শুষ্ক বাতাস ইত্যাদি হাঁপানি রোগীর শ্বাসনালিকে সরু করে দেয়। ফলে হাঁপানি, সি.ও.পি.ডি এবং এমফাইসিমার প্রকোপ আরও বাড়ে।\r\nস্বাস্থ্যসমস্যার মধ্যে সাধারণ ঠান্ডাজনিত সর্দি-কাশি বা কমন কোল্ড একটি পরিচিত নাম। বিশেষত শীতের শুরুতে তাপমাত্রা যখন কমতে থাকে, তখনই এর প্রাদুর্ভাব দেখা যায়।

এ রোগের শুরুতে গলা ব্যথা ও শুকনা কাশি দেখা দেয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকে এবং ঘন ঘন হাঁচি হতে থাকে। হালকা জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, শরীর ম্যাজ ম্যাজ করা, দুর্বল লাগা ও ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দেয়। এটা মূলত শ্বাসতন্ত্রের ওপরের অংশের রোগ, অধিকাংশ ক্ষেত্রেই এমনিতেই ভালো হয়ে যায়। সৈয়দ মুজতবা আলীর ভাষায়, সর্দি-কাশির নিরাময়ে চিকিৎসা করলেও ৭ দিন লাগে, না করলেও ১ সপ্তাহ লাগে । তবে কোনো কোনো ক্ষেত্রে কাশি কয়েক সপ্তাহ থাকতে পারে। এক্ষেত্রে স্বাভাবিক খাবারের পাশাপাশি কুসুম কুসুম গরম পানি পান ও হালকা গরম পানি দিয়ে গড়গড়া করা উচিত। প্যারাসিটামল ও এন্টিহিসটামিন জাতীয় ওষুধ খেলেই যথেষ্ট। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

পাশাপাশি মধু, আদা, তুলসীপাতা, কালিজিরা ইত্যাদি সেবন রোগের উপসর্গকে কমাতে সাহায্য করবে। অনেক ক্ষেত্রে ভাইরাসের পরপরই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। কাশির সঙ্গে হলুদ বা সবুজ রঙের কফ বের হলে, সঙ্গে জ্বর থাকলে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। হাঁচি কাশির মাধ্যমে এই রোগ আবার অন্যদের মাঝেও ছড়ায়। তাই রোগ যাতে অন্যদের আক্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে আরোগ্য না হওয়া পর্যন্ত ঘরে থাকাই ভালো। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী যারা আক্রান্ত, তাদের অবশ্যই ঘরে থাকা উচিত। নিহায়ত বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করা ভালো।\r\nএই সময়টাতে সিজনাল ফ্লু ও ইনফ্লুয়েঞ্জাও বেশিমাত্রায় দেখা যায়, এগুলো মূলত ভাইরাসজনিত। লক্ষণগুলোও কমন কোল্ডের মতোই।

অনেক সময় ঠান্ডার অন্যান্য উপসর্গ ছাড়াও এ রোগের ক্ষেত্রে জ্বর ও কাশিটা খুব বেশি হয় এবং শ্বাসকষ্টও হতে পারে। এ ছাড়া ভাইরাসে আক্রান্ত দেহের দুর্বলতার সুযোগে অনেক সময় ব্যাকটেরিয়াও আক্রমণ করে থাকে। বিশেষ করে নাকের সর্দি যদি খুব ঘন হয় বা কাশির সঙ্গে হলুদ কফ আসতে থাকে, তা ব্যাকটেরিয়ার আক্রমণকেই নির্দেশ করে। এই রোগেরও তেমন কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। শুধু ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলেই এন্টিবায়োটিকের প্রয়োজন হয়। \r\nশীতের প্রকোপে শুধু ফুসফুস নয়, সাইনাস, কান ও টনসিলের প্রদাহও বাড়ে। যেমন- সাইনুসাইটিস, টনসিলাইটিস, অটাইটিস ইত্যাদি। এসব ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেওয়াই ভালো। প্রায় ক্ষেত্রেই এন্টিবায়োটিকের প্রয়োজন হয়। এছাড়া যাদের হাঁপানি বা অনেক দিনের কাশির সমস্যা যেমন- ব্রংকাইটিস, সি ও পি ডি, এম্ফাইসিমা ইত্যাদি রোগ আছে, ঠান্ডা আবহাওয়ায় তাদের কষ্টও বাড়ে। নিউমোনিয়াও এ সময় প্রচুর দেখা যায়। বলা যায়, শীতে অসুখের মূল ধাক্কাটা যায় শ্বাসতন্ত্রের ওপরই। এসব রোগে সবচেয়ে বেশি ভোগান্তি বাড়ে নবজাতক, শিশু, বৃদ্ধ, হাঁপানি রোগী ও ধূমপায়ীদের।