স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে নবনির্বাচিত সরকার। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার জন্য এ বিষয়ে অনুরোধ জানিয়েছে চিঠি দিয়েছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোকে দেওয়া হয়েছে এই চিঠি। চিঠিতে দেশি-বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৪ নভেম্বর।
এর আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়া চলমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ দিনব্যাপী সিডিপির বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এতে এলডিসি থেকে উত্তরণের আবেদনটি মূল্যায়ন করা হতে পারে।\r\nদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা ও কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদের আহ্বানে বিদায়ী অন্তর্বর্তী সরকার নেপাল ও লাওসের মতো একই সময়ে উত্তরণে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ২০৩০ সাল পর্যন্ত সময় বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় নির্বাচিত সরকারের হাতে। সেই প্রেক্ষাপটে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর মতে, এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দিতে চিঠি দেওয়ার সিদ্ধান্তটি ভালো। তবে সময় পেছানো কঠিন হতে পারে।
তাদের মতে, আরও আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল।\r\n১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসির তালিকাভুক্ত হয়। ফলে পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে নিশ্চিত হয় শুল্কমুক্ত সুবিধা। তিন বছর পর এলডিসি মুক্ত দেশগুলোর মূল্যায়ন হয়। সংশ্লিষ্ট দেশের মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনীতির ভঙ্গুরতা-এই তিন সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয় কোনো দেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্য কি না। যে কোনো দুটি সূচকে উত্তীর্ণ হয় অথবা মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হতে হয়। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এসব মানদণ্ড। এ বিষয়ে কোন দেশ উত্তীর্ণ হবে সে বিষয়ে চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের সিডিপি। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালে ত্রিবার্ষিক মূল্যায়নে সূচকে উত্তীর্ণ হয়েছে। সেগুলো হলো মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ সূচক (এইচএআই) এবং অর্থনীতি ঝুঁকিপূর্ণতা সূচক (ইভিআই)। ২০২১ সালে চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল ২০২৪ সালে বাংলাদেশের উত্তরণ হবে এলডিসি থেকে। বাংলাদেশের সর্বশেষ আবেদনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত অবস্থান কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। তবে করোনা পরবর্তী বৈশ্বিক বিপর্যস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘ ইতিবাচক সাড়া দেবে বলেই প্রত্যাশা।
