সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য বা কনটেন্ট প্রকাশের ঘটনা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে আবার সামনে এনেছে। রাজনৈতিক নেতা, তাঁর নীতি, সিদ্ধান্ত ও কর্মকা- নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ, সমালোচনা কিংবা তীব্র মতবিরোধ গণতান্ত্রিক সমাজে অস্বাভাবিক নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতার পরিসরে রাজনৈতিক ব্যঙ্গেরও একটি স্বীকৃত স্থান রয়েছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতা হিসেবে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হলেও তিনি সেটিকে মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই গ্রহণ করেছিলেন। এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক সমালোচনা ও ব্যঙ্গের প্রতি সহনশীলতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা যখন ব্যক্তিগত অপমান, অশ্লীলতা, পরিবারের সদস্যদের আক্রমণ, চরিত্রহনন কিংবা বিদ্বেষমূলক প্রচারে পরিণত হয়, তখন তা আর সুস্থ রাজনৈতিক সমালোচনার পর্যায়ে থাকে না। রাষ্ট্রের দায়িত্ব যেমন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, তেমনি সেই স্বাধীনতার নামে কারও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণœ করা কিংবা অশ্লীল ও অবমাননাকর ভাষার ব্যবহারও সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচায়ক হতে পারে না। বিশেষত দেশের নির্বাচিত নির্বাহী প্রধানকে ঘিরে রাজনৈতিক সমালোচনা যত কঠোরই হোক, তা শালীনতা ও দায়িত্বশীলতার সীমা অতিক্রম করলে সাধারণ মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে।
সাম্প্রতিক এসব ঘটনা তাই কোনো ব্যক্তি, পরিবার কিংবা রাজনৈতিক দলের বিষয়মাত্র নয়; বরং এগুলো আমাদের সামনে আরও বড় একটি প্রশ্ন হাজির করে, বাংলাদেশের রাজনীতিতে সমালোচনা, ব্যঙ্গ, প্রতিবাদ ও মতপার্থক্যের ভাষা কতটা শালীন, দায়িত্বশীল ও গণতান্ত্রিক হওয়া উচিত? গণতন্ত্র কেবল নির্বাচন, ভোটাধিকার কিংবা সংখ্যাগরিষ্ঠের শাসনের নাম নয়। একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি তৈরি হয় সংবিধান, আইনের শাসন, স্বাধীন প্রতিষ্ঠান, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের ওপর। কিন্তু এসব প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি আরেকটি বিষয় গণতন্ত্রকে স্থিতিশীল ও মানবিক করে তোলে- রাজনৈতিক শিষ্টাচার। রাজনৈতিক শিষ্টাচার বলতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে একমত হওয়া বোঝায় না।
বরং তীব্র মতপার্থক্যের মধ্যেও প্রতিপক্ষের রাজনৈতিক অধিকার, ব্যক্তিগত মর্যাদা এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান অবস্থানকে স্বীকার করাই এর মূল কথা। গণতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বিতর্ক থাকবে, প্রতিবাদ থাকবে, সরকারের কঠোর সমালোচনাও থাকবে; কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যদি ব্যক্তিগত শত্রুতা, অপমান, প্রতিহিংসা কিংবা সহিংসতায় পরিণত হয়, তাহলে গণতান্ত্রিক সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে। গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো, আজকের বিরোধী দল আগামী দিনের সরকার হতে পারে, আবার আজকের সরকার আগামী দিনে বিরোধী দলে যেতে পারে। তাই ক্ষমতা কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পত্তি নয়। যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়।
প্রধানমন্ত্রীকে নিয়মিত বিরোধী দলের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। কিন্তু একই সঙ্গে বিরোধী দলকে সাংবিধানিক রাজনৈতিক কাঠামোর অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঐরং গধলবংঃু’ং খড়ুধষ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ধারণাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিরোধী দল সরকারের বিরোধিতা করতে পারে, কিন্তু রাষ্ট্রের শত্রু হিসেবে তাকে দেখা হয় না। অর্থাৎ সরকারের সমালোচনা এবং রাষ্ট্রের বিরোধিতা এক বিষয় নয়। এই ধারণা বাংলাদেশের মতো সংসদীয় গণতন্ত্রের জন্যও গুরুত্বপূর্ণ। সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা হিসেবে দেখা কিংবা বিরোধী পক্ষের প্রতিটি কর্মকা-কে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করার প্রবণতা গণতান্ত্রিক পরিসর সংকুচিত করতে পারে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য বিশেষ গুরুত্ব বহন করে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যত কঠিনই হোক, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যক্তির নয়-সংবিধান ও জনগণের। বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে পরাজিত প্রার্থীর পড়হপবংংরড়হ ংঢ়ববপয রাজনৈতিক সংস্কৃতির একটি পরিচিত অংশ। নির্বাচনী ফলাফল নিয়ে আইনগত প্রশ্ন থাকলে আদালতের আশ্রয় নেওয়া যায়; কিন্তু রাজনৈতিক বিরোধকে অনির্দিষ্ট সংঘাতের দিকে ঠেলে দেওয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এর একটি স্মরণীয় উদাহরণ ২০০০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জর্জ ডব্লিউ. বুশ ও আল গোরের মধ্যে নির্বাচনী বিরোধ শেষ পর্যন্ত আদালতে গিয়েছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর আল গোর ফল মেনে নেন এবং দেশের ঐক্যকে অগ্রাধিকার দিয়ে বক্তব্য দেন। ঘটনাটি দেখায়, গণতন্ত্রে আইনি লড়াই করা এবং চূড়ান্ত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত মেনে নেওয়া পরস্পরবিরোধী নয়।
তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিজ্ঞতা একই সঙ্গে একটি সতর্কবার্তাও দেয়। নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে গভীর অবিশ্বাস সৃষ্টি হলে এবং রাজনৈতিক মেরুকরণ চরমে পৌঁছালে দীর্ঘদিনের গণতান্ত্রিক রীতিনীতিও চাপের মুখে পড়তে পারে। অর্থাৎ কোনো গণতান্ত্রিক সংস্কৃতিই স্থায়ীভাবে নিশ্চিত নয়; তাকে প্রতিনিয়ত রক্ষা করতে হয়। নিউজিল্যান্ডের রাজনৈতিক সংস্কৃতি দেখায় যে, নেতৃত্বের ভাষা গণতন্ত্রের পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি জাতীয় সংকটের সময় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সহযোগিতার বহু নজির সেখানে দেখা গেছে। রাজনৈতিক শিষ্টাচারের একটি বড় বৈশিষ্ট্য হলো, প্রতিপক্ষকে অপমান না করেও তার নীতির কঠোর সমালোচনা করা যায়।
একজন নেতা বলতে পারেন যে, প্রতিপক্ষের অর্থনৈতিক নীতি ভুল, পররাষ্ট্রনীতি ক্ষতিকর কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত ব্যর্থ; কিন্তু সেই সমালোচনা ব্যক্তিগত মর্যাদাহানি, পরিবার নিয়ে কটূক্তি বা বিদ্বেষমূলক ভাষায় পরিণত হওয়া প্রয়োজন নেই। গণতন্ত্রে ভাষা শুধু বক্তব্য প্রকাশের মাধ্যম নয়; ভাষা রাজনৈতিক পরিবেশও নির্মাণ করে। জার্মানির আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নাৎসি শাসনের ভয়াবহ অভিজ্ঞতার পর গড়ে উঠেছে। এ কারণে দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে সাংবিধানিক গণতন্ত্র, মানবমর্যাদা এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জার্মান রাজনীতিতে বিভিন্ন মতাদর্শের দল রয়েছে এবং তাদের মধ্যে তীব্র মতবিরোধও ঘটে। আবার প্রয়োজন হলে বিভিন্ন রাজনৈতিক দল জোট সরকার গঠন করে।
অর্থাৎ নির্বাচনে যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে তারাই আলোচনার টেবিলে বসতে পারে। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সমঝোতা সবসময় দুর্বলতা নয়। গণতন্ত্রে কখনো কখনো সমঝোতা রাষ্ট্র পরিচালনার অপরিহার্য পদ্ধতি। কানাডার রাজনৈতিক সংস্কৃতিতে ভাষা, অঞ্চল, জাতিগত পরিচয় ও অভিবাসনের বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এত বৈচিত্র্যের মধ্যেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য সহনশীল রাজনৈতিক আচরণ অপরিহার্য হয়ে উঠেছে। সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, বিরোধী দলের সমালোচনা করা কিংবা প্রাদেশিক স্বার্থ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করা- এসব গণতন্ত্রের স্বাভাবিক অংশ। রাজনৈতিক শিষ্টাচার এখানে মতপার্থক্য মুছে দেয় না; বরং মতপার্থক্যকে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে রাখে।
এই অভিজ্ঞতা বহুত্ববাদী সমাজগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্ম, ভাষা, জাতিসত্তা কিংবা রাজনৈতিক মতাদর্শের পার্থক্যকে রাষ্ট্রীয় ঐক্যের বিপরীত হিসেবে দেখার পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বৈচিত্র্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন। রাজনৈতিক শিষ্টাচারের আলোচনায় দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বর্ণবাদী শাসনের পর নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রক্ষমতায় এসে প্রতিশোধের রাজনীতির পরিবর্তে জাতীয় পুনর্মিলনের ওপর জোর দিয়েছিলেন। ম্যান্ডেলার রাজনৈতিক দর্শনের অন্যতম শক্তি ছিল, অন্যায়ের বিচার চাইতে হবে, কিন্তু একটি নতুন রাষ্ট্রকে স্থায়ী প্রতিহিংসার ওপর দাঁড় করানো যাবে না।
তাঁর নেতৃত্বে ঞৎঁঃয ধহফ জবপড়হপরষরধঃরড়হ ঈড়সসরংংরড়হ অতীতের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সত্য উদ্ঘাটন এবং জাতীয় পুনর্মিলনের একটি নতুন পথ অনুসন্ধান করে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা থেকে একটি গভীর শিক্ষা পাওয়া যায়: রাজনৈতিক বিজয়ের সবচেয়ে বড় পরীক্ষা হলো বিজয়ী পক্ষ পরাজিত বা দুর্বল পক্ষের সঙ্গে কেমন আচরণ করে। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত। অনেক সময় কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। ফলে সরকার গঠনের জন্য আলোচনা, সমঝোতা এবং জোট অপরিহার্য হয়। এই ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো একদিকে নিজেদের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার বাস্তবতার কারণে প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসে।
এখানে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সত্য স্পষ্ট হয়- ‘আমি শতভাগ ঠিক, তুমি শতভাগ ভুল’, এই মনোভাব নিয়ে দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনা কঠিন। সংসদ গণতন্ত্রের প্রধান বিতর্কের স্থান। সেখানে সরকারের প্রশংসার চেয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার বিরোধী দলের প্রশ্নের উত্তর দেওয়া সরকারের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ। সংসদে রাজনৈতিক শিষ্টাচারের অর্থ দুর্বল বিরোধিতা নয়। বরং তথ্য, যুক্তি ও নীতির ভিত্তিতে শক্তিশালী বিরোধিতা। ব্যক্তিগত কটূক্তি, অশালীন ভাষা, শারীরিক সংঘর্ষ কিংবা প্রতিপক্ষকে কথা বলতে না দেওয়া সংসদীয় গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন করে। একইভাবে সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে বিরোধী দলের কণ্ঠ অকার্যকর করে দেওয়াও সুস্থ সংসদীয় সংস্কৃতির লক্ষণ নয়।
বর্তমান সময়ে রাজনৈতিক শিষ্টাচারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি সামাজিক যোগাযোগমাধ্যম। আগে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য প্রধানত সভা, সংসদ বা সংবাদপত্রের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাত। এখন কয়েক সেকেন্ডের একটি ভিডিও বা একটি পোস্ট লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এর ফলে ভুল তথ্য, গুজব, চরিত্রহনন এবং বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অ্যালগরিদমভিত্তিক প্ল্যাটফর্ম অনেক সময় উত্তেজনাপূর্ণ বিষয়কে বেশি দৃশ্যমান করে। ফলে রাজনৈতিক মতপার্থক্য দ্রুত সামাজিক বিভাজনে রূপ নিতে পারে। এ কারণে একবিংশ শতাব্দীর রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে ডিজিটাল দায়িত্বশীলতাকেও যুক্ত করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য রাজনৈতিক শিষ্টাচার কোনো সৌজন্যমূলক অলংকার নয়; এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রয়োজন।
প্রথমত, রাজনৈতিক প্রতিপক্ষকে রাষ্ট্রের শত্রু হিসেবে উপস্থাপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একটি দল সরকারের বিরোধিতা করতে পারে, কিন্তু তাই বলে সেই দলের প্রত্যেক নেতা-কর্মী রাষ্ট্রবিরোধী, এমন ধারণা গণতান্ত্রিক নয়। দ্বিতীয়ত, নির্বাচনী জয়কে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার অনুমতি হিসেবে দেখা যাবে না। সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠনের অধিকার দেয়; কিন্তু সংখ্যালঘু মতকে অস্বীকার করার অধিকার দেয় না। তৃতীয়ত, রাজনৈতিক নেতাদের ভাষায় সংযম প্রয়োজন। নেতাদের বক্তব্য কর্মী-সমর্থকদের আচরণকে প্রভাবিত করে। ওপরের স্তরে অপমানের ভাষা স্বাভাবিক হয়ে গেলে নিচের স্তরে তা আরও আক্রমণাত্মক রূপ নিতে পারে। চতুর্থত, সংসদকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
রাজপথের আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও গুরুত্বপূর্ণ জাতীয় বিরোধ নিষ্পত্তির প্রধান প্রাতিষ্ঠানিক ক্ষেত্র হওয়া উচিত সংসদ। পঞ্চমত, নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে রাখার সংস্কৃতি শক্তিশালী করতে হবে। ষষ্ঠত, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চা প্রয়োজন। যে দল নিজের ভেতরে ভিন্নমত সহ্য করতে পারে না, তার পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে বহুমতকে সম্মান করা কঠিন। সপ্তমত, রাজনৈতিক সহিংসতা ও ‘মব’ সংস্কৃতিকে কোনো পক্ষের ক্ষেত্রেই গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত নয়।
অভিযোগ থাকলে তার তদন্ত হবে, অপরাধ থাকলে বিচার হবে; কিন্তু জনতার চাপ, অপমান, ভয় দেখানো কিংবা শারীরিক আক্রমণ আইনের বিকল্প হতে পারে না। একটি ভুল ধারণা প্রায়ই দেখা যায়- রাজনৈতিক শিষ্টাচার মানে নরম রাজনীতি বা অন্যায়ের সঙ্গে আপস করা। বাস্তবে বিষয়টি ঠিক বিপরীত। একজন রাজনীতিবিদ দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর হতে পারেন, সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করতে পারেন, লাখো মানুষ নিয়ে আন্দোলন করতে পারেন, আদালতে যেতে পারেন এবং নির্বাচনে সরকারকে পরাজিত করার চেষ্টা করতে পারেন। এসবের কোনোটিই রাজনৈতিক শিষ্টাচারের বিরোধী নয়। সীমারেখাটি অন্য জায়গায়: তিনি কি প্রতিপক্ষের মানবিক মর্যাদা অস্বীকার করছেন? সহিংসতায় উৎসাহ দিচ্ছেন? মিথ্যা তথ্য ছড়াচ্ছেন? আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করছেন?
ভিন্নমত প্রকাশের অধিকার অস্বীকার করছেন? এই প্রশ্নগুলোর উত্তরই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির মান নির্ধারণ করে। গণতন্ত্রের সৌন্দর্য এই নয় যে, সেখানে সবাই একই কথা বলে। বরং তার সৌন্দর্য হলো, মানুষ সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেও একই রাষ্ট্রে সমান নাগরিক হিসেবে বসবাস করতে পারে। যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক বিরোধী দল, যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য, জার্মানির সমঝোতাভিত্তিক রাজনীতি, কানাডার বহুত্ববাদ, ভারতের নির্বাচনী অভিজ্ঞতা, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর জোট ও আলোচনার সংস্কৃতি এবং নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার পুনর্মিলনের দর্শন আমাদের একই মৌলিক শিক্ষা দেয়- গণতন্ত্র টিকিয়ে রাখতে শক্তিশালী প্রতিষ্ঠান যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন গণতান্ত্রিক আচরণ ও সহনশীলতার সংস্কৃতি।
একটি পরিণত গণতান্ত্রিক সমাজে সরকার বিরোধী দলকে ভয় পাবে না; বিরোধী দলও সরকারকে শত্রু হিসেবে বিবেচনা করবে না। নির্বাচনী বিজয় প্রতিশোধের উৎসবে পরিণত হবে না, আবার পরাজয়ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করার কারণ হবে না। সমালোচনা ব্যক্তিগত অপমানে নামবে না, রাজনৈতিক বিরোধ পরিবার বা ব্যক্তিগত জীবনকে আক্রমণের উপলক্ষ হবে না এবং মতপার্থক্যের কারণে কোনো নাগরিকের নিরাপত্তা, স্বাধীনতা বা মর্যাদা হুমকির মুখে পড়বে না। রাজনৈতিক শিষ্টাচারের সবচেয়ে সহজ সূত্র তাই হতে পারে- নীতির বিরুদ্ধে কঠোর হওয়া যায়, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন হওয়া যায়, কিন্তু মানুষের মর্যাদার বিরুদ্ধে যাওয়া যায় না।
বাংলাদেশে একটি স্থিতিশীল, অংশগ্রহণমূলক ও দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হলে শুধু রাজনৈতিক দল বা নেতাদের দায়িত্বশীল হলেই চলবে না; সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের চর্চা গড়ে তুলতে হবে। রাজনৈতিক কর্মী-সমর্থক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, লেখক-বুদ্ধিজীবী, পেশাজীবী, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক- সবার মধ্যেই ভিন্নমতকে সম্মান করার মানসিকতা তৈরি হওয়া প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে নাগরিক সচেতনতা আরও জরুরি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে অশ্লীল ভাষা ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন, মিথ্যা তথ্য ও গুজব প্রচার কিংবা প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করার প্রবণতা পরিহার করতে হবে।
মতপ্রকাশের স্বাধীনতা যেমন গণতন্ত্রের অপরিহার্য অধিকার, তেমনি সেই স্বাধীনতা দায়িত্বশীলভাবে প্রয়োগ করাও গণতান্ত্রিক নাগরিকতার অংশ। তাই গণতন্ত্রকে শুধু নির্বাচনকেন্দ্রিক একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে দেখলে চলবে না; গণতন্ত্রকে প্রতিদিনের সামাজিক ও নাগরিক আচরণে চর্চা করতে হবে। পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল থেকে সংসদ, গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সর্বত্র সহনশীলতা, সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আইনের প্রতি আস্থার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। নাগরিকদের বুঝতে হবে, ভিন্নমত গণতন্ত্রের দুর্বলতা নয়; বরং ভিন্নমতকে শান্তিপূর্ণভাবে ধারণ করার সামর্থ্যই একটি গণতান্ত্রিক সমাজের শক্তি। মূলত রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠার দায়িত্ব কোনো একটি দল বা পক্ষের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সচেতন নাগরিক সমাজ, দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব এবং নিয়মিত গণতন্ত্রচর্চার সমন্বয়েই বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে, যেখানে মতের লড়াই থাকবে, কিন্তু মর্যাদার অবমাননা থাকবে না; প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না; বিরোধিতা থাকবে, কিন্তু সহিংসতা থাকবে না। এটাই একটি সুস্থ, মানবিক ও পরিণত গণতন্ত্রের প্রত্যাশিত পথ।
লেখক : রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, Email : drsaiful@du.ac.bd
