একটি জাতির সাফল্যের পথ মূলত টেকসই শান্তি ও সমৃদ্ধির কৌশলের ওপর নির্ভর করে, আর এই সাফল্য কিছু মৌলিক উপাদানের ওপর নির্ভরশীল। কিছু উপাদান জন্মগত বা স্বাভাবিকভাবে প্রাপ্ত, আবার কিছু উপাদান সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তুলতে হয়। যেমন— ইতিহাস, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, আদর্শ, ভাষা, সংস্কৃতি ও শিক্ষা হলো জন্মগত বা অন্তর্নিহিত উপাদান। অন্যদিকে রাজনীতি, সংবিধান (সুশাসন ও আইনের শাসনের জন্য), অর্থনৈতিক উন্নয়ন, শক্তিশালী সামরিক বাহিনী, গণমাধ্যম ও কূটনীতি— এসব গড়ে তুলতে হয় একটি জাতির টেকসই শান্তি ও উন্নয়নের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— একটি জাতির প্রকৃত সাফল্যে রাজনৈতিক নেতৃত্বই প্রধান ভূমিকা পালন করে।

বাংলাদেশের জন্ম পাকিস্তানের একটি উপজাত ফল (by-product)। ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পেছনের ইতিহাসকে মূলত একটি রাজনৈতিক ফলাফল হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ভারত একটি মুখ্য ভূমিকা পালন করে এবং পাকিস্তান ভেঙে দিয়ে তার বহুদিনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে।

এটা বিশ্বাস করা হয় যে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছিল— অন্তত তাদের প্রধান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু (১৯৬২) পর্যন্ত। কিন্তু দলের ভেতরের বামপন্থি গোষ্ঠীগুলো ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে এবং ভারতের প্রত্যক্ষ সহায়তায় দলের কর্মসূচিতে প্রভাব বিস্তার করতে শুরু করে।

শেখ মুজিব পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের অধিকার আদায়ে আন্তরিক ছিলেন, তবে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেন। এই ভ্রান্ত প্রচারণা দ্রুত সফল হয় এবং তিনি পূর্ব পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৬৬ সালে ছয় দফা দাবি ঘোষণার মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় এবং তিনি পূর্ব পাকিস্তানের মানুষের মুখপাত্রে পরিণত হন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয় তাকে সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের ওপর সামরিক অভিযান শুরু হলে পরিস্থিতি ভয়াবহ রাজনৈতিক সংকটে রূপ নেয়, যা পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেখ মুজিবের অনুপস্থিতিতে কিছু উগ্রপন্থি গোষ্ঠী ভারতে আশ্রয় নেয় এবং ভারতের সহায়তা কামনা করে। ভারত এই সুযোগকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পাকিস্তান ভাঙার উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের আন্দোলনকে সমর্থন দেয়।

যদিও বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, কিন্তু আনুষ্ঠানিক বিজয় লাভ করেছে ভারত এবং ইতিহাসে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর ফলে ভারতের সরাসরি সামরিক সহায়তায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানচিত্রে একপ্রকার আধা-স্বাধীন (quasi-independent) রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

স্বাধীনতার প্রথম দিন থেকেই ভারতের প্রভাব ও আধিপত্য শুরু হয়, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসা পর্যন্ত অব্যাহত ছিল।

বাংলাদেশ তখন এমন এক মহান নেতার শাসন প্রত্যক্ষ করে, যিনি ছিলেন একজন সৈনিক থেকে রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়কে পরিণত হওয়া ব্যক্তি। সময়টা স্বল্প হলেও জিয়াউর রহমানের শাসনামলে জাতি নিজেকে নিরাপদ ও সুখী মনে করেছিল।

তিনি কেন সফল হয়েছিলেন— তা গভীর গবেষণার বিষয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ধরনের গবেষণা করার আগ্রহ বা সক্ষম প্রতিষ্ঠান নেই। তিনি যে পথ অনুসরণ করেছিলেন, সেটিই আজও সাফল্যের রোল মডেল হিসেবে বিবেচিত।

জেনারেল এরশাদ জিয়াউর রহমানের কিছু কৌশল অনুসরণ করে আংশিকভাবে সফল হন, কিন্তু গণতন্ত্রবিরোধী অবস্থানের কারণে তিনি অজনপ্রিয় হয়ে পড়েন এবং ১৯৯০ সালের ডিসেম্বরে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং গণতন্ত্রের প্রকৃত নেত্রীতে পরিণত হন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশার আলো দেখা দিলেও বিরোধী দলনেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সরকার ও গণতন্ত্রের বিরোধিতা করেন। ফলে গণতন্ত্র শুরুতেই সংকটে পড়ে।

দেশের গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে বেগম খালেদা জিয়া চাপের মুখে নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে সম্মত হন।

১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনটি নির্বাচন তিনটি ভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। কিন্তু ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন।

তিনি তার পিতা শেখ মুজিবের মতোই গণতন্ত্র ও সুশাসনের শত্রু হিসেবে আত্মপ্রকাশ করেন, যিনি ১৯৭৫ সালের জানুয়ারিতে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন। শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেন।

২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের শুধু ফ্যাসিবাদ থেকে নয়, ভারতের আধিপত্য থেকেও মুক্ত করেছে।

গণতন্ত্র একমাত্র উপায় নয় শান্তি, সুশাসন ও নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। একাধিক উপকরণ একসঙ্গে কাজ করতে হয়। এই ক্ষেত্রে জিয়াউর রহমানের শাসন আমাদের জন্য একটি আদর্শ উদাহরণ।

তিনি জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, “বাংলাদেশি জাতীয়তাবাদ” নামক নতুন জাতীয় পরিচয় দেন, অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলেন, প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং একই সঙ্গে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখেন।

সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি ইসলামী মূল্যবোধকে যথাযথ গুরুত্ব দেন এবং মেধাবী মানুষদের রাষ্ট্র পরিচালনায় যুক্ত করেন— যা ছিল তার সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি। তিনি বাংলাদেশের মূল সমস্যাগুলো চিহ্নিত করে যুক্তরাষ্ট্র, চীন, মুসলিম বিশ্ব, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। শত্রুকে দূরে রাখতে সক্ষম হলেও তিনি নিজের জীবন রক্ষা করতে পারেননি— ভারতের সামরিক এজেন্টদের হাতে নিহত হন। ২০২৪ সালের জুলাই বিপ্লব আবারও জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

আজ কোনো দেশ একা টিকে থাকতে পারে না। আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও ভারতের প্রভাব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা।

একটি নিরাপদ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক অপরিহার্য। ইসলামী ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে জনগণ-থেকে-জনগণের সম্পর্ক জোরদার করতে হবে। প্রকৃত ইসলামী মূল্যবোধ সমাজে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে পারে।

একটি জাতির সাফল্য নির্ভর করে তার মেধাবী মানুষের ওপর। জিয়াউর রহমান ভাগ্যবান ছিলেন— দক্ষ সিএসপি কর্মকর্তা ও পেশাদার সামরিক অফিসার পেয়েছিলেন। আজ আমরা সেই মেধাবী মানুষ থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া জাতীয় সাফল্য অসম্ভব। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও পেশাদার হতে হবে, বিশেষ করে নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অরাজনৈতিক ও পেশাদার সেনাবাহিনী গড়তে সময় ও ধৈর্য প্রয়োজন।

বর্তমান সংকটময় মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

প্রফেসর ড. এস. কে. আকরাম আলী এক্সিকিউটিভ ডিরেক্টর সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি, ঢাকা