এবারের ঈদে প্রাণহানির সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর নিহত হয়েছিলেন ২৪৯ জন। এবার ঈদের ছুটির ১০ দিনে নিহত হয়েছেন ২৭৪ জন; মতান্তরে ৩৯৪। যদিও সংখ্যা দিয়ে দুর্ঘটনার ঘনঘটা বা ভয়াবহতা কোনোটাই মাপা যায় না। তারপরও একে একটা সূচক দাঁড় করানো হয়। ঈদের আগে-পরে গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো দেখলেই বোঝা যায় আমাদের বিপদাপন্নের হকিকত আর ক্ষমাহীন উদাসীনতার চক্কর।

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে মৃত্যু বেড়ে পাঁচ। ‘চোখের সামনেই পাঁচ মৃত্যু, মানুষ উদ্ধারে না এসে মোবাইলে ছবি তুলছিল’ (নিজস্ব প্রতিনিধি, একাত্তর টিভি, জামালপুর মার্চ ২০)। ঈদে বেড়াতে গিয়ে ড্রামের তৈরি সাঁকো ভেঙে যখন শিশুরা টুপটাপ জলে পড়ে খাবি খাচ্ছিল তখন নিষ্ঠুর দর্শক সেই মর্মান্তিক দৃশ্যের ছবি তুলতে ব্যস্ত ছিল। ড্রামের ওপর কাঠের ভাসমান সাঁকোটি ২০১৬ সালে প্রথমে নির্মাণ করা হয়। ২০২২ সালে সেটিকে উপযুক্ত নকশাবিদের পরামর্শ ছাড়াই স্টিল কাঠামো দিয়ে পুনর্নির্মাণ করা হয়। তবে ঈদের আগে কাছাকাছি একটি ইকো পার্কে যাতায়াত সহজ করতে সেটি মেরামতের নামে রংচং করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

দৌলতদিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৬, কারণ খুঁজছে কর্তৃপক্ষ (একাত্তর টিভি, দৌলতদিয়া ঘাট, মার্চ ২৬)। দৌলতদিয়া ট্র্যাজেডি একই রকম উদাসীনতার হদিস দেয়, যখন খবর আসে ‘কর্তৃপক্ষ’ দুর্ঘটনার কারণ খুঁজছে। শুনে মনে হবে, এ রকম দুর্ঘটনা এই প্রথম ঘটল। গাড়ি ফেরিতে ওঠার সময় সব যাত্রীর গাড়ি থেকে নেমে যাওয়ার যে বাধ্যতামূলক রেওয়াজ ছিল, সেটির শানে নুজুল ছিল বারবার এ ধরনের ফেরি দুর্ঘটনা। সমকালসহ অন্যান্য সংবাদপত্রে প্রকাশিত গত ১০ বছরের খবরাখবর ঘেঁটে দেখা যায়, উল্লিখিত সময়ে কমপক্ষে ১০টি উল্লেখযোগ্য ফেরি দুর্ঘটনায় বাস/ট্রাক/ কাভার্ড ভ্যান নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। প্রতিবার তদন্ত কমিটি করে কারণ খোঁজা হয়। আবার সবাই সব ভুলে গিয়ে পকেট-পাঠে মন দেয়। তাড়াহুড়া, ফেরিতে ওঠার প্রতিযোগিতা, গাড়ি থেকে যাত্রী নামিয়ে ফেরিতে গাড়ি ওঠানোর বাধ্যবাধ্যকতা, ফেরিতে সহজ অবতরণ এবং নির্গমন পথ, চালকের দক্ষতা, অভিজ্ঞ ফেরিকর্মী নিয়োগ ইত্যাদি অত্যাবশ্যকীয় বিষয় ঢাকা পড়ে যায়। অতএব আমরা আরেকটা দুর্ঘটনার অপেক্ষায় থাকি! আমাদের অমনোযোগিতা, অসাবধানতা, বেপরোয়া ভাবের কারণেও দুর্ঘটনা ঘটে ব্যাপক। সাম্প্রতিক এই তিনটি খবর সে কথাই বলছে– কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ (মার্চ ২২); বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত (মার্চ ১৮) এবং পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় (২৯ মার্চ)।

পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে হত্যাকাণ্ডের শ্রেণিবিন্যাস করা হয়। পরিকল্পিত হত্যাকে বলে প্রথম-ডিগ্রির হত্যা। পরিকল্পনা ছিল না কিন্তু ইচ্ছাকৃত হত্যাকে দ্বিতীয়-ডিগ্রির হত্যা। এ ছাড়া স্বেচ্ছাকৃত নরহত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা, চরম বেপরোয়া হত্যা, ন্যায্য বা বৈধ হত্যা। বাংলাদেশে হত্যা আলাদা ‘ফার্স্ট ডিগ্রি/সেকেন্ড ডিগ্রি’ নামে ভাগ করা হয় না। সেভাবে ভাগ করার ব্যবস্থা থাকলে ট্রেন আর ফেরি দুর্ঘটনাগুলো অকপটে ‘চরম বেপরোয়া হত্যা’ বলা যেত। বাংলাদেশ দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী ‘কালপেবল হমিসাইড’ এবং ‘মার্ডার’– এসব ধারণার ভিত্তিতে ধারা অনুযায়ী শ্রেণিবিভাগ করা হয়েছে। যেমন ধারা ২৯৯-এর ভিত্তি কালপেবল হমিসাইড; ধারা ৩০০ কখনও তা ‘মার্ডার’ হয়। ধারা ৩০২ হত্যার শাস্তি। ধারা ৩০৪ হত্যাকাণ্ড না ঘটলে কী হবে এবং ধারা ৩০৪ (এ) অবহেলায় মৃত্যু।

উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী পরলোকগত এস.আর. পালকে জিজ্ঞাসা করা হলে তিনি এই লেখককে সহজ করে বলেছিলেন, সাধারণত ‘খুন’ (মার্ডার) এবং ‘অপরাধজনক নরহত্যা’ (কালপেবল হমিসাইড) শুনতে একই মনে হলেও আইনের দৃষ্টিতে এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সব অপরাধজনক নরহত্যাই খুন নয়, তবে প্রতিটি খুনই এক ধরনের অপরাধজনক নরহত্যা। সে অন্য এক আলোচনা। তবে ধারা ৩০৪-এ অবহেলাজনিত মৃত্যুকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আমলে নেওয়া হয়েছে। যদিও শাস্তি সামান্য অপরাধ প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই। দম থাকলে দায় আর দরদের যে কোনো পাহারাদার আদালতে যেতে পারেন; শাস্তি চাইতে পারেন এসব গাফেল বা অবহেলাকারীদের। আদালতও স্বতঃপ্রণোদিত হয়ে রেল আর ফেরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মহাজনদের তলব করতে পারেন।

এ দেশে বড়রা আহত-নিহত হলে যত হা-হুতাশ, মিটিং-মিছিল, মানববন্ধন হয়; শিশুদের বেলায় তা একেবারেই অনুপস্থিত। তাদের মৃত্যুও নিবন্ধিতও হয় না। প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে কাতারে কাতারে শিশু পানিতে ডুবে মারা গেছে। মা-বাবার একশ ফুট দূরত্বের মধ্যে দিনদুপুরে এসব ঘটনা ঘটেছে। এই কেয়ারলেসদের কী হবে? সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ, ঈদের ছুটিতে অর্থাৎ ১৪ দিনে মোট ৪৫ শিশু পানিতে ডুবে মারা গেছে। একসঙ্গে দুজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে মোট ৮টি এবং একসঙ্গে ৫ জন মারা যাওয়ার ঘটনাও আছে। বাথরুমে রাখা পানির বালতিতে ডুবে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। শিশু সুরক্ষার প্রশ্নে কেউ কি আদালতের দরজায় দাঁড়াবেন? শিশুর কষ্ট লাঘবের জন্য যারা কাজ করেন, মন্ত্রণালয়-দপ্তর চালান তাদের কোনো হোলদোল দেখি না। বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুর এখনও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ পানিতে ডুবে যাওয়া।

হামে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। মার্চ মাসের ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। কে যেন কাকে তাই ফাঁসি দেবেন বলেছেন। এসব লোকপ্রিয় বাতচিত বাদ দিয়ে কাজের কাজে আমাদের মনোযোগী হওয়া উচিত। সংসদে পয়েন্ট অব অর্ডার হোক। অবশ্য সংবিধান যদি বাধা না হয়ে দাঁড়ায়, তবেই।

গওহার নঈম ওয়ারা: লেখক ও গবেষক wahragawher@gmail.com