নির্ভীক বিচারপতি, অকুতোভয় ভাষাসৈনিক এ এফ এম আবদুর রহমান চৌধুরীর খ্যাতি ও পরিচয় কারো অজানা নেই। তিনি ছিলেন জাতির বিবেক, দেশপ্রেমিক জাতিগোষ্ঠির অভিভাবকতুল্য এবং জাতীয় ঐক্য-সংহতি, রাষ্ট্রীয় অখ-তা, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্ত্রপ্রহরী। আবদুর রহমান চৌধুরী ১৯২৬ সালের ১ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এবং ১১ জানুয়ারি ২০১৯ ইন্তেকাল করেন। সেই হিসাবে চলতি বছর ২০২৬ সালটি হচ্ছে তার জন্ম শতবার্ষিকীর বছর। তিনি ছিলেন একাধারে খ্যাতিমান আইনজ্ঞ, ভাষাসৈনিক, মানবাধিকার ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর, অনলবর্ষী বক্তা, সুলেখক, বিচক্ষণ বিচারপতি। তিনি বহুসংখ্যক ঐতিহাসিক রায় রেখে গেছেন; যা প্রজন্ম পরম্পরায় গুরুত্বপূর্ণ আইনি দলিল তথা অমূল্য সম্পদ। তিনি অপসংস্কৃতির আগ্রাসন, দুঃশাসন-অপশাসন এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে আজীবন সোচ্চারকণ্ঠ ছিলেন তার হাতে গড়া সংগঠন ‘লিবার্টি ফোরামে’র মাধ্যমে। নতুন প্রজন্ম এমন বড়মাপের এবং খাঁটি দেশপ্রেমিক স্মরণীয়-বরণীয় বটবৃক্ষদের ভুলে গেলে কিংবা প্রকৃত ইতিহাস-ঐতিহ্য থেকে প্রজন্মকে ভুলিয়ে দূরে সরিয়ে রাখলে তা হবে জাতির জন্য নেহাৎ দুর্ভাগ্যজনক। প্রকৃত ইতিহাস মেলে ধরেই জাগিয়ে তুলতে হবে প্রজন্মকে।

বিচারপতি আবদুর রহমান চৌধুরীর কর্মময় জীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ এবং বৈচিত্র্যময়। তিনি বরিশালের জমিদার খান বাহাদুর মো. অবদুল লতিফ চৌধুরীর পুত্র; যিনি ‘কাউন্সিল অফ স্টেট অফ ইন্ডিয়া’ এবং ‘বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল’-এর সদস্য ছিলেন। তিনি ঢাকার সেন্ট ফ্রান্সিস স্কুল থেকে জুনিয়র কেমব্রিজ এবং ১৯৪২ সালে বরিশাল জেলা স্কুল থেকে স্টার-মার্কস নিয়ে প্রথম বিভাগে ইংরেজিতে প্রথম স্থান অর্জনের জন্য ‘ডি-সিলভা’ স্বর্ণপদক অর্জন সহকারে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি পাস করেন। ১৯৪৬ সালে মুসলিম লীগের গণভোটের সংগঠক হিসেবে সক্রিয় অংশ নেন। ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে এমএ; এলএল.বি ডিগ্রি লাভ করেন।

আবদুর রহমান চৌধুরী ১৯৪৮-৪৯ সেশনে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি ছিলেন। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ১৯৪৮ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী খানকে যে অভ্যর্থনা স্মারকলিপি প্রদান করা হয়, ইংরেজিতে লিখিত সেই ঐতিহাসিক দলিলের তিনি ছিলেন রচয়িতা। তিনি ভাষা আন্দোলনের স্থপতি চট্টগ্রামের কৃতিসন্তান প্রিন্সিপাল আবুল কাসেমের ঘনিষ্ঠজন ছিলেন। ভাষার দাবিতে অনুষ্ঠিত প্রথম সভায় ও মিছিলে তিনি অংশ নেন, বক্তব্য রাখেন। ১৯৪৮ সালে ভারতে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় ছাত্র-যুব সম্মেলনে তিনি তৎকালীন পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে তিনি তৎকালীন পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

একই বছরে তিনি ঢাকা হাইকোর্টে আইনবিদ হিসেবে যোগদান করেন এবং ১৯৭৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ১৯৬৬-১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এবং ১৯৬৯ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৯ সালে তিনি ন্যাশনাল শিপিং কর্পোরেশনের পরিচালক নির্বাচিত হন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ১৯৮৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকেন। তৎকালীন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন লড়াকু সৈনিক বিচারপতি চৌধুরীকে শেষ পর্যন্ত সরকারের রোষানলে পড়ে চাকরি হারাতে হয়।

তিনি ১৯৭৭-৭৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তখন বাংলাদেশ প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। জাপানের মতো শক্তিশালী দেশকে পরাজিত করে বাংলাদেশের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বিচারপতি চৌধুরী মুখ্য ভূমিকা পালন করেন। দেশের আদর্শ সচেতন বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবীকে নিয়ে তিনি ‘লিবার্টি ফোরাম’ প্রতিষ্ঠা করেন এবং প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। বিচারপতি চৌধুরী ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্সের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি বসনিয়া সলিডারিটি ফ্রন্টের প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। তিনি আঞ্জুমানে মফিদুল ইসলামের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রশনে তিনি নিযুক্ত হন এবং আমৃত্যু ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। বিচারপতি চৌধুরী ভাষা আন্দোলনের একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাকে বাংলাদেশের বিবেক বলা হতো। সত্য ও ন্যায়ের কথা সোচ্চার কণ্ঠে নির্ভয়ে যারা বলে গেছেন বিচারপতি চৌধুরী তাদের অন্যতম। সঠিক সময়ে সঠিক কথা বলার অদম্য সাহস ছিল এ অসাধারণ ব্যক্তিত্বের। এ সাহস সবার থাকে না। বহু বিশাল ব্যক্তিত্বকেও অন্যায়ের সাথে, মিথ্যার সাথে আপোষ কিংবা আত্মসমর্পণ করতে দেখা যায়। বিচারপতি চৌধুরী ছিলেন এ ক্ষেত্রেও সম্পূর্ণ ব্যতিক্রম। এ জন্যই তার প্রতি জাতির এতোই শ্রদ্ধাবোধ ও গভীর ভালোবাসা। রোগাক্রান্ত অবস্থায়ও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বলে গেছেন সত্যের কথা, দেশপ্রেম, ইমান, ইসলাম, স্বাধীনতা ও মানবাধিকারের কথা। চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আফগানিস্তানসহ দেশে-বিদেশে সকল প্রকার নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। আজীবন তিনি ছিলেন স্বাধীনচেতা ব্যক্তিত্ব, সত্য ও ন্যায়ের সাধক।

ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন সত্য উচ্চারণে উদ্দীপ্ত। কর্মজীবনেও তিনি একজন সফল আইনবিদ ও পরবর্তীতে সফল বিচারপতি হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখেন। বিচারপতি হিসেবে তার প্রদত্ত রায়সমূহে তার সূক্ষ্ম মেধা-মনন, বিচক্ষণতা, যুক্তিবোধ, ইনসাফ ও সত্য-নিষ্ঠতারই পরিচয় মেলে। বিচারপতি হিসেবে তিনি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ব্যাপারে যথা- বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আদালত অবমাননা, সাংবিধানিক ব্যাখ্যা, চাকরি আইন, ফৌজদারী আইন, সরকারি আমলার ভাড়া বাড়ি সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক রায়ের মাধ্যমে সততা, দক্ষতা, দূরদর্শিতা, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। এসব রায় আইনবিদ ও বিচারকদের জন্য অমূল্য সম্পদ।

১৯৭৫-১৯৮৩ সালের ডিএলআর-এ তার বহু গুরুত্বপূর্ণ রায় নজির হিসেবে আছে। শুধুমাত্র ১৯৮২ ইংরেজির ডিএলআরএ তার ১৫টি গুরুত্বপূর্ণ মামলার রায় নজির হিসেবে লিপিবদ্ধ আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল তখন তার একই বেঞ্চে সহকারী বিচারপতি ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে রক্ষীবাহিনী নিয়ে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। বিচারপতি আবদুর রহমান চৌধুরী কর্তৃক প্রদত্ত এক মামলার রায়ে রক্ষীবাহিনীর আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটে। ১৯৭৪ সালে তিনি রক্ষীবাহিনীর বিরুদ্ধে একটি রায় ঘোষণা করে চাঞ্চল্যের সৃষ্টি করেন। (চলবে)

লেখক: আইনবিদ, কলামিস্ট, সুশাসন ও মানবাধিকারকর্মী।