বাংলাদেশে সরকারি-বেসরকারি ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে প্রায় ৬৭.৫ মিলিয়ন মানুষ চাকরি বা কাজ করেন। তাদের মধ্যে অনেকই বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা ও সেবা খাতে কর্মরত। তাদের ৯৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে- কৃষি, ছোট ব্যবসা ও নির্মাণ শ্রমিকের কাজ করেন। রাজস্ব খাতে কাজ করেন মাত্র ৫ শতাংশ নাগরিক। এই পাঁচ শতাংশ সরকারি চাকরিজীবীর জন্য বিশাল বেতন কাঠামোর আয়োজন হয়েছে। বিদ্যমান বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করেছে ৯ম পে-কমিশন। প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে এমন এক সময়ে, যখন দেশ উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংকট, বৈদেশিক মুদ্রার চাপ ও দারিদ্র্য বৃদ্ধির বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।

এই বাস্তবতায় কমিশনের সুপারিশ শুধু সরকারি কর্মচারীদের জীবনমান নয়, পুরো অর্থনীতি ও সমাজের ওপর যে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে-এ ব্যাপারে সন্দেহ নেই। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ, বেতন-ভাতা ১০০-১৪৭ শতাংশ পর্যন্ত বাড়বে। এতে সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়বে- এ যুক্তি যথার্থ। গত এক দশকে নিত্যপণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় যে হারে বেড়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো যে অপ্রতুল, তাও অস্বীকার করা যায় না।\r\nবর্তমান বেতন কাঠামোয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে রাষ্ট্রের ব্যয় বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

কমিশনের সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় তবে প্রয়োজন হবে আরও অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা। প্রশ্ন হলো, এই বিশাল বেতন বৃদ্ধির মূল্য কে দেবে? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিপুল অর্থ আসবে কোথা থেকে? কর বাড়িয়ে? ঋণ নিয়ে? নাকি উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ কমিয়ে? সেখানে এই অতিরিক্ত ব্যয় মানে কার্যত বাজেটের ওপর এক ভয়াবহ চাপ- এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই।\r\nসরকারি চাকরি বাংলাদেশে এখনো সবচেয়ে নিরাপদ ও নিশ্চিত জীবনযাত্রার মাধ্যম। নিয়মিত বেতন, উৎসব ভাতা, পেনশন, চিকিৎসা সুবিধা- এসব বহুমাত্রিক সুবিধা দেশের অধিকাংশ বেসরকারি কর্মজীবী কিংবা দিনমজুর শ্রেণি কল্পনাও করতে পারে না। আমরা মনে করি, ৯ম পে কমিশনের এই প্রস্তাবিত বেতন কাঠামো দেশের বর্তমান আর্থসামজিক বাস্তবতার নিরিখে এক উচ্চাভিলাষী ভাবনা। এটি ঘোষণার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের দাম হুহু করে বেড়ে যাবে। পণ্য মূল্যের লাগাম টানাও সম্ভব হবে না। ফলে সামাজিক বৈষম্য আরও বাড়াবে। একজন দিনমজুর বা পোশাকশ্রমিক যখন ন্যূনতম মজুরি দিয়েই টিকে থাকার লড়াই করছে, তখন রাষ্ট্রীয় অর্থে একটি শ্রেণির জীবনমান হঠাৎ দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়ে যাওয়ার নৈতিক প্রশ্নও তোলে বিবেকের কাছে। বাংলাদেশে দুর্নীতি, অদক্ষতা ও জবাবদিহির অভাব দীর্ঘদিনের সমস্যা। আমরা মনে করি, এখানেই গরিব মানুষের স্বার্থ প্রশ্নের মুখে পড়ে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ এখনো দারিদ্র্যসীমার কাছাকাছি বা নিচে বসবাস করছে। যদি সরকারি বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর জন্য সামাজিক খাতে বরাদ্দ সংকুচিত হয়, তবে রাষ্ট্র কার্যত গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে তুলনামূলক সুবিধাভোগী একটি শ্রেণিকে আরও শক্তিশালী করবে, যা প্রত্যাশিত নয়।