মার্কিন সেনাবাহিনীর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পরে ইরানের অস্থিরতাকালে ওয়াশিংটনের হস্তক্ষেপের হুমকি পশ্চিমা বিশ্বে উগ্র ইউক্রেনপন্থি মহলে উৎসাহের জোয়ার সৃষ্টি করেছে। সরল যুক্তি হলো, মস্কোর মিত্ররা দুর্বল হলে রাশিয়াও দুর্বল হয়ে পড়ে। যদিও তিনি অতীতে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করেছিলেন; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ডেমোক্রেটিক পূর্বসূরিদের ছড়িয়ে দেওয়া ‘রেজিম চেঞ্জ’ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের জ্বরে নতুনভাবে আক্রান্ত।
এ পরিস্থিতি সবচেয়ে বেশি মনে করিয়ে দেয় বিপ্লব রপ্তানির কথা, যা ছিল রেড আর্মির জনক লিও ট্রটস্কির নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার একটি স্বল্পস্থায়ী নীতি। এর ফলে ইউরোপজুড়ে হাঙ্গেরি, বাভারিয়া ও লাতভিয়ায় বেশ কয়েকটি বলশেভিকপন্থি সরকার গড়ে ওঠে। তাদের কোনোটিই বেশিদিন স্থায়ী হয়নি।
বলশেভিকদের এসব কম পরিচিত বিপ্লব প্রকল্পগুলোর একটি ছিল পারস্যে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। ১৯২০ থেকে ১৯২১ সালের মধ্যে কাস্পিয়ান সাগরের তীরে ইরানের গিলান প্রদেশে এটা টিকে ছিল। ধারণাটি ছিল সর্বহারা বিপ্লবকে ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত রেড বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং তার স্থানীয় মিত্ররাও দ্রুত উৎখাত হয়। এক শতাব্দী পর ইরান আবারও নিজেকে বিপ্লবী রপ্তানির গন্তব্যস্থল হিসেবে দেখতে পায়। আর এখন সেখানে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবাজরা ইউক্রেনের বিক্ষোভের মতোই কিছু উস্কে দেওয়ার নেপথ্যে কাজ করছে। ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণযোগ্য নয় বললে অতিরঞ্জন হবে না। এর বিরুদ্ধে প্রতিরোধও স্বাভাবিক। তবে মার্কিন ও ইসরায়েলি হস্তক্ষেপের ক্রমাগত হুমকি একদিকে এ বিক্ষোভের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ এবং অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা থেকে রাষ্ট্রের বাঁচার শক্তির উৎস হিসেবে কাজ করছে বলে মনে হয়। ইরানিরা তাদের দেশকে আরেকটি সিরিয়া বা লিবিয়ায় রূপান্তরিত করার ঝুঁকির চেয়ে কোনটা ভালো, তা ভালোভাবেই জানে।
ইরানের পুরো বিংশ শতাব্দীর ইতিহাস হলো রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নসহ বাইরের শক্তির বিরুদ্ধে অবিরাম প্রতিরোধের। ইরান সেই জায়গা, যেখানে সোভিয়েত ও পশ্চিমা স্বার্থ প্রায়ই মিলে যায়। যেমন– ১৯৫৩ সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেগের বিরুদ্ধে অভ্যুত্থান এবং ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বিরুদ্ধে তাদের যৌথ বিরোধিতা; আবার ইরান-ইরাক যুদ্ধে ইরাকি পক্ষকে তাদের সমর্থন দান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত মেয়াদের শেষের দিকেই তেহরান ও মস্কো একটি অস্থায়ী জোট গঠন করে, যা আরও দৃঢ় হয় যখন ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের শুরুতে ইরান রাশিয়াকে গুরুত্বপূর্ণ ড্রোন প্রযুক্তিতে সহায়তা দেয়।
ইরান, রাশিয়া ও চীনের ঐতিহাসিক পরিক্রমায় একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। এই তিনটি রাষ্ট্রই দীর্ঘদিন ধরে টিকে থাকা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম, যেখানে পশ্চিমা শক্তিগুলো ইতিহাসের বিভিন্ন পর্যায়ে উপনিবেশ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। তিনটি রাষ্ট্রের কর্তৃত্ববাদী প্রবণতাকে পশ্চিমা হুমকির বিরুদ্ধে ক্রমাগত সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা বলে মোটাদাগে ব্যাখ্যা করা যেতে পারে। তবে এই তিন রাষ্ট্রের মধ্যে রাশিয়ার ভূমিকা সবচেয়ে অস্পষ্ট। কারণ পশ্চিমাদের সঙ্গে তার দ্বন্দ্ব সত্ত্বেও এটি সেই ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে একটি, যারা ইরান ও চীন উভয়েরই ভূখণ্ডের অংশে উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছিল।
ইরানের বর্তমান প্রতিকূলতার প্রতি ইউরোপকেন্দ্রিক মস্কোর মনোভাবই এতে ধরা পড়ে। পুতিন সরকার এককভাবে একটি প্রকল্পের ওপর মনোযোগ দিয়েছিল। আর তা হলো ইউক্রেন যুদ্ধে জয়লাভ, যাকে তারা পশ্চিমাদের সঙ্গে একটি প্রক্সি সংঘাত হিসেবে দেখে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রাশিয়ার সামরিক অভিযান পুতিনের জন্য কেবল ততক্ষণ গুরুত্বপূর্ণ, যতক্ষণ পর্যন্ত সে সেখানকার পশ্চিমা সম্পদে ভাগ বসাতে পারে। এর মধ্য দিয়ে ক্রেমলিনের জন্য অতিরিক্ত ব্যবসায় ও অন্যান্য সুবিধা তৈরি করা যায়। ইরান, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার শাসকদের সঙ্গে রাশিয়ার পরিস্থিতিগত জোট একই শ্রেণিভুক্ত। মস্কোর শাসকদের পক্ষের মতাদর্শিকরা জার আলেকজান্ডার তৃতীয়র উক্তি হিসেবে ব্যবহৃত এই কাল্পনিক বাক্যাংশটি আওড়াতে বেশ পছন্দ করেন– ‘রাশিয়ার কেবল দুটি মিত্র আছে। সেনাবাহিনী ও নৌবাহিনী।’ এই দৃষ্টিভঙ্গি থেকে রাশিয়ার মিত্র ও দুর্বল দেশগুলোর শাসন ব্যবস্থা পারমাণবিক পরাশক্তির বৈশ্বিক খেলায় কেবল সহজবোধ্য দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নয়।
লিওনিদ রাগোজিন: লাতভিয়ার শহর রিগার ফ্রিল্যান্স সাংবাদিক; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
