সাইবার অপরাধের শিকার নারীদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দিতে পুলিশের একটি বিশেষ সেবা রয়েছে। ২০২০ সালে চালু হওয়া এই সেবার নাম পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন (পিসিএসডব্লিউ)। পুলিশের ওয়েবসাইটে এটির হটলাইন, ইমেইল ও ফেসবুক পেজের ঠিকানা দেওয়া আছে। কিন্তু পেজটিতে গিয়ে অভিযোগকারীদের কিছু মন্তব্য পড়লে প্রশ্ন জাগে, সহায়তা চেয়ে সবাই কি প্রত্যাশিত সাড়া পাচ্ছেন?

যেমন একটি পোস্টে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলসহ যে কোনো ডিজিটাল হয়রানির শিকার হলে প্রমাণ সংরক্ষণ করে মেসেঞ্জার বা হটলাইনে যোগাযোগ করতে হবে। পোস্টটির নিচে একজন মন্তব্য করেছেন– হয়রানির শিকার হয়ে সব ধরনের প্রমাণ দেওয়ার পরও তিনি কোনো উপকার পাননি। জবাবে পেজের পক্ষ থেকে বলা হয়েছে, কী ধরনের আইনি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং কিছু অপরাধের ক্ষেত্রে থানায়, কিছু ক্ষেত্রে আদালতে মামলা করতে হয়। আরেকজন লিখেছেন, বিপদে পড়ে অনেকবার বার্তা দিয়েও কাজ হয়নি।

ইতিবাচক অভিজ্ঞতাও রয়েছে। সেবাটি চালুর পরপর বিডিনিউজ২৪ ‘সাইবার অপরাধ: নারীর ভরসা হয়ে উঠছে পিসিএসডব্লিউ’ শিরোনামে প্রতিবেদন করেছিল। সেখানে এক নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়। তিনি পিসিএসডব্লিউর ফেসবুক পেজে মন্তব্য করে জানিয়েছিলেন, নিজের সঠিক তথ্য দেওয়ার এক ঘণ্টার মধ্যে পরামর্শ ও সহযোগিতা পেয়েছিলেন। পেজটিতেও কেউ কেউ অপরাধীর আইডি ব্লক করাসহ বিভিন্নভাবে উপকৃত হওয়ার কথা জানিয়েছেন।

পেজটির অনুসারীর সংখ্যা বর্তমানে তিন লাখের বেশি। তবে মন্তব্যের ঘরে সেবাপ্রাপ্তি নিয়ে অসন্তোষও কম নয়। অবশ্য ফেসবুকের মন্তব্য থেকে পুরো সেবার কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। অভিযোগকারীদের অভিজ্ঞতা খতিয়ে দেখার প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না।

এমন পরিস্থিতিতে অনলাইনে কুরুচিপূর্ণ ও হয়রানিমূলক মন্তব্যকারীদের পরিচয় শনাক্ত করে ছবি ও পরিচয়সহ প্রকাশের বেসরকারি একটি উদ্যোগ নজর কেড়েছে; প্রায় এক বছর আগে যাত্রা করা ফেসবুক গ্রুপটির নাম ‘নো মোর সাইলেন্স’। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে গ্রুপটির কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গ্রুপ-সংশ্লিষ্টদের দাবি, নারীর উদ্দেশে হেনস্তামূলক কমেন্টের অভিযোগে তারা প্রায় ১৫০ জনের পরিচয় শনাক্ত ও প্রকাশ করেছেন। ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে অভিযোগের তথ্য তাদের কর্মস্থলে পাঠানোর ফলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে বা সতর্ক করেছে। গ্রুপটি নিয়ে মূলধারার সংবাদমাধ্যমে খবর প্রকাশের চার দিনের মাথায় সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৬০ হাজারে পৌঁছেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রুপটির মডারেটর দুজন নারী। তাদের একজন কলেজপড়ুয়া। সীমিত জনবল নিয়েও ‘নো মোর সাইলেন্স’ গ্রুপের সক্রিয়তার বিপরীতে পুলিশের বিশেষায়িত ফেসবুক পেজটির ‘নিষ্ক্রিয়তা’ দৃশ্যমান; ১২ এপ্রিল থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত নতুন পোস্ট চোখে পড়েনি।

ফেসবুকে হেনস্তা প্রতিরোধে গড়ে ওঠা নাগরিক উদ্যোগগুলোর পরিচয় ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার প্রশ্নও সামনে এসেছে। গত শুক্রবার ‘নো মোর সাইলেন্স’ জানায়, একই নামে খোলা একটি নতুন ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নতুন পেজটির বেআইনি কর্মকাণ্ডের দায় তারা নেবে না। সামাজিকভাবে জবাবদিহি নিশ্চিত করতে গিয়ে ভুল ব্যক্তির পরিচয় প্রকাশ কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিও রয়েছে। অভিযোগ যাচাই না করে কাউকে হয়রানিমূলক মন্তব্য করার অভিযোগে শনাক্ত করলে নির্দোষ ব্যক্তিও হয়রানির শিকার হতে পারেন। আর কেবল বেসরকারি উদ্যোগে নির্ভর করে অনলাইন হয়রানির প্রতিকার নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন কার্যকর সরকারি ব্যবস্থা, সহজে অভিযোগ জানানোর সুযোগ এবং মানুষের আস্থা।

এই প্রেক্ষাপটে অনলাইন হয়রানির ঘটনায় নারীদের অভিযোগ জানানোর প্রবণতা এবং আইনি পদক্ষেপ গ্রহণের বাস্তবতা বোঝাও জরুরি। অনেক ভুক্তভোগী মামলা বা সাধারণ ডায়েরি করার চেয়ে সামাজিক মাধ্যমের আইডি বন্ধ করা কিংবা আধেয় মুছে ফেলতে বেশি আগ্রহী। অনেক ভুক্তভোগী নিজেদের পূর্ণাঙ্গ পরিচয়ও জানাতে চান না। ভুক্তভোগীদেরও জানতে হবে, প্রাতিষ্ঠানিক সহায়তার পাশাপাশি কী করে অভিযোগ জানাতে হয়। অনলাইনে কেউ অশ্লীল মন্তব্য করলে, যৌন হয়রানি বা ব্ল্যাকমেইল করলে কিংবা ব্যক্তিগত ছবি বিকৃত করে ছড়িয়ে দিলে শুধু প্রতিবাদ করেই থেমে থাকতে হবে; এমন নয়। প্রথমে মন্তব্য, পোস্ট ও প্রোফাইলের লিঙ্ক, স্ক্রিনশট, তারিখসহ প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করা দরকার। এরপর নিকটস্থ থানায় অভিযোগ করা যায়। পিসিএসডব্লিউ ইউনিটের হটলাইন ০১৩২০-০০০৮৮৮, ইমেইল এবং ফেসবুক পেজেও যোগাযোগ করা যায়। আইনি সহায়তার জন্য ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করা যেতে পারে।

তবে সাইবার অপরাধের বিরুদ্ধে আইন থাকা, আর তার কার্যকর প্রয়োগ এক কথা নয়। আইনের প্রয়োগ নিশ্চিতে ভুক্তভোগী যেন অভিযোগ জানাতে গিয়ে নতুন করে অপমানিত না হন; তার ব্যক্তিগত তথ্য যেন অযথা ছড়িয়ে না পড়ে এবং অভিযোগের যথাযথ অনুসন্ধান হয়– এসবও গুরুত্বপূর্ণ।

কয়েকটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি সরকারের কাছে– নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা ও হয়রানি রোধে অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ ও নারীবান্ধব করা যায় কি? অভিযোগের ভিত্তিতে আইনসম্মত ব্যবস্থা, যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভিযুক্তকে জবাবদিহির ব্যবস্থা জোরদার করা যায় কি? ইন্টারনেট ব্যবহারের নিরাপদ আচরণ ও অনলাইন হয়রানির প্রতিকার সম্পর্কে সচেতনতামূলক প্রচার কি বাড়ানো যায়? ডিজিটাল হয়রানি মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে কবে?

অভিযোগ জানানোর সুযোগ আছে– এটুকুই যথেষ্ট নয়। মানুষ যেন সে সুযোগ কাজে লাগিয়ে বাস্তব প্রতিকার পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এখন জরুরি।

রোকেয়া রহমান বর্ণা: ফ্রিল্যান্স সাংবাদিক