অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন সৈয়দা রিজওয়ানা হাসান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সরকারি দপ্তর, বিশেষ করে সচিবালয়ের মতো নীতিনির্ধারণের কেন্দ্রস্থলে তিনি প্লাস্টিকের পানির বোতল ব্যবহারে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু নতুন সরকার গঠনের পরপরই এরই মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করতে দেখা গেছে।

বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জবাবদিহির ব্যাপারে সবসময় জোরালো প্রশ্ন ওঠে। অনেকে লোক দেখানো দায়িত্ব পালন করেন, আবার কেউ কেউ বড় দায়িত্বে থেকে গোড়ায় পানি না ঢেলে আগায় ঢালেন। ফলে সমাধান তো হয়ই না, বরং সমস্যা আরও জটিল রূপ নেয়। দেশে প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টিও অনেকটা তেমন। প্রতিদিন কোটি কোটি প্লাস্টিকের পানির বোতল তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে, সেখানে সরকারি কিছু অফিসে নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে সেটি আমরা সহজেই বুঝতে পারি, তবুও সদ্য বিদায়ী পরিবেশ উপদেষ্টা পদক্ষেপটি নিয়ে চেষ্টা করেছিলেন। সাধারণত গোড়ার সমস্যা গোড়াতে গিয়েই সমাধানের চেষ্টা করতে হয়, যা এ ক্ষেত্রে হয়নি।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। এরই মধ্যে তারা সচিবালয়ে একবার ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করতে শুরু করেছে, যা পরিবেশের ব্যাপারে অঙ্গীকারের ধারাবাহিকতা নিয়ে বড় প্রশ্ন তোলে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে খাল খনন, গাছ রোপণসহ বহু পরিবেশ সুরক্ষামূলক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা কতটা তারা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি তারা পরিবেশ সুরক্ষার প্রতি আন্তরিক হতো, তাহলে এই ধারাবাহিকতা রাখলেই পারত, কিন্তু তারা তা করেনি। আজ সেখানে মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুষ্ঠান ও ইফতার আয়োজনে বোতলজাত পানি ব্যবহারের পুনরাবৃত্তি নীতিগত পশ্চাদপসরণ বলেই প্রতীয়মান হয়।

বাংলাদেশ প্লাস্টিক দূষণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। নগরে জলাবদ্ধতা, নদনদীর দূষণ, সমুদ্র উপকূলে মাইক্রোপ্লাস্টিকের বিস্তার–সবই বহুল আলোচিত। সরকার বিভিন্ন সময়ে প্লাস্টিক নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎপরতায় সচিবালয়সহ কয়েকটি সরকারি স্থাপনায় প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ জনগণ ইতিবাচকভাবে দেখেছে। কিন্তু এরই মধ্যে মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে প্লাস্টিক ব্যবহার শুরু হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কাচের জগে বিশুদ্ধ পানি, পুনর্ব্যবহারযোগ্য বোতল, ওয়াটার ডিসপেনসার–এসব তো অচেনা সমাধান নয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান কাচের বোতল ও গ্লাস ব্যবহার করে। সরকারি দপ্তরগুলোতে মানসম্মত, পুনর্ব্যবহারযোগ্য পাত্র সরবরাহ করা কঠিন হওয়ার কথা নয়; দীর্ঘ মেয়াদে এটি ব্যয়সাশ্রয়ীও বটে।

আরেকটি দিক হলো চারপাশে বার্তা দেওয়া। সচিবালয়ে যা ঘটে, সেটিই অন্য দপ্তর, অধিদপ্তর ও মাঠ প্রশাসনের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। যদি কেন্দ্রেই শিথিলতা দেখা যায়, তবে জেলা-উপজেলায় কঠোরতা বজায় রাখা দুরূহ হবে। ফলে একটি ইতিবাচক উদ্যোগ ধীরে ধীরে কাগুজে সিদ্ধান্তে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়। পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নে ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি; আর অনিয়মিত প্রয়োগ

সবচেয়ে বড় দুর্বলতা। সচিবালয়সহ সব সরকারি দপ্তরে একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের বিষয়ে হালনাগাদ নির্দেশনা প্রকাশ করা উচিত। দ্বিতীয়ত, বিকল্প ব্যবস্থার মান ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার হলো পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বয় কমিটি গড়ে তোলা, যারা শুধু মন্ত্রণালয়ের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দেশের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা হাতে নেবে। তবে বাজারে সরবরাহ থাকলে সেটি স্বাভাবিকভাবেই ভোক্তার কাছে আসবে। তাই গোড়ায় কাজ না করা পর্যন্ত স্থায়ী সমাধান আসবে না।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল