বিগত দুবছরে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান শোনা গেছে বিস্তর। পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি ছবিতে দেখা যাচ্ছে, ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের সামনে ভিসাপ্রত্যাশীর বিশাল লাইন। এত বাগাড়ম্বর, স্লোগানের ভিড়ে শেষ পর্যন্ত সেই ভারত-নির্ভরতা। শেষ পর্যন্ত সেই পাশের দেশই ভরসা। তার মানে, আমরা এই নির্ভরতা কমাতে সচেষ্ট নই বললেই চলে এবং আমাদের স্লোগানগুলো কেবলই রাজনৈতিক।
রাষ্ট্র এবং তার জনগণ যদি সদিচ্ছা পোষণ করে, ধীরে হলেও স্বাবলম্বিতা অর্জন সম্ভব। আমরা দেখেছি বাংলাদেশে গরুর মাংসের জন্য ভারত-নির্ভরতা ছিল প্রবল। দেশটি বিভিন্ন সময় নানা কারণে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ফলে আস্তে আস্তে এ দেশেই গবাদি পশুর খামার স্থাপন একটি শিল্পে রূপ নেয়। এখন বলা চলে, বাংলাদেশ এ ক্ষেত্রে বিরাট সফলতা পেয়েছে। এই সফলতার পেছনে রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্ব আরোপ এবং জনগণের চেষ্টা বড় ধরনের কাজ করেছে।
এবার একটু যুক্তরাষ্ট্রের দিকে তাকাই। অন্তর্বর্তী সরকারের সময় থেকে মার্কিন মুল্লুক বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে মিডিয়ায় আলোচনা-সমালোচনা হচ্ছে বৈ কি! তবে এ নিয়ে রাষ্ট্রের তরফ থেকে তেমন কোনো ব্যাখ্যা নেই বললেই চলে। যেটি সাধারণের মাঝে আরও প্রশ্নের উদ্রেক করে। পত্রপত্রিকার খবরে দেখা যাচ্ছে, চুক্তি অনুসারে অনেক খাদ্যপণ্য, যা মার্কিন মুল্লুক থেকে আমদানি করা হচ্ছে, তা কাছের দেশগুলো থেকে আমদানি করা পণ্যের মূল্য থেকে অনেক বেশি। এমনও দেখা যাচ্ছে, দেশ যখন অর্থনৈতিক মন্দার মাঝ দিয়ে যাচ্ছে তখন অনেক টাকা ব্যয়ে এ সময়ের জন্য গুরুত্বপূর্ণ নয় এমন কিছু দ্রব্য, সরঞ্জামও মার্কিন মুল্লুক থেকে আমদানির উদ্যোগ নিতে হচ্ছে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর ক্রমাগত যে শুল্ক আরোপ করে যাচ্ছে, তা থেকে রেহাই পেতেও এমন চুক্তিতে বাংলাদেশ সম্মত হয়েছে বলে অনেক সময় শোনা গেছে। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও ক্রমাগত শুল্ক আরোপ বেড়েই চলেছে। এত কিছুর পর সাধারণে এমন প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি আমরা ভারতের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার দিকে ঝুঁকছি?
বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরতা একটি স্বাভাবিক ব্যাপার। বিশ্বের প্রতিটি দেশ কোনো না কোনোভাবে একে অন্যের ওপর নির্ভরশীল। কিন্তু নিজেদের উৎপাদন না বাড়িয়ে; অবকাঠামোর উন্নয়ন না করে একদিকে শুধু নির্ভরশীলতা, অন্যদিকে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন আমাদের দেশের চিকিৎসাক্ষেত্রের পশ্চাৎপদতা নিয়ে অনেক কথা হয়। কিন্তু দিন শেষে আমাদের নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, বিত্তশালী, রাজপথে স্লোগানধারীরা ছোটখাটো শারীরিক সমস্যা হলেও বিদেশের চিকিৎসা ব্যবস্থার শরণাপন্ন হন। এমন অবস্থায় স্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন আশা করা যায় কীভাবে? এমন উদাহরণ শিক্ষা, কৃষিসহ অধিকাংশ ক্ষেত্রের জন্যও প্রযোজ্য। আমরা মিছিল-স্লোগানে উচ্চকিত কণ্ঠে ঢাকাকে প্রাধান্য দিয়ে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ধ্বনি তুলি। কিন্তু সেটি কি মনেপ্রাণে ধারণ করি? তাহলে এই যে আন্দোলন-সংগ্রাম-অভ্যুত্থানসহ নানান কিছু ঘটল, এর পরও এ দেশের টাকা অবৈধ পথে আগের চেয়েও বেশি হারে কীভাবে সুইস ব্যাংকে গিয়ে জমা হলো? তাই আমরা যতদিন পর্যন্ত নিজের দেশের জন্য নিবেদিতপ্রাণ না হবো, ততদিন ওয়াশিংটন বা দিল্লি অথবা অন্য কোথাও থাকবে আমাদের দৃষ্টি; কোনোদিন ঢাকাপ্রধান প্রাণ হয়ে উঠবে না।
এ এস এম সাইফুল্লাহ: অধ্যাপক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
