মতপ্রকাশ স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রধান ভিত্তি। এই মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রাষ্ট্রের জবাবদিহিতার প্রধান উপায়ও। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকারই স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারে। দার্শনিক ভলতেয়ার বলেছেন, ‘তোমার মতের সঙ্গে আমি হয়ত একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাব।’ তাঁর চিন্তাধারা আজও সমাজ ও রাষ্ট্রের জন্য দারুণভাবে প্রাসঙ্গিক।

মতপ্রকাশের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। যখন গণমাধ্যম অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারে, তখন তা সমাজের লুকানো সত্য, অবিচার ও অপশাসনের চিত্র জনসমক্ষে তুলে ধরে এবং সচেতন ও সক্রিয় জনমত গড়ে তোলে। এই জনমতই দুর্নীতি, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, সমাজবিরোধী শক্তিগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রের শুদ্ধিকরণ প্রক্রিয়াকে এগিয়ে নেয়। মতপ্রকাশ হলো একজন ব্যক্তির বা সম্প্রদায়ের চিন্তা, ভাবনা, ধারণা, অনুভূতি ও বিশ^াসকে প্রকাশ করার স্বাধীন অধিকার। ভাষা হলো মতপ্রকাশের মূল ভিত্তি। মানুষের অন্তর্নিহিত চিন্তা ও অভিজ্ঞতাকে বাইরে আনার প্রক্রিয়া, যা সাধারণত ভাষার মাধ্যমে ঘটে।

মৌখিক, লিখিত বা অন্য যেকোনো সৃজনশীল মাধ্যমেও প্রকাশ হয়। মতপ্রকাশের মাধ্যমে মানুষ রাষ্ট্র-সমাজে নিজের অংশীদারিত্ব, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে মতামত প্রদান করে এবং সমাধান ও পরিবর্তনের জন্য সংলাপ গড়ে তোলে। ভাষার মাধ্যমে ব্যক্তির স্বাধীনভাবে ভাব প্রকাশ করাই মতপ্রকাশের প্রাণ, যা সমাজকে সচেতন, সংহত ও প্রগতিশীল করে তোলে। সংবাদপত্রের স্বাধীনতা হলো একটি গণতান্ত্রিক সমাজের অবিচ্ছেদ্য অংশ, যেখানে সংবাদমাধ্যম কোনো রাষ্ট্রীয় বা শাসকীয় হস্তক্ষেপ ছাড়াই তথ্য উদ্ঘাটন ও প্রচার করতে পারে। সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের পেশাগত অধিকার, জনগণের তথ্য জানার অধিকার এবং রাষ্ট্রের কার্যক্রমের উপর নাগরিক তদারকি প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম।

সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করলে তা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্রের নির্বাহী, আইনসভা ও বিচারব্যবস্থার উপর নজরদারি নিশ্চিত করে। একটি স্বাধীন সংবাদপত্রের মাধ্যমে, জনগণ তাদের সঠিক এবং বাস্তব তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারে, যার মাধ্যমে রাষ্ট্রের প্রতি জবাবদিহিতা সৃষ্টি হয়। বাংলাদেশের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এবং মত প্রকাশের স্বাধীনতা’ শিরোনামে স্পষ্টভাবে বলা হয়েছে, সকল নাগরিকের থাকবে বাক্স্বাধীনতা, মুদ্রণ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং অন্যান্য তথ্য প্রচার-মাধ্যমের স্বাধীনতা। তবে, এই স্বাধীনতা কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতার আওতায় আসে।

সংবিধান অনুযায়ী, সংবাদপত্রের স্বাধীনতা আইনের সাপেক্ষে কিছু যুক্তিসংগত বাধা আরোপ করতে পারে, যেমনÑ রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক এবং ব্যক্তিগত সম্মান রক্ষা ইত্যাদি। যদিও এই সীমাবদ্ধতাগুলো নীতিগতভাবে যুক্তিসংগত, কিন্তু অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যেই এসব ব্যবহৃত হয়। গণতন্ত্র জনগণের মতামত, অধিকার, স্বাধীনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়। এর ভিত্তি হলো ক্ষমতায়ন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, জবাবদিহিতা ও মানবাধিকার সংরক্ষণ। গণতন্ত্র শুধু ক্ষমতার হাতবদল নয়, এটি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। মৌলিক চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান না হলে গণতন্ত্র অর্থবহ হয় না। সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি। গণতান্ত্রিক শাসনে সরকারের বৈধতা নির্ভর করে জনগণের ভোটের ওপর। জনগণের মতামতের ভিত্তিতেই সরকার গঠিত হয় ও পরিবর্তিত হয়। জনগণের স্বার্থ উপেক্ষিত হলে জনতাই ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করেÑ এটাই গণতন্ত্রের ধারাবাহিকতা ও নিয়ম। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন টেকসই হয় না।

মতপ্রকাশের স্বাধীনতার দমন বা হরণ প্রসঙ্গে বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক চিন্তাধারারকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাইÑ মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, সমগ্র সমাজের নৈতিক ও বৌদ্ধিক বিকাশের জন্য অপরিহার্য। লিবারেল দার্শনিকদের মতে, যেমন জন লক, জঁ জ্যাক রুসো ও মিল, মানুষের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার মৌলিক এবং অঙ্গীকার যোগ্য। তারা দেখান যে, মতপ্রকাশের দমন কেবল ব্যক্তির স্বাধীনতা সীমিত করে না, বরং মানবাধিকারের মৌলিক লঙ্ঘন সৃষ্টি করে। মুক্ত মতপ্রকাশ মানুষের চিন্তা ও সামাজিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ। সংবিধান নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিলেও রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, শালীনতা এবং অপরাধ প্ররোচনার মতো শর্ত আরোপ করেছে। তবে এসব শর্তের ব্যাখ্যা ও প্রয়োগ সরকার নির্ভর, যা অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন সমর্থনকে উসকানি হিসেবে গণ্য করা বা ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্যপ্রযুক্তি আইন সাংবাদিকতার স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে। সেল্ফ সেন্সরশিপের কারণে সাংবাদিকরা অনেক বিষয় প্রকাশ্যে বলতে পারছেন না। ইউরোপের তুলনায় বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা অনেক বেশি শর্তাধীন, যেখানে ইউরোপীয় কোর্ট সুনির্দিষ্ট ও গণতান্ত্রিক আইন প্রণয়নে গুরুত্ব দেয়।

বাংলাদেশে, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানে ‘গণমাধ্যমের স্বাধীনতা’ কেবল সাংবাদিকদের লেখার অধিকার নয়, এটি জনগণের ‘সত্য জানার অধিকার’। কিন্তু নানা সময় সরকারের বা ক্ষমতাশালী গোষ্ঠীর পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হয়। লাইসেন্স নিয়ন্ত্রণ, বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য, তথ্য প্রাপ্তিতে বাধা, বা ডিজিটাল আইনের অপব্যবহার। প্রকৃত স্বাধীন সংবাদপত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন একজন সাংবাদিক কোনো ধরনের ভয় বা চাপ ছাড়াই সত্য প্রকাশ করতে পারবেন। এটি একটি জাতির সুশাসন ও নৈতিক বিকাশের ভিত্তি। যেখানে মানুষ নিজের মতপ্রকাশ করতে ভয় পায়, সেখানে সৃজনশীলতা ও উদ্ভাবন থেমে যায়। তরুণরা প্রশ্ন তুলতে বা নতুন ধারণা প্রকাশ করতেও আগ্রহ হারায়। বিশ^বিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান কিংবা মিডিয়াÑসব জায়গায় এক ধরনের আত্মনিয়ন্ত্রণ তৈরি হয়। সমাজ ভয়ে স্তব্ধ হয়ে যায়, যেখানে সত্য প্রকাশের বদলে তোষণ আর ভ-ামিই টিকে থাকে। সবাই জানে সমস্যার কথা, কিন্তু কেউ মুখ খোলে না। এতে সমস্যাগুলো আরও গভীর হয় এবং রাষ্ট্রের সংকট অনিবার্য হয়ে ওঠে।

দুর্নীতি, অর্থ পাচার, কালোবাজারি, মাফিয়া এবং সন্ত্রাস মোকাবিলার জন্য মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গণতন্ত্র এবং ন্যায়ের মূল ভিত্তি। মতপ্রকাশের স্বাধীনতা সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, যা রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করে। যদি গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে এটি সমাজের প্রকৃত সত্যগুলো উন্মোচন করতে সক্ষম হয় এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী জনমত তৈরি করে। ফলে দুর্নীতি এবং সন্ত্রাসের মতো সমাজবিরোধী কর্মকা-ের শিকড় উপড়ে ফেলা সহজ হয়। তাই একটি সুশাসিত রাষ্ট্র গঠনে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য শর্ত।

মতপ্রকাশের স্বাধীনতার সব ধরনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। চিন্তা, বিবেক ও বিশ^াস প্রকাশের স্বাধীনতার মুক্তি ব্যতীত সমাজে মানসিক স্বাধীনতা ও সহনশীলতা সীমিত হয়ে পড়ে। তথ্য পাওয়ার ও তথ্য প্রচারে সংবাদপত্রের স্বাধীনতা অভাব থাকলে সমাজে গুজব ও বিভ্রান্তি বৃদ্ধি পায়। শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের স্বাধীনতা রাষ্ট্রকে জনগণের দাবির প্রতি জবাবদিহি করতে বাধ্য করে। সংগঠন গঠনের স্বাধীনতা নাগরিকদের শক্তি মিলিয়ে রাষ্ট্র ও নীতি প্রভাবিত করার সুযোগ দেয়। অ্যাকাডেমিক স্বাধীনতা গবেষক, শিক্ষক ও ছাত্রদের গবেষণার নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবন নিশ্চিত করে। সকল ধরনের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সমৃদ্ধ ও দায়িত্বশীল অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার মাধ্যমে তাঁর অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শন ব্যক্ত করেছেন, যার মূল উদ্দেশ্য হলো কাউকে বাদ না দিয়ে সকলকে রাষ্ট্রীয় অধিকার, সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের সমান অংশীদার করা এবং সকলকে সমাজের মূল¯্রােতে নিয়ে আসাই আগামী দিনের রাজনীতি।

লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক sk.rafiq1982@gmail.com