সব ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর স্বদেশে পা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আগামীর কান্ডারি। তারেক রহমানের দেশের আসার কথা চলছিল ২০২৪ সালের আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই। কিন্তু নানান বাস্তবতায় দেশে আসতে তাকে অপেক্ষা করতে হয়েছে অন্তত দেড় বছর। কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল তার নিরাপত্তার সংকট।

যার নিরাপত্তা নিয়ে এত জল্পনা কল্পনা সেই তারেক রহমান এমন সময় দেশে ফিরছেন যখন দেশে সত্যিই নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় আততায়ীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদিকে হত্যচেষ্টায় জড়িতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে। জানা গেছে, তারা পতিত আওয়ামী লীগের নেতাকর্মী। এই হত্যাচেষ্টার আগে আওয়ামী লীগের একটি পরিকল্পনা মির্টিংয়ের অডিও হাতে এসেছে গোয়েন্দাদের। যেখানে বলাই হয়েছে ১১ ডিসেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে আওয়ামী লীগের শ্যুটার টিম। তাদের কাজ হবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। যা নির্বাচন বানচালেরই বৃহৎ ষড়যন্ত্রের অংশ।

হাদি হত্যাচেষ্টার সেই মিটিংয়ের অডিও বলছে, পরিকল্পনার নেতৃত্বে থাকা ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে ধারনা করা হচ্ছে হাদির আততায়ীরাও ইতোমধ্যে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতেই। এ কারণে ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হাদিভক্ত তরুণ সমাজ। যার প্রেক্ষিতে তরুণদের প্রতিবাদের মুখে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলবও করেছে সরকার। খুনি ও তাদের নির্দেশদাতাদের ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ক্ষোভও প্রকাশ করা হয়েছে ভারতের কাছে। অপরদিকে হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় সমাবেশ থেকে ভারতকে লক্ষ্য করে নানান উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন দেশের তরুণ রাজনীতিবিদরাও। যা ক্ষুব্ধ করেছে ভারতকে। ভারতও দিল্লির বাংলাদেশ হাইকমিশনারকে তলব করেছে।

দুই দেশের সরকার পর্যায়ের এই উত্তেজনার মধ্যে সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের পাশাপাশি ভারতের সাবেক এক সেনা কর্মকর্তাও তাদের পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ বলে জানিয়ে পোস্ট করেছে। সরাসরি বলা হয়েছে, হাদির পরিণতি বরণ করতে যাচ্ছেন হাসনাতও। কিভাবে হাসনাতকে গুলি করা হবে সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমেই। যা নিয়ে ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশেও। মোটকথা এখন এমন একটা সময় যখন বাংলাদেশ-ভারত চরম উত্তেজনাকর একটা মুহূর্ত চলছে। যা যে কোনো মুহূর্তে বড় কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে।

এই যখন পরিস্থিতি তখন দেশে আসার সুনির্দিষ্ট তারিখ ও সময় প্রাকশ করেছেন তারেক রহমান। নিশ্চয় এটা অসামান্য সাহসী সিদ্ধান্ত। কিন্তু আছে উচ্চ ঝুঁকিও। দেশের ফ্যাসিবাদবিরোধী মোটামুটি প্রতিটি মানুষেরই জানা, গত ১৭ বছর আওয়ামী লীগের আপ্রাণ চেষ্টা ছিল তারেক রহমান যেন আর কখনো দেশে ফিরে বিএনপির হাল ধরতে না পারেন। কথিত আছে, এটি শুধু আওয়ামী লীগের নয় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এরও বড় এজেন্ডা। কারণ ভারত তারেক রহমানকে তাদের জন্য ঝুঁকি মনে করে। অন্তত গত ১৭ বছরে স্পষ্ট হয়েছে ভারত এদেশে জিয়া পরিবার এবং জামায়াতকে কখনোই বিশ্বাস করতে বা বন্ধু মনে করতে পারে না। একারণে এই দুই দলকে যেভাবেই হোক দমিয়ে রাখাই ছিল তাদের মূল এজেন্ডা।

কিন্তু ভারত যাদের দমিয়ে রাখতে চেয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার দ্বারপ্রান্তে সেই দুই দলই। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে সরকার কিংবা বিরোধী দল কোনোটিতেই ভারতের আস্থাভাজন কেউ আসার খুব একটা সুযোগ দেখা যাচ্ছে না। তাই যেভাবেই হোক আসন্ন নির্বাচন বানচাল করতে তাদের প্রচেষ্টা থাকবেই। এর মধ্যে আবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সেই দেশেই পলাতক। তারা চায় যে কোনোভাবে দেশে প্রবেশের একটা সুযোগ। সম্প্রতি দলটির পলাতক নেতাদের বিভিন্ন বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে নির্বাচন বানচাল করতে প্রয়োজনে দেশকে যতটা অস্থিতিশীল করা যায় তা করতে আদালজল খেয়ে প্রস্তুত আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রতিপক্ষ যখন মরণকামড় দিতে সন্ত্রাসী কায়দা হাতে নিয়েছে তখন তারেক রহমান দেশে ফিরছেন, ২৫ ডিসেম্বর গণ সংবর্ধনাও নিবেন। দেশের অন্য প্রভাবশালী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও দেশব্যাপী ঘুরে ফিরে বেড়াচ্ছেন সাদাসিদাভাবে। নিজে মাঠে নেমে মিছিল/ম্যারাথন করছেন। কখনো কখনো তার একা রিকশায় চড়ার ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার বিবেচনায় এটি খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাই বলে কী তারা নন্দলালের মতো ঘরে বসে থাকবেন? তাওতো সম্ভব না, যৌক্তিকও না।

ভারত ও আওয়ামী চক্রান্ত যেখানে স্পষ্ট সেখানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তাব্যবস্থা নেই বললেই চলে। চলমান তফসিলে নির্বাচন হলে ১৫ ফেব্রুয়ারির মধ্যেই তারেক রহমান বা ডা. শফিকুর রহমানের একজন সরকার প্রধান অপরজন বিরোধী দলীয় নেতার দায়িত্ব নেবেন। তখন দুজনই পাবেন রাষ্ট্রীয় নিরাপত্তা। শুধু তারা নয়, সব এমপিরাও পাবেন নিরাপত্তা। তাহলে সেই নিরাপত্তা এখন দিতে ক্ষতি কোথায়?

ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপি-জামায়াত এই দুই দল সমর্থন না দিলে উনি প্রধান উপদেষ্টাও হতে পারতেন না, ভিভিআইপি নিরাপত্তাও পেতেন না। সরকারে এমন উপদেষ্টাও আছেন যারা আগে রিকশায় চড়তেন এখন বিশাল নিরাপত্তা নিয়ে ঘুরেন। অথচ কোথাও তাদের তেমন ঝুঁকিও নেই। তবু তারা পাচ্ছেন ভিআইপি প্রটৌকল। অপরদিকে রাজনৈতিক দলগুলোর প্রধানদের উচ্চ ঝুঁকি থাকলেও তাদের কথা ভাবছে না সরকার।

শুধু ওই নেতাদের স্বার্থে নয়, আমি মনে করি দেশের সামগ্রীক শৃঙ্খলার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত শীর্ষ রাজনৈতিক নেতাদের ভিআইপি প্রটৌকল দেওয়া উচিত। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকেও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা উচিত। ফোর্স সংকট হলে প্রয়োজনে এমপি প্রার্থীদের ক্ষেত্রে অস্ত্রসহ আনসারের প্যারাকমান্ডো সদস্যদের মোতায়েন করা যেতে পারে। এছাড়া, চক্রান্তকারীদের বিষয়ে প্রয়োজন শক্ত গোয়েন্দা নজরদারিও। এখনি রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে দেশ বড় সংকটের মুখোমুখি হবে এটা নিশ্চিত করেই বলা যায়।

লেখক: কেফায়েত শাকিল সিনিয়র রিপোর্টার, বাংলাভিশন