শীত তীব্র কামড় বসাতে শুরু করেছে। পৌষের মাঝামাঝি শীতে রংপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস নিয়ে রবিবার কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একইদিনে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, আসন্ন জানুয়ারি জুড়েই শীতের প্রকোপ থাকবে।\r\nযেসব শ্রমজীবী মানুষ খোলা আকাশের নিচে কাজ করেন, তাঁরা বেশ বিপাকে পড়ে যান। উত্তরের হিমালয় পর্বতমালা থেকে বয়ে আসে হিমশীতল বাতাস, দিনের বেলা কখনো সূর্যের দেখা মেলে, কখনো মেলে না। যখন আকাশে সূর্য থাকে, তখনো রোদের তীব্রতা থাকে না। রাতে বেশ ঘন হয়ে প্রায় বৃষ্টির মতো ঝরে শিশির।

গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের পক্ষে এ মাত্রার শীতে অভ্যস্ত হওয়া কঠিন। তাদের বাসস্থান শীত আটকানোর উপযোগী নয়। পর্যাপ্ত গরম কাপড়ের নিশ্চয়তা নেই বিপুলসংখ্যক মানুষের। তা ছাড়া দারিদ্র্য ও পুষ্টির অভাব যেসব পরিবারে বেশি, শীত তাদের স্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে আসে। \r\nপ্রাকৃতিক কারণে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের মানবিক উপায় রয়েছে। সেটা হলো সরকারি-বেসরকারি উভয় পর্যায়ে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ। অনেক বেসরকারি সংস্থার এমন উদ্যোগ চলমান আছে। তবে তা আরও বাড়ানো প্রয়োজন। শহরাঞ্চলে এখনো ভাসমান মানুষ দেখা যায় প্রচণ্ড শীতের ভেতর ফুটপাতে শুয়ে আছে। খোলা আকাশের নিচে এভাবে থাকাটা খুবই বিপজ্জনক। এক্ষেত্রে প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। শীত ও বৃষ্টির ভেতর ভাসমান গৃহহীন শ্রমজীবী মানুষের দুর্দশা লাঘবে সমাজ যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেটি হবে চূড়ান্ত অমানবিকতা। তাই শীতে শুধু নিজেকে না বাঁচিয়ে আশপাশের বিপন্ন মানুষকে বাঁচানোর জন্য মানবিক উদ্যোগ গ্রহণ জরুরি। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে বয়স্কদের প্রত্যাশা বেশি। শীতগ্রস্ত জবুথবু বহু মানুষের দুর্দশা লাঘবে পরিবার, সমাজ, তথা রাষ্ট্রের দায় রয়েছে। অবিলম্বে শুরু হোক শীতার্তদের পাশে দাঁড়ানোর কার্যক্রম।