জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ২০০০ সালে শীর্ষস্থানে উঠে আসে টোকিও। কিন্তু এবারের প্রতিবেদনে জাপানের রাজধানী নেমে গেছে তৃতীয় স্থানে। টোকিওর জনসংখ্যা এখন ৩ কোটি ৩৪ লাখ।
ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টাস ২০২৫-এর জরিপ অনুসারে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরই ঢাকার অবস্থান। জাপানের টোকিওকে পেছনে ফেলেছে জাকার্তা ও ঢাকা। তৃতীয় স্থানে থাকা টোকিওর পর তালিকায় আছে যথাক্রমে ভারতের নয়াদিল্লি ও চীনের সাংহাই। \r\nবাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে। তালিকার নবম স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে আসা ঢাকার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আর ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বের বৃহত্তম শহর এখন জাকার্তা। বর্তমানে কর্মের টানে দেশের অধিকাংশ জনগণ ঢাকামুখী।
দেশের প্রধান প্রধান অফিস, আদালত, শিল্প-কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠায় বিভিন্ন পেশার মানুষ মূলত কর্মের তাগিদেই ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজেদের ঘরবাড়ি ফেলে নগরীতে বসবাস এবং মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশে গ্রাম কিংবা মফস্বল থেকে দিন দিন ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়ছে। গ্রামাঞ্চল থেকে ঢাকায় অভিবাসনের হার জনসংখ্যা বৃদ্ধির হারের দ্বিগুণের বেশি। গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত। অনেকেই কাজের খোঁজে ঢাকায় আসেন। জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত ঝুঁকির কারণেও মানুষ হচ্ছেন ঢাকামুখী। এ ছাড়া গ্রামে কৃষিজমি ক্রমেই কমতে থাকায় অনেক ভূমিহীন ঢাকায় পাড়ি জমান। শিক্ষা-স্বাস্থ্যসহ নানা নাগরিক সুবিধার জন্যও অনেকে ঢাকায় আসেন।
বিশ্বের দ্রুত ক্রমবর্ধনশীল মেগাসিটির তালিকায় বড় লাফ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ধারায় এশিয়ার নগরীগুলোই এখন বৈশ্বিক শীর্ষস্থান দখল করছে।\r\nজনসংখ্যার চাপে পিষ্ট হচ্ছে রাজধানী ঢাকা। জনসংখ্যার চাপে দিন দিন রাজধানী বাসযোগ্যতা হারাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বহু আগেই বাসযোগ্যতা হারিয়েছে মেগা সিটি ঢাকা। পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে প্রতি একরে ৭০০ থেকে ৮০০ জন মানুষ বাস করেন। এই নগরীর চারটি এলাকা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। এ চারটি এলাকা হচ্ছেÑ লালবাগ, বংশাল, গেণ্ডারিয়া এবং সবুজবাগ। জনসংখ্যার চাপে পিষ্ট ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা। এটি নিয়ন্ত্রণে নানা সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ফল মিলেছে কম।
সব ধরনের সেবা রাজধানীকেন্দ্রিক হওয়ায় সবাই ভিড় জমাচ্ছে এখানে। সরকারি অফিস-আদালত, ব্যাংকের হেড অফিসসহ বিভিন্ন ধরনের সেবা কেন্দ্রীভূত হওয়ায় মানুষের সামনে বিকল্পও নেই। এ ছাড়া শিল্প-কলকারখানার অধিকাংশই রাজধানী এবং এর আশপাশে হওয়ার কারণে বিশাল জনগোষ্ঠীর বাস এখানে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়গুলো সহজেই স্থানান্তর বা বিকেন্দ্রীকরণ করা যায়। বিভাগ ও অন্য জেলাগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করলে মানুষ নিজে থেকেই ঢাকা থেকে স্থানান্তরিত হবে। এতে ধীরে ধীরে বাসযোগ্যতা ফিরে পাবে ঢাকা। \r\nদেশে বহুদিন ধরেই বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হচ্ছে। বসবাসের সূচকে ঢাকার তলানিতে থাকার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা ও অধিক জনঘনত্ব।
উন্নয়ন পরিকল্পনায় জনঘনত্ব এবং অবকাঠোমো ও নাগরিক সুযোগ-সুবিধার আলোকে নগরের ভার বহন ক্ষমতা বিবেচনা করা না হলে এই নগর আরও বাসযোগ্যতা হারাবে। দেশের অন্যান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে দ্রুতগতিতে। প্রতিদিন এ শহরে নতুন অন্তত ১ হাজার ৭০০ জন মানুষ যোগ হচ্ছে। শুধু ঢাকা নয়, এর আশপাশের জেলাগুলোতেও জনসংখ্যার চাপ ভারি হচ্ছে।\r\nবিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্পোরেশন সবগুলোর অবস্থান ঢাকাতেই। তবে রাজধানী ঢাকা দিনকে দিন নগরবাসীর কাছে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বায়ুদূষণ, পানি, শব্দ ও আলো দূষণের পাশাপাশি যানজটে স্থবির জনজীবন। রাজধানী ঢাকাকে নাগরিকবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে একটি ভালো পরিকল্পনা প্রয়োজন। তবে সময়মতো পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে সমস্যার সম্মুখীন হতে হবে।
যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সামাজিক সাম্য, সামাজিক ন্যায়বিচার, আর্থ-সামাজিক অবস্থা, পরিবেশ, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিবেচনায় এনে সঠিকভাবে শহরের অন্তর্ভুক্তিমূলক জনবান্ধব পরিকল্পনা তৈরি করতে হবে। ঢাকাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে ১৯১৭ সালে নগর পরিকল্পনাবিদ স্যার প্যাট্রিক গেডিসকে দিয়ে একটি মাস্টারপ্ল্যান করেন ব্রিটিশরা। এটাকে মাস্টারপ্ল্যানের ধারণাপত্র বলা হয়। এর নাম ছিল ঢাকা টাউন প্ল্যান । ঢাকা সমতল আর বৃষ্টিপ্রবণ শহর। এ দুটো বাস্তবতা ধরে বিশদ পরিকল্পনার সুপারিশ করেন ওই নগর পরিকল্পনাবিদ। কিন্তু ওই সুপারিশ আর বাস্তব রূপ পায়নি। সে সময় ঢাকার চারদিকে চারটি নদীর পাশাপাশি শহরে অনেক খালও ছিল। একসময় শহরে ছড়িয়ে থাকা প্রায় ৫০টি প্রাকৃতিক খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে নদীতে পড়ত।
ফলে জলাবদ্ধতা হতো না। সে সময় ঢাকার জনসংখ্যা ছিল ৮-১০ লাখ। \r\nএরপর পাকিস্তান আমলে ১৯৫৯ সালে ঢাকার জন্য আরেকটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়। এ মাস্টারপ্ল্যান অনুযায়ী বেশ কিছু অবকাঠামো, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা তৈরি করা হয়। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। ১৯৫৯ সালে ঢাকার জনসংখ্যা ছিল ১৫ লাখ। বাংলাদেশে পরিকল্পনাবিদদের সমন্বয়ে ঢাকার জন্য প্রথম মাস্টারপ্ল্যান তৈরি হয় ২০১০ সালে। সে সময় ঢাকার জনসংখ্যা প্রায় দেড় কোটি ধরা হতো। রাজউকের নেতৃত্বে প্রণয়ন করা এ মাস্টারপ্ল্যানের নাম ড্যাপ। মাস্টারপ্ল্যানটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গঠনের সূচকের বিবেচনায় ৭০ শতাংশ সঠিক ছিল। তবে ৩০ শতাংশ নিয়ে ছিল নানা প্রশ্ন। ২০১৫ সালে ড্যাপের মেয়াদ শেষ হয়। এর পর ২০১৬ থেকে ২০৩৫ সালের জন্য ড্যাপ সংশোধন করা হয়।
২০২২ সালের আগস্ট মাসে সংশোধিত ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হয়। এবারের ড্যাপে ঢাকার জনঘনত্ব কমানোর সুপারিশ করা হয়েছে।\r\nঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়াকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাস্তুচ্যুত মানুষ এবং জীবিকার সন্ধানে আসা মানুষ ঢাকায় ভিড় করছেন। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে। বর্তমানে তালিকার শীর্ষে থাকা জাকার্তাও বড় ধরনের পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে আগামীতেও।
\r\nওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাসে আরও বলা হয়েছে, ২০৫০ সালে ঢাকা তালিকায় শীর্ষে উঠবে। অর্থাৎ, জাকার্তাকে পেছনে ফেলে তখন ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী। জনসংখ্যা হবে প্রায় ৫ কোটি ২১ লাখ। যদি তাই ঘটে, তা হলে বাংলাদেশের রাজধানীর জন্য তা বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যদি সংকট এড়াতে হয়, তবে এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। গত ২৫ বছরে সাত ধাপ পেরিয়ে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর। সামনে শুধু এখন জাকার্তা। আর ২৫ বছর পর এই শহরও ঢাকার পেছনে পড়বে। তেমন আভাসই দেওয়া হয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫ প্রতিবেদনে।
ঢাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বায়ুদূষণ, পরিবেশগত অবক্ষায় এবং জীবনযাত্রার মান কমে যাওয়ার মতো নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেও গ্রামীণ এলাকার মানুষ বাস্তুচ্যুত হয়ে ঢাকায় আসছে। দ্রুত বাড়ছে ঢাকা ও জাকার্তার জনসংখ্যা। ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি হলো গ্রাম থেকে রাজধানীতে মানুষের অভিবাসন। কাজের সুযোগের সন্ধান কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত সমস্যার কারণে বহু মানুষ ঢাকা ছাড়াও অন্যত্র বসবাসের জন্য শহরমুখী হচ্ছে। একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে জাকার্তাও। \r\nঅনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহরটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা পানির নিচে চলে যেতে পারে।
একটি পরিকল্পিত শহরের ৬০ শতাংশ জায়গায় সড়ক, জলাশয়, সবুজ ও উন্মুক্ত স্থান রাখা হয়। আর ৪০ শতাংশ জায়গায় আবাসিক, বাণিজ্যিক, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ নগরবাসীর প্রয়োজনের আলোকে অবকাঠামো গড়ে ওঠে। ৪০০ বছরের পুরানো শহর ঢাকায় সড়ক, জলাশয়, সবুজ ও উন্মুক্ত স্থান রয়েছে শুধু ২৪ শতাংশ। নগরবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, এর অর্থ ঢাকায় রয়েছে মাত্র এক-তৃতীয়াংশ নাগরিক সুবিধা। বিদ্যমান ঢাকার আয়তন বিবেচনায় অবকাঠামো তৈরি হয়েছে প্রায় ৭৬ শতাংশ জায়গায়। পরিকল্পিত শহরের প্রতি একরে সর্বোচ্চ ১২০ জন বসবাস করে থাকেন। আর ঢাকায় বর্তমানে প্রতি একরে বসবাস করছেন গড়ে ৭০০ জন। ধারণ ক্ষমতা বিবেচনায় ঢাকায় দ্বিগুণের বেশি মানুষ বসবাস করছেন। আর নাগরিক সেবার বিবেচনায় ঢাকা ৬ গুণ বেশি চাপ বহন করে চলেছে।
\r\nদেশে দ্রুত নগরায়ণ হলেও বিপুল মানুষকে ধারণ করার জন্য নগরগুলো মোটে প্রস্তুত নয়। আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা পরিষেবায় নগরগুলো বেশ পিছিয়ে। এ অবস্থায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে। নগরায়ণের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির লাগাম টানা, পরিবার পরিকল্পনা কর্মসূচির সম্প্রসারণ, বেকারত্ব ও প্রজনন হার কমানোর বিষয়গুলো জড়িত। এর সঙ্গে দরকার কর্মক্ষম জনগোষ্ঠীর লভ্যাংশকে কাজে লাগানো। কিন্তু বাংলাদেশে তা যথাযথভাবে হচ্ছে না। ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যত মানুষ মারা যাবে, তার কয়েকগুণ বেশি মারা যাবে আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ভূমিকম্পের পর গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটবে। সেই আগুনে পুড়ে পুড়ে পুরো নগর দাউ দাউ করে জ্বলে উঠবে।
ভূগর্ভস্থ পানি ও আশপাশের নদী জলাশয়ের পানি নগরে বন্যার সৃষ্টি করবে। উপড়ে পড়া বিদ্যুতের খুঁটির তারের সংস্পর্শে এসে সেই পানি বিদ্যুতায়িত হবে। বড় ধরনের ভূমিকম্প হলে বিধ্বস্ত ঢাকানগরীতে আক্রান্তদের উদ্ধারের লোক খুঁজে পাওয়া যাবে না। উদ্ধার কাজে সাধারণ সময়ে যারা মূল ভূমিকা রাখেন, সেই ফায়ার সার্ভিসের অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। রাজধানী ঢাকা শহরে তেমন আশঙ্কা বুকে চেপে রেখে আমরা দিনরাত পার করছি। দিনে দিনে রাজধানী ঢাকার আয়তন যেভাবে বাড়ছে, তেমনি বাড়ছে জনসংখ্যা। বাড়তি মানুষের চাপে ঢাকা হয়ে উঠছে বসবাসের অযোগ্য। নানা সংকটে জর্জরিত নগরবাসীর নাভিশ্বাস উঠেছে চরমে। যানজট, পানি, গ্যাস, বিদ্যুৎ সংকট, মাদকের আগ্রাসন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মশার উপদ্রব প্রভৃতি সমস্যাকে নিত্যসঙ্গী করে বসবাস করছেন সবাই। বাস্তবে আমরা মনেপ্রাণে চাই, ঢাকা একটি চমৎকার বাসযোগ্য স্বস্তিকর শান্ত সুনিবিড় আন্তর্জাতিক মানের শহর হিসেবে গণ্য হোক বিশ্বজুড়ে।\r\nলেখক : কলাম লেখক ও সাবেক রেজিস্ট্রার, জাবিপ্রবি
