ঢাকা শহরে বরাবরই পায়ে হেঁটে চলাকে প্রাধান্য দিই। এর পিছনে অবশ্য বেশ কিছু কারণ আছে। যেমন: অনেকবার এমন হয়েছে যে, গণপরিবহন কিংবা রিকশায় চেপে গন্তব্যে পৌঁছানোর চেয়ে পায়ে হেঁটে তারও আগে পৌঁছানো যায়। অন্ততপক্ষে ঢাকা শহরের অভ্যন্তরে বাস, প্রাইভেটকার, সিএনজিচালিত পরিবহন কিংবা রিকশায় চেপে অসহনীয় যানজটে বসে থেকে কালক্ষেপণ অপেক্ষা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর মধ্যে তেমন ফারাক আমি বুঝতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে এমন অভিজ্ঞতা হয়েছে যে, পরিবহনে চেপে গন্তব্যে পৌঁছানো অপেক্ষা পায়ে হেঁটেই গন্তব্যে সঠিক সময়ে পৌঁছে গেছি। আবার পায়ে হেঁটে চলার অল্পস্বল্প স্বাস্থ্যগত উপকারিতাও আছে বটে। কিন্তু পরিবার নিয়ে বের হলে কিংবা অধিক দূরত্বের ক্ষেত্রে আবার পায়ে হেঁটে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তখন বিকল্প ব্যবস্থা বেছে নেওয়াই লাগে। তবে একথা বলতেই হয় যে, ঢাকা শহরে হেঁটে চলাও এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কেননা, পথচারী চলাচলের যে ফুটপাত সেগুলোর অধিকাংশ হকার, চা-সিগারেটের দোকান, ভাঁজা-পোড়ার দোকান, ফলের দোকানসহস্থায়ী এবং অস্থায়ী দোকানে পরিপূর্ণ। এসব ফুটপাত দিয়ে চলার সময় রাস্তায় চলা বেপরোয়া ব্যাটারিচালিত রিকশার যে গতি তাতে কোনভাবেই ফুটপাত থেকে রাস্তায় নামার সাহস হয়ে ওঠে না। এই বেপরোয়া ব্যাটারিচালিত রিকশার আধিপত্য এখন ঢাকা শহরজুড়ে। আজকের লেখায় কিছু বাস্তব অভিজ্ঞতার আলোকে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে আলোচনা করব।
কিছুদিন আগে পরিবার নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য বাটা সিগন্যাল থেকে বকশীবাজার যাওয়া। আমিসহ পরিবারের সদস্য সংখ্যা ৩ জন হওয়ায় পায়ে চালানো রিকশায় স্থান সংকুলন হবে না ভেবে ব্যাটারিচালিত রিকশা বেছে নিলাম। আমি বসলাম চালকের পাশেই। দুইজনে ভাগাভাগি করে বসা আসনের একপাশে বসে চালক এমন দ্রুত রিকশায় টান দিল যেন আমারই বসে থাকতে ভয় লাগছে। আমি ধীরে চালাতে বললেই সে বলে ওঠে শক্ত করে ধরে বসেন, কিছুই হবে না। চালক কাঁটাবন মোড়ে গিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে ডানে মোড় নিল। এসময় চালক রাস্তার অন্যান্য পরিবহন, যেমন: অন্য রিকশা, বাস, প্রাইভেটকার এমনকি বাইকের সাথেও পাল্লা দিয়ে রাস্তার বামে চলে ডানে মোড় নিল। আমি বললাম, এটাতো আপনার সাইড না। আপনি ডানে মোড় নেবেন সেহেতু ডানের লেন ধরে যাবেন কিন্তু বামে এসে এভাবে মোড় নিলেন যে! জবাবে তিনি বললেন, ডান দিয়ে আসলে আধাঘণ্টা বসে থাকা লাগত এই সিগন্যালেই। তাই নিয়মনীতির তোয়াক্কা না করেই দ্রুত চলে আসছি। যাইহোক পলাশি মোড়ে গিয়ে চালক এমনভাবে সিগন্যাল অতিক্রম করলেন, তাতে করে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহায় পেলাম। অনেকবার অনুরোধের পরেও চালক বেপরোয়া গতিতে পুরো পথটায় চললেন। আমি শক্ত করে ধরে থাকার জন্য কোনরকমে আসনে টিকে রইলাম। বাসায় ফেরার পথে আর ব্যাটারিচালিত রিকশায় ওঠার সাহস হল না। বেশ খোঁজাখুঁজি করে একটা পায়ে চালানো রিকশা নিয়ে আস্তে ধীরে বাসায় রওনা দিলাম।
কথার ফাঁকে সেই রিকশার চালক বললেন, এখন আর কেউ আমাদের রিকশায় উঠতে চায় না। সবাই ব্যাটারিচালিত রিকশায় ওঠে। আমি বললাম, আপনি এখনো এই রিকশা চালান কেন? ব্যাটারিচালিত রিকশা চালাতে পারেন না? চালকের সোজা সাপটা জবাব, ওটা আমি কখনো চালাবো না। ওটা রিকশা না, ওটা তো একটা ডাকাত। দেখেন না সারাদিন শুধু যেখানে সেখানে এক্সিডেন্ট করে। আরও অনেক কথা। বুঝতে পারলাম, বেচারার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বেশ ক্ষোভ আছে। যাইহোক, একটু দেরিতে হলেও আমরা সুন্দরমত বাসায় পৌঁছালাম। এখন রাস্তায় বের হলেই চারিদিকে ব্যাটারিচালিত রিকশার আধিক্য দেখা যায়। বাজারে যেতে গেলে রাস্তা পার হওয়া লাগে। নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে গেলেও এখন ৫-৭ মিনিট সময় চলে যায় এই ব্যাটারিচালিত রিকশার গতির জন্য।
পথচারী পারাপারের সিগন্যাল পড়ার পরেও পথচারীরা এই ব্যাটারিচালিত রিকশার দাপটে সিগন্যাল পার হতে ভয় পায়। কেননা, এসব ব্যাটারিচালিত রিকশা কোনরকম সিগন্যাল মানে না। কোনো রিকশায় যাত্রী থাকুক বা না থাকুক, রাস্তায় পথচারী আছে কি নাই, কিংবা কোনো পথচারী রাস্তা পার হতে অপেক্ষা করছে কিনা এসবের কোনো কিছুর দিকে নজর দেওয়ার মতো সময় তাদের হাতে নেই। কোনকিছুর তোয়াক্কা না করে তাদের গতি সর্বোচ্চ তুঙ্গে তুলে তারা ছুটে চলেন। সাথে আছে হর্নের শব্দ। বয়স অল্প ছেলেরাই বেশি বেপরোয়া গতিতে চালায়। যেহেতু এদের চালানোর কোনো গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া নেই, সেজন্য ইচ্ছামত গতিতে এরা সড়কে দাপড়ে বেড়ান। এদের চলচলের গতি বা ভঙ্গিমা দেখলে মনে হবে চরম ব্যস্ত তারা। রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকের দাপট। অলিগলি ছাড়িয়ে মূল সড়ক ও মহাসড়কে দেখা মিলছে এদের। সড়কে অনেকটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত ত্রুটিযুক্ত বাহন। নেই নিয়ম নীতির তোয়াক্কা। মাঝেমধ্যে চোখে পড়ে এক রিকশায় ৫-৬ জন যাত্রী নিয়েই ছুটে চলছে। আবার সুযোগ পেলেই ছুটছে উল্টোপথে। ব্রেক ও সাসপেনশন সিস্টেম ভালো না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। কোনো সিগন্যাল ছাড়াই ব্যাটারিচালিত এসব রিকশা বিদ্যুতের গতিতে ডানে বামে মোড় নিচ্ছে। তাদের কারণে যানজট, বড় দুর্ঘটনাসহ অনেক ধরনের সমস্যা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গেল ঈদে ৩২% দুর্ঘটনা ঘটেছে ব্যাটারিচালিত রিকশায়।
এমনিতেই যানজটে নাকাল নগরবাসী তার উপর সর্বত্র ব্যাটারিচালিত রিকশার এই বেপরোয়া আধিপত্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন রাস্তায় নামার পূর্বে কোনরকম ফিটনেস পরীক্ষা করা হয়নি। বৈদ্যুতিক ব্যাটারিচালিত এসব রিকশায় রয়েছে বড় শক্তির ৬০ ভোল্ট ১০০০ ওয়াট এর মোটর। এই ব্যাটারিচালিত রিকশা এখন দেশের প্রায় প্রতিটি জেলায়ই এসেম্লিং হচ্ছে। সেইসাথে দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলেও চলাচল করছে এই ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইক। সাধারণ রিকশার সঙ্গে বাজার থেকে ক্রয়কৃত ইউপিএসের ব্যাটারি এবং ছোট মোটর সংযোগন করে সেটিকে ব্যাটারির রিকশায় পরিণত করা হচ্ছে। ময়লা টানার ভ্যান, বেকারি পণ্য সরবরাহ করার ভ্যান, সবজি টানার ভ্যান সবখানেই এখন মোটর লাগিয়ে সেটাকে চালনা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পায়ে চালানো রিকশায় মোটর ও ব্যাটারির সংযোজন হচ্ছে। কোনো অটোমেটিক বা ইঞ্জিনচালিত পরিবহন সড়কে নামার পূর্বে অনেকগুলো ধাপ আছে। আমার জানা মতে, সেসব ধাপ সফলতার সাথে অতিক্রম করার পরে উক্ত পরিবহন সড়কে চলার অনুমতি মেলে। শুধুমাত্র আন্দোলন করে রাস্তায় নামানোর অনুমতি মেলা এসব ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইক কতটা যৌক্তিক সেটা ভাববার বিষয় আছে। যদিও এসব ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইক চলাচলে ঢাকাবাসী তথা দেশবাসীর যোগাযোগের ক্ষেত্রে সময় ও অর্থ দুটির ক্ষেত্রেই কিছুটা সাশ্রয় হচ্ছে। কিন্তু সড়ক কিংবা রাজপথে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেটা খুব বেশি অসহনীয়।
অনেকটা অদৃশ্য কারণে প্রশাসন এসব ব্যাপারে যেন নীরব ভূমিকায়। সবশেষ গত বছর নভেম্বরে হাইকোর্ট তিন দিনের মধ্যে ব্যাটারিরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। দেশে কতসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, তার সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই। বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী, এর সংখ্যা ৪৮ থেকে ৫০ লাখ। কোনো নীতিমালা ও নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মত বিশেষজ্ঞেদের। পঙ্গপালের মতো এসব অটোরিকশার সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে বিদ্যুতের চাহিদাও। পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রমতে, দেশে কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট রয়েছে। প্রতিটি চার্জিং পয়েন্টে ৫-২০টি রিকশা চার্জ দেওয়া হয়। একটি ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জে দৈনিক ১০-১২ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। কোনো কোনো স্থানে এই সংখ্যা আরও বেশি। ফলে বিদ্যুৎ ঘাটতির অন্যতম কারণ হিসেবে দাঁড়াচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা। স্বাভাবিক অবস্থাতেই বিদ্যুৎ ঘাটতি মেটাতে হিমশিম খায় সরকার। বিদ্যুতের চাহিদা মেকাপের জন্য গ্রাম ও মফঃস্বল এলাকায় প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিং হচ্ছে শহরেও। তার সাথে দিনদিন পাল্লা দিয়ে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া এই রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বাড়তি বিদ্যুতের যোগান কোথা থেকে আসবে সেটা ভাববার বিষয়। পূর্বে যেখানে সহজেই চালকেরা কায়িক শ্রম ব্যয় করে রিকশা চালিয়ে বিদ্যুতের উপর বাড়তি চাপ ফেলাতো না সেখানে দেশব্যাপী বৃদ্ধি পাওয়া এই রিকশার সংখ্যা বিদ্যুতের বাড়তি চাপকে আরও উস্কে দিচ্ছে।
একথা অকপটে সবাই স্বীকার করবে যে, ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইকের চালকরা এলোপাতাড়ি যাতায়াত করেন। কোনো সিগন্যাল না মেনে ওভারটেক করেন। এসব রিকশায় দিকনির্দেশনা দেওয়ার কোনো লাইট নাই। অনিয়ন্ত্রিত গতির কারণে সড়কে যানজট তৈরি হচ্ছে। পূর্বে ট্রাফিক পুলিশের কিছুটা নিয়ন্ত্রণের কারণে এসব রিকশা মূল সড়কে উঠতো না। শুধু রাতে মূল সড়কগুলোতে চলাচল করতো। কিন্তু বর্তমানে অবস্থা পাল্টে গেছে। কারণ, পুলিশ এখন কিছু বলে না। আর এই সুযোগে তারা কাউকে তোয়াক্কা না করেই চলাচল করছে। মূল সড়কে নিয়ম না মেনে অন্যান্য গাড়ির সমানে যাচ্ছেন এসব চালক। এতে করে বাড়ছে যানজট। সরকার পরিবর্তনের পর থেকে ভেঙে পড়া পুলিশি ব্যবস্থার সময়ে কিছুদিন ছাত্র-জনতা নিজেদের উদ্যোগে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে। সে সময় অননুমোদিত এসব রিকশা মূল সড়কে চলাচল শুরু করে। এরপর ধীরে ধীরে রাস্তায় ট্রাফিক পুলিশ নামলেও ব্যাটারিচালিত রিকশা চলছে অনেকটাই বাধাহীনভাবে। এতে অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টোপথে চলা, যেখানে-সেখানে হুটহাট রিকশা ঘোরানো- সব মিলিয়ে রাজধানীতে রাস্তায় প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঢাকার বাইরে থেকে অনেক ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করেছে। এসব চালকের কোনো ধরনের নিবন্ধন ও অভিজ্ঞতা নেই। এতে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এগুলোকে বিআরটিএ ও সিটি করপোরেশন থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে চলার কারণে সিগন্যাল ও নিয়মনীতি মানছে না। ট্রাফিক পুলিশের নিয়মনীতিকে পুনরুজ্জীবিত করা খুবই জরুরি। ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা একবার যদি মূল সড়কে চলার স্থায়ীভাবে সুযোগ পেয়ে যায় তাহলে পরে তাদের সরানো কষ্ট হয়ে যাবে।
এ ধরনের রিকশায় ব্যবহৃত ব্যাটারিগুলো অনুমোদিত বৈদ্যুতিক লাইনে চার্জ করলে খরচ বেশি হয় বিধায় চালকরা অসাধু উপায় অবলম্বন করে বিভিন্ন এলাকায় এসব ব্যাটারি চার্জ করে, যার ফলে বিদ্যুতের অপচয় এবং বিদ্যুৎ খাতে মোটা অঙ্কের অর্থের আয় হতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিকশার সঙ্গে ব্যবহৃত ব্যাটারিগুলো অধিক ব্যবহারের ফলে খুব অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে। এসব ব্যাটারি মূলত রিচার্জেবল লেড এসিড ব্যাটারি। অর্থাৎ এখানে ক্ষতিকারক সিসা এবং সালফিউরিক এসিড থাকে। এই সিসা এবং এসিড দুটোই প্রাণীকূল ও উদ্ভিদকূলের জন্য রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। এসব ব্যাটারি সাধারণত সাবধানের সঙ্গে ধ্বংস করার কথা থাকলেও যত্রতত্রভাবে এ ব্যাটারি ফেলে দেওয়া হচ্ছে কিংবা ধ্বংস করা হচ্ছে। ফলে ব্যাটারির মধ্যে বিদ্যমান রাসায়নিক দ্রব্যগুলো সহসাই পুকুর, ডোবা অথবা অন্যকোনো মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং পরিবেশের মারাত্মক হুমকির সৃষ্টি করছে। পুরাতন মডেলের প্যাডেলে চালিত রিকশা চালনা অধিক পরিশ্রমযোগ্য বিধায় শারীরিক শ্রমের পরিবর্তে নতুনভাবে উদ্ভাবিত ব্যাটারিচালিত রিকশা সহজ পরিশ্রমে চালনায় চালকরা অফটাইমে অনেক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আইনশৃঙ্খলার হুমকির সম্ভাবনা রয়েছে বলে প্রতীয়মান হয়। সকল কিছুর বিবেচনায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া অতীব জরুরি।
লেখক: গবেষক ও কলামিস্ট ajoymondal325@yahoo.com
