আমেরিকা পশ্চিম এশিয়ায় বিশাল সামরিক সম্পদ স্থানান্তর করছে। এটি ইরানের প্রতি তাদের আক্রমণাত্মক এক বার্তা। ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে ইতোমধ্যে ইরানের উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। ইউএসএস জেরাল্ড ফোর্ডের নেতৃত্বে আরেকটি ক্যারিয়ার গ্রুপ এক সপ্তাহের মধ্যে এ অঞ্চলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ দুটি ক্যারিয়ার গ্রুপের মধ্যে ১৫০টিরও বেশি বিমান, আক্রমণাত্মক হেলিকপ্টার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে স্ট্রাইক বিমানও মধ্যপ্রাচ্যে পুনরায় মোতায়েন করা হচ্ছে। এ ধরনের বাহিনী কেবল প্রদর্শনের জন্য হতে পারে না, নিশ্চয় অন্য উদ্দেশ্য রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে তিনি সীমিত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবেন। অন্যদিকে ইরান জবাবে বলেছে, সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ‘নির্দেশিকা নীতি’ নিয়ে তারা একমত। আরও আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জাতিসংঘে ইরানি প্রতিনিধি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ নয়, বরং কূটনীতি চায়। তবে যদি আক্রমণ করা হয় তাহলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি, স্থাপনা ও সম্পদ আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বৈধতা পাবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত দেশটির শাসকগোষ্ঠীর জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা আত্মসমর্পণের ইঙ্গিত দেবে, যা অগ্রহণযোগ্য। তারা জানে, শান্তি চাইলে তাদের কঠিন কিছু ছাড় দিতে হবে। এ কারণে সমঝোতার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে হচ্ছে। তারা এখনও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন থেকে কোনো নিশ্চিত সমর্থন পায়নি। তারা হয়তো অস্ত্র তৈরির ব্যবস্থায় সহযোগিতা করতে পারে, কিন্তু এগুলো যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে না।
ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যান্য ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ কারণও রয়েছে। প্রথমত, ইসরায়েল যেসব দাবি তুলছে, সেগুলো যুক্তরাষ্ট্র তেহরানের ওপর চাপিয়ে দিতে চাইছে। তার মধ্যে আছে তেহরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে; ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে এবং এ অঞ্চলে তার কর্তৃত্ব ছেড়ে দেবে। আশঙ্কা রয়েছে, ইসরায়েল গত বছরের জুনের মতোই হামলা শুরু করতে পারে, যা যুক্তরাষ্ট্রকেও এ সংঘাতে জড়াবে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মধ্যেই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দিতে দেশটিকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছিল, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় সম্পদের অভাব ছিল। সামরিক শক্তি মোতায়েন করলেও ইরান বিক্ষোভ দমন করতে সক্ষম হয়। বিদ্রোহকে সমর্থন করা থেকে সরে এসে ওই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা ইরান মেনে না-ও নিতে পারে।
দ্বিতীয়ত, ইরানের বেশির ভাগ তেল সংগ্রহ করছে চীন। ইতোমধ্যে ভেনেজুয়েলার তেল সরবরাহ চীনে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, এখন দেশটি ইরানি তেল বন্ধ করতে চাইছে। এর মানে তাদের ওপর পরোক্ষ অর্থনৈতিক যুদ্ধ শুরু হচ্ছে। চীনের ১৪ শতাংশ তেল আসে ইরান থেকে। ইরানি তেল সংগ্রহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র দ্বিধা করছে। কারণ বেইজিং বিরল মাটি রপ্তানি সীমিত করে পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম। এটিই সর্বোত্তম বিকল্প। চীন কেবল ইরানের ওপর মার্কিন যে কোনো পদক্ষেপের নিন্দা করতে পারে, অন্য কিছু করতে পারে না। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, তাহলে চীন মার্চের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফর বাতিল করতে পারে।
তৃতীয়ত, ট্রাম্প দেশের ভেতরে চাপের মধ্যে আছেন। মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে একতরফা শুল্ক আরোপের তাঁর সিদ্ধান্তকে বাতিল করেছে। কোর্টের এই রায়ে তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত। অন্যদিকে গ্রিনল্যান্ড সংযুক্ত করার ব্যাপারে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ। এপস্টেইনের ফাইলগুলো অভ্যন্তরীণ বিষয়ে তাঁর অবস্থানের ওপর প্রভাব ফেলেছে। একটি অনুচ্চারিত প্রশ্ন হলো, যদি মার্কিন পদক্ষেপ সফল হয়, তাহলে শেষ অবস্থা কী হবে? ইরান কি নতুন শাসন ব্যবস্থার সঙ্গে এক রাষ্ট্র হিসেবে থাকবে; নাকি ইরাক, লিবিয়া বা সিরিয়ার মতো অস্থিরতায় ডুবে যাবে?
মেজর জেনারেল হর্ষ কাকর: ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং কৌশলবিদ; ফার্স্টপোস্ট থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
