সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবচেয়ে অপরিহার্য বিষয় হলো আইন। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে নানা ধরনের আইন থাকলেও বাস্তবে এর প্রয়োগে রয়েছে যথেষ্ট শৈথিল্য। রাস্তায় যানবাহনের বিশৃঙ্খলা, ব্যবসায়িক অনিয়ম, কর ফাঁকি, দুর্নীতি, এমনকি সামাজিক আচরণেও এখন আইন লঙ্ঘনের প্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার ও সুরক্ষা থেকে। আইন মানা একজন নাগরিকের দায়িত্ববোধের প্রকাশ। কিন্তু দেশের ক্ষমতাবানরা সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে ৪-১২ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। কিন্তু এর যথার্থ প্রয়োগ নেই। বিপুল সম্পদের মালিকরাও কর ফাঁকি দিতে অবলম্বন করে অসদুপায়।

করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়-ব্যয় ও সম্পদ সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের ধারায় করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বলেই আইনের প্রয়োগ নেই। \r\nখাদ্যনিরাপত্তা আইন-২০১৩ অনুযায়ী খাদ্যে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মেশালে ১৪ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। অথচ খাদ্যসামগ্রী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজালের ছড়াছড়ি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া সত্ত্বে ভেজাল রোধ সম্ভব হচ্ছে না, যা দুর্বল আইনের ফল। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ ও ট্রাফিকসহ অসংখ্য আইন থাকা সত্ত্বেও বাস্তবে প্রয়োগ দুর্বল।

\r\nধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, প্রকাশ্যে ধূমপানের জরিমানা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। তবে বাস্তবে আইনটি কার্যকর নয়। এমনকি পুলিশের অনেক সদস্যও প্রকাশ্যে ধূমপান করেন। মা-বাবার ভরণপোষণ আইন অনুযায়ী, সন্তান যদি তাদের দেখাশোনা না করে তবে জরিমানা বা কারাদণ্ড হতে পারে। বাস্তবে অনেক বৃদ্ধ মা-বাবা আজও অবহেলিত। আইন প্রয়োগ না হওয়ায় এর সুফল পাচ্ছে না সমাজ। আবার বছরের পর বছর মামলা ঝুলে থাকায় অপরাধীরা পার পেয়ে যায়। তাই ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ রাখতে হবে।\r\nআইন না মানার এই প্রবণতার পেছনে মূলত তিনটি কারণ স্পষ্ট- দুর্বল আইন প্রয়োগ, শাস্তির নিশ্চয়তার অভাব এবং নৈতিকতার অবক্ষয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হতে হবে আরও কার্যকর ও নিরপেক্ষ। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আইনি বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। যদি সব নাগরিক নিজের দায়িত্ব বোঝেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তবে একটি সুশাসিত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।