নোবেলজয়ী গ্যারি বেকারের (১৯৬৫) ‘সময়ের বণ্টন’ তত্ত্ব অনুযায়ী, সময় কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-ে বিনিয়োগের মাধ্যমে নতুন প্রাতিষ্ঠানিক মূল্য তৈরির হাতিয়ার। এই তাত্ত্বিক বিচারে সময়ের পরিকল্পিত ব্যবহারই সামাজিক পুঁজি গঠনের মূল শক্তি। আমার শৈশবের স্মৃতিতে শবে বরাত ছিল এই সময়-পুঁজি বিনিয়োগের এক মহোৎসব এবং সামাজিক পুঁজি গঠনের সার্থক রূপায়ন। প্রতি বছর শবে বরাত এলে আমার স্মৃতিতে শৈশবের সেই দৃশ্য অম্লান হয়ে ওঠে, যেখানে মাগরিবের নামাজের পর গ্রামের প্রতিটি পরিবার হালুয়া ও রুটি নিয়ে আমাদের বাড়িতে মিলিত হতো। শিশু-কিশোর থেকে বয়স্ক সবাই আনন্দ উদযাপন ও ভোজ শেষে অন্যের বানানো হালুয়া-রুটি নিয়ে বাড়ি ফিরত এবং বয়স্করা সন্তানদের নিয়ে এশার নামাজে যেতেন। শহরে থাকা মানুষগুলো এই দিনে গ্রামে ফিরত এবং মেয়ে-জামাইদের আগমনে উৎসবের আমেজ তৈরি হতো। মা ও বোনেরা রোজা রেখে সারাদিন রান্নায় ব্যস্ত থাকতেন আর গরিব ও অসহায়রা সম্মানের সাথে বাড়ি বাড়ি গিয়ে হালুয়া-রুটি সংগ্রহ করত। এটি কেবল খাদ্য বিনিময় ছিল না বরং এটি ছিল একটি অনানুষ্ঠানিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং পারস্পরিক বিশ্বাস তৈরির এক নিরন্তর প্রক্রিয়া। প্রাচীন সমাজে মিষ্টির বাণিজ্যিক দুষ্প্রাপ্যতার কারণে ঘরে তৈরি হালুয়া-রুটি বিনিময়ের যে স্বতঃস্ফূর্ত ব্যবস্থা গড়ে উঠেছিল, তা ছিল মূলত একটি সামাজিক বণ্টন পদ্ধতি। সময়ের বিবর্তনে এর ব্যবহারিক প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলেও এটি আমার শৈশবে পারস্পরিক আস্থার এক শক্তিশালী ঐতিহ্যে রূপ নিয়েছিল। সমাজবিজ্ঞানী রবার্ট পুটনাম (২০০০) একে সেতুবন্ধনকারী সামাজিক পুঁজি হিসেবে অভিহিত করেছেন যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংহতির মূল ভিত্তি হিসেবে কাজ করে।

যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন শবে বরাতের ছুটিতে যারা বাড়ি ফিরতে পারত না, স্থানীয় সিলেটি বন্ধুরা তাদের নিজেদের বাসায় দাওয়াত করে আখনী, মিষ্টান্ন ও হালুয়া-রুটি খাইয়ে আপ্যায়ন করত। আতিথেয়তার এমন অনন্য দৃষ্টান্ত বছরের অন্য কোনো সময়ে সচরাচর দেখা যেত না। সিলেট, চট্টগ্রাম কিংবা পুরান ঢাকার মতো কিছু সাংস্কৃতিক পকেট ছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে শবে বরাতের এই সমৃদ্ধ প্রথা এখন মৃতপ্রায়। আধুনিক নাগরিক বিচ্ছিন্নতা আমাদের এই হাজার বছরের সামাজিক সেতুবন্ধনটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এই ক্ষয় কোনো স্বাভাবিক পরিবর্তন নয় বরং এটি আমার গবেষণালব্ধ সপ্তভূজ লৌহ কাঠামোর সপ্তম বাহুর অনানুষ্ঠানিক রাজনৈতিক অর্থনীতির প্রভাবক, যেমন- মাফিয়া, সিন্ডিকেট, স্থানীয় মাস্তান ও চাঁদাবাজির নেটওয়ার্ক এবং ধর্মীয় নেটওয়ার্কের ফলাফল।

কিন্তু, শবে বরাতের এই ধর্মীয় ও সামাজিক প্রথা হারিয়ে আমাদের প্রকৃতপক্ষে কী লাভ হয়েছে? রাজনৈতিক অর্থনীতির একজন গবেষক হিসেবে প্রথাগত মানদ-ের বাইরে ‘সময়-তথ্য-স্নায়ুগত অলিগার্কিক পক্ষাঘাতের’ বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টিকে ব্যবচ্ছেদ করতে চাই। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এই নিবন্ধের উদ্দেশ্য শবে বরাতের ধর্মীয় বৈধতা কিংবা করণীয় বা বর্জনীয় বিষয় নিয়ে কাউকে প্রভাবিত করা কিংবা কোনো বিশেষ মতাদর্শকে তুষ্ট বা রুষ্ট করা নয়; বরং এটি সামাজিক পরিবর্তনের গতিপ্রকৃতি নিয়ে একটি নির্মোহ ও তাত্ত্বিক অনুসন্ধানের সাহসী প্রচেষ্টা মাত্র। আমার প্রস্তাবিত অলিগার্কিক পক্ষাঘাতের তিনটি ডাইমেনশন শবে বরাতের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা যেতে পারে।

(১) তথ্যগত পক্ষাঘাত: জোসেফ স্টিগলিটজ (২০০২) বর্ণিত তথ্যের অসামঞ্জস্যতাকে পুঁজি করে অলিগার্কির ‘সপ্তম বাহু’ তথ্যের একটি একচেটিয়া বাজার তৈরি করেছে। তারা শবে বরাতের মতো সহস্রাব্দের সামাজিক প্রথাকে অত্যন্ত সুকৌশলে এবং একপাক্ষিক তথ্যের মাধ্যমে ‘বিদআত’ হিসেবে ব্র্যান্ডিং করছে। যখন সাধারণ মানুষের কাছে বিকল্প বা পূর্ণাঙ্গ ধর্মীয় তথ্য থাকে না, তখন তারা এই তথ্যগত ফাঁদে পড়ে যায় এবং নিজেদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি মূলত সমাজকে একটি ‘তথ্যগত পক্ষাঘাতের’ দিকে ঠেলে দিচ্ছে। ঐতিহাসিকভাবে, ৪৪৮ হিজরিতে বায়তুল মুকাদ্দাসের ইমামদের হাত ধরে এই প্রথার যে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, তা তৎকালীন বাদশাহদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় একটি দীর্ঘস্থায়ী সামাজিক কাঠামোতে রূপ নেয়; যা প্রমাণ করে যে তথ্য ও ক্ষমতার সঠিক সমন্বয় কীভাবে একটি শক্তিশালী অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।

(২) জ্ঞানগত পক্ষাঘাত: জ্ঞান কেবল তথ্য নয়, বরং তথ্যের বিশ্লেষণ ও প্রয়োগ। হানাফি-সুফি দর্শনের যে সাংস্কৃতিক নমনীয়তা ছিল, তার জায়গায় এখন একটি যান্ত্রিক ও কঠোর তাত্ত্বিক জ্ঞান চাপিয়ে দিয়ে চিন্তার বহুত্ববাদকে সংকুচিত করা হচ্ছে। ইমাম ইবনে নুজাইম (রহ.)-এর ‘আল-বাহরুর রায়েক’-এর মতো সনাতন ফিকহগ্রন্থে ১৫ শাবানের রাতকে ইবাদত ও দোয়ার জন্য স্পষ্টভাবে ‘মুস্তাহাব’ ও ফজিলতময় বলা হয়েছে। অনর্থক আলোকসজ্জা, আতশবাজি, মেলা বা হইহুল্লোড়কে শরীয়তের সাধারণ নীতি অনুযায়ী সব সময়ই অপচয় ও নিন্দনীয় ধরা হয়, শবে বরাতের জন্য আলাদা করে নয়। অথচ, ইউটিউব, জলসা ও মিডিয়া-নির্ভর প্রচারপ্রিয় ধর্মীয় বক্তারা এই অপচয়-সমালোচনাকেই ঢাল হিসেবে ব্যবহার করে শবে বরাত উপলক্ষে ইবাদতকেও সরাসরি বিদআত ঘোষণা করছেন এবং আমাদের হাজার বছরের অর্জিত লোকজ ও ধর্মীয় জ্ঞানের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ সমন্বয়কে কার্যত নাকচ করে দিচ্ছেন।

(৩) সময়গত পক্ষাঘাত: গ্যারি বেকারের ভাষায়, সময় একটি দুষ্প্রাপ্য সম্পদ। শবে বরাতের মতো উৎসব ছিল ‘সামাজিক সময়’ বিনিয়োগের একটি ক্ষেত্র। কিন্তু অলিগার্কিক পক্ষাঘাতের ফলে মানুষ এখন এই সম্মিলিত সময়কে নিরুৎপাদনশীল তর্কে ব্যয় করছে। উৎসবের সেই সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক সময়টি এখন ‘মৃত সময়ে’ পরিণত হয়েছে। এই সময়গত পক্ষাঘাতের কারণে উৎপাদন সম্ভাবনা সীমানা সংকুচিত হচ্ছে এবং সমাজ আধ্যাত্মিক ও সামাজিক শূন্যতার দিকে ধাবিত হচ্ছে। তথ্যের অসামঞ্জস্যকে ব্যবহার করে চালানো এই কৌশল মানুষকে সম্মিলিতভাবে শক্তিহীন করে তোলে, যা পুটনামের ‘বোলিং অ্যালোন’ তত্ত্বে স্পষ্টভাবে ফুটে উঠেছে। অথচ শবে বরাত বিপদের সময় মানুষকে একে অপরের পাশে দাঁড়ানোর এক অকৃত্রিম সাহস ও শক্তি জোগাত। সমাজ যখন ব্যক্তিস্বার্থের জালে আটকে সামষ্টিক কল্যাণ বিসর্জন দেয়, তখন তা উৎপাদন সম্ভাবনা রেখার অনেক অভ্যন্তরে অবস্থান করে; যা চরম অর্থনৈতিক অদক্ষতার লক্ষণ। বর্তমানে একদল ধর্মীয় নেতৃত্ব শবে বরাতের পক্ষ-বিপক্ষ বিতর্কে লিপ্ত হয়ে যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করছেন, তা মূলত সময়ের এক চরম অনুৎপাদনশীল অপচয়।

শবে বরাত মূলত মুক্তির রজনী হিসেবে পরিচিত। পবিত্র কুরআনের সূরা দুখানে (৪৪: ১-৫) একটি বরকতময় রাতের (লাইলাতুল মুবারাকাহ) উল্লেখ রয়েছে, যা অনেক প্রাচীন তাফসিরকারক শবে বরাত বলে মনে করেন। অনেক আধুনিক তাফসীরবিদ আবার একে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করেন, তবুও হাদীস শাস্ত্রের বিভিন্ন বর্ণনায় (ইবনে হিব্বান: ৫৬৬৫, ইবনে মাজাহ: ১৩৯০, রাজিন: ২০৪৮; ইবনে খুজাইমা, কিতাবুত তাওহিদ, পৃষ্ঠা: ১৩৬, মুসনাদে আহমদ, চতুর্থ খ-, পৃষ্ঠা: ১৭৬) মধ্য শাবানের এই রাতে আল্লাহর বিশেষ ক্ষমা ও রহমতের কথা উল্লেখ আছে। এই তাত্ত্বিক ভিত্তি থেকেই মুসলিম সমাজে রাতটি প্রার্থনা ও সামাজিক বিনিময়ের একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে শবে বরাত কেবল দক্ষিণ এশিয়ার সম্পদ নয়, বরং এটি একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক সামাজিক পুঁজি। এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এক দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক অনুশীলন। মধ্য এশিয়ার উজবেকিস্তান ও তাজিকিস্তানে এটি নিভৃত আধ্যাত্মিক স্মরণের রাত হলেও তুরস্কে এটি ‘বেরাত কান্দিলি’ হিসেবে রাষ্ট্রীয় ক্যালেন্ডারভুক্ত এবং মসজিদ আলোকসজ্জার মাধ্যমে উদযাপিত হয়। ইরান, ইরাক ও আফগানিস্তানে একে ‘নিম-ই-শাবান’ এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে ‘নিসফু শাবান’ নামে অভিহিত করা হয়; যেখানে স্থানীয় সংস্কৃতির প্রভাবে নানাবিধ সামাজিক আচার, মিষ্টান্ন বিতরণ ও দানখয়রাত পরিলক্ষিত হয়। অর্থনীতির ভাষায় একে বলা হয় ‘পাথ ডিপেন্ডেন্স’ (নর্থ, ১৯৯০); অর্থাৎ শত শত বছর ধরে বিভিন্ন সমাজ তাদের নিজস্ব সাংস্কৃতিক ছাঁচে এই রাতকে একটি ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিনিময় প্রথা হিসেবে গড়ে তুলেছে। ফলে তুরস্কের ‘বেরাত কান্দিলি’ বা ইরানের ‘নিম-ই-শাবান’-এর উদযাপনের সাথে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী হালুয়া-রুটির যে তফাৎ, তা মূলত এক সুদীর্ঘ স্থানীয় প্রাতিষ্ঠানিক বিবর্তনের অনন্য ফলাফল। অন্যদিকে, সৌদি আরব বা কাতারের মতো দেশগুলোতে, যেখানে সালাফি-ওয়াহাবী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রভাব বেশি, সেখানে এই সামাজিক বা ধর্মীয় বৈচিত্র্য দৃশ্যমান নয়।

বর্তমানে শবে বরাতকে কেন্দ্র করে যে বিতর্কটি দৃশ্যমান, তা মূলত দুটি ভিন্ন প্রাতিষ্ঠানিক দর্শনের সংঘাত। প্রথমটি হলো হানাফি বা ঐতিহ্যবাদী ধারা। হানাফি দর্শনে খাবারের বিনিময় ও সম্মিলিত প্রার্থনা কোনো বিচ্ছিন্ন আচার নয়, বরং তা সামাজিক পুঁজি পুনরুৎপাদনের কার্যকর প্রক্রিয়া। এখানে ধর্ম ব্যক্তিগত মুক্তির পাশাপাশি আস্থা ও সহমর্মিতার অনুঘটক হিসেবে কাজ করে। বিপরীতে রয়েছে আহলে হাদীস বা সালাফি-ওয়াহাবীর ধারা, যারা শবে বরাতকে উপলক্ষ করে যেকোনো কর্মকান্ডকে ‘বিদআত’ হিসেবে প্রত্যাখ্যান করে। তাত্ত্বিকভাবে এই দ্বন্দ্বকে সাংস্কৃতিক নমনীয়তা (হানাফী) বনাম প্রাতিষ্ঠানিক কঠোরতা (আহলে হাদীস) হিসেবে চিহ্নিত করা যায়। প্রথমটি ধর্মকে অন্তর্ভুক্তিমূলক সংহতির উৎস হিসেবে দেখে, আর দ্বিতীয়টি ধর্মকে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। হানাফি-সুফি ঐতিহ্যের প্রবাদপ্রতিম আলেম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বা আশরাফ আলী থানভী (রহ.)-এর মতে, নির্দিষ্ট কিছু প্রথা বর্জনীয় হলেও এই রাতের ইবাদত ও সামাজিক মেলবন্ধন আধ্যাত্মিক ও সামষ্টিক কল্যাণের উৎস। তাঁদের এই ভারসাম্যপূর্ণ অবস্থানই আমাদের সমাজে অন্তর্ভুক্তিমূলক সংহতির ভিত্তি তৈরি করেছিল। অথচ, বিভাজন কেবল ধর্মতাত্ত্বিক নয়; এটি জ্ঞান, কর্তৃত্ব ও সামাজিক নিয়ন্ত্রণের সাথে গভীরভাবে জড়িত। সালাফি দৃষ্টিভঙ্গি প্রায়শই স্থানীয় ধর্মীয় সংস্কৃতির কর্তৃত্বকে খর্ব করে। এটি আমার প্রস্তাবিত সময়-জ্ঞান-তথ্য প্যারাডাইমের একটি প্রতিফলন, যেখানে গোষ্ঠীটি ধর্মীয় তথ্যের একচেটিয়া ব্যাখ্যার মাধ্যমে সপ্তভূজ লৌহ কাঠামোর সপ্তম বাহুকে সক্রিয় করে সামাজিক নিরাপত্তা জালকে ছিন্ন করে দিচ্ছে।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার

কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। Email: hhafij@yahoo.com