আজ থেকে ৩৮ বছর আগে বাংলাদেশে যে যুবক গণতন্ত্রের সংগ্রামে তৈরি করেছিলেন নতুন এক ইতিহাস, সে যুবকটি ছিলেন নূর হোসেন। তখন দেশে প্রায় সব রাজনৈতিক দল মিলে সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করছিল। দশটা আন্দোলনের মতো সে আন্দোলনেও জোয়ার-ভাটার খেলায় তখন ভাটা চলছিল। সেই সময়টাতেই, ১৯৮৭ সালের ১০ নভেম্বর, রাষ্ট্রপতি এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে সচিবালয় অবরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। অবরুদ্ধ নগরীতে সেদিন অসংখ্য আবাল-বৃদ্ধ-বনিতার সঙ্গে রাস্তায় নেমেছিলেন এক তরুণ, নূর হোসেন।

তাঁর বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। বুকে-পিঠে এই আকুতি নিয়ে সম্পূর্ণ উদোম গায়ে নূর হোসেন দাঁড়িয়েছিলেন পুলিশের বন্দুকের সামনে। অভূতপূর্ব এ দৃশ্য মিছিলের সাথীদের উজ্জীবিত করে তোলে। মারমুখী হয়ে তারা কর্মসূচি সফল করতে ঝাঁপিয়ে পড়ে। সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তাঁর ছবিই পরবর্তীকালে হয়ে ওঠে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। নূর হোসেনকে সেই থেকে বলা হয়ে থাকে গণতন্ত্রের জীবন্ত পোস্টার। এমনকি গণতন্ত্রের পাহারাদার হয়ে তিনি রয়ে যান মানুষের স্মৃতিতে। আসলেই কি নূর হোসেন বাঁচাতে পেরেছেন আমাদের গণতন্ত্রকে?

নূর হোসেনের আত্মদান বৃথা যায়নি, নিঃসন্দেহে। ওই আত্মদানের তিন বছরের মাথায় পতন ঘটেছিল স্বৈরশাসকের। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক নির্বাচনের মধ্য দিয়ে সূচনা ঘটেছিল বহুল কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থার। এটিও সত্য, বেশি দিন লাগেনি সেই ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে। শুরুতেই গোল বাধে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পন্থা নিয়ে। ১৯৯৪ সালের দিকে আবারও তৎকালীন সব বিরোধী দলকে একযোগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলনের কথা বলতে হয়। এ নিয়ে কত আন্দোলন। শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এলো বটে, সে-ব্যবস্থা বিতর্কিত হতেও বেশি সময় লাগেনি। এভাবে চলতে চলতে একসময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাটিই বাদ দেওয়া হয় সংবিধান থেকে। অন্যদিকে একের পর এক বিতর্কিত নির্বাচন হতে থাকে। ফলে আবারও বিদ্রোহ, আবারও গণতন্ত্রের সংগ্রাম, যার পরিণতি বর্তমান অন্তর্বর্তী সরকার।

ইতোমধ্যে এ সরকার ইতিহাসের সবচেয়ে ‘সুন্দর’ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্র ও সংবিধানে বহুবিধ সংস্কার সাধন করে স্বৈরতন্ত্রকে পাকাপাকি বিদায় জানানোরও আয়োজন চলছে। কিন্তু সংস্কার নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ শুধু নয়, ক্ষেত্রবিশেষে বিরোধও বেধেছে। তাতে সন্দেহ স্বৈরতন্ত্র ভিন্ন নামে ফিরে আসে কিনা। নির্বাচন নিয়েও সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। প্রথমত, দৃশ্যত মনে হচ্ছে, এটি হতে যাচ্ছে প্রধানত একমনা দলগুলোর নির্বাচন। আইন করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হযেছে, জাতীয় পার্টিসহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে এমন দলগুলোকেও নির্বাচন থেকে দূরে রাখার দাবি উঠেছে।

ফলে নির্বাচনে থাকছে প্রধানত বিএনপি এবং তার দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। নতুন দল এনসিপি তরুণদের দল হিসেবে পরিচিত, তবে তার চিন্তা-ভাবনাও ওই দুই দলের চেয়ে ভিন্ন নয়। উপরন্তু, সংবাদমাধ্যমে খবর এসেছে, এ তিন দলের মধ্যে আসন ভাগাভাগির আলোচনাও চলছে। এতে আর যাই হোক ভিন্ন আদর্শের শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা দূরস্থান, একই আদর্শের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকছে না, তা কি ব্যাখ্যার প্রয়োজন হয়?

ভাবছি, এ অবস্থায়, কোনো এক জাদুবলে নূর হোসেন ফিরে এলে কী বলতেন? আমার ধারণা, এবার আর পুলিশের বন্দুকের সামনে তিনি দাঁড়াতেন না, বরং বহু সাধের গণতন্ত্রের এ চেহারা দেখে একপ্রকার আত্মঘাতী হতেন।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল