ড. ইজাজ হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক। বুয়েটের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক ।

সমকাল: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে ইতোমধ্যে পড়েছে, বাংলাদেশের ওপরও এর ছাপ আমরা দেখছি। আমাদের ওপর আসলে প্রভাব কতটা নেতিবাচক হতে পারে বলে আপনি মনে করেন?

ইজাজ হোসেন: মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব আমাদের ওপর বেশ ভালোভাবেই পড়তে পারে। তবে নিশ্চিত করে এখনও বলা কঠিন। হরমুজ প্রণালি ইরান বন্ধ করতে চাইলেও যুক্তরাষ্ট্র খোলা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশের জাহাজ যেতে দেবে। আমাদের তেলের মধ্যে ডিজেলের বেশির ভাগ আমদানির সঙ্গে যুক্ত। নিয়মিত ভিত্তিতে ডিজেল আসে এবং আমরা ব্যবহার করি। এটি তেমন মজুত থাকে না। যুদ্ধ বন্ধ হয়ে গেলে কিংবা হরমুজ প্রণালির যাতায়াত স্বাভাবিক হলে আমাদের ওপর তেমন প্রভাব পড়ার কথা না।

সমকাল : ইতোমধ্যে জেট ফুয়েলের দাম তো বেড়ে গেছে।

ইজাজ হোসেন : সমস্যা সেখানেই। একবার দাম বেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর কমতে চায় না। এক-দেড় মাসও যদি বেশি মূল্যে এটি কিনতে হয়, এর প্রভাব অর্থনীতির ওপর পড়বে।

সমকাল: সরকার পরিস্থিতি সামাল দিতে জ্বালানি সাশ্রয়ী নীতিমালা ঘোষণা করেছে। পাশাপাশি জ্বালানি সংগ্রহে রেশনিং পদ্ধতি চালু করে কয়েকদিন পর তা বাতিল করে। বিষয়টি কীভাবে দেখছেন?

ইজাজ হোসেন : জ্বালানিতে আমদানিনির্ভর দেশগুলো সাধারণত সংকটে পড়লে রেশনিং করে থাকে। এটি ঠিকই আছে। তবে রেশনিংয়ের প্রক্রিয়া নিয়ে কথা হতে পারে। আমাদের ডিজেলের চাহিদা যেহেতু অনেক বেশি বিভিন্ন খাতে, ভবিষ্যতের জন্য আমাদের মনে রাখতে হবে কীভাবে এই চাহিদা কমানো যায়।

সমকাল: পরিবহনে তো পেট্রোল আর অকটেন ব্যবহার করা হয়?

ইজাজ হোসেন: এগুলোর সরবরাহ ডিজেলের মতো না। অর্থাৎ দেশীয়ভাবে উৎপাদন করা যায়। ডিজেলের রেশনিং করাই যায়। সরকার যেহেতু বলছে পেট্রোল আর অকটেনে সমস্যা নেই, তবে কেন সেখানে রেশনিং করা হলো? পরিবহনে রেশনিং না করলেই মনে হয় ভালো হতো। সেগুলোর সমস্যা হয়তো হতো কিন্তু পরে হতো।

সমকাল: জ্বালানি সাশ্রয়ী নীতির কথায় আসি। নাগরিকদের মধ্যে সাশ্রয়ী সংস্কৃতি কতটা জরুরি?

ইজাজ হোসেন: আমাদের মধ্যে সাশ্রয়ী মানসিকতা মোটেই নেই। জ্বালানির দাম আরও বেশি হওয়ার কথা ছিল। এখন যে দামে মানুষ জ্বালানি পাচ্ছে, তাতে তারা এর মর্ম পুরোপুরি বুঝছে না। আমাদের মানসিকতার কারণে আমরা দেখছি, বেশি দামি জিনিসও আমরা অপচয় করি। আমি মনে করি, যেহেতু আমরা বড় ধরনের ধাক্কা খেয়েছি এবং ব্যাপকভাবে আমদানিনির্ভর হয়ে যাচ্ছি, সেজন্য সাশ্রয়ী হওয়ার বিষয়টি আমাদের সংস্কৃতি হয়ে যাওয়া জরুরি। কৃচ্ছ্রসাধন এবং সাশ্রয়ী দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করা দরকার।

সমকাল : পুরো জ্বালানির কথা বলতে গেলে আমরা আসলেই কতটা আমদানিনির্ভর?

ইজাজ হোসেন: জ্বালানি তেল তথা ডিজেল পুরোপুরি আমদানিনির্ভর। অথচ ডিজেলের চাহিদাই অত্যধিক। গ্যাসের কথা যদি বলি, গ্যাস নিয়ে আমরা অনেক অবহেলা করছি। গ্যাস অনুসন্ধান ঠিকভাবে হয়নি। আমাদের প্রায় ৩০ শতাংশ গ্যাস এলএনজি ফর্মে আমদানি করতে হচ্ছে। গ্যাসের যে চাহিদা, সেখান থেকে এক-তৃতীয়াংশ অংশও আমরা সরবরাহ করতে পারছি না। গ্যাস, কয়লাসহ সব যোগ করে দেখা যায়, জ্বালানির ৬০ ভাগই আমাদের আমদানি করতে হয়। গ্যাস যেহেতু আমরা পাচ্ছি না, এভাবে চলতে গেলে ২০৩০ সাল নাগাদ ৯০ শতাংশই আমাদের আমদানি করতে হবে। বোঝাই যাচ্ছে, আমাদের অর্থনীতির ওপর এটি কতটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

সমকাল: এতটা আমদানিনির্ভর কেন আমরা?

ইজাজ হোসেন : এর পেছনে বেশ কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে, আওয়ামী লীগের শেষ ১০ বছরে নতুন করে গ্যাস অনুসন্ধান করা হয়নি। সে সময় ‘এক্সপ্লোরেশন’ এতটাই অবহেলিত থেকেছে যে গ্যাস আহরণের চেয়ে এলএনজি আমদানিতেই বেশি নজর দেওয়া হয়েছে। গভীর সমুদ্রবন্দরে গ্যাস আহরণের কোনো কাজ আমরা শুরু করতে পারিনি। কয়েকবার টেন্ডার করেও তার ফল আসেনি। আশা করা যায়, অদূর ভবিষ্যতে টেন্ডারিংয়ের মাধ্যমে সে প্রক্রিয়া শুরু হবে। আমরা মূলত গ্যাসভিত্তিক দেশ।

সমকাল : সেই গ্যাসই ফুরিয়ে যাচ্ছে।

ইজাজ হোসেন: আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, গ্যাস ফুরিয়ে যাচ্ছে। এর রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। তারপরও গ্যাস অনুসন্ধান, আহরণ কিংবা রিজার্ভ বাড়ানোতে আমাদের মনোযোগ দেখিনি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিকেও আমরা অবহেলা করেছি। এ ক্ষেত্রে জমিসহ নানাবিধ সমস্যা আছে বটে, কিন্তু এগুলো সবই অতিক্রম করা সম্ভব। অথচ কোনো সরকারই সেদিকে দৃষ্টি দেয়নি। এমনকি অন্তর্বর্তী সরকারও অনেক কিছু বলেছে, কিছু করেনি। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিই, তবে আমদানি এতটা করতে হয় না।

সমকাল: জ্বালানিতে আমদানিনির্ভরতা কমাতে আপনার কী পরামর্শ?

ইজাজ হোসেন: আমি নবায়নযোগ্য জ্বালানির কথা বলছি। তা ছাড়া আমাদের সাশ্রয়ী ব্যবহার এবং দক্ষ যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজন কিছুটা কমানো সম্ভব। গ্যাসের অনুসন্ধান বাড়াতেই হবে। নবায়নযোগ্য জ্বালানির সফল উদাহরণ হতে পারে আমাদের দক্ষিণ এশীয় প্রতিবেশী পাকিস্তান। তারা এক বছরে ১৭ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করেছে। অথচ আমরা এক হাজার মেগাওয়াটও উৎপাদন করতে পারিনি। তাদেরও জ্বালানির প্রকট সমস্যা ছিল। ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছিল। অবশেষে পাকিস্তানের জনগণ নিজেরাই হতাশ হয়ে নবায়নযোগ্য জ্বালানির পথ বেছে নেয়। সেখানে প্রধানত ছোট ছোট উদ্যোগেই এটা হয়েছে।

সমকাল : বাংলাদেশে কেন নবায়নযোগ্য জ্বালানির প্রসার হচ্ছে না?

ইজাজ হোসেন: পাকিস্তানের পাশাপাশি ভারতও নবায়নযোগ্য জ্বালানিতে সফল। আমাদের ক্ষেত্রে বলতে হবে, অগ্রাধিকারগত সমস্যা। জমির সংকট আছে বটে, যেটা পাকিস্তান কিংবা ভারতে নেই। আমি মনে করি, অগ্রাধিকার পেলে এ সংকট উত্তরণও অসম্ভব নয়।

সমকাল: নবায়নযোগ্য জ্বালানি কতটা কার্যকর বিকল্প?

ইজাজ হোসেন: অবশ্যই কার্যকর। নবায়নযোগ্য জ্বালানির মূল সমস্যা ছিল, এটি ব্যয়বহুল। এখন ধীরে উৎপাদন ব্যয় কমে যাচ্ছে। এমনকি এখন বলা হয়, পৃথিবীতে সবচেয়ে কম দামি বিদ্যুৎ হলো সৌরবিদ্যুৎ। বাংলাদেশে সাড়ে চার ঘণ্টা সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ নিতে পারি। বাকি সময়ের জন্য আছে ব্যাটারির ব্যবস্থা। ব্যাটারি কিছুটা ব্যয়বহুল বটে। তবে সম্প্রতি চীন ও ভারত খুব কম দামে এ ব্যাটারির ব্যবস্থা করছে। আমরাও এই সুযোগ নিতে পারি। সেই সৌরবিদ্যুৎ রাতে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এভাবে বিদ্যুতের ৩০ শতাংশ চাহিদা মেটানো সম্ভব।

সমকাল: গরমের সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিং অনেকটাই শুরু হয়ে গেছে। বিদ্যুৎমন্ত্রী ইতোমধ্যে মন্তব্য করেছেন, ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো। লোডশেডিং ব্যবস্থাপনায় আমাদের করণীয় কী?

ইজাজ হোসেন : লোডশেডিং মোকাবিলার জন্য আওয়ামী লীগের সময়ে যে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়, তা নিয়ে আমরা তখনই পর্যবেক্ষণ দিয়েছিলাম। বস্তুত লোডশেডিংয়ের সময়েই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়। আমাদের যদি পর্যাপ্ত গ্যাস থাকত, তবে আমরা বিদ্যুৎ উৎপাদনে তেলের বদলে গ্যাস ব্যবহার করতাম। এখন তেলের কারণে যেটা ইউনিটপ্রতি ২০ টাকার বেশি খরচ হয়, সেটা কমে ১২ টাকা হয়ে যেত। নিজের গ্যাস থাকলে সেখানে লাভ হতো। আবার আমদানীকৃত গ্যাস হলে তেমন লাভ নেই। বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ ব্যাটারিসহ ব্যবহার করলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো। এখন আমরা রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল হওয়ায় ক্যাপাসিটি চার্জ হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। ৫০ হাজার কোটি টাকা এভাবে ভর্তুকিতে চলে যাচ্ছে। অথচ এই টাকা গ্যাস আহরণ কিংবা জ্বালানিরই অন্য ক্ষেত্রে ব্যবহার করলে হয়তো আমরা এ খাতে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতাম। ভর্তুকির নামে এই অপচয় চলতে পারে না।

সমকাল: আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার সময় সরকারি ভর্তুকি, মূল্য সমন্বয় ও বাজার ব্যবস্থাপনা কীভাবে করা উচিত?

ইজাজ হোসেন: এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে দেশ কিংবা জ্বালানি খাতের জন্য ভালো হয়–এমন পদক্ষেপ নিলে ধীরে ধীরে জ্বালানি খাত টেকসই হবে বলে আমি মনে করি। ভর্তুকির নামে যে অপচয়, তা প্রতিবছর ২০ শতাংশ করে কমালেও পাঁচ বছর লাগবে। এখন বিশ্বের যুদ্ধাবস্থায় আমাদের হয়তো কষ্ট করতে হবে। আমি মনে করি, লোডশেডিং করতে হলেও তা সারাদেশে সমান বণ্টন প্রয়োজন। কোথাও কমবেশি হলে তা নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। প্রাসঙ্গিকভাবে মন্ত্রীর বক্তব্যে আসি।

সমকাল : জি, প্লিজ।

ইজাজ হোসেন: তাঁর কথার ব্যাখ্যা আমি এভাবে করতে পারি, আমাদের প্রতিবছর যে ৫০ হাজার কোটি টাকা দিতে হচ্ছে, ঋণ করে আমরা এত বিদ্যুৎকেন্দ্র তৈরি করে ফেলেছি, সেটা অব্যাহত না রেখে লোডশেডিং সহ্য করাই দেশের জন্য ভালো। কষ্ট না করলে ঋণ আরও বাড়তেই থাকবে।

সমকাল: জ্বালানি সাশ্রয় ও বিকল্প জ্বালানি ব্যবহারে সাধারণ মানুষ, বেসরকারি খাত ও বিনিয়োগকারীদের ভূমিকা কী হতে পারে?

ইজাজ হোসেন: জ্বালানি সাশ্রয়ের দায়িত্বটা সবার। এখানে ধর্মীয় বিষয়ের মতো অর্থাৎ সাশ্রয় নীতি মেনে চলা। সবাইকে ভালো হওয়ার জন্য সবক দেওয়ার মতো আরকি। তবে বিদ্যুৎ বিভাগের অধীনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বা স্রেডার এ ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। বিদ্যুতের সরঞ্জাম যারা তৈরি করেন, তাদের দায়িত্ব আছে। গরমকালে ফ্যানের অত্যধিক ব্যবহার হয়। কিছু প্রতিষ্ঠান বিএলডিসি (কম বিদ্যুৎ খরচকারী ডিসি কারেন্টে চলা) ফ্যান তৈরি করেছে। এ ফ্যান কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয় করে থাকে। প্রচলিত ফ্যানে ব্যাপক বিদ্যুতের প্রয়োজন হয়। সেজন্য বিএলডিসি ফ্যানের মতো বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান যদি সবাই ব্যবহার করে, তবে দেখা যাবে লোডশেডিংও অনেকখানি কমে যাবে। একটি ফ্যান গড়ে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা চলে। ফ্যানের মতো অন্যান্য উপকরণে বিদ্যুৎ সাশ্রয় হলে তার অবদান কম নয়।

সমকাল : শিল্পেও কি এমনটা ব্যবহার হতে পারে?

ইজাজ হোসেন: শিল্পে যদি এমন দক্ষ ও সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে, তবে নিজেদেরও লাভ হবে। একই সঙ্গে বিদ্যুতেরও সাশ্রয় করবে। ইতিবাচক বিষয় হলো, ইলেকট্রিক কোম্পানিগুলো যখন উপকরণ বিক্রি করছে তখন তারা বলছে, তাদের ফ্রিজ ইত্যাদি বিদ্যুৎ সাশ্রয়ী। শিল্পকে এই দক্ষ উপকরণ ব্যবহার করতে বাধ্য করলে তা সাশ্রয়ের ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে।

সমকাল: এখন যুদ্ধের কারণে আমরা জ্বালানি সংকট দেখছি। কিন্তু জ্বালানি সংকট তো আমাদের নিত্যবিষয় বলা যায়। এ সংকট উত্তরণে দীর্ঘ মেয়াদে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?

ইজাজ হোসেন: কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশ্বব্যাপী কাজ চলছে। বাংলাদেশ বিশ্ব থেকে কার্বন ফান্ডিং নিয়ে অনেক কাজ করতে পারে। দেশেই ডেনিশ সরকার কার্বন ক্রেডিটের আওতায় গ্রিন বিদ্যুতের জন্য উইন্ড এনার্জি বা বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি বিদ্যুৎকেন্দ্র করছে। এভাবে বিশ্ব থেকে ফান্ড এনে বাংলাদেশ আরও প্রকল্প হাতে নিতে পারে। আমাদের নবায়নযোগ্য জ্বালানির জন্য জমিতে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। একটি পরিসংখ্যান বলছে, আমাদের চাষের এক শতাংশ জমি ছাড় দিলে ৫০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্ভব। পাশাপাশি গ্যাস আহরণ ও অনুসন্ধান অব্যাহত রাখতে হবে। ডিপ অফশোরে এখন ভালো পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং একে অগ্রাধিকারে রাখতেই হবে।

সমকাল : সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

ইজাজ হোসেন : আপনাকেও ধন্যবাদ। সমকালের জন্য শুভকামনা।