দুটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) নির্বাচন-পূর্ব সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গত ৪ ফেব্রুয়ারি জানিয়েছে যে, তফসিল ঘোষণার পর থেকেই সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসকের দাবি, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির মাঠ ও নির্বাচন ক্রমেই সহিংস হয়ে উঠছে। বিগত ১৭ মাসে ১৪১১টি রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ওই সময়ে মব সন্ত্রাসে হত্যা করা হয়েছে ২৫৯ জনকে। এর বিপরীতে তাদের তথ্য বলছে, নির্বাচন সহিংসতায় নিহত হয়েছে ৫ জন ও আহত হয়েছে ১ হাজার জন। তুলনা করতে আমরা দেখব নির্বাচন-পূর্বে বিগত ১৭ মাসের তুলনায় রাজনৈতিক পরিবেশ অনেকটাই ভালো ছিল। এই তুলনা কেবল মানবাধিকার লঙ্ঘনের বিষয় হিসেবে ধরার পরও এ কথা মানতেই হবে যে, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ সহিংস ও পরিস্থিতি পর্যায়ক্রমে অবনতির দিকে গেছে।

এটি সত্যিই দুর্ভাগ্যজনক। কেননা, আমরা চেয়েছিলাম একটা প্রায়-অহিংস রাজনৈতিক পরিবেশ, যেখানে নির্বাচনমুখী সব রাজনৈতিক দল নিজেদের স্বস্তি ও শান্তির পক্ষে থাকবে। কিন্তু পরিস্থিতি যে ক্রমান্বয়ে ঘোলা হয়ে উঠছে এবং সেই ঘোলা পানিতে ‘মাছ’ শিকারে যেন তৎপর হয়ে উঠেছে দলগুলো। নির্বাচনে ছোট-বড় অনেক দল ও প্রার্থী। আমরা তা দেখে আশাবাদী হয়েছিলাম যে, এবারকার নির্বাচন সত্যি লেভেল প্লেয়িং ফিল্ডে সমতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। কিন্তু স্বার্থের রাজনীতিতে দেশের জনগণ নেই। যে নির্বাচন সত্যি জনগণের আশার প্রতিফলন ঘটাবে বলে দেশবাসী ধরে নিয়েছিলেন, সেই নির্বাচনের আগেই যদি এত মানুষের প্রাণ সংহার হয়ে থাকে, তাহলে তাকে আমরা জনগণের নির্বাচন বলতে পারব কিনা। বিশেষ করে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কটূক্তি, নারীদের বিষয়ে ধর্মান্ধ থাকার রিজিডিটি, প্রতিপক্ষের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পাশাপাশি বেশ কিছু প্রার্থীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রমাণ করে যে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা কেবল খোলস হিসেবে গণতন্ত্রের কথা বলছে। তাদের মৌল চিন্তা আল্লাহর শাসন ও শরিয়া আইনের পুনর্বাসন করা। আবার শেষপর্যায়ে এসে বিএনপিও জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজনৈতিক ময়দানে। আমরা যদি পর্যালোচনা করি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জামায়াত নিষিদ্ধ ছিল। তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না। হাসিনার শাসনের শেষ স্তবকে এসে ডিবি অফিসের সঙ্গে সমঝোতা হিসেবে তারা মাঠে নামে এবং নির্বিঘেœ মিছিল-মিটিং করে। এখন তাদের দাবি, তারা গুপ্ত থেকে হাসিনা উৎখাতে রাজনৈতিক কাজ করেছে।

অন্যদিকে আমরা দেখেছি, বৈষম্যবিরোধী তরুণ ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভের তোড়ে হাসিনা সরকার ভেসে যায়। তিনি পলায়ন করেন। আর বিএনপি হাসিনার ষোলো বছরের অপশাসনের শিকার হয়েও অব্যাহতভাবে আন্দোলন করে গেছে। তাদের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরের বন্দি জীবনের শিকার হয়েছে। রাজনৈতিক এই বিরোধ থেকেই মূলত একসময়কার জোটসঙ্গী জামায়াত-বিএনপি আলাদা হয়ে যায়। এখন এই দুটি দল পরস্পরের বিরুদ্ধে কেবল বিষোদ্গারই করছে না, তারা অনেকটাই মারমুখী। এরই ফলে এত প্রাণহানি ও কুৎসিত শব্দের ব্যবহার আমরা লক্ষ্য করছি। আসক ও এইচআরএসএসের নির্বাচন-পূর্ব সহিংসতার নমুনা পর্যালোচনা সেই তথ্যই দিচ্ছে। আমরা এই সহিংস পরিস্থিতির উন্নতি চাই। এই চাওয়া জনগণের। আগামী সাত দিনে যেন একটি প্রাণও আমাদের হারাতে না হয়, সে দায়িত্ব মূলত আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক স্টেকহোল্ডারদের। তাদের তৎপরতার মধ্যেই আইনের শাসনের রূপ আমরা দেখব। তেমনি রাজনৈতিক দলগুলোকেও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে তরুণ ভোটারদের ভোট নেওয়ার যে প্রতিযোগিতা চলছে, তা মাঠে মারা যাবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠার সব আয়োজনই ব্যর্থ হবে। ড. মুহাম্মদ ইউনূস অনন্য নির্বাচনী ফল আশা করছেন জনগণের পক্ষ থেকে, তা কায়েম করতে হবে রাজনীতিকদেরই।