গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার কমলাপুর রেলজংশন থেকে শেষ পর্যন্ত আমাকে একাই খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে কোনোরকম দৌড়ে চড়তে হয়েছে। গন্তব্য ঈশ্বরদী। পরদিন অনুষ্ঠিতব্য বাংলাদেশ পরমাণু কমিশন ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড আয়োজিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে হবে। যথাসময়ে মতবিনিময় সভার ভেন্যু পাকশীর সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শন বাংলো চত্বরে উপস্থিত হয়ে রীতিমতো অবাক হয়ে যাই। কারণ নানা বেশভূষার এতো লোকের সমাগম হয়েছে সেখানে–যা ছিল আমার কল্পনাতীত। যাহোক, মতবিনিময় সভায় আমার পূর্বপরিচিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর এনপিপি ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের অনেক কর্মকর্তা ও বিজ্ঞানীর সঙ্গে দেখা হয়েছে–কথা হয়েছে। আমার বিস্ময় আরও বেড়ে গেল সভায় উপস্থিত কৃষিজীবী, মৎসজীবী, শিক্ষক, মিশ্র পেশাজীবী, ইমাম–পুরোহিত-ধর্মগুরুসহ ঈশ্বরদী জনপদের প্রান্তিক জনগোষ্ঠী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে নানামাত্রিক প্রশ্ন দেখে।
মতবিনিময় সভায় উপস্থিত প্রান্তিক জনগোষ্ঠী একান্ত নিজের ভাষায় কুলিং টাওয়ারের ধোঁয়া, পদ্মার পানিদূষণ, শব্দ, পশুপাখি, ফসলসহ নানা প্রশ্নের জবাব বিশেষত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞানীরা যথার্থভাবেই দিয়েছেন। উপরন্তু ওইসব প্রশ্নোত্তারসমূহ আরও অথেনটিক ও স্পষ্ট হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসানের সাপ্লিমেন্ট সংযোজনে। উপর্যুক্ত প্রসঙ্গের অবতারণার কারণ হলো, মফস্বলের একটি উপজেলার প্রায় শ’ পাঁচেক জনগণের–যাদের বেশিরভাগ আবার প্রান্তিক পর্যায়ের, তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তথা নিউক্লিয়ার জ্ঞানের পারদর্শিতা। যা সত্যিই যে কাউকে অবাক করার মতো ঘটনা। এটা বাস্তবতার আলোকে ও দেখা অভিজ্ঞতায় যে কোনো জটিল বিষয়কে রপ্তকরণের অন্যতম দৃষ্টান্ত। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে ডিগ্রিধারী হওয়ায় পূর্বশর্ত নয়।
ঈশ্বরদী জনপদের একজন প্রান্তিক কৃষকও যখন দেখল তাদের এলাকায় (রূপপুরের ধু-ধু পদ্মাতীর) দেশে-বিদেশ থেকে এতো প্রকৌশলী ও বিজ্ঞানী এসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে এবং বিশ্বে রূপপুর (রূপপুর ব্র্যান্ডিং) পরিচিতি পাচ্ছে, তখন স্বভাবতই ও অবচেতনভাবে নিজেদের সন্তানকে নিদেনপক্ষে সেই রকমভাবে গড়ে তোলার মনোবাসনা বা আকাঙ্ক্ষা জাগতেই পারে। বস্তুত এটা হচ্ছে ঈশ্বরদীবাসীর পরবর্তী প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে বিশ্বমানে উত্তীর্ণ করার অনুঘটক।
কারণ তাদের মডেল হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী বিজ্ঞানী-প্রকৌশলী ও কয়েক হাজার রাশানসহ বিদেশী নিউক্লিয়ার বিশেষজ্ঞগণ। এ প্রভাব আপাততভাবে দৃশ্যাতীত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারণে ঈশ্বরদী জনপদের শিক্ষায় দৃশ্যমান অনেক পরিবর্তনও এসেছে। এখন সেই বসায়নই তুলে ধরছি।
ঈশ্বরদীতে রুশ ভাষা শেখার হিড়িক লেগে গেছে। আর ওই প্রমাণই মেলে রাশিয়ান ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠায়। বস্তুত রুশ ভাষা শেখার মাধ্যমে রূপপুর এনপিপি ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লি. (এনপিসিবিএল)-এ দোভাষীর কাজের অবারিত সুযোগ তৈরি হয়েছে। পরন্তু এর মাধ্যমে বাংলা, ইংরেজি ও আরবীর সঙ্গে আরেকটি ভাষাও শেখা হলো ওই জনপদের মানুষের। ঈশ্বরদী পূর্ব থেকে উন্নত হলেও পুরোপুরি শহুরে আমেজ ছিল না। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে অনেকটা রাজধানী ঢাকার মতোই এখানকার সুবিধাদি সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় লোকদের মধ্যে শিক্ষিত হওয়ার বিশেষত, সন্তান-সন্ততিকে বিদ্যালয়মুখী করার প্রবণতাও বেড়েছে।
আগে যেখানে ঈশ্বরদীর মানুষকে কাজের সন্ধানে অন্য এলাকায় পাড়ি জমাতে হতো–এখন সেখানে ঈশ্বরদীতেই ব্যাপক কমসংস্থান হয়েছে। ফলে তর-তর করে অর্থনৈতিক উন্নতিও ঘটেছে স্থানীয়দের। অনিবার্যভাবে শিক্ষায় এমনকি উচ্চ শিক্ষা অর্জনেও এর প্রভাব পড়েছে। সর্বোপরি বাইর থেকে (রাশিয়াসহ দেশ-বিদেশ) মানুষ এসে রূপপুর পারামাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে ফেলল; আর এটা ঈশ্বরদীবাসীর ওপর কোনো প্রতিক্রিয়া করবে না-তাতো হয় না। বরং তাদের ইগোতে লেগেছে (পজেটিভ অর্থে)। ফলে উচ্চ শিক্ষা অর্জনে অনুপ্রাণিত হয়েছে তারা।
যেমনটি আগে বলেছি, বাস্তব প্রয়োজনে এখানকার দোকানের সেলসম্যান, রেস্টুরেন্ট বয়, সেলুন দোকানদার, শাক-সবজি-ফল বিক্রেতও রুশ ভাষা বলতে পারে। যা সরেজমিনে গিয়ে শুনেছি। ঈশ্বরদীর দোকানগুলোতেও বাংলা ও ইংরেজির পাশাপাশি রুশ ভাষায় লেখা সাইনবোর্ড শোভা পাচ্ছে। বস্তুত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কীভাবে এমনকি কোনো পিছিয়ে জনপদের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস প্রভৃতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে, তা ঈশ্বরদীতে সরেজমিনে গিয়ে সম্যক বুঝতে পেরেছি। মোদ্দাকথা, একটি জনপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে অনেকটা সবার অলক্ষ্যে নিউক্লিয়ার লিটারেসিতে বিশ্বমানের হতে পারে–ঈশ্বরদীই তার বড় প্রমাণ।
রুশো তাহের: বিজ্ঞানবিষয়ক লেখক, নির্মাতা ও যোগাযোগ-পরামর্শক
