বিখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ শেখ আকরাম খান শিক্ষার প্রাসঙ্গিকতা বোঝাতে শিক্ষাই জাতির মেরুদণ্ড উক্তিটি করেছিলেন। প্রত্যেকের শিক্ষা জীবনে শুরু থেকে এই মহামূল্যবান উক্তিটি জড়িয়ে আছে। আবার শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে এক মুসলিম মনীষী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও তোমরা যাও । আবার নারী শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে ফ্রান্সের বিখ্যাত সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব । এসবই হলো শিক্ষার গুরুত্ব। একটি জাতি বা ব্যক্তি শিক্ষিত হলে ওই জাতি কতটা শক্তিশালী হয়, তা বোঝানোর জন্য মনীষীদের কথাগুলো তুলে ধরা। \r\nআবার কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দাও।

তাহলে ওই জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে পরাজয় বুঝতে পেরে দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যাযজ্ঞে মেতে ওঠে এবং ১৪ ডিসেম্বর বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। বিগত সরকার ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন করেছে। যা কখনোই দেশের জন্য মঙ্গলজনক বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন না। স্বল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও উন্নত দেশ ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কাঠামো বাংলাদেশের জন্য কতটা গ্রহণযোগ্য ছিল, তা অনেকেরই বোধগম্য হয়নি। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল সমগ্র দেশে। দু-একজন ভালো বললেও বেশিরভাগই ছিল বিরূপ প্রতিক্রিয়া। \r\nবিগত সরকার পতিত হলে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। তারাও শিক্ষাকে সেভাবে গুরুত্ব দেয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্ব দিয়ে ১১টি কমিশন হলেও শিক্ষা খাতে কোনো কমিশন গঠন করেনি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শিক্ষাবিদদের সমালোচনা হলো, সংস্কারের ক্ষেত্রে শিক্ষাই হওয়া উচিত ছিল অন্যতম অগ্রাধিকার । শিক্ষায় গুরুত্ব দেয়ার কথা ছিল সর্বাগ্রে। এ নিয়ে পত্রপত্রিকায় আলোচনা হলে, আরও বেশি গোলমেলে হয়ে যায় শিক্ষা খাত। কারণ, গণ-অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল অন্তত শিক্ষা খাতে পরিবর্তন আসবে; যেহেতু বিগত সরকার শিক্ষাখাত নিয়ে সবচেয়ে বেশি তামাশা করেছে। বাস্তবে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারও শিক্ষাকে কম গুরুত্ব দিয়েছে। ফলে ইতিবাচক পরিবর্তনের বদলে নেতিবাচক দিকগুলো ঘুরেফিরে আসছে আলোচনায়। শিক্ষাব্যবস্থার সামগ্রিক দুর্বলতা আরও প্রকট হচ্ছে।

আন্দোলন দানা বাদছে সর্বত্র, যা থেকে রক্ষা হয়নি এখনো।\r\nসরকারের শুরুতে আন্দোলনে নামে ছাত্রছাত্রীদের আন্দোলন হয় পাসফেল নিয়ে। সেটি সেভাবে সামলাতে পাড়েনি সরকার। ফলে শুরু হয় একের পর এক আন্দোলন, যেন বর্তমান সরকার সকল দাবি-দাওয়া মেটাতেই এসেছে। শুরু হয় একের পর এক প্রতিষ্ঠান প্রধান হটানোর আন্দোলন। কারণ তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত। শুরু হয় বিশৃঙ্খলা। আন্দোলন শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নিয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি ও প্রক্টর অপসারণের জন্য, ক্লাস বর্জন করা হয় ছাত্রছাত্রী হল খোলা ও বন্ধ নিয়ে। ২০২৫ সালের শুরুতে নতুন বই নিয়ে শুরু হয় এলোমেলো অবস্থা, শিক্ষার্থীরা বই পাবে কি পাবে না!

আরও জটিলতা শুরু হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ায়। পরিবর্তে ২০১২ সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়। প্রশ্ন উঠেছে, ২০২৫ সালে এসেও এক যুগের বেশি সময় আগের শিক্ষাক্রমে পড়া কতটা বাস্তবসম্মত? সাধারণত পাঁচ বছর পরপর শিক্ষাক্রম যুগোপযোগী করা হয়। আরও জটিলতা শুরু হয়, প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক আদালতের দ্বারস্থ হলে এবং আদালত তাদের পক্ষে রায় দেওয়ার পর। বিদ্যমান ১১তম থেকে দশম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারও প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করতে সম্মতি দেয়।\r\nএসব দেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরাও ৮ থেকে ১০ নভেম্বর টানা তিন দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন- সহকারী শিক্ষকদের বেতন ১৩ তম থেকে ১০ গ্রেডের উন্নীত করার দাবিতে। আবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন। ৯ দিন পর সরকার তাদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর ঘোষণা দিলে সে আন্দোলন থেমে যায়। ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরাও জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। বিসিএস সাধারণ ক্যাডারে পদোন্নতির জটিলতাও দীর্ঘদিনের।

পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ব্যানারে আন্দোলন শুরু করেছেন শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা পদ বাতিলে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ এবং ওই শিক্ষকদের আন্দোলন শুরু হয়। অর্থসংকটের কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণসুবিধা পেতে ভোগান্তিতে ছিলেন। এখন সেই পরিস্থিতি আরও প্রকট হয়েছে। চাকরির শেষ প্রান্তে প্রাপ্য অবসরসুবিধা না পাওয়ায় শিক্ষকদের অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।\r\nএক জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রায় সাড়ে ৭ মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রবিউল কবীর চৌধুরী।

একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সদস্য (শিক্ষাক্রম) এবং সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম)-এর দায়িত্বেও ছিলেন। ৬ নভেম্বর তিনি অবসর-উত্তর ছুটিতে গেছেন। ফলে একসঙ্গে এনসিটিবির চেয়ারম্যানসহ তিনটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে যায়। প্রথা ভেঙে প্রতিষ্ঠানটির বাইরে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পাঠ্যবই ছাপানোর এ মৌসুমে কার্যত নেতৃত্বহীন এনসিটিবি এখন নতুন বছরের শুরুতে সময়মতো পাঠ্যবই বিতরণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে।\r\nসব মিলিয়ে শিক্ষা প্রশাসনের ব্যর্থতায় আন্দোলনের চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার শিক্ষা খাত এবং আন্দোলন নিয়ে বেসামাল অবস্থায় পড়েছে এটা অনেকটা দৃশ্যমান। অনেকে আঙ্গুল তুলছেন বর্তমান সরকারের প্রতি।

আঙ্গুল তুলছেন শিক্ষকদের প্রতিও, যারা তাদের মহতী পেশা শিক্ষকতা নিয়ে বড়ই উদাসীন। অনেকে প্রশ্ন তুলছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলার কারণে এত কোচিং ও কিন্টার গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে। ওই সমস্ত কিন্টার গার্ডেনে পড়েন অধিকাংশ শিক্ষকদের সন্তানেরা। কারণ, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার ও জাতি গড়ার সূতিকাগার। জাতির যেমন উচিত প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করা তেমনি প্রাথমিক শিক্ষকদের মূল দায়িত্ব- তারা জাতি গড়ার কারিগর। সুতরাং তাদের দায়-দায়িত্ব কতটুকু সে গুরুত্বটা তাদের বুঝতে হবে। আবেগের দ্বারা তাড়িত হলে চলবে না। বাস্তবতার নিরিখে জাতীয়ভাবে বিচার বিশ্লেষণ করতে হবে।\r\nজাতীয় বাজেটে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা উচিত। এখন সময় এসেছে যুগোপযোগী শিক্ষাক্রম গ্রহণের। প্রশ্ন থেকে যায়, পাণিনি বা ফরাসি ভাষা শিক্ষার মতো বিষয়গুলো বড় বিশ্ববিদ্যালয়গুলো পড়ে কতটুকু জাতির কাজে লাগে। আমরা বিদেশে শ্রম রপ্তানি করি। এই শ্রমটাকে লেবার কোটায় না পাঠিয়ে যদি কর্মচারী কোঠায় পাঠানো যেত, তাহলে দেশ কয়েক গুণ বেশি রেমিটেন্স আহরণ করতে পারতো, যা দেশ ও জাতির উন্নয়নে সরাসরি অর্থনীতিতে প্রবেশ করত। তাই সময় এখন পরিবর্তনের, নতুনত্বকে গ্রহণের, পরিবর্তিত সময়কে খাপ খাইয়ে চলার। এর জন্য চাই যুগোপযোগী শিক্ষাক্রম।