কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কিছু করতে পারে। এটি আপনার কেনাকাটার তালিকা সাজাতে পারে; আপনার বাচ্চাদের যখন সামলানো যাচ্ছে না তখন ঘুমানোর জন্য একটি গল্প তৈরি করে তাদের বিনোদনও দিতে পারে। এটি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আরও বাড়িতে দিতে এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের কার্যকর ভূমিকায় অবদান রাখতে পারে।

এ বিষয়ে কম যা লেখা হচ্ছে এবং এখন আমাদের যে বিষয়ে জোর দেওয়া দরকার তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিকীকরণের ঝুঁকি। গত তিন মাসে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস অন্তত দুইবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। সর্বশেষ ঘটনাটি ছিল ইরানে। উদ্দেশ্য ছিল হয় রেজিম চেঞ্জ কার্যকর, নয় এর কাছাকাছি গিয়ে বাকি কাজ সরকারবিরোধী ইরানিদের ওপর ছেড়ে দেওয়া।

প্রথমত, অ্যানথ্রপিকের ক্লড এআই মডেলের কথা বলা যাক। এটি বেশির ভাগ মানুষ চ্যাটজিপিটির কিছুটা উন্নত ও বিকল্প হিসেবে ব্যবহার করে। ধারণা করা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর আঙিনা থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা এবং তা বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই এই মডেল ব্যবহৃত হয়েছে। তবে কীভাবে এটি ব্যবহার করা হয়েছিল, স্পষ্ট নয়। তারপর এই সপ্তাহান্তে আমরা জানতে পারি, এআই টুলটি গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করার জন্য আবার ব্যবহার করা হয়েছিল। এটি ইরানে ব্যাপক ক্ষতিকারক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে গিয়ে লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং দৃষ্টিগোচরে থাকতে সহায়তা করেছে।

দুটি মুহূর্তই কতটা তাৎপর্যপূর্ণ, বলে শেষ করা কঠিন। সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হয়েছে। যার ফলে অগণিত মানুষ আহত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনার মধ্যে হয়তো উৎকণ্ঠা তৈরি হচ্ছে, তবে এ ক্ষেত্রে আপনি একা নন।

অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই ক্লড ব্যবহার করে দুটি ‘লাল রেখা’ বা সীমা লঙ্ঘনে শিথিল করতে অস্বীকৃতি জানানোর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত কুৎসিত প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন। দারিওর অবস্থান ছিল এই– জনপরিসরে অভ্যন্তরীণ নজরদারির জন্য এটি ব্যবহার করা উচিত নয়, অথবা প্রয়োজনীয় মাত্রায় মানব নিয়ন্ত্রণ ছাড়াই নিশানা বানানো এবং আক্রমণ করে এমন সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করা উচিত নয়। কিন্তু ওপেন এআই অপ্রত্যাশিতভাবে দ্রুত এতে ঢুকে পড়ে এবং পেন্টাগনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরও করে; যদিও তারা দাবি করেছে, তাদের আসলে অ্যানথ্রপিকের চেয়ে বেশি শক্তিশালী সুরক্ষা রয়েছে।

যে হাতিয়ারটি জনজীবনে ইমেলের সারসংক্ষেপ এবং আপনাকে একটি কভার লেটার লিখতে সাহায্য করার জন্য আত্মপ্রকাশ করেছিল, তা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, যা তথ্যকে সহিংসতায় রূপান্তর করে।

‘কার দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা উচিত এবং সামরিকভাবে ব্যবহার করা হলে কী হবে’– এ ধরনের প্রশ্ন নিয়ে একাডেমিকদের মধ্যে বিতর্ক বরাবরই ছিল; উদ্বেগ ছিল। কিন্তু সেগুলো এতটা আসন্ন মনে হয়নি। কারণ ইতোমধ্যে সেগুলো থেকে তেমন ফলাফল পাওয়া যায়নি। জানুয়ারিতে যখন মাদুরো বিশেষ বাহিনীর হাতে আটকা পড়েন এবং ইরানে বোমা ফেলা শুরু হয়, দৃশ্যত সবই দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এই পরিস্থিতি তখন আমাদের সেই হিসাবনিকাশ বদলে দেয়।

সশস্ত্র সংঘাতের মূলনীতি হলো তোমরা বড় বড় ভয়ংকর অস্ত্র তৈরি কর, কিন্তু কখনোই সেগুলো ব্যবহার করো না। এগুলোর কাজ ভয় দেখিয়ে শত্রুকে প্রতিরোধ করা। পারস্পরিকভাবে ধ্বংসের নিশ্চয়তা তত্ত্বের অর্থ ছিল মানুষ পারমাণবিক বোমার বোতাম টেপা থেকে দূরে থাকবে। এখন সেই অজুহাত আর নেই। বিভিন্ন রাষ্ট্রের সামরিক পরিকল্পনা ও কর্মকাণ্ডে এআই ব্যবহার আরও বাড়বে। কারণ এটি কার্যকর বলে প্রমাণিত; যদিও সামরিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এআই ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে স্পষ্টত নৈতিক প্রশ্ন রয়েছে। যখন সামরিক ইতিহাসবিদরা গত কয়েক মাসের ঘটনা বিশ্লেষণ করবেন; তাদের ধারণা করা সহজ যে, এভাবে এআই ব্যবহার জাপানে নিক্ষিপ্ত পারমাণবিক অস্ত্রের মতো পরিস্থিতির জন্ম দেবে।

আমরা এ ব্যাপারে কী করতে পারি? আমাদের ভূমিকা অত্যন্ত নগণ্য। আমাদের উচিত ছিল সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা। ট্রাম্পকে বিপদের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মিত্রদের উচিত ট্রাম্পের হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা সামরিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করে এবং এ নিয়ে কিছু বাধ্যবাধ্যকতা আরোপ করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যদি রেজিম চেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে এআই মডেলগুলোকে স্বাভাবিক করে তোলে, তাহলে আমরা এআইর নিয়ন্ত্রণের ভেতরে ঢুকে পড়ব।

ক্রিস স্টোকেল-ওয়াকার: ‘টিকটক বুম: দ্য ইনসাইড স্টোরি অব দ্য ওয়ার্ল্ডস ফেভারিট অ্যাপ’-এর লেখক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম