হাওর পৃথিবীর এক অনন্য বাস্তুতন্ত্র। পৃথিবীর কিছু দেশে এর কাছাকাছি ধরনের জলাভূমি থাকলেও তাতে হাওরের বৈশিষ্ট্য কম। হাওরগুলো বছরে ছয় মাস পানিতে ভরপুর থাকে, বাকি ছয় মাস থাকে সবুজ কিংবা সোনালি শস্যে পরিপূর্ণ। প্রকৃতির এই বৈচিত্র্য মানুষের জীবনযাত্রায়ও প্রভাব ফেলে। তাই হাওরের মানুষের জীবনধারা অন্য অঞ্চলের মানুষের চেয়ে খানিকটা ভিন্ন। কিন্তু মানুষের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে প্রকৃতি আগের অবস্থায় নেই। তাই হাওরের মানুষও আগের মতো নেই। কেমন আছে হাওরের প্রকৃতি ও জীবন?
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলার ৮ দশমিক ৫৮ লাখ হেক্টর জমি নিয়ে গঠিত হাওরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের বাস। তাদের প্রধান পেশা কৃষি ও মাছ শিকার। প্রাকৃতিক উৎস থেকে সম্পদ সংগ্রহ করেই চলে হাওরবাসীর জীবন।
হাওরগুলো মূলত বিলের সমষ্টি। শীতে হাওর শুকিয়ে গেলেও বিলগুলোতে পানি থাকে। কিন্তু বিগত কয়েক দশক ধরে বিলগুলো পলিতে ভরে যাচ্ছে বলে এখন অনেক বিলে শীতকালে পানি থাকে না। আইনে নিষেধ থাকলেও অনেকে মাছ ধরার জন্য বিল শুকিয়ে ফেলে। এতে হাওরের জলজ প্রাণী ও উদ্ভিদ অস্তিত্ব সংকটে পড়ছে। অগভীর জায়গায় পানি থাকে না বলে সেখানে ধান চাষ করা হয়। এ জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার ও কীটনাশক। এতেও জলজ প্রাণী সংকটে পড়ে।
অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরে মাটি দিয়ে হাজার হাজার কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধের মাটি আনা হচ্ছে মাটির উপরিভাগ (টপ সয়েল) কেটে। বাঁধের মাটি পানির তোড়ে নদীতে গিয়ে নদীর নাব্য কমাচ্ছে।
এক সময় ফসল রক্ষার জন্য বাঁধের প্রয়োজন হতো না। এখন জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার সময় এগিয়ে এসেছে। এক সময় তা হতো এপ্রিলের শেষ দিকে; এখন মার্চের শেষেও অকাল বন্যা হয়। অন্যদিকে হাইব্রিড জাতের ধান পাকতে সময় বেশি লাগে। তাই ধান কাটার আগেই বন্যা চলে আসে। বাঁধের বিকল্প হিসেবে যেমন নদী খনন করা দরকার, তেমনি দরকার আগাম জাতের ধান আবিষ্কার ও চাষাবাদ।
দায়সারা নদী খনন কোনো কাজে লাগবে না। পানির প্রবাহ নিশ্চিত করতে হলে দরকার ক্যাপিটাল ড্রেজিং। সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভৈরবের মেঘনা পর্যন্ত খনন করতে হবে।
হাওরের নদীগুলোতে যে পলি জমে, তার বড় উৎস দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পলি ও বালু। বিশেষ করে যাদুকাটা নদী দিয়ে আসা বালু বন্যার কারণে টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর, শনির হাওর, বৌলাই নদী, পাটলাই নদী, রক্তি নদীসহ বেশ কিছু নদীর নাব্য কমছে। শুধু হাওর কিংবা নদী নয়; বিলও ভরাট হয়ে যাচ্ছে। পঁচাশুল নামে একটি বিল পুরোপুরি ভরাট হয়ে গেছে। বন্যার সময় এই এলাকায় হঠাৎ কোমরসমান বালু চলে এসে ঘরবাড়ি, পুকুর, রাস্তাঘাট, স্কুল-কলেজ বালুতে ভরে যায়। এই বালু আগ্রাসনের মূল কারণ ভারতে নিয়ন্ত্রণহীন কয়লা ও চুনাপাথর উত্তোলন। ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ সমস্যার সমাধান না করতে পারলে নদী খননেও স্থায়ী কোনো সমাধান মিলবে না।
গত কয়েক বছর ধরে যাদুকাটা নদীতে দুটি বালুমহাল সৃষ্টি করে ইজারা দেওয়া হচ্ছে। মাহারাম নদীর দিকে যেভাবে বালু কাটা হচ্ছে, তা চলমান থাকলে কিছুদিনের মধ্যে মাহারাম নদী দিয়ে যাদুকাটার পানি সরাসরি মাটিয়ান ও টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করবে। তখন অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করে বাঁধ দিতে হবে। এতেও হয়তো কাজ হবে না।
হাওরে জীববৈচিত্র্য হ্রাসের আরেকটি কারণ হলো, হিজল, করচ ও নলখাগড়ার বন উজাড় হওয়া। এতে পাখি, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর আশ্রয়স্থল নষ্ট হচ্ছে। নতুন করে হিজল, করচসহ হাওরের উপযোগী জাতের গাছ লাগানো জরুরি। নলখাগড়ার বনের জন্য আলাদা যত্ন নিতে হয় না। হাওরবাসীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করলে এবং পাকা করে গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দিলে নলখাগড়ার বন রক্ষা পাবে।
হাওর রক্ষা আন্দোলনের কর্মী ও গবেষকরা প্রজননকালীন অন্তত দুই মাস হাওরে মাছ ধরা বন্ধ রাখার কথা বলে আসছেন। এ সময় জেলেদের প্রণোদনা দেওয়ার কথাও বলছেন। সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।
রামসার সাইটখ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত হাকালুকি হাওর, কিশোরগঞ্জের নিকলীসহ বেশ কয়েকটি হাওরে এখন পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে। এতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতে না পারায় ওইসব এলাকায় পরিবেশ দূষণ ক্রমে বেড়েই চলেছে। সময় থাকতে এর লাগাম টেনে ধরতে হবে। হাওরে পরিবেশবান্ধব কমিউনিটি-ভিত্তিক পর্যটন নিশ্চিত করতে হবে। হাওরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে স্থানীয় মানুষ প্রকৃতির ওপর হামলে পড়বে না। কিন্তু হাওরের মানুষের এসব বেদনা অনুধাবন করার মতো উপযুক্ত কর্তৃপক্ষ যেন কোথাও নেই। এই হাওর এলাকা বড় বড় জাতীয় নেতার জন্ম দিয়েছে। কিন্তু তাদের অনেকেই সব সময় হাওর এলাকার মানুষ ও প্রকৃতির কথা না ভেবে নিজেদের কথাই বেশি ভেবেছেন। তারা নিজেদের অভিলাষ পূরণ করতে বা কিছু মানুষের বাহবা কুড়াতে হাওরের বুক চিরে উঁচু সড়ক ও যত্রতত্র বাঁধ নির্মাণ করেছেন।
যতদিন হাওরবাসী নির্লোভ ও প্রজ্ঞাবান নেতৃত্ব নির্বাচিত করতে না পারবে; যতদিন হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ হতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
কাসমির রেজা: সভাপতি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা kashmirulhuq@gmail.com
