একটি দেশের অর্থনীতি কখনো শুধু বড় বড় প্রকল্প দিয়ে শক্তিশালী হয় না। অর্থনীতি শক্তিশালী হয় তখনই, যখন একজন সাধারণ মানুষ নিশ্চিতভাবে বলতে পারেন, আগামী বছর তার আয় বাড়বে, সন্তানের জন্য ভালো চাকরি থাকবে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে এবং ব্যবসা করতে গেলে তাকে অকারণে দশটি দরজায় ঘুরতে হবে না। বাংলাদেশ আজ ঠিক এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে, আমাদের বড় বাজার, তরুণ জনগোষ্ঠী, তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, কৃষি, সমুদ্রবন্দর এবং ভৌগোলিক অবস্থানÑসব মিলিয়ে সম্ভাবনা অসাধারণ। অন্যদিকে, মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিংখাত, কম কর আদায়, কম বিনিয়োগ, কর্মসংস্থানের চাপ এবং রপ্তানিতে অতিরিক্ত পোশাকনির্ভরতা আমাদের সামনে বড় প্রশ্ন তৈরি করেছে।

বিশ্বব্যাংক ৮ এপ্রিল ২০২৬-এর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে ঋণ-২৬ এর প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের কাছাকাছি রয়েছে, ২০২৫ সালে দারিদ্র্যের হার বেড়ে ২১.৪ শতাংশ হয়েছে এবং ডিসেম্বর ২০২৫-এ ব্যাংকিং খাতের খেলাপি ঋণের অনুপাত ৩০.৬ শতাংশে পৌঁছেছিল। আরও উদ্বেগের বিষয় হলো, ঋণ-২৫-এ বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ১৫ বছরের মধ্যে প্রথমবার ৭ শতাংশের নিচে নেমে গেছে। এই সংখ্যাগুলো ভয় পাওয়ার জন্য নয়; বরং কোথায় হাত দিতে হবে তা বোঝার জন্য। আমার দৃষ্টিতে নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত, অর্থনীতির কয়েকটি মৌলিক জায়গা একসঙ্গে ঠিক করা। তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাংকিং খাত। যে অর্থনীতি সুস্থ ব্যাংকিং ব্যবস্থা ছাড়া এগোতে পারে না, সেখানে ব্যাংক যদি অনিয়মিত ঋণ, রাজনৈতিক প্রভাব বা দুর্বল ব্যবস্থাপনার কারণে দুর্বল হয়ে পড়ে, তাহলে উদ্যোক্তা ঋণ পাবেন না, শিল্পে বিনিয়োগ কমবে এবং শেষ পর্যন্ত কর্মসংস্থানও কমবে। এখানে শুধু খেলাপি ঋণের তালিকা প্রকাশ করলেই হবে না। ভালো ব্যাংককে ভালোভাবে পরিচালনার সুযোগ দিতে হবে, দুর্বল ব্যাংককে পুনর্গঠন করতে হবে এবং ইচ্ছাকৃত ঋণখেলাপির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ছোট আমানতকারীর টাকা যেন নিরাপদ থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। গত ২৪ জুন বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে, এর মধ্যে আমানত সুরক্ষা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা এবং দুর্বল ব্যাংক পুনর্গঠনের মতো বিষয় রয়েছে।

দ্বিতীয় বড় কাজ রাজস্ব ব্যবস্থা। রাষ্ট্রের আয় কম হলে রাষ্ট্র ভালো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা কিংবা অবকাঠামোয় প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে না। কিন্তু কর বাড়ানোর অর্থ শুধু পুরোনো করদাতার ওপর আরও চাপ সৃষ্টি করা নয়। বরং যারা এখনো কর ব্যবস্থার বাইরে, তাদের ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে করের আওতায় আনতে হবে। বাংলাদেশে এমন বহু ব্যবসা ও পেশাজীবী আছেন, যাদের অর্থনৈতিক কর্মকা- আছে, কিন্তু রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থায় তাদের পূর্ণাঙ্গ উপস্থিতি নেই। জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, ব্যবসার নিবন্ধন, স¤পত্তি এবং কর ব্যবস্থার তথ্যের মধ্যে আইনসম্মত সমন্বয় তৈরি করা গেলে কর ফাঁকি কমানো সম্ভব। তবে এর সঙ্গে করদাতাকে হয়রানি না করার নিশ্চয়তাও দিতে হবে। করদাতা বাড়াতে হবে, করের ভয় দেখানো নয়।

তৃতীয় কাজ হলো, বিনিয়োগের পরিবেশ পরিবর্তন করা। একজন দেশি বা বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে কারখানা করতে চাইলে তাকে যদি জমি, বিদ্যুৎ, গ্যাস, পরিবেশ ছাড়পত্র, কাস্টমস ও লাইসেন্সের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তাহলে শুধু কর ছাড় দিয়ে বিনিয়োগ আনা সম্ভব নয়। বিশ্বব্যাংকও ২০২৬ সালের প্রতিবেদনে ব্যবসার পরিবেশ সহজ করা, নিয়ন্ত্রক ব্যয় কমানো, প্রতিযোগিতা বাড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য করার ওপর গুরুত্ব দিয়েছে। তাই প্রতিটি বড় বিনিয়োগের জন্য একটি Single Window Investment System কার্যকর করা যেতে পারে। একজন বিনিয়োগকারী একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আবেদন করবেন এবং কোন দপ্তরে ফাইল আটকে আছে সেটিও দেখতে পারবেন। রাষ্ট্রের কাজ হবে বিনিয়োগকারীকে দৌড় করানো নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা।

চতুর্থ কাজ রপ্তানি বহুমুখীকরণ। তৈরি পোশাক আমাদের গর্ব এবং এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। কিন্তু একটি বড় রপ্তানি খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস, আইটি ও ডিজিটাল সেবা, জাহাজ নির্মাণ, এসব খাতকে বিশ্ববাজারে আরও শক্তিশালী করতে হবে। বিশ্বব্যাংক ও আইএমএফÑদুটিই বাংলাদেশের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তার কথা বলেছে। আইএমএফ-এর ৩০ জানুয়ারি ২০২৬-এর মূল্যায়নেও রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ পরিবেশ এবং গভর্ন্যান্স সংস্কারকে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে।

পঞ্চম কাজ মানবস¤পদ। বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, প্রয়োজনও নেই। সরকারকে এমন অর্থনীতি তৈরি করতে হবে যেখানে বেসরকারি শিল্প, প্রযুক্তি, কৃষি, নির্মাণ, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক সেবাখাত লাখ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। তাই শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষতা তৈরি করতে হবে। প্রতিটি বড় শিল্পাঞ্চলের সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংযোগ করা যেতে পারে। যে কো¤পানি প্রশিক্ষিত কর্মী তৈরি করবে, তাকে কর বা অন্য নীতিগত সুবিধা দেওয়ার কথাও ভাবা যায়।

ষষ্ঠ কাজ কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের খাত হিসেবে না দেখে কৃষিভিত্তিক শিল্প হিসেবে দেখা। বাংলাদেশের কৃষক ধান উৎপাদন করেন, কিন্তু ধান থেকে কত ধরনের মূল্য সংযোজন করা যায়, সেটি এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। একই কথা ফল, সবজি, মাছ, মাংস ও দুগ্ধশিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। কোল্ড স্টোরেজ চেইন, আধুনিক গুদাম, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি অবকাঠামো তৈরি হলে কৃষকের আয় বাড়বে এবং খাদ্যের অপচয়ও কমবে। সপ্তম কাজ হলো অবকাঠামোর ব্যবহার বাড়ানো। পদ্মা সেতু, মেট্রোরেল, বন্দর, মহাসড়ক, অর্থনৈতিক অঞ্চল, এসব শুধু নির্মাণ করলেই অর্থনৈতিক সাফল্য আসে না। এগুলোর চারপাশে শিল্প, লজিস্টিকস, গুদাম, পর্যটন ও ব্যবসা তৈরি করতে হবে। আমরা যে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে কথা বলছি, সেটিও এই বৃহত্তর অর্থনৈতিক কৌশলের অংশ হওয়া উচিত। চট্টগ্রাম ও মোংলা বন্দরকে শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে পারলে তার অর্থনৈতিক প্রভাব বহুগুণ বাড়বে।

অষ্টম কাজ হলো জ্বালানি ও বিদ্যুৎ। শিল্পকে সস্তা ও নির্ভরযোগ্য বিদ্যুৎ না দিলে কোনো বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারবেন না। তাই বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গ্রিড আধুনিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে। তবে সবকিছুর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ জিডিপি বাড়লেও বাজারে যদি মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়, তাহলে সাধারণ মানুষ সেই প্রবৃদ্ধির সুফল অনুভব করবে না। বিশ্বব্যাংক বলেছে, নিম্ন আয়ের মানুষের মজুরি মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি। তাই খাদ্য সরবরাহ ব্যবস্থা, আমদানি নীতি, বাজার প্রতিযোগিতা এবং সামাজিক সুরক্ষাকে একসঙ্গে দেখতে হবে।

সবশেষে দরকার একটি দীর্ঘমেয়াদি জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা। সরকার পরিবর্তন হবে, মন্ত্রী পরিবর্তন হবে, কিন্তু শিল্পনীতি, রপ্তানি কৌশল, বন্দরনীতি, দক্ষতা উন্নয়ন, ব্যাংক সংস্কার ও কর ব্যবস্থার মৌলিক পরিকল্পনা যেন বারবার পরিবর্তিত না হয়। আইএমএফ ১৬ জুলাই ২০২৬-এর পর্যালোচনায়ও বলেছে, বাংলাদেশ রাজস্ব, ব্যাংকিং খাত ও মূল্যস্ফীতি, এই তিন ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে আছে এবং সংস্কার বিলম্বিত হলে প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হতাশা নয়, অর্থনৈতিক শৃঙ্খলা এবং বাস্তব সংস্কার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে তাই বড় সুযোগ, আগামী কয়েক বছরকে শুধু প্রশাসন পরিচালনার সময় হিসেবে না দেখে অর্থনীতির ভিত শক্ত করার সময় হিসেবে ব্যবহার করা। আমাদের লক্ষ্য শুধু ৬ শতাংশ বা ৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়া নয়। লক্ষ্য হওয়া উচিত, এমন প্রবৃদ্ধি, যার সঙ্গে মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ বাড়বে, রপ্তানি বাড়বে এবং রাষ্ট্রের রাজস্ব সক্ষমতাও বাড়বে।

একটি শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ তৈরি হবে তখনই, যখন একজন উদ্যোক্তা বলবে, এখানে ব্যবসা করা সহজ; একজন কৃষক বলবে, আমার উৎপাদনের ন্যায্য দাম পাচ্ছি; একজন তরুণ বলবে, আমার ভবিষ্যৎ এই দেশেই আছে; আর একজন সাধারণ মানুষ বলবে, দেশের অর্থনীতি বাড়ছে, তার সুফল আমার ঘরেও পৌঁছাচ্ছে। সেই বাংলাদেশ তৈরি করার কাজ এখনই শুরু করতে হবে। বড় স্বপ্ন আমাদের আছে; এবার প্রয়োজন সেই স্বপ্ন বাস্তবায়নের মতো বড় সংস্কার, কঠিন সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চিন্তা।

লেখক ঃ রাজনীতিবিদ ও কলামিস্ট।