সম্প্রতি নিজের সাথে ঘটে যাওয়া ছোট একটি ঘটনা দিয়েই শুরু করি। কিছুদিন আগে বাবার বিকাশ নম্বরে ছয় হাজার টাকা পাঠাই। বাবা টাকাটা ক্যাশ আউট করবে বলেই বিকাশের এক এজেন্টের দোকানে অপেক্ষারত ছিল। আমি টাকা পাঠালাম মূলত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংক থেকে বাবার বিকাশ একাউন্টে। আমার পাঠানো ট্রানজেকশন সফল হয়েছে বলে নির্ধারিত ব্যাংক থেকে মেসেজ ও ইমেইল আসল। বাবাকে ফোন দিলাম, বাবা জানাল ওনার মোবাইলে কোনরকম মেসেজ পায়নি। একাউন্ট চেক করতে বললাম। সেখানেও কোন টাকা জমা হয়নি। এরপর বিকাশের ঐ এজেন্টের সাথে কথা বললাম। ট্রানজেকশন নম্বর দিলে উনি কিছুক্ষণ সময় নিয়ে যাচাই বাছাই করে দেখলেন, টাকা জমা হয়েছে ঠিকই কিন্তু সাথে সাথে ঐ টাকা অপরিচিত নম্বর থেকে তুলে নেওয়া হয়েছে। টাকা জমা কিংবা উঠিয়ে নেওয়ার কোনরকম নোটিফিকেশন বাবার মোবাইলে আসেনি। যে টাকা উঠিয়ে নিয়েছে ওনার নাম এবং বিস্তারিত জানার চেষ্টা করলাম। এরপর বাবাকে জিজ্ঞাসা করলাম কোনদিন কাউকে বিকাশের পিন নম্বর বা কোন তথ্য জানিয়েছিলেন কিনা। বাবা বলল একদিন একজন ফোন করে বিকাশ অফিসের কোন ব্যক্তি পরিচয় দিয়ে কিছু তথ্য নিয়েছিল। সে সময় উনি মোবাইলে আসা ওটিপি শেয়ার করেছিলেন। আমার বুঝতে বাকি রইল না ঐ দিনই বাবার বিকাশ একাউন্ট হ্যাক হয়েছে। এরপর পুলিশে চাকরিরত পরিচিত এক বন্ধুর মাধ্যমে বিস্তারিত জানিয়ে হ্যাককারীর বিস্তারিত জানলাম। ঐ বন্ধু হ্যাককারীকে ভয়ভীতি দেখিয়ে টাকা ফেরত দিতে বলায় সে টাকা ফেরত দিল।
অর্থাৎ আইনের আশ্রয় নিয়ে অপরাধীকে ভয়ভীতি দেখালে অপরাধী বেশীরভাগ ক্ষেত্রে জালিয়াতির অর্থ ফেরত দেয়। তবে আমার জানামতে বিকাশ, নগদ, উপায় সহ ইত্যাদি অর্থ লেনদেনের মাধ্যমে এরকম ঘটনা প্রতিদিন অহরহ ঘটছে। বহু নজির মাঝেমধ্যেই সামনে আসে। কিন্তু বাস্তবতার নিরিখে আইনের আশ্রয় নিতে গেলে ভুক্তভোগীকে আবার বাড়তি হয়রানির শিকার হতে হয়। এজন্য অনেক ক্ষেত্রে অপরাধী অর্থ ফেরত দেয় অনেক ক্ষেত্রে আবার ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তবে বর্তমান ডিজিটাল যুগে এসে এধরনের ডিজিটাল জালিয়াতির শিকার একটু হলেও বেমানান। বলা যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট বর্তমানে দেশের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্যাংকিং, কেনাকাটা, শিক্ষা, চিকিৎসা, সরকারি সেবা, অফিসের কাজ, যোগাযোগ প্রায় সবকিছুতেই আমরা কোনো না কোনোভাবে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল। নিঃসন্দেহে ডিজিটাল এসকল প্রযুক্তি নাগরিক জীবনকে সহজ থেকে সহজতর করেছে। কিন্তু প্রযুক্তির এই সুবিধার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নতুন ধরনের ঝুঁকি।
সাইবার অপরাধীরা মূলত কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়া অন্যের ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রবেশ, পাসওয়ার্ড চুরি, অনলাইন ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণা, ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা, ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া, কোনো প্রতিষ্ঠানের সার্ভারে অননুমোদিত প্রবেশ করা সহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে থাকে। আধুনিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও বা অডিও তৈরি করে কাউকে প্রতারণা বা হয়রানি করাও নতুন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সাইবার অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। একথা অনস্বীকার্য যে দিনকে দিন প্রযুক্তির এসব নিত্য নতুন আবিস্কার জনগণের জীবনকে সহজ থেকে আরও করবে। তার সাথে যদি পাল্লা দিয়ে সাইবার অপরাধীর সংখ্যা বাড়ে তাহলে এর প্রতিকার ও প্রতিরোধ দুটোই আবশ্যক। সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ উৎপীড়ন অতীব জরুরি।
দেখে নেওয়া যাক, সাইবার অপরাধ মোকাবিলায় গত দুই দশকে দেশে কি কি আইন প্রণয়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর মাধ্যমে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ প্রণীত হয়। কিন্তু এসব আইনের কিছু বিধান নিয়ে প্রয়োগ, মতপ্রকাশের স্বাধীনতা এবং অপব্যবহারের প্রশ্নে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ২০২৫ সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে ২০২৩ সালের আইন বাতিল করা হয়। পরবর্তীতে সেটিই পুনঃপ্রণয়ন করে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ করা হয়েছে, যা ২১ মে ২০২৫ থেকে কার্যকর হয়েছে বলে আইনে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের সংশোধন আইনও ইতোমধ্যে প্রণীত হয়েছে। বর্তমান আইনে সাইবার অপরাধের তদন্ত ও বিচারের ব্যবস্থাও রয়েছে। আইনের ৩১ ধারায় পুলিশ বা নির্ধারিত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তদন্তের বিধান রয়েছে এবং তদন্ত সম্পন্ন করার জন্য ৯০ দিনের সময়সীমার কথাও উল্লেখ করা হয়েছে। অপরাধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের ব্যবস্থাও আইনে রাখা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে একটি দেশে যত ভালো আইনই থাকুক, তদন্তকারী সংস্থার প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল ফরেনসিক সুবিধা, প্রশিক্ষিত জনবল, দ্রুত তদন্ত, প্রমাণ সংরক্ষণ, আদালতের সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সেই আইন কার্যকর করা কঠিন। যেটির বাস্তব প্রতিফলন আমাদের দেশে দেখা যাচ্ছে। আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ নিয়ে বেশ বিতর্ক আছে।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। এর মধ্যে ১ হাজার ৩৪০টি মামলা ছিল ‘স্পিচ অফেন্স’ বা অনলাইনে বক্তব্য/প্রকাশনা-সংক্রান্ত অভিযোগ। পরবর্তীতে এসবের একটি বড় অংশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয় এবং ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে দায়ের হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করা হয়। এখানেই বাংলাদেশের সাইবার বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা সামনে আসে। অতীতে সাইবার আইনের আওতায় মামলা হওয়ার সংখ্যা বেশি হলেও সব মামলাই যে প্রকৃত অর্থে হ্যাকিং, অনলাইন আর্থিক প্রতারণা, ডেটা চুরি বা প্রযুক্তিগত সাইবার আক্রমণের মামলা ছিল এমনটি বলা যায় না। পুরোনো মামলার একটি বড় অংশ ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য, মানহানি বা অন্যান্য প্রকাশনা সংক্রান্ত অভিযোগ। ফলে শুধু মামলার সংখ্যা দিয়ে দেশে সাইবার অপরাধ বাড়ছে কি না, তা নির্ণয় করা ঠিক না। অন্যদিকে, প্রকৃত ডিজিটাল প্রতারণা ও হয়রানির সমস্যা যে বাস্তব, তারও যথেষ্ট প্রমাণ রয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সাইবার পুলিশ সেন্টারে ১ লাখ ৭৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল বলে প্রকাশিত তথ্য থেকে জানা যায়। কিন্তু এর মধ্যে মাত্র ২ হাজার ৭৮৯টি অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করা হয়েছিল এবং মাত্র ৪০টি মামলা নথিভুক্ত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে। অভিযোগ তদন্তে পর্যাপ্ত তথ্য ও প্রমাণের অভাব এবং ভুক্তভোগীদের সচেতনতার ঘাটতিকে এর অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্টরা উল্লেখ করেছে। সাইবার নিরাপত্তা নিয়ে উন্নত বিশ্বে কি ধরনের আইন আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক।
উন্নত দেশগুলো সাইবার নিরাপত্তাকে শুধু ‘অপরাধ করলে শাস্তি’ দেওয়ার বিষয় হিসেবে দেখে না। সেখানে প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, তথ্য সুরক্ষা, আক্রমণের দ্রুত রিপোর্টিং, জরুরি প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতাকে একই কাঠামোর মধ্যে আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ঘওঝ২ উরৎবপঃরাব তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই ব্যবস্থায় জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য, ব্যাংকিং, পানি, ডিজিটাল অবকাঠামোসহ ১৮টি গুরুত্বপূর্ণ খাতে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা ও বড় ধরনের সাইবার ঘটনার রিপোর্টিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীনে সাইবার অপরাধ করলে ব্যবস্থাও অপরাধের প্রকৃতি ও মাত্রার ওপর নির্ভর করে।
অননুমোদিতভাবে কম্পিউটার তথ্যব্যবস্থায় প্রবেশ, অবৈধভাবে ডেটা সংগ্রহ বা কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রণের মতো গুরুতর অপরাধের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। চীনের ক্রিমিনাল ল-এর সংশ্লিষ্ট বিধানে গুরুতর ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এবং বিশেষভাবে গুরুতর ক্ষেত্রে তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। গুরুতর ডেটা ফাঁস বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হলে প্রতিষ্ঠানের ওপর বড় অঙ্কের জরিমানা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ওপরও জরিমানার বিধান রয়েছে। নেটওয়ার্ক নিরাপত্তার জন্য বিশেষভাবে ব্যবহৃত অবৈধ সফটওয়্যার বা টুল সরবরাহের ক্ষেত্রেও জরিমানা ও অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ চীনের সাইবার অপরাধীর দৃশ্যমান এবং তাৎক্ষণিক সাজার বিধান রয়েছে। তবে চীনের মডেলকে বাংলাদেশের জন্য হুবহু অনুসরণ করা বেশ কঠিন। কারণ প্রত্যেক দেশের রাজনৈতিক, সাংবিধানিক, প্রশাসনিক ও প্রযুক্তিগত কাঠামো আলাদা। বরং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে আলাদা করে সুরক্ষা দেওয়া, ডেটাকে শ্রেণিবিন্যাস করা, বড় প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নিরাপত্তা দায়িত্ব দেওয়া, নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন করা এবং সাইবার হামলার ক্ষেত্রে দ্রুত রাষ্ট্রীয় প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলো চীনের থেকে শেখার আছে।
বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো আইন আছে কি না এই প্রশ্ন থেকে বেরিয়ে এসে আইন কতটা কার্যকর এই প্রশ্নের দিকে যাওয়া। শুধু নতুন নতুন আইন প্রণয়ন করলেই সাইবার অপরাধ বন্ধ হবে না। বরং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, প্রশিক্ষিত সাইবার তদন্তকারী, আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব, দক্ষ প্রসিকিউটর, সাইবার বিষয়ে প্রশিক্ষিত বিচারক, দ্রুত মামলা নিষ্পত্তি এবং আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একজন অপরাধী হয়তো বাংলাদেশে বসে অপরাধ করল, কিন্তু তার ব্যবহৃত সার্ভার অন্য দেশে, টাকা অন্য দেশের ব্যাংকিং ব্যবস্থায়, আর যোগাযোগ অন্য কোনো প্ল্যাটফর্মে। ফলে সাইবার অপরাধ অনেক সময় প্রচলিত অপরাধের চেয়ে বেশি জটিল। এ ধরনের অপরাধ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। ব্যক্তি পর্যায়েও সচেতনতা বাড়ানো জরুরি। দুর্বল পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার, অপরিচিত লিংকে ক্লিক করা, ওটিপি অন্যকে দেওয়া, অজানা অ্যাপ ইনস্টল করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এসব অভ্যাস সাইবার অপরাধীদের কাজ সহজ করে দেয়। তাই সাইবার নিরাপত্তাকে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ভাবলে চলবে না। নাগরিক, প্রতিষ্ঠান, ব্যাংক, টেলিযোগাযোগ কোম্পানি এবং রাষ্ট্র সব পক্ষকেই এর অংশ হতে হবে। সরকারকে প্রতিবছর সরকার একটি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্ট প্রকাশের ব্যবস্থা করতে হবে এবং সেখানে অভিযোগের সংখ্যা, অপরাধের ধরন, তদন্তাধীন মামলা, চার্জশিট, বিচারাধীন মামলা, নিষ্পত্তি, খালাস ও দণ্ড সব তথ্য আলাদাভাবে প্রকাশ করতে হবে। তাহলে সমস্যার প্রকৃত চিত্র বোঝা সহজ হবে।
পরিশেষে বলতে চাই, প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, সাইবার ঝুঁকিও তত পরিবর্তিত হবে। আজকের হ্যাকার হয়তো পাসওয়ার্ড চুরি করছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, স্বয়ংক্রিয় সাইবার আক্রমণ কিংবা আরও জটিল প্রযুক্তি ব্যবহার করে অপরাধ সংঘটিত হতে পারে। তাই শুধু আজকের অপরাধের জন্য আইন বানিয়ে বসে থাকলে চলবে না। আইনকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করতে হবে, পাশাপাশি গড়ে তুলতে হবে দক্ষ মানুষ, শক্তিশালী প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিক। সাইবার জগৎকে নিরাপদ করার লড়াই তাই শুধু আইন প্রণয়নের লড়াই নয়। এটি প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা, সচেতনতা, তদন্ত, বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বিত লড়াই। সাইবার অপরাধ ঘটার পর শুধু অপরাধী না খুঁজে একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে অপরাধ সংঘটনের আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। মনে রাখতে হবে, একটি দেশের ব্যাংকের সার্ভার, বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থা, হাসপাতালের ডেটাবেস, সরকারি নাগরিক তথ্য, টেলিযোগাযোগ নেটওয়ার্ক কিংবা সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সবকিছুই এখন নিরাপত্তার অংশ। তাই সাইবার নিরাপত্তা আসলে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নাগরিক নিরাপত্তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
লেখক: গবেষক ও কলামিস্ট। Email: ajoymondal325@yahoo.com
