মঙ্গলবার ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে তারেক রহমানের সরকারের দায়িত্ব গ্রহণের মুহূর্তটি ঐতিহাসিক। নজিরবিহীন গণঅভ্যুত্থানের দেড় বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সরকারটি দায়িত্ব নিল। এর মধ্য দিয়ে বিদায় নিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একটা সময় পর্যন্ত রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিলেও শেষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের আন্তরিকতা কম ছিল না। আর সেনাবাহিনী শুরু থেকেই নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্রে উত্তরণে জোর দিয়েছে।
গণঅভ্যুত্থানের পর অনেক দেশেই শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণ ঘটেনি। পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যাওয়ার উদাহরণ কম নেই। বাংলাদেশ সেদিকে যায়নি। তা ছাড়া নির্বাচনে জনগণ একটি মধ্যপন্থি দলের ওপর বেশি করে আস্থা রেখেছে। প্রতিপক্ষ দলকেও হতাশ হতে হয়নি। তাদের ভোট ও আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে তাদের উঠে আসা নিয়েও চলছে আলোচনা। জাতীয় সংসদে তাদের দায়িত্বশীল ভূমিকা আশা করা হচ্ছে। সে প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। শপথ নিয়ে অবশ্য কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে বিজয়ী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি না হওয়ায়। এর পক্ষে তারা বক্তব্যও দিয়েছেন। কিন্তু এটাকে ইস্যু করে বিরোধী দলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘটনা শোভন নয়। রাষ্ট্র সংস্কারে নতুন করে সংলাপ ও সমঝোতার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। বিগত শাসনামলে এ নিয়ে বিশেষ কোনো দলের ওপর চাপ সৃষ্টিও কাঙ্ক্ষিত ছিল না। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সংসদ মিলেছে, সেটা সার্বভৌম; আর সেখানেই সব সিদ্ধান্ত হতে হবে।
এ মুহূর্তে নবগঠিত মন্ত্রিসভা নিয়েই অবশ্য বেশি আলোচনা হবে। লক্ষণীয়, তারেক রহমান মন্ত্রিসভায় নতুনদের প্রাধান্য দিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী সবাই নতুন। মন্ত্রী হিসেবে স্থান পাওয়া ২৫ জনের ১৬ জনই নতুন। প্রধানমন্ত্রী নিজেও কখনও মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছিলেন না। সংসদ নির্বাচনেও অংশ নেননি। তবে ২০০১-০৬ শাসনামলে দলের পাশাপাশি সরকার পরিচালনায় পরোক্ষভাবে তাঁর কিছু ভূমিকা ছিল। সেসব ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়। তবে তিনি এখন বিপুলভাবে নির্বাচিত একটি দলের নেতা ও প্রধানমন্ত্রী।
গণঅভ্যুত্থানও কিছু নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণদের অংশগ্রহণ বাড়ানো এর অন্যতম। সংসদ সদস্য হিসেবে প্রায় ৫০ শতাংশ নতুন মুখও দেখা যাবে এবারের সংসদে। মন্ত্রিসভায় এর প্রতিফলনও হয়তো দেখা যাচ্ছে। মন্ত্রিসভা গঠনের আগে রাজনৈতিক পরিমণ্ডলেও কিছু ধারণামূলক আলোচনা হয়। এবার এর সিংহভাগই কিন্তু ফলেনি। এতে বোঝা যায়, তারেক রহমান নিজ বিবেচনার ওপর জোর দিয়েই মন্ত্রিসভা গঠন করেছেন। পরিবর্তিত সময়ে এটা যে তাঁর মন্ত্রিসভা– সেই বার্তাই সম্ভবত দিতে চেয়েছেন। প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই মন্ত্রী হওয়ার ঘটনা রয়েছে। নির্বাচনে পরাস্ত ব্যক্তিকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আলোচিত হবে এতে ড. খলিলুর রহমানের স্থান পাওয়ার ঘটনা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতিতেও এসেছিল তাঁর নাম। এ অবস্থাতেও নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির নিশ্চয় কারণ রয়েছে। সেটা ক্রমে স্পষ্ট হবে বলে ধারণা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু ‘প্রথা’ মেনে তাঁকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী পদ থেকে রাষ্ট্রপতি করা অবশ্য অসম্ভব নয়। তবে তারেক রহমান ভেবে থাকতে পারেন, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বে ফখরুল ইসলামের থাকা প্রয়োজন। সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হলে অবশ্য রাষ্ট্রপতি পদ আলংকারিক থাকবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতিও আর থাকতে চাইছেন না এ পদে। এ অবস্থায় নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটা নিয়েও আগ্রহ থাকবে। সর্বজনগ্রাহ্য কোনো নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হবে– এমন জল্পনাও রয়েছে। তবে তারেক রহমান নিশ্চয় এমন কাউকে রাষ্ট্রপতি পদে চাইবেন না, যিনি তাঁর সরকার পরিচালনার পথে জটিলতা সৃষ্টির কারণ হতে পারেন। মন্ত্রিসভা বলা যায়, মাঝারি আকারের হয়েছে। ছোট মন্ত্রিসভা করে পরে এটাকে বড় করা হবে বলে শোনা গিয়েছিল। সে পথে যাননি তারেক রহমান। আসলে দেশের যে পরিস্থিতি, তাতে পূর্ণ উদ্যমে কাজের ক্ষেত্রে বিলম্বের অবকাশ নেই। তা ছাড়া মন্ত্রণালয় ও বিভাগ এত বেশি যে, মাঝারি আকারের মন্ত্রিসভা দিয়ে দেশ পরিচালনার সুযোগ নেই। তারপরও দেখা যাচ্ছে, কিছুসংখ্যক মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়। একজনের হাতে তিনটি মন্ত্রণালয় ন্যস্ত হতেও দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেও শুরুতে এমনটি ঘটেছিল। অল্প সময়ের জন্য আসা সেই সরকারও পরে কোনো কোনো উপদেষ্টাকে ‘ভারমুক্ত’ করে। তারেক রহমানের সরকার তো পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত। এর কোনো মন্ত্রীর পক্ষে একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাওয়াও কঠিন। এ অবস্থায় সামনে আরও কিছু সংযোজনের ঘটনা হয়তো ঘটবে।
দেশ ছোট হলেও জনসংখ্যা ও অর্থনীতি বেড়ে যাওয়ার কারণে সরকারের কাজ অনেক বেড়েছে। নতুন মন্ত্রণালয় গড়তে হয়েছে; আবার একটি ভেঙে করতে হয়েছে দুটি। নতুন কিছু মন্ত্রণালয় গুরুত্ব পাচ্ছে। যেমন আইসিটি। সামনে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আরও গুরুত্ব পাবে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে, সেটা মানুষ আগ্রহভরে জানতে চায়। আলোচনায় স্বভাবতই আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তার ক্ষেত্রে স্বস্তি আনতে হবে দ্রুত। এর সঙ্গে ব্যবসা-বাণিজ্য সচল হওয়ার সম্পর্কটা সরাসরি। এর সঙ্গে আবার যোগ রয়েছে কর্মসংস্থানের। সামনেই রমজান। পণ্যবাজার কী অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস সরকার– সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। নতুন বাণিজ্যমন্ত্রীকে দ্রুতই সে দিকটা দেখতে হবে। রমজানে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কাও থাকে। অথচ পুলিশ এখনও মনোবলহীন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে কালবিলম্ব না করে আইনশৃঙ্খলার দায়িত্ব নিতে হবে।
গণঅভ্যুত্থানের পর একটা যৌক্তিক সময়ে নির্বাচনটা হয়ে গেলেই ভালো হতো। শেষ পর্যন্ত তো নির্বাচিত সরকারই ভরসার জায়গা। গণতন্ত্রে ভিন্ন কিছু হওয়ার কিংবা তেমন কিছু ঘটলেও সেটা দীর্ঘদিন টেনে যাওয়ার সুযোগ নেই। এতে সংকট আরও ঘনীভূত হয়। সেটাই হয়েছে বিগত দেড় বছরে। বিশেষ করে মব সন্ত্রাসে বিশৃঙ্খলা বেড়েছে; অর্থনীতি হয়েছে গতিহীন। সরকারের বিভিন্ন অংশের মধ্যে বেড়েছে সমন্বয়হীনতা। আওয়ামী লীগ শাসনামলের পুঞ্জীভূত সংকটও রয়ে গেছে। এ অবস্থায় তারেক রহমানের সরকার দুই-তৃতীয়াংশের জোরে শক্তিশালী হলেও তার চ্যালেঞ্জ অনেক বেশি। এটি মোকাবিলার উপযুক্ত মন্ত্রিসভা তাঁর প্রয়োজন। সেটি গঠনে তিনি কতটা সফল হলেন, তা বুঝতে বেশি দিন লাগবে না।
মন্ত্রিত্ব অবশ্য সাধারণ চাকরি নয়; এটা রাজনৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কেউ সক্ষম না হলে দ্রুত সরে যাওয়াই স্বাভাবিক। মন্ত্রিসভার সাফল্য আমলাদের ওপরেও বহুলাংশে নির্ভরশীল। নতুন সরকার জনপ্রশাসনও নিশ্চয় ঢেলে সাজাবে। এ ক্ষেত্রে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়ার পুরোনো ধারাই অবলম্বন করা হয় কিনা, সেটাও লোকে দেখতে চাইবে। যোগ্যতাহীন অনুগত আমলারা সরকারকে অজনপ্রিয় করে– এমন উদাহরণ কিন্তু কম নেই।
হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
