গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরার জন্য বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ প্রণয়ন করা হয়েছিল। সে সময় এই আইনের অপব্যবহার এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, গণমাধ্যম স্বাধীনভাবে কোনো কিছু প্রকাশ করতে পারত না। পান থেকে চুন খসলেই এই আইনের খড়গ নেমে আসত সংবাদপত্র ও সাংবাদিকদের উপর। সংবাদের বস্তুনিষ্ঠতা এবং সত্যতা যতই থাকুক, তার তোয়াক্কা না করে আইনটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মামলা দিয়ে জেলে নিয়ে যেত। অনেক সাংবাদিক সংবাদ প্রকাশের জন্য খুনেরও শিকার হয়েছেন। এমনকি লেখকরাও বাদ যাননি। এই আইনের মাধ্যমে গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা নিয়ে তখন আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যাপক নিন্দা জানিয়েছিল। তবে স্বৈরাচারী আওয়ামী সরকার তাতে কর্ণপাত করেনি। গণঅভ্যুত্থানে তার পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি রহিত করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬’ প্রণয়ন করে। এর লক্ষ্য, সাইবার অপরাধ প্রতিরোধ, সাইবার নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষাপরিধি বৃদ্ধি এবং ডিজিটাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে হ্যাকিং, ডিজিটাল জালিয়াতি, প্রতারণা এবং অনলাইনভিত্তিক যৌন হয়রানি বা রিভেঞ্জ পর্ণ রোধ করা। সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সুরক্ষায় অবৈধ প্রবেশ ও ডেটা নষ্ট প্রতিহত করা। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি, এনসিইআরটি এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা।

সুনির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ট্রাইব্যুনালে মামলা নি®পত্তি করার বিধান নিশ্চিত করা। তবে নতুন এই আইনের কিছু বিধান নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের তীব্র আপত্তি রয়েছে। সম্প্রতি সরকারের উদ্যোগে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে এক পরামর্শ সভায় তারা এই আপত্তির কথা তুলে ধরেছেন। প্রস্তাবিত আইনের অপপ্রয়োগের আশঙ্কা করে তারা সেটির আরো সংশোধনী আনার কথা বলেছেন। গণমাধ্যমের ক্ষেত্রে এ বিষয়গুলো দেখার জন্য গণমাধ্যম কমিশন করে সেই কমিশনের মাধ্যমে বিষয়টি সুরাহার দাবি করেছেন। দৈনিক মানবজমিনের প্রধান স¤পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, সংশোধনী ছাড়া যদি এ আইন পাস হয়, তাহলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে। প্রস্তাবিত আইনে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। সংজ্ঞা না থাকলে এসব বিধান বিভিন্নভাবে প্রয়োগের শঙ্কা রয়েছে। মোবাইল কোর্টের বিধান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন প্রতিবেদক কোনো প্রতিবেদন করার পর তাকে যদি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেয়া হয়, তাহলে সেটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় প্রশ্ন তৈরি করবে। সাইবার সুরক্ষা ও গণমাধ্যম নিয়ে এ ধরনের মোবাইল কোর্টের বিধান কীভাবে প্রস্তাবিত আইনে এসেছে, খসড়াটি কারা এবং কী চিন্তা থেকে তৈরি করেছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সরকারকে সর্তক করে বলেছেন, আমাদের হাত-পা বেঁধে দেবেন না। এতে আপনাদেরই ক্ষতি। সাইবার অপরাধীদের শাস্তি দিতে গিয়ে এমন কোনো আইন করা উচিৎ নয়, যাতে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়।

দুই. সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা আইন করতে চাইনি, চাই না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এই আইনের অপপ্রয়োগ হোক, সেটাও চাই না। আমরা এমন একটা আইন করতে চাই, যে আইন সমাজের সর্বস্তরের লোকজনকে রক্ষা করতে পারবে। যারা সাইবার ¯েপস ব্যবহার করে বিভিন্ন অপরাধ করছে এবং সমাজে যেটা মারাত্মক আকারে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তিনি বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া বা গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেয়ার প্রস্তাবটি গ্রহণযোগ্য। সাইবার সুরক্ষা আইনের খসড়া কমিটিতে এটি সুপারিশ করা হলে সেটি অন্তর্ভুক্ত করা হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার আগে, গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেয়ার প্রস্তাব গ্রহণযোগ্য বলে মনে করি। সাইবার সুরক্ষা আইনের খসড়া কমিটিতে এটি সুপারিশ করা হলে সেটি অন্তর্ভুক্ত করা হবে। সরকারের এই মনোভাব যেমন ইতিবাচক, তেমনি গণমাধ্যমের অংশীজনরা আইনটির অপপ্রয়োগের আশঙ্কা করে যে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন, সেটিও যৌক্তিক। তারা আইনটির কিছু ধারা ও অস্পষ্ট শব্দ নিয়ে যে আপত্তি তুলেছেন, তা অবশ্যই সংশোধন করা প্রয়োজন। আমরা দেখেছি, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কথা বলে তা সংশোধন করেনি। সে সময় তার বশংবদ সাংবাদিকদের সাথে লোকদেখানো আলোচনা করলেও তাদের জোরালো ভূমিকা দেখা যায়নি। ফ্যাসিস্ট সরকারও সেটার পরিবর্তন করেনি।

ফলে সেই আইনটি সাংবাদিকদের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করে বাকস্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল। নিপীড়ন-নির্যাতনের হাতিয়ারে পরিণত করে হয়েছিল। এর বড় ধরনের শিকার হয়েছিল দৈনিক ইনকিলাব। সে সময়ের দোর্দ- প্রতাপশালী মন্ত্রী শাজাহান খান এবং এক পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করায় সংবাদপত্রের প্রথাগত নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইনকিলাব অফিসে হামলা-ভাঙচুর, সম্পাদক ও প্রকাশক এ এম এম বাহাউদ্দীনসহ বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক ও প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ইনকিলাব অফিস তছনছ করে বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে রাতের আঁধারে গ্রেফতার করে নিয়ে যায়। ইনকিলাবের প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। সংবাদপত্রের ইতিহাসে এ ছিল এক নজিরবিহীন ঘটনা।

অথচ সংবাদপত্রের নীতি অনুযায়ী, শাহজাহান খান ও উক্ত পুলিশ কর্মকর্তার প্রতিবাদলিপি ইনকিলাব প্রকাশ করেছিল। তারপরও তারা ক্ষান্ত হয়নি। ইনকিলাবের উপর থেকে তাদের রোষ কমেনি। সংবাদপত্র জগতে ইনকিলাবের উপর এমন হামলা-মামলা ও প্রকাশনা বন্ধ করে দেয়ার মতো এমনই এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে পুরো সংবাদপত্র জগতে ভয়-ভীতি ছড়িয়ে দেয়া হয়েছিল। হাসিনার তাঁবেদার মিডিয়ার বাইরে গিয়ে যারাই তথ্যসমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করত, তারা সেল্ফ সেন্সরশিপে চলে গিয়েছিল। হাসিনার স্তাবক মিডিয়ার বাইরে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু ছিল না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল, সরকারের নির্দেশ মতো তার সাফল্য আর গুণগান সম্বলিত সংবাদ পরিবেশন করতে হতো। যারাই সাহস করে সংবাদ প্রকাশ করত, তাদের আর রক্ষা ছিল না। মামলা ও গ্রেফতারের শিকার হয়ে জেলহাজতে চলে যেতে হতো। আওয়ামী পা-াদের হাতে অনেক সাংবাদিক খুনের শিকার হয়েছে। কেউ কেউ জেলে মৃত্যুবরণ করেছে। এ আইনে গ্রেফতার হয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেন। বিশিষ্ট চিত্রগ্রাহক শফিকুল ইসলাম কাজল দীর্ঘদিন কারাগারে ছিলেন। সাংবাদিকদের ডেকে নিয়ে গোয়েন্দারা ভয়-ভীতি দেখাত।

তিন. তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাইবার সুরক্ষা আইন নিয়ে বলেছেন, আইনটি এমনভাবে করা হবে যা প্রশাসন, সাংবাদিকসহ সকলের জন্য কল্যাণের হবে। আমরা সরকারের এই মনোভাবকে স্বাগত জানাই। তবে তা কেবল কথার কথা হবে না, বাস্তবে প্রয়োগ হবে, সেটাই আমরা চাই। এ বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবারিত স্বাধীনতাকে কাজে লাগিয়ে ভুয়া সংবাদ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ব্যক্তিচরিত্র হনন থেকে শুরু করে গুজব ছড়িয়ে দেয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কণ্যা জাইমা রহমানও বাদ যাননি। তাদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ফটোকার্ড ছড়িয়ে দেয়া হয়।

বলা বাহুল্য, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এমন এক পর্যায়ে চলে গিয়েছে, যাতে কোনো ভুয়া ও চটকদার ফটোকার্ড, ভিডিও মুহূর্তে ছড়িয়ে যায়। সাধারণ মানুষ তা না বুঝে বিশ^াসও করে। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে গণ্যমান্য মানুষ পারিবারিক ও সামাজিকভাবে চরম সম্মানহানির শিকার হয়। সাইবার অপরাধীরা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করাসহ ব্যক্তিগত তথ্য ও ডাটা চুরি করে ব্ল্যাকমেইল করে থাকে। বলার অপেক্ষা রাখে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ স্বাধীনতা থাকায় যে যার মতো করে নিজের মতামত ব্যক্ত করে। তাতে সমস্যা নেই। তবে এর অপব্যবহারের মাধ্যমে ভুয়া তথ্য ও ব্যক্তি চরিত্র হননের যে প্রবণতা তা উদ্বেগজনক।

এতে অনেকের সামাজিক মর্যাদা যেমন ভুলুণ্ঠিত হয়, তেমনি অনেক পরিবারে অশান্তি ও ভেঙ্গে যাওয়ার মতো ঘটনা ঘটছে। অনেকে সরকারের সমালোচনা করতে গিয়ে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে ভাবমর্যাদা ক্ষণœ করে। জনমনে ক্ষোভ-বিক্ষোভকে উসকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, এমনকি রাষ্ট্রবিরোধী তৎপরতা চালায়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। উন্নত বিশে^ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, গুজব কিংবা ঘৃণামূলক কোনো তথ্য প্রচার করলে বাকস্বাধীনতা রক্ষার পাশাপাশি কঠোর পদক্ষেপ গ্রহণ করে। মেটা, গুগল বা এক্স-এর মতো বড় প্ল্যাটফর্মগুলো যদি তাদের সাইট থেকে অপপ্রচার, ভুয়া তথ্য বা ঘৃণামূলক বক্তব্য দ্রুত সরিয়ে না ফেলে, তবে তাদের বৈশি^ক আয়ের বড় অংশ জরিমানা করার বিধান রয়েছে। তবে গণমাধ্যমের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করে না। এ নিয়ে তাদের কোনো আইনও নেই। যেমন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি বাধ প্রদানকারী কোনো আইন তৈরি করতে কংগ্রেসকে নিষেধ করা হয়েছে। ইউরোপের দেশগুলোতে সংবিধান বা মানবাধিকার সনদের মাধ্যমে সেন্সরশিপ সম্পূর্ণ নিষিদ্ধ। জার্মানির মৌলিকআইনের ধারা ৫(২)-এ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং সেন্সরশিপ নিষিদ্ধ করা হয়েছে। উন্নত বিশে^ গণমাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ বা মুখ বন্ধ করার সুযোগ নেই। তবে মানহানি, কপিরাইট আইন, গোপনীয়তা লঙ্ঘন এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে তারা সাধারণ আইনের আওতায় বিচার ও জরিমানার মুখোমুখি হয়। বেশিরভাগ উন্নত রাষ্ট্রে সরকার সরাসরি হস্তক্ষেপ না করে প্রেস কাউন্সিল-এর মাধ্যমে গণমাধ্যমের নিজস্ব নৈতিকতা ও নীতিমালা বজায় রাখে।

চার. বর্তমান ভাইরাল হওয়ার যুগে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। কোনো মিথ্যা বা অসত্য তথ্য বা ঘৃণামূলক মন্তব্য ও অশ্লীল ভিডিও-ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ পোস্ট করলে তা মুহূর্তে বন্দুকের গুলির মতো ছুটে যায়। তা আর ফেরানো যায় না। সরানো হলেও তার স্ক্রীনশট থেকে শুরু করে পুরো বিষয়টি সেভ করে ফেলা যায়। পরবর্তীতে তা নানাভাবে অসদুদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে জাতীয় সংবাদ মাধ্যম যেমন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় এ সুযোগ কম। এসব মাধ্যমে দায়িত্বশীলতা থাকে। প্রকাশিত সংবাদ নিয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রশাসন ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হলে গণমাধ্যমের রীতি-নীতি অনুযায়ী, প্রতিবাদলিপি বা স্বপক্ষের ব্যাখ্যা দিয়ে তার প্রতিকার করা যায়। প্রেস কাউন্সিল বা সাধারণ আইনের মাধ্যমেও প্রতিকারের আশ্রয় নেয়া যায়। সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যম অন্তর্ভুক্ত করা সমীচীন না হলেও সময়ের প্রয়োজনে যদি করতেই হয়, তাহলে গণমাধ্যমের অংশীজনদের পরামর্শ এবং তাদের আপত্তির বিষয়গুলো অবশ্যই সরকারের মানা উচিৎ। যদি তা না করা হয়, তাহলে তা গণমাধ্যম এবং তার সাংবাদিকদের নির্যাতন, জেল-জুলুম ও কণ্ঠরোধের আইন হয়ে থাকবে, যা ফ্যাসিস্ট আমলের ধারাবাহিকতা হিসেবেই গণ্য হবে।

darpanjournalist@gmail.com