ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের চার বছর পরও ক্রেমলিনের ড্রোন, পদাতিক, ক্ষেপণাস্ত্র এবং বর্মের ধ্বংসযজ্ঞের সঙ্গে অর্থনৈতিক ধ্বংসের তুলনা করা হচ্ছে। এই ব্যয় মূলত বহন করতে হচ্ছে ইউক্রেনকে। কেননা, বিশ্বব্যাংক এখন অনুমান করছে, আজ যুদ্ধ শেষ হলে পুনর্গঠনের খরচ দাঁড়াবে ৫৮৮ বিলিয়ন ডলার, যা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সঙ্গে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে অর্থনৈতিক যুদ্ধও তীব্র রূপ নিয়েছে। কিন্তু গত এক বছরে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের যুদ্ধের তুলনায় অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন এসেছে। স্থলভাগে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভূ-অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে কীভাবে পরিবর্তন আসে তা সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তিতে প্রভাব ফেলে, যা আরও বেশি গুরুত্বপূর্ণ।

তবে ঘন কুয়াশার কারণে উভয় পক্ষের অর্থনৈতিক যুদ্ধের পরিবর্তনের রূপ আড়াল হয়ে গেছে। এই অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য যারা জড়িত, তাদের বেশির ভাগই ক্রমবর্ধমানভাবে ভূ-অর্থনীতিকে গোপন রাখতে চেয়েছে এবং বাস্তবতার চেয়ে প্রোপাগান্ডা ও রাজনৈতিক বয়ান প্রচার করতে পেরে খুশি হয়েছে। তাদের এই অবস্থান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে তা বোঝার জন্য রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমা সক্ষমতা সম্পর্কে তিনটি মিথ থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমত, রাশিয়া যে অর্থনৈতিক ক্ষতি বহন করেছে তা দেশটির পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব। ক্রেমলিন তার কোষাগার এবং জনগণের ক্ষতি দেখেও যুদ্ধ চালাতে ইচ্ছুক বলে মনে হতে পারে। কিন্তু এর অর্থ এই নয়, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

২০২২ সালের আক্রমণের ফলে ক্রেমলিন তার বৃহত্তম গ্যাস রপ্তানি বাজার ইউরোপকে হারিয়েছে। যুদ্ধের আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে বার্ষিক প্রায় ১৫০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাস বিক্রি করত; এই সংখ্যা ৩৮ বিলিয়ন ঘনমিটারে নেমে এসেছে। ইউরোপিয়ান গ্যাস ফিউচারের সাম্প্রতিক মূল্য অনুসারে, প্রতি বিলিয়ন ঘনমিটারের দাম ৩০ কোটি ইউরো বা ৩৫৩ মিলিয়ন ডলারের বেশি। এর মানে হলো, রাশিয়াকে বছরে ৩৪ বিলিয়ন ইউরো বা ৪০ বিলিয়ন ডলার হারাতে হচ্ছে। পরের বছর যখন ইইউ দেশগুলো রাশিয়ার গ্যাস আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে, তখন হারানোর পরিমাণ আরও বাড়বে। দ্বিতীয় যে মিথ বা ভুল ধারণাটি দূর করতে হবে তা হলো, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র আগ্রহ হারিয়ে ফেলেছে। যুদ্ধবিরতি এবং সংঘাতের সম্ভাব্য সমাধান হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো রাশিয়া-মার্কিন সহযোগিতার প্রস্তাব দিতে পারেন, যদিও তারা এখনও নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বাস্তবে তাঁর প্রশাসন শাস্তিমূলক অর্থনৈতিক যেসব পদক্ষেপ নিচ্ছে, তা ক্রেমলিনের একমাত্র প্রধান রপ্তানি বাজার তেলের ওপর অতিরিক্ত ধাক্কা।

অক্টোবরে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর ওয়াশিংটন ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকে প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দেয়, এসব পদক্ষেপ বিশ্ববাজারে ব্যারেল সরবরাহে ক্রেমলিনের ক্ষমতা ব্যাহত করতে শুরু করে। অতএব, ট্রাম্পের ইরানে হামলার হুমকির ফলে সৃষ্ট ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে যখন ব্রেন্ট কোম্পানির তেলের দাম প্রতি ব্যারেলে ৭০ ডলারেরও বেশি পৌঁছেছে, তখনও রাশিয়াকে ক্রেতাদের সুরক্ষিত করার জন্য প্রতি ব্যারেল ৩০ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে। এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গল্প নয়। এমনকি ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য; ওয়াশিংটন রাশিয়ার তেলের দাম কমানোর বিনিময়ে শুল্কের ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছে। এ ক্ষেত্রে ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো চাপ বাড়াতে সহায়তা করেছে। ব্রাসেলস গত বছর ধরে তার ‘প্রতারণাবিরোধী ব্যবস্থা’ উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, যেখানে চীন ও ভারত উভয়ের শোধনাগারগুলোও বাদ যায়নি।

এর মধ্যেই চলমান অর্থনৈতিক যুদ্ধের সঙ্গে সম্পর্কিত তৃতীয় মিথটি দূর করা প্রয়োজন। ইউরোপকে অবশ্যই তার নিজস্ব তহবিল থেকে কিয়েভে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত থাকতে হবে। ইইউর একটি কার্যকর বিকল্প হলো রাশিয়ার হিমায়িত সম্পদ। প্রকৃতপক্ষে, ৯০ বিলিয়ন ইউরোর ঋণ পরিকল্পনাটি ডিসেম্বরের শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নেওয়া হয়েছিল, যখন ইইউভুক্ত দেশগুলো এই সম্পদ কাজে লাগানোর সিদ্ধান্তে একমত হতে ব্যর্থ হয়, যার সিংহভাগই ইইউর এখতিয়ারে। গত বছর আলোচনা ব্যর্থ হয়েছিল। তবে এর অর্থ এই নয়, সেগুলো পুনর্বিবেচনা করা যাবে না। রাশিয়ার বিরুদ্ধে তাদের অর্থনীতির প্রকৃত পতনের হুমকি দেওয়া এবং যুদ্ধের অবসানে মস্কোকে ছাড় দিতে বাধ্য করতে হলে পশ্চিমাদের পুরোপুরি নতুন কোনো পদক্ষেপ নিতে হবে।

ম্যাক্সিমিলিয়ান হেস: লন্ডনভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম